ট্রাম্পের আইনি লড়াই শুরু সোমবার থেকে- আইনজীবীর ঘোষণা

ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ার বিশটি ইলেকটোরাল ভোট ঝুলিতে আসার সাথে সাথে জো বাইজেন পেরিয়ে গেলেন জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের লক্ষ্যমাত্রা। তিনি নেভাডা জিতেছেন। জর্জিয়া আর অ্যারিজোনায় এগিয়ে বলে খবর পাওয়া যাচ্ছে।

সরাসরি কভারেজ

  1. জনমত জরিপ তাহলে ভুল ছিলো?

      • Author, রবার্ট কুফি
      • Role, বিবিসি পরিসংখ্যান বিভাগীয় প্রধান

    আমেরিকায় এবারের নির্বাচন জরিপ গবেষকদের জন্য বিপর্যয়ের কি-না সেটি বলতে হয়তো আরও সময় লাগবে।

    জনমত জরিপের জাতীয় গড় হিসাবে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আট শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন জো বাইডেন।

    কিন্তু কথিত ব্যাটলগ্রাউণ্ডগুলোতে এখন দেখা যাচ্ছে তীব্র লড়াই হচ্ছে আর কয়েকটিতে খুবই অল্প ব্যবধানে এগিয়ে আছেন তিনি।

    এমনকি সবগুলো জরিপেই ভুলের যে জায়গা বা মার্জিন অফ এরর রাখা হয়েছিল, মি. বাইডেন যে ব্যবধানে এগিয়ে আছেন সেটা তার চেয়েও কম কোনো কোনো রাজ্যে।

    এখন যদি ডোনাল্ড ট্রাম্প এই অল্প ব্যবধান ঘুচিয়ে সবগুলো রাজ্যে ভোটের ফল উল্টে দিতে পারেন, সেটা গবেষকদের জন্য আরও লজ্জার একটা রাত হয়ে দাড়াতে পারে।

    প্রত্যেক ফলাফলে হয়তো কিছুটা আপসেট হবে এবং ছোট ছোট আপসেটগুলো মিলে একটা বড় আপসেট হয়ে দাড়াবে।

    কিন্তু তেমনটা এখনো হয়নি কারণ চূড়ান্ত ফল এখনও আসেনি। আর জাতীয়ভাবেও পোস্টাল ভোটগুলো গণনার কাজ এখনও চলছে।

  2. ছবিতে ভোটের এক ঝলক

    গ্র্যামি মনোনীত র‍্যাপ শিল্পী ডাবেরির একটি অনুষ্ঠান নর্থ ক্যারোলাইনায়। তার জুতায় লেখা ছিলো -ভোট বেবি ভোট।

    ছবির উৎস, AFP

    মেইনের একটি ভোট কেন্দ্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মেইনের একটি ভোট কেন্দ্র সামাজিক দূরত্ব মেনে
    কলোরাডোতে চলতি পথেও ব্যালট বক্স ছিলো

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, কলোরাডোতে চলতি পথেও ব্যালট বাক্স ছিলো
    হোয়াইট হাউজের কাছে ব্ল্যাক লাইভস ম্যাটারস প্লাজায় সমবেত হয়েছেন অনেকে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউজের কাছে ব্ল্যাক লাইভস ম্যাটারস প্লাজায় সমবেত হয়েছেন অনেকে
  3. উইসকনসিনে ভোট পুনগণনার দাবি করবে ট্রাম্প শিবির

    ট্রাম্প শিবির বলছে তারা উইসকনসিনে ভোট পুনগণনার অনুরোধ করবে।

    দলের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, "উইসকনসিনের অনেকগুলো কাউন্টিতে অনিয়মের অভিযোগ এসেছে যা ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে ভোটের বৈধতা নিয়ে।"

    "প্রেসিডেন্ট পুনগণনার অনুরোধ করার বিষয়টি বিবেচনা করবেন এবং আমরা অবিলম্বে সেটা করবো।"

    উইসকনসিনে নির্বাচনের ফলের পার্থক্য এক শতাংশ বা এর কম হলে প্রার্থীরা ভোট পুনগণনার আবেদন করতে পারেন।

    ভোট পুনগণনা নজিরবিহীন কোনো বিষয় নয়।

    উইসকনসিনের আইন অনুযায়ী অনুরোধ পাবার তের দিনের মধ্যে পুনগণনার কাজ সম্পন্ন করতে হবে।

  4. লড়াইয়ের সবশেষ খবর যা জানা যাচ্ছে...........

    পেনসিলভানিয়ায় কাজ করছেন একজন কর্মী

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রে ভোট শুরুর পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। এমনকি ভোট বন্ধ হওয়ার পরেও পেরিয়েছে ১২ ঘণ্টা।

    কিন্তু এখনো আমরা জানিনা যে কে হচ্ছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট।

    তবে এটা বিস্মিত হবার মতো কোনো বিষয় নয় কারণ করোনা ভাইরাসের কারণে বহু মানুষ এবার ডাকযোগে ভোট দিয়েছে।

    পোস্টাল ভোটগুলো গণনায় সময় লাগে বেশি কিন্তু এটাও যুক্তরাষ্ট্রের ভোটের ক্ষেত্রে নতুন কিছু নয়।

    লড়াই এখন কোন পর্যায়ে আছে:

    * তুমুল লড়াই হচ্ছে কয়েকটি রাজ্যে- যেমন পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগান।

    * মিশিগানের নির্বাচনী কর্মকর্তা বলেছেন যে আরও অন্তত এক লাখ ভোট গণনা বাকি আছে। উইসকনসিন বলছে তাদের গণনা হয়েছে, কিন্তু 'ট্রিপল চেকিংয়ে'র মাধ্যমে নির্ভুল গণনা নিশ্চিত করার কাজ চলছে।

    *জর্জিয়ায় গণনার অপেক্ষায় আছে দু লাখ ভোট।

    * পুরো দেশে লাখ লাখ ভোট এখনও গণনার অপেক্ষায়।

    * উভয় পক্ষই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছে।

    * বাইডেন সংবাদ সম্মেলন করতে পারেন, তবে ট্রাম্পের আপাতত তেমন কর্মসূচি নেই।

  5. বাইডেনের ন্যাশনাল লিড বাড়ছে

    যদিও সবাই গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের ভোটের ফলের দিকে তাকিয়ে আছে কিন্তু এরই মধ্যে জো বাইডেনের পপুলার ভোটের পার্থক্য বাড়ছে।

    এখন পর্যন্ত তিনি সারাদেশে প্রায় পচিঁশ লাখের ব্যবধানে এগিয়ে আছেন।

    এ মুহূর্তে ভোটের ৫০ শতাংশ পেয়েছেন জো বাইডেন, অন্যদিকে ৪৮ শতাংশ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    তবে অবশ্যই এর মানে এই নয় যে মি. বাইডেনের জয় নিশ্চিত হয়ে গেছে।

    মনে রাখতে হবে যে ২০১৬ সালে হিলারি ক্লিনটনও ত্রিশ লাখ ভোট বেশি পেয়েছিলেন কিন্তু ইলেক্টোরাল ভোট কম পাওয়ায় হেরে গিয়েছিলেন।

  6. ৪২টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা

    ফলাফল

    ছবির উৎস, বিবিসি

  7. মিশিগানে এক লাখ ভোটের গণনা বাকি এখনো

    মিশিগানের সেক্রেটারি অফ স্টেটস জোসেলিন বেনসন কিছুক্ষণ আগেই ভোটের এই তথ্য দিয়েছেন।

    তিনি আশা করেছেন, আজকের মধ্যেই নির্বাচনের ফল সেখানে চূড়ান্ত হয়ে যাবে।

    তার ধারণা যে এখনো এক লাখের মতো ভোট গণনা বাকী আছে।

    মিশিগানে এ মূহুর্তের গণনায় জো বাইডেন এগিয়ে আছেন।

    কোনো ব্যক্তি সেখানে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন যে তার ভোট বিবেচনায় নেয়া হয়েছে কিনা।

