আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ট্রাম্পের আইনি লড়াই শুরু সোমবার থেকে- আইনজীবীর ঘোষণা

ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ার বিশটি ইলেকটোরাল ভোট ঝুলিতে আসার সাথে সাথে জো বাইজেন পেরিয়ে গেলেন জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের লক্ষ্যমাত্রা। তিনি নেভাডা জিতেছেন। জর্জিয়া আর অ্যারিজোনায় এগিয়ে বলে খবর পাওয়া যাচ্ছে।

সরাসরি কভারেজ

  1. ভোট নিয়ে এখন পর্যন্ত যা ঘটেছে

    • যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ফলাফল এখন নির্ভর করছে মোট চারটি রাজ্যের ওপর – অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং পেনসিলভেনিয়া।
    • এসব রাজ্যে ভোট গণনার ফলাফল স্থানীয় সময় বৃহস্পতিবার জুড়েই আসতে থাকবে, কিন্তু চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে।
    • নেভাডা এবং অ্যারিজোনায় জো বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
    • জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু একটু করে ব্যবধান কমিয়ে আনছেন।
    • পেনসিলভেনিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করার লক্ষ্যে মি. ট্রাম্পের নির্বাচনী দল মামলা দায়ের করেছে।
    • মি. বাইডেন এখন পর্যন্ত মোট সাত কোটি ১৫ লক্ষ ভোট পেয়েছেন।
    • তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক রাজ্যের ভোট রয়েছে।
    • মি. ট্রাম্প গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যসহ অন্যান্য রাজ্যে জনমত জরিপের চেয়ে বেশি ভোট পেয়েছেন।
    • কিন্তু তার বিজয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
    • এবারে নির্বাচনে ভোট পড়েছে ৬৬%, যুক্তরাষ্ট্রের ১২০ বছরের ইতিহাসে যা সবচেয়ে বেশি।
    • অনেক রাজ্যেই ভোট গণনা ধীর গতিতে চলছে। তাই চূড়ান্ত ফলাফল আসতেও সময় লাগছে অনেক বেশি।
  2. ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং ট্রাম্প প্রচার দলের উপদেষ্টা কোরি লেওয়ানডোস্কি পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার ভোট কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলছেন।

    এর আগে এই কেন্দ্রে গণনা বন্ধ রাখা হয়েছিল।

    কারণ এক আদালত নির্দেশ দিয়েছিল যে গণনা ও যাচাই কাজে নিয়োজিত কর্মকর্তাদের ছয় ফুট দূরত্বে ট্রাম্প নির্বাচনী প্রচার দলের পর্যবেক্ষকদের থাকতে দিতে হবে।

  3. ফিলাডেলফিয়ায় ভোট গণনা আবার শুরু

    পেনসিলভেনিয়া রাজ্যে এক আইনগত জটিলতার মধ্যে ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা আবার শুরু হয়েছে।

    এর আগে গণনা বন্ধ রাখা হয়েছিল।

    কারণ, এক আদালত নির্দেশ দিয়েছিল যে গণনা ও যাচাই কাজে নিয়োজিত কর্মকর্তাদের ছয় ফুট দূরত্বে ট্রাম্প নির্বাচনী প্রচার দলের পর্যবেক্ষকদের থাকতে দিতে হবে।

    পেনসিলভেনিয়ায় মোট ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

    ফলে সেখানে কী হয় সে সম্পর্কে দুই পক্ষের আগ্রহ সমান।

    পেনসিলভেনিয়ায় জো বাইডেন জিতে গেলে তিনি নিশ্চিতভাবেই পরবর্তী প্রেসিডেন্ট হতে পারবেন।

    অন্যদিকে, এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হলে প্রেসিডেন্সি ধরে রাখার কাজ তার জন্য অনেক সহজ হয়ে যাবে।

    পেনসিলভেনিয়ায় এখনও প্রায় ১,২০,০০০ ব্যালটপত্র গণনার কাজ বাকি রয়েছে।

  4. ব্রেকিং, উইসকনসিন এখন বাইডেনের

    আমাদের নির্বাচন কভারেজে আরেকটি আপডেট:

    বিবিসির এখনকার পূর্বাভাস হচ্ছে জো বাইডেন উইসকনসিনে বিজয়ী হতে যাচ্ছেন।

    এই সুবাদে মি. বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোট।

    অন্যদিকে, মি. ট্রাম্প পেয়েছেন ২১৪টি।

    তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য মি. বাইডেনকে মোট ২৭০ টি ভোট পেতে হবে।

    কারণ গুরুত্বপূর্ণ ক’টি ফলাফল নির্ধারণী রাজ্য অ্যারিজোনা, নেভাডা, পেনসিলভেনিয়া এবং জর্জিয়াতে এখনও গণনা চলছে।

  5. ভোটের ফলাফল কখন জানা যাবে?

    এই রাজ্যগুলোয় ভোটের ফলাফল আসার সম্ভাব্য সময়:

    আজ আরও পরের দিকে যে সময়ে ভোটের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিয়ে রাখতে চাই।

    জর্জিয়া: দিনের আরও আগের দিকে রাজ্যে একজন গুরুত্বপূর্ণ নির্বাচন কর্মকর্তা জানিয়েছিলেন যে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় (গ্রিনিচ মান সময় বিকেল ৫:৩০) ভোট গণনার কিছু নতুন তথ্য জানানো হবে। কিন্তু সেই সময় পার হয়েছে। এখনও সেই তথ্য আসেনি।

    নেভাডা: ভোট গণনার কিছু নতুন তথ্য জানানো হবে। জিএমটি বিকেল ৫:৩০টায়। এই ফলাফল যেকোন মুহূর্তে আসতে পারে। রিপাবলিকানরা এই রাজ্যে গণনার বিরুদ্ধে আজ মামলা দায়ের করেছে। তাদের দাবি, ১০,০০০ লোকের ভোট পড়েছে যারা আর ঐ অঙ্গরাজ্যের বাসিন্দা না।

    অ্যারিজোনা: স্থানীয় সময় রাত নয়টার (রাত ২টা জিএমটি) আগে নতুন কোন তথ্য আসার সম্ভাবনা নেই। কয়েকটি টিভি চ্যানেল ইতোমধ্যেই বলে দিয়েছে যে মি.বাইডেন এই রাজ্যে জিতেছেন। কিন্তু বিবিসি এখনই এ সম্পর্কে কোন তথ্য দেবে না।

    পেনসিলভেনিয়া: রাজ্যের রিপাবলিকান আইনসভা ভোটের আগে যে কোন ব্যালট পত্র গণনা নিষিদ্ধ করেছিল। এর ফলে মনে করা হচ্ছে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল জানতে কয়েক দিন লেগে যাবে।

    নর্থ ক্যারোলাইনা: ১২ই নভেম্বরের আগে ফলাফল আসার সম্ভাবনা কম। ভোটের দিন ডাকযোগে যেসব ব্যালট পাঠানো হয়েছে তা ১২ই নভেম্বর পর্যন্ত আসবে এবং সেগুলো সবই গণনা করা হবে।

  6. ব্রেকিং, ট্রাম্পের মামলা হলো ‘বিভ্রান্তির কৌশল’: টিম বাইডেন

    জো বাইডেনের প্রচার দলের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন এইমাত্র সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে ট্রাম্প টিম এখনও মামলা দায়ের করার এক ব্যর্থ কৌশল প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, এসব মামলা হলো “এখন যা অবশ্যম্ভাবী তাকে ঠেকিয়ে রাখার এক প্রচেষ্টা – জো বাইডেনই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।”

    তিনি দাবি করেন মিশিগানে তারাই জিতেছেন, এবং পেনসিলভেনিয়াতেও দলের অবস্থান ভাল।

    মি. বাইডেনের আইনজীবী দলের পরিচালক বব বাওয়ার বলছেন, রিপাবলিকানদের কিছু ‘বোকাটে দাবি’র ব্যাপারে তিনি বিস্তারিত সাংবাদিকদের কাছে প্রকাশ করতে যাচ্ছেন।

    “এসবই হলো বিভ্রান্তি তৈরির এক কৌশল,” তিনি বলেন, এভাবে ট্রাম্প সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপারে মানুষের আস্থায় ঘুণ ধরাতে চাইছে।

  7. পুড়িয়ে দেয়া ব্যালট পত্র ছিল ‍'শুধুই স্যাম্পল'

      • Author, রিয়ালিটি চেক, বিবিসি

    যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভোট গণনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাস তৈরির চেষ্টা অব্যাহত রেখেছেন।

    সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দৃশ্যত ৮০টি ব্যালট পত্র একটি ব্যাগে ঢুকিয়ে, তার ওপর তেল ঢেলে তা জ্বালিয়ে দেয়া হচ্ছে।

    এই ভিডিওটি শেয়ার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক।

    তবে ভার্জিনিয়া বিচ শহরের কর্মকর্তারা এ নিয়ে ভোটের দিনেই এক বিবৃতি প্রকাশ করেছেন এবং তাতে তারা জানিয়েছেন যে ব্যালট পত্রগুলোতে কোন সরকারি ছাপ ছিল না এবং সেগুলো ছিল স্যাম্পল, বা ব্যালট পত্রের নমুনা।

    ভার্জিনিয়া বিচ শহরের মেয়র নিজে একজন রিপাবলিকান।

    এর পরও এরিক ট্রাম্প ভিডিওটি টুইটারে শেয়ার করেন যেটিতে এক লক্ষ বার লাইক দেয়া হয়, শেয়ার করা হয় এবং নানা ধরনের কমেন্ট করা হয়।

    তার এই পোস্টটি যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে টুইটার সেটি বন্ধ করে দিয়েছে।

    তারপরও ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে।

    ইউটিউব কর্তৃপক্ষ এব্যাপারে এখনও কোন পদক্ষেপ নেয়নি।

  8. ব্রেকিং, ফিলাডেলফিয়ার গণনা কেন্দ্রে ঢুকতে চাইছে ট্রাম্প প্রচার দলের কর্মীরা

    মি. