আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ট্রাম্পের আইনি লড়াই শুরু সোমবার থেকে- আইনজীবীর ঘোষণা

ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ার বিশটি ইলেকটোরাল ভোট ঝুলিতে আসার সাথে সাথে জো বাইজেন পেরিয়ে গেলেন জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের লক্ষ্যমাত্রা। তিনি নেভাডা জিতেছেন। জর্জিয়া আর অ্যারিজোনায় এগিয়ে বলে খবর পাওয়া যাচ্ছে।

সরাসরি কভারেজ

  1. চূড়ান্ত বিজয়ের আগেই ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করলেন বাইডেন

    এই নির্বাচনে এখনো কোনো বিজয়ী না থাকলেও দুই প্রার্থীই দাবি করছেন যে তারা জয় পাচ্ছেন।

    জো বাইডেন এরই মধ্যে তার ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করেছেন।

    কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে, তখন পরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল দল প্রস্তুত করেন।

    ওয়েবসাইটে বলা হয়েছে: “মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত আমেরিকা। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেয়া শুরু করবে যেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে।”

  2. ট্রাম্প ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুলেছেন – কিন্তু কোনো প্রমাণ আছে কি

      • Author, রিয়েলিটি চেক
      • Role, বিবিসি

    প্রেসিডেন্ট ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ খতিযে দেখেছে বিবিসি'র রিয়েলিটি চেক টিম।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই নির্বাচন ‘আমেরিকান জনগণের প্রতি জালিয়াতি।’

    তিনি বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। আমরা চাই ভোট গ্রহণ যেন বন্ধ করা হয়।”

    ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে বড় সংখ্যক ভোট এখনো গণনা করা বাকি, যা নির্বাচনের ফলকে যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে।

    জালিয়াতির অভিযরোগ তুললেও ট্রাম্প কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। আর পূর্ববর্তী নির্বাচনগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ভোট গণনার ক্ষেত্রে জালিয়াতি খুবই বিরল।

    ট্রাম্প বারবার এই অভিযোগ তুলেছেন যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে – করোনাভাইরাস মহামারির কারণে এবার যেটির বিস্তৃত প্রয়োগ হয়েছে – ব্যাপক আকারে জালিয়াতি হতে পারে।

    এছাড়া জালিয়াতির আর যা অভিযোগ উঠেছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় অপ্রমাণিত গুজব।

  3. নেভাডার দিকে নজর সবার

    নেভাডা রাজ্যের ভোটের ফলাফলের দিকে এই মুহূর্তে সবার মনোযোগ। ঐ রাজ্যে দুই প্রার্থীর প্রতিযোগিতা তীব্র।

    ক্লার্ক কাউন্টিতে হওয়া এক সংবাদ সম্মেলনে একজন বিক্ষোভকারী ক্যামেরার সামনে লাফিয়ে পড়ে চিৎকার করে বলেন: “বাইডেনের অপরাধী পরিবার এই নির্বাচন চুরি করে নিয়ে যাচ্ছে। গণমাধ্যম সেই খবর লুকাচ্ছে।”

    রাজ্যের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বুধবার আর কোনো ফলাফল না এলেও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় রাত ১১টায়) গণনার ফল প্রকাশ করা হবে।

    ব্যাটলগ্রাউন্ড রাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের সমর্থন করলেও ২০০০ এবং ২০০৪ সালে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশকে সমর্থন দিয়েছিল।

  4. পেনসিলাভানিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ

    গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড স্টেট পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্প বিরোধীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

    ঐ কনভেনশন সেন্টার ভবনে মেইলের মাধ্যমে আসা ব্যালটগুলো জড়ো করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষ লক্ষ ব্যালট গণনা শেষ করতে একাধিক দিন লেগে যেতে পারে।

    বিক্ষোভ সমাবেশে প্রত্যেকটি ভোট গোনার স্বপক্ষে স্লোগান দেয়া সমর্থকদের অনেকে ট্রাম্প পুনঃর্নর্বিাচিত হওয়ার নেতিবাচক দিক সম্পর্কে বক্তব্য রাখেন।

    প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের একটি সংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদেরও সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

    ঐ সংবাদ সম্মেলনটি অবশ্য শেষ পর্যন্ত বাতিল করা হয়।

  5. আপনি যদি মাত্র যোগ দিয়ে থাকেন, তাহলে আপনার যা যা জানা দরকার

    • মিশিগান অঙ্গরাজ্যে জো বাইডেন বিজয়ী হয়েছেন।
    • জো বাইডেন বলেছেন, এটা পরিস্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। যদিও মূল ফলাফল এখনো আসেনি।
    • জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধে মামলা করেছে ট্রাম্প শিবির।
    • পেনসিলভানিয়া রাজ্যে লক্ষ লক্ষ পোস্টাল ভোট গণনা করা হবে আজ সারারাত জুড়ে, তাই চূড়ান্ত ফল আজ প্রকাশ করা নাও হতে পারে। অ্যারিজোনা রাজ্য জানিয়েছে যে আজ চূড়ান্ত ফল ঘোষণা করা হবে না।
    • মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন বলে দাবি করেছেন জো বাইডেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত বাইডেনের পাওয়া ভোট প্রায় সাড়ে ৭ কোটি ৫ লাখ। এর আগে সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ড ছিল বারাক ওবামা’র, যিনি ২০০৮ সালে ৬.৯৫ কোটি ভোট পেয়েছিলেন।
    • ডোনাল্ড ট্রাম্প ২৩ টি অঙ্গরাজ্যে জয় পাবেন বলে পূর্বাভাস। এর মধ্যে রয়েছে টেক্সাস, ওহাইও এবং ফ্লোরিডা।
    • প্রেসিডেন্ট ট্রাম্প, প্রতারণার অভিযোগ এনেছেন, যদিও কোন প্রমাণ দেননি, তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন।
    • বাইডেন প্রচারণা শিবির বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য 'আপত্তিকর' এবং তারা আরো বলছে 'গণনা বন্ধ হবে না'।
    • কোনো কারণে যদি টাই হয়, অর্থাৎ দুই প্রার্থীব ২৬৯টি ইলেকটোরাল কলেজ ভোট পায়, তাহলে কংগ্রেসের নিম্মকক্ষের সদস্যদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে প্রেসিডেন্ট। সেসময় প্রত্যেক রাজ্যের একজন প্রতিনিধি একটি করে ভোট দিতে পারবেন। বিজীয় হতে কোনো প্রার্থীকে অন্তত ২৬টি ভোট পেতে হবে।
    • যুক্তরাষ্ট্রের অধিকাংশ জায়গাতে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও মিশিগানের ডেট্রয়েটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের প্রার্থীদেরই আদালত কক্ষে ঢুকতে দেয়া হয়নি।
  6. ভোট গ্রহণ ও গণনার মধ্যে রেকর্ড পরিমাণ করোনাভাইরাস সংক্রমণ

    যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণের দিন, তেসরা নভেম্বর, ৯১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে – যা মহামারি শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

    আর ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, বুধবার নতুন করে আরো এক লাখেরও বেশি মানুষের মধ্যে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৯৫ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছেন এবং ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

  7. জর্জিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির

    ডোনাল্ড ট্রাম্প শিবির জর্জিয়ার কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন করেছে। জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্য যেটিতে এখনো কোন প্রার্থী জিততে পারেন, তা ধারণা করা যায়নি।

    মামলায় অভিযোগ তোলা হয় যে, রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তুপে একজন ভোট গণনা কর্মীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা ৫৩টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা ৭টার আগে পোস্টাল ভোট র্নিধারিত স্থানে পৌঁছানোর নিয়ম।

    গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে জর্জিয়ায় আইনি পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    যেসব জায়গায় ব্যালটে ‘প্রতারণা’ হয়েছে, সেসব জায়গায় ভোট গণনা থামানো হবে বলে অঙ্গীকার করেছেন তিনি। তবে তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

    মিশিগানে ট্রাম্প শিবির ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে। ঐ রাজ্যে সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

    পেনসিলভানিয়ায় ভোটের দিনের তিন দিন পরে আসা পোস্টাল ব্যালট গণনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করছে রিপাবলিকানরা। ঐ রাজ্যে এখনো লক্ষ লক্ষ ভোট গণনা করা বাকি।

    উইসকনসিনে প্রেসিডেন্টের শিবির ‘মঙ্গলবারে দেখতে পাওয়া অস্বাভাবিকতার ভিত্তিতে’ ভোট পুনর্গণনার আবেদন করেছে।

  8. আজ রাতে পেনসিলভানিয়ায় ‘লক্ষ লক্ষ’ ভোট গণনা করা হবে

    পেনসিলভানিয়া রাজ্যের ইলেকটোরাল কর্মীরা আজ সারা রাত জুড়ে ‘লক্ষ লক্ষ’ ব্যালট গণনা করবেন বলে মন্তব্য করেছেন রাজ্যটির শীর্ষ নির্বাচন কর্মকর্তা কেথি বুকভার।

    পেনসিলভানিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড এবং দুই প্রার্থীই এই রাজ্যের ফলাফলের জন্য অপেক্ষমান রয়েছেন।

    মিজ বুকভার জানিয়েছেন যে গণনার কাজ নির্ধারিত সূচির হিসেবে কিছুটা এগিয়ে থাকলেও সিংহভাগ ব্যালট গুণে শেষ করতে কয়েকদিন লেগে যেতে পারে।

  9. অ্যারিজোনা ‘চূড়ান্ত ফল আজ জানাবে না’

    ম্যারিকোপা কাউন্টির নির্বাচন বিভাগের মেগান গিলবার্টসন জানিয়েছেন অ্যারিজোনা রাজ্যের চূড়ান্ত ফলাফল আজ প্রকাশ করা হবে না। এখনও গণনা চলছে।

    এখন পর্যন্ত প্রায় ৮৩% ভোট গণনা করা হয়েছে, যার মধ্যে বাইডেন ৫১-৪৮% ব্যবধানে এগিয়ে রয়েছেন। কিছু মার্কিন সংবাদ মাধ্যম এরই মধ্যে অনুমান প্রকাশ করেছে যে এই রাজ্যে বাইডেন জিতবেন।

    এই রাজ্যে মোট ১১টি ইলেকটরাল কলেজ ভোট রয়েছে।

  10. বাইডেন সদর দফতর থেকে

      • Author, বারবারা প্লেট আশার
      • Role, বিবিসি নিউজ, ওয়াশিংটন

    জো বাইডেনের বক্তব্যর লক্ষ্য ছিল নির্বাচন-পরবর্তী বিতর্কিত পরিবেশে নিজের উপস্থিতি জানান দেয়া।

    তিনি বিজয় ঘোষণা করেন নি, কিন্তু বলেছেন তিনি নিশ্চিত যে, যখন সকল ভোট গোনা হবে, তিনি প্রেসিডেন্ট হবেন। আর মিশিগান তার পক্ষে ঘোষিত হবার পর মনে হচ্ছে, জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট তিনি পাবেন।

    ট্রাম্প যে পাল্টা পদক্ষেপ বা চ্যালেঞ্জের কথা বলেছেন, সেটা বাইডেন আমলে নিয়েছেন, যদিও তিনি প্রেসিডেন্টের নাম উল্লেখ করেন নি। তিনি ক্ষমতা দখলের চেষ্টার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, ''জনগণকে কণ্ঠরোধ বা হুমকি দিয়ে নিশ্চুপ করা যাবে না।''

    তবে তিনি বেশি সময় ব্যয় করেন ঐক্যর আহ্বান জানিয়ে। তার সাথে তিনি জুড়ে দেন দলীয় বিভেদ ভুলে জাতীকে ঐক্যবদ্ধ করার কথা, যেটা নির্বাচনী প্রচারণার সময় তার মূলমন্ত্র ছিল। তিনি জানেন এটা অত্যন্ত কঠিন হবে, এমনকি তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

    ডেমোক্র্যাট পার্টি একটি বিশাল বিজয় আশা করেছিল, যাতে মি. বাইডেন ব্যাপক ম্যান্ডেট দাবী করতে পারেন। কিন্তু ফলাফল দেখিয়েছে এই বিভেদের শিকড় কত গভীর।

  11. টাই হলে কী হবে?

    প্রত্যেক রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি রাজ্যে নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর রয়েছেন, যারা মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট দেন।

    অর্থাৎ, ড্র বা টাই হতে হলে প্রত্যেক দলকে ২৬৯টি করে ভোট পেতে হবে।

    সেরকম পরিস্থিতিতে নির্বাচনের বিজয়ী নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে।

    কংগ্রেসের নিম্নকক্ষ বা ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’এর ভোটে তখন নির্ধারিত হবেন প্রেসিডেন্ট। প্রত্যেক রাজ্যের প্রতিনিধি একটি করে ভোট দিতে পারবেন এবং কোনো প্রার্থীর প্রেসিডেন্ট হতে অন্তত ২৬টি ভোট প্রয়োজন হবে।

    আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সেনেটের ভোটের মাধ্যমে, যেখানে ১০০ জন সেনেটরের প্রত্যেকে একটি করে ভোট দেবেন।

  12. যে ছয়টি অঙ্গরাজ্যের ফলাফল এখনো অনিশ্চিত

    ফ্লোরিডা, ওহাইয়ো এবং টেক্সাসের মত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে – কিন্তু আরো চার বছরের জন্য প্রেসিডেন্ট হতে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেতে হবে তার।

    জয়ের জন্য জো বাইডেনের সামনে একাধিক পথ খোলা থাকলেও কোনটিই নিশ্চিত নয়। যেসব গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ফল এখনো ঘোষণা করা হয়নি:

    অ্যারিজোনা: ঐতিহাসিকভাবে রিপাবলিকান হলেও এবছরে অন্যতম ব্যাটল গ্রাউন্ড এই রাজ্য। এখন পর্যন্ত ৮৬% ভোট গণনা হওয়া এই রাজ্যে বাইডেন এগিয়ে রয়েছে। কিছু মার্কিন সংবাদ সংস্থা এরই মধ্যে দাবি করছে যে এই রাজ্যে বাইডেন জিতেছেন।

    জর্জিয়া: ঐতিহাসিকভাবে আরেকটি রিপাবলিকান রাজ্য যেখানে এবার কঠিন লড়াই হচ্ছে। এখন পর্যন্ত অল্প ব্যবধানে ট্রাম্প এগিয়ে রয়েছেন, তবে আটলান্টা ও সংলগ্ন এলাকার ব্যালট এখনো গণনা করা হচ্ছে।

    নর্থ ক্যারোলাইনা: সুইং স্টেটটির ৯৫% ভোট গণনা করা হয়েছে, যার মধ্যে ৫০.১% ভোট পেয়ে ট্রাম্প এগিয়ে আছেন আর বাইডেনের ভোট ৪৮.৭%।

    নেভাডা: এই রাজ্যে অপ্রত্যাশিতভাবে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছেন বাইডেন। এখন পর্যন্ত সামান্য ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

    উইসকনসিন: আগের দুই দশক ধরে ডেমোক্র্যাটদের সমর্থন করা এই রাজ্য ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিয়েছিল। প্রায় সব ভোট গণনার পর সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে বাইডেন – তবে ট্রাম্প সমর্থকরা এরই মধ্যে জানিয়েছে যে তারা ভোটের পুনর্গণনা চায়।

    পেনসিলভানিয়া: ২০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে অন্যতম প্রধান ব্যাটল গ্রাউন্ড এই রাজ্য। ট্রাম্প বেশ বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বিপুল পরিমাণ মেইল ইন ব্যালট এখনো গণনা করা বাকি। শুক্রবারের আগে তাই ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনাও কম। এই রাজ্যের ফলাফলের বিরুদ্ধে রিপাবলিকানরা আইনি চ্যালেঞ্জ জানাতে পারে।

  13. এখন পর্যন্ত ৪৩টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে

  14. গুরুত্বপূর্ণ মিশিগান রাজ্যে বাইডেন জয়ী

    মিশিগানকে গুরুত্বপূর্ণ ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ হিসেবে গণ্য করা হয়, কারণ এই রাজ্যর ১৬টি ইলেকটোরাল কলেজ ভোটর রয়েছে, যাদের সবই জোবাইডেনের পক্ষে যাবে।এর ফলে চূড়ান্ত বিজয়ের পথে আরো অগ্রসর হলেন মি. বাইডেন।চার বছর আগে ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে মাত্র ১০,৭০৪ ভোটে জয়ী হয়েছিলেন, যেটা ছিল মিশিগানের ইতিহাসে সবচেয়ে কমভোটে জয়।

  15. বিজয় ‘পরিষ্কার’: বাইডেন

    ভোট গণনা এখনো চলতে থাকায় জয়ের ঘোষণা না দিলেও জো বাইডেন বলেছেন যে প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

    তিনি বলেছেন, “দীর্ঘ রাত জুড়ে ভোট গণনার পর এখন ফল পরিষ্কার।”

    “আমি বিজয়ের ঘোষণা দেয়ার জন্য আসিনি। তবে আমি এটা জানাতে এসেছি যে গণনা যখন শেষ হবে, তখন আমরা নিজেদের বিজয়ী হিসেবে দেখতে পাবো বলে আত্মবিশ্বাসী।”

    এবারের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে জো বাইডেন বলেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাওয়ার পথে আছেন তিনি ও কমালা হ্যারিস।

  16. ৪২টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে

  17. ব্রেকিং, পেনসিলভানিয়ায় ভোট গণনা বন্ধে মামলা ট্রাম্প শিবিরের

    ডোনাল্ড ট্রাম্প –এর প্রচার শিবির থেকে বলা হয়েছে তারা গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়ায় ভোট গণনা বন্ধ করতে মামলা করছে।

    তাদের পক্ষ থেকে উইসকনসিন ও মিশিগান নিয়েও আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা বাড়ছে।

    ট্রাম্প শিবিরের অভিযোগ ডেমোক্র্যাট কর্মকর্তারা পর্যবেক্ষকদের গণনা কার্যক্রম থেকে ২৫ ফুট বা তারও বেশি দূরে থাকতে বাধ্য করেছে।

    “ফলে আমাদের পর্যবেক্ষকদের অর্থবহ কাজের কোনো সুযোগ থাকছে না।”

    যদিও এ মুহূর্তে ভোট গণনায় বেশ ভালো ব্যবধানেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

    সবশেষ হিসেবে এ পর্যন্ত তিনি প্রায় চার লাখ ভোটে এগিয়ে আছেন।

  18. এখনো যেভাবে জিততে পারেন ট্রাম্প

      • Author, অ্যান্থনি জুর্কার
      • Role, বিবিসি উত্তর আমেরিকা প্রতিবেদক

    ব্যাটলগ্রাউণ্ড রাজ্যগুলোর বেশ কয়েকটি জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

    কিন্তু হোয়াইট হাউজে আরও চার বছরের জন্য থেকে যেতে হলে তাকে এগিয়ে থাকা দুটি রাজ্য পেনসিলভানিয়া এবং জর্জিয়াতেও জয় নিশ্চিত করতে হবে।

    পাশাপাশি জো বাইডেন সেসব রাজ্যে এগিয়ে আছেন সেখান থেকে কমপক্ষে একটি রাজ্য ছিনিয়ে নিতে হবে।

    সেদিক দিয়ে নেভাডায় ব্যবধান খুবই কম।

    পোস্টাল ব্যালটগুলো তার পক্ষে গেলে ফল তার পক্ষেও যেতে পারে সেখানে।

    অ্যারিজোনাও হতে পারে প্রেসিডেন্টের জন্য আরেকটি সম্ভাব্য রাজ্য। নেভাডার মতো সেখানেও শুধু পোস্টাল ব্যালট গণনা বাকি আছে।

    রাজ্যটিতে ডাকযোগে ভোট দেয়ার প্রবণতা পুরনো। তবে নেভাডার চেয়ে এ রাজ্যে বাইডেন এখনও বেশি ভোটে এগিয়ে আছেন।

    যদিও এটি পাল্টেও যেতে পারে। ওদিকে মিশিগান ও উইসকনসিন মিস্টার ট্রাম্পের অনুকূলে নেই।

  19. বাইডেন যেভাবে জিততে পারেন

      • Author, অ্যান্থনি জুর্কার
      • Role, বিবিসি উত্তর আমেরিকা প্রতিবেদক

    ব্যাটলগ্রাউণ্ড রাজ্যগুলোতে তীব্র লড়াইয়ে আটকে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল।

    জাতীয় ভাবে পপুলার ভোটে এবং ইলেক্টোরাল ভোটের দিক থেকে এ মুহূর্তে এগিয়ে আছেন জো বাইডেন।

    কিন্তু তারপরেও তার জয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না ব্যাটলগ্রাউণ্ড রাজ্যগুলোতে তীব্র লড়াইয়ের কারণে।

    কিন্তু তারপরেও কীভাবে তিনি জয়লাভ করতে পারেন?

    এর সহজ উত্তর হলো যে রাজ্যগুলোতে তিনি এগিয়ে আছেন সেগুলোতে শেষ পর্যন্ত এগিয়ে থেকে জয়লাভ করা। এ মুহূর্তে নেভাডা, অ্যারিজোনা, উইসকনসিন ও মিশিগানে তিনি এগিয়ে আছেন।

    এগুলো ধরে রাখতে পারলেই তার ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত হবে-যা তার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার শর্ত পূরণ করবে।

    এখন পর্যন্ত ভোটের যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে পরিস্থিতি তার পক্ষেই।

    অ্যারিজোনায় ভালো ব্যবধানে এগিয়ে আছেন তিনি এবং আরও অনেক পোস্টাল ভোট সেখানে গণনার অপেক্ষায় আছে।

    নেভাডায় অবশ্য খুবই অল্প ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কিন্তু এখানেও পোস্টাল ভোট গণনার অপেক্ষায়। সাধারণত পোস্টাল ভোট ডেমোক্র্যাটদের পক্ষে যায় বেশি।

    এ মুহূর্তে হোয়াইট হাউজে যাওয়ার জন্য বাইডেনের জন্য পথের বাধা কমে আসছে বলে মনে করা হচ্ছে।

  20. ট্রাম্প ও বাইডেন দুজনেই আশাবাদী