    নির্বাচন

    ছবির উৎস, Getty Images

  8. আত্মবিশ্বাসী ট্রাম্প শিবির

    ট্রাম্প শিবির থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে যেখানে বলা হয়েছে ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

    তারা বলছে উইসকনসিনের ভোট পুনর্গণনা হতে পারে এবং তারা আরও বিশ্বাস করেন যে পেনসিলভানিয়ার সংখ্যালঘুদের ভোট তারাই পাবেন।

    "আমরা নিশ্চিত করতে চাই যে সব বৈধ ভোট গণনা হয়েছে," বলছেন প্রধান ক্যম্পেইন এডভাইজর জেসন মিলার।

    তিনি বলেন, "আমরা আরও নিশ্চিত হতে চাই যে অবৈধ ভাবে দেয়া ভোট গণনা হচ্ছেনা"।

  9. নির্বাচনকে হেয় করছে রিপাবলিকানরা: বাইডেন শিবির

    জো বাইডেনের ক্যাম্পেইন এডভাইজার বব বাওয়ার বলেছেন ভোট প্রক্রিয়ার ওপর আমেরিকার আস্থা রাখা এবং সব ভোট গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত গণনা অব্যাহত রাখা উচিত।

    প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে 'অমূলক দাবি' করার অভিযোগ করে তিনি বলেন, "আমরা ভোটকে রক্ষার চেষ্টা করবো"

  10. ১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার

    ষোল কোটির বেশি ভোটার এবার ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, গত একশ বিশ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

    ইউএস ইলেকশন প্রজেক্ট বলছে, এবারে ভোটের হার ৬৬.৯ শতাংশ- যা ১৯০০ সালের পর থেকে সর্বোচ্চ।

    সে বছর রিপাবলিকান প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়েছিলেন যাতে ভোটের হার ছিলো ৭৩ দশমিক ৭ শতাংশ।

    তবে এবারের মতো নয়, বরং পরিষ্কার ফল এসেছিলো সেবার।

    “২০২০ সালের নির্বাচনই ১২০ বছরের মধ্যে বেশি ভোট পড়েছে,” টুইটে লিখেছেন ইউএস ইলেকশন প্রজেক্ট-এর প্রতিষ্ঠাতা প্রফেসর মাইকেল ম্যাকডোনাল্ড।

    “এখনো যথেষ্ট সংখ্যক ব্যালট গণনার অপেক্ষায় আছে। আমি আগামী সপ্তাহগুলোতে আমরা এসব তথ্য পরিমার্জন করবো”।

    এ বছর নির্বাচন পর্যবেক্ষকরা বড় ভোটদান দেখেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রায় দশ কোটিরও বেশি মানুষ করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগাম ভোট দিয়েছেন।

    প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি (বায়ে)
  11. গণতন্ত্রই কি হুমকির মুখে?

      • Author, জেমস ল্যান্ডেল
      • Role, কূটনৈতিক সংবাদদাতা

    শুধু হোয়াইট হাউজের দখল নয়, বরং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই কি এখন বিপর্যয়ের মুখে?

    যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট অন্তত তাই মনে করেন। বিবিসি রেডিও ফোর-এর এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচনে চুরি নিয়ে আলোচনা ও প্রক্রিয়া নিয়ে তর্ক- রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের মুখে হাসি ফোটাবে।

    মিস্টার হান্ট বলেন, তারা (রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট) তাদের জনগণকে বলতে পারবে "আপনারা যে এই ঝামেলার মাঝে নেই, তাতে কি আপনারা খুশি না?"

    চীনা পরাশক্তি অবশ্যই গণতন্ত্রকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, যারা একটি ভিন্ন আদর্শ ধারণ করে- যেই আদর্শে অর্থনৈতিক মুক্তির সাথে রাজনৈতিক স্বাধীনতার সম্পর্ক নেই।

    কিন্তু গণতন্ত্র নিজেও রাজনীতিক ও ভোটারদের মধ্য থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ছে।

    যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আজ প্রতারণা ও সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ার বিরোধী দল তাদের পার্লামেন্ট নির্বাচনে ভোট কারচুপি হয়েছে।

    গত সপ্তাহে তানজানিয়ার নির্বাচন নিয়েও অভিযোগ এসেছে যার জের ধরে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বেলারুশে অগাস্টের নির্বাচনের বৈধতা নিয়ে এখনো রাস্তায় লড়াই হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হয়তো অনেকের মতে বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্র। কিন্তু নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে সেটি প্রতিনিধিত্বমূলক সরকার সম্পর্কে বিশ্বজুড়ে সন্দেহের বাতাবরণ তৈরি করবে।

  12. মিশিগানে চলছে ভোট গণনা

      • Author, সাইফুল আজম সিদ্দিকী
      • Role, মিশিগান, যুক্তরাষ্ট্র

    মিশিগানে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। ক্ষনে ক্ষনে রঙ বদলাচ্ছে অঙ্গরাজ্যের।

    ডেমোক্র্যাটরা এখনও আশা করছেন মিশিগান যাবে ডেমোক্র্যাটদের ঘরে।

    ধারণা করা হচ্ছে, শেষ নাটক হবে মিশিগানে।

    স্থানীয় সময় সকাল পর্যন্ত ট্রাম্প এগিয়ে থাকলেও ফলাফল খুব দ্রুত পরিবর্তন হচ্ছে।

    অ্যান আরবার ও ল্যান্সিন এই দুটি ইউনিভারসিটি শহর। এখানে বাইডেনের জয়ের সম্ভবনা। এছাড়া অয়েন কাউন্ট্রি (ডিট্রয়েট ও মুসলমান মেজরিটি শহর ডিয়ারবর্ন), ওকল্যান্ড কাউন্টিতে সব চেয়ে বেশি ডাক যোগে ভোট পড়েছে- সবচেয়ে বেশি ইমিগ্র্যান্ট এই শহরে। সেই ভোট এখনও গণনা চলছে।

  13. যেসব রাজ্যে ঝুলে আছে নির্বাচনের ফল

    যুক্তরাষ্ট্রের নির্বাচন মোট ভোটের গড় বা জাতীয় ভোট নয়, বরং রাজ্যগুলোতেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভাগ্য গড়ে দেয় ভোটাররা। সেই প্রতিদ্বন্দ্বিতা এখন চূড়ান্ত পর্যায়ে।

    ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, ওহাইও এবং টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্য জিতেছেন। কিন্তু আরও চার বছর প্রেসিডেন্ট থাকতে হলে তাকে জিততে হবে আরও কিছু রাজ্য। অন্যদিকে বাইডেনেরও আছে কিছু ভিন্ন উপায়। কিন্তু কোনটাই চূড়ান্ত নয়।

    • অ্যারিজোনা- ঐতিহ্যগতভাবে রিপাবলিকান, কিন্তু এবার এটিও ব্যাটলগ্রাউণ্ড। বাইডেন এগিয়ে আছেন এখন পর্যন্ত। কিছু গণমাধ্যম তাকেই সম্ভাব্য বিজয়ী বলছে।

    • জর্জিয়া- আরেকটি রিপাবলিকান রাজ্য যেখানে এবার তুমুল লড়াই হচ্ছে। ট্রাম্প অল্প ব্যবধানে এগিয়ে আছেন তবে কিছু এলাকার ভোট এখনো গণনা বাকী।

    • নেভাডা- বাইডেন এখানে প্রত্যাশার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে। অল্প ব্যবধানে এগিয়ে আছেন তিনি।

    • উইসকনসিন- গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউণ্ড। দীর্ঘদিন ধরে রাজ্যটি ডেমোক্র্যাটদের হাতে থাকলেও ২০১৬ সালে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিনটন। এবার এখনো অল্প ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন

    • মিশিগান- হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে ডেমোক্র্যাট সমর্থিত বেশ কিছু এলাকার ব্যালট গণনা বাকী আছে।

    • পেনসিলভানিয়া- বিশটি ইলেক্টোরাল ভোট এখানে। বড় ব্যাটলগ্রাউণ্ড। ট্রাম্প এ মূহুর্তে এগিয়ে আছেন। কিন্তু পোস্টাল ভোট পড়েছে এখানে বিপুল সংখ্যায় যেগুলোর গণনা এখনো শুরু হয়নি। রিপাবলিকানদের আইনি লড়াই শুরু হতে পারে এখান থেকেই।

    ফলাফল সময়

    ছবির উৎস, বিবিসি

  14. যেভাবে ফ্লোরিডা ধরে রাখলেন ট্রাম্প

    ডেমোক্র্যাটরা চেয়েছিলেন যে ফ্লোরিডায় জিতে তারা ডোনাল্ড ট্রাম্পের আবারো হোয়াইট হাউজে ফেরার পথ রুখে দেবেন।

    প্রায় সব ভোট গণনা শেষে ট্রাম্পের ৫১ শতাংশ ভোটের বিপরীতে বাইডেন পেয়েছেন ৪৮ শতাংশ। তবে ২০১৬ সালের চেয়ে এবারে দু শতাংশ বেশি ভোট পেয়েছেন।

    অন্যদিকে বাইডেন গত প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের পাওয়া ভোটের চেয়ে বেশি উন্নতি ঘটাতে পারেননি।

    এক্সিট পোলের তথ্য অনুযায়ী, ফ্লোরিডা অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গদের ৬১ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

  15. ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য মিশিগান থেকে

      • Author, সাইফুল আজম সিদ্দিকী
      • Role, মিশিগান, যুক্তরাষ্ট্র

    মিশিগানে ভোট গণনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা এখন যুক্তরাষ্ট্রের জাতীয় খবর। এই ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে বহু বাংলাদেশীর বাস যারা অন্যান্যদের মতো গতকালভোট দিয়েছেন। কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই নির্বাচনের ফলাফল থেকে এই বাংলাদেশীরা কী আশা করছেন?

    ভিডিওর ক্যাপশান, ভোটের ফলাফল নিয়ে প্রবাসী বাংলাদেশীদের যা আশা
  16. উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন

    উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন

    ছবির উৎস, Reuters

    প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে জো বাইডেন কিছুটা এগিয়ে আছেন ব্যাটলগ্রাউণ্ড হিসেবে পরিচিত উইসকনসিনে।

    ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে এ রাজ্যে প্রায় ত্রিশ হাজার ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।

    তবে এবার এখনো বাইডেন এগিয়ে থাকলেও পার্থক্য খুবই কম থাকায় লড়াই চলছে বলা যায়।

    এ রাজ্যের জয় পরাজয়ও হোয়াইট হাউজে কে যাবেন তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

  17. প্রচারণা চলাকালে আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলো কে?

      • Author, রিয়েলিটি চেক
      • Role, বিবিসি
    যুক্তরাষ্ট্রের নির্বাচনে আসছে আদালত প্রসঙ্গ

    ছবির উৎস, EPA

    নির্বাচনে ফলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং ডেমোক্র্যাটদের ব্যাপারে বলেছেন, “তারা জানতো যে তারা জিততে পারবেনা, তাই তারা বলেছে চলো আদালতে যাই”।

    নির্বাচনী প্রচারের সময় মিস্টার ট্রাম্প আইন আদালতের ব্যবহারের একজন সোচ্চার সমর্থক ছিলেন।

    নর্থ ক্যারোলাইনায় রোববার এক সমাবেশে তিনি বলেছিলেন,” নির্বাচনের পরপরই আমরা আমাদের আইনজীবীদের সাথে বসবো”।

    সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের পর আইনজীবীদের ব্যবহারের বিষয়ে সরাসরি কিছু বলেননি।

    কিন্তু মিস্টার ট্রাম্পের মতো বাইডেনেরও একটি শক্তিশালী লিগ্যাল টিম আছে যার নেতৃত্বে আছেন সাবেক হোয়াইট হাউজ আইনজীবী বব বাওয়ার।

    স্ট্যানফোর্ড-এমআইটি হেলদি ইলেকশন প্রজেক্ট অনুযায়ী, এর মধ্যে নির্বাচন বিষয়ে ৪৩৭জন টি মামলা দায়ের হয়ে গেছে। আর এগুলো করা হয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট – দু পক্ষ থেকেই।

  18. মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

    এ কে মোমেন

    ছবির উৎস, বিবিসি

  19. আইনি লড়াইয়ের সম্ভাবনা

      • Author, অ্যান্থনি জুর্কার
      • Role, বিবিসি উত্তর আমেরিকা প্রতিবেদক
    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    যে দু:স্বপ্নের পরিস্থিতির আশঙ্কা অনেকে করছিলেন, সেটিই এখন বাস্তবের দিকে এগুচ্ছে।

    জো বাইডেন বলেছেন তিনি জয়ের পথে আছেন আর ডোনাল্ড ট্রাম্প কোন প্রমাণ ছাড়াই ভোট চুরি আর প্রতারণার অভিযোগ তুলেছেন।

    এভাবে চললে শেষপর্যন্ত ফলাফল আদালতে গড়াতে পারে এবং পরাজিত প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

    যদিও চূড়ান্ত ফল আসেনি, কিন্তু এটি পরিষ্কার যে নির্বাচনের পরও যুক্তরাষ্ট্র এখনো একটি চরম বিভক্ত জাতি হিসেবেই থাকছে।

    আমেরিকান ভোটাররা একদিকে মিস্টার ট্রাম্পকে শক্তভাবে প্রত্যাখ্যানও করেননি, আবার তার আশানুযায়ী ব্যাপক কোন সমর্থনও তিনি পাননি।

    এই নির্বাচনে যেই জয়ী হোন না কেন, রাজনৈতিক যুদ্ধ চলতেই থাকবে।

  20. এখন পর্যন্ত যা যা হলো

    অনেক রাজ্যে ফল ঘোষণা বাকী এখনো

    ছবির উৎস, EPA

    এ মূহুর্তে যারা যুক্তরাষ্ট্রের নির্বাচন-২০২০ নিয়ে বিবিসি বাংলার লাইভ পেজে আসলেন তাদের স্বাগত জানাচ্ছি।

    অনেক রাজ্যে এখনো ভোট গণনা চলছে এবং অনেকগুলো সুইং স্টেটে এখনো ফল ঘোষণা করা হয়নি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন- দুজনই দাবি করেছেন যে তারা জয়ের পথে আছেন।

    এ পর্যন্ত যা হলো তার কিছু নিচে তুলে ধরা হলো:

    • প্রেসিডেন্ট হওয়ার পথে ২৭০টি ইলেক্টোরাল ভোটের লড়াইয়ে এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ২২৪টি আর ডোনাল্ড ট্রাম্প ২১৩টি। তবে এ নির্বাচনের ফল সম্ভবত নির্ধারিত হবে লাখ লাখ পোস্টাল ব্যালট গণনার পরেই।

    • তীব্র লড়াই চলছে ব্যাটলগ্রাউণ্ড পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে। ফল জানতে কয়েকদিন সময়ও লাগতে পারে।

    • হোয়াইট হাউজে এক বক্তৃতায় কোনো প্রমাণ ছাড়াই নিজেকে জয়ী ঘোষণা করে মিস্টার ট্রাম্প পোস্টাল ভোট প্রতারণার অভিযোগ করে তা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন।

    • তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগেই কোনো জয় ঘোষণা করতে রাজী হননি এবং বলেছেন সব বৈধ ভোট গণনা করা হবে।

    • বাইডেন ক্যাম্পেইন টিম গণনার অপেক্ষায় থাকা পোস্টাল ভোট নিয়ে বৈধতার যে অভিযোগ তুলেছেন মিস্টার ট্রাম্প তাকে ‘নজিরবিহীন ও অসত্য’ আখ্যায়িত করেছে।

    • ডেলাওয়ারে বাইডেন তার সমর্থকদের বলেছেন শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত সব শেষ হয়ে যায়নি এবং তিনি জয়ের পথে আছেন।

    • রেকর্ড সংখ্যক ভোটার এবার ভোট দিয়েছেন। ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন জায়গায় ট্রাম্প বিরোধী প্রতিবাদ দেখা গেছে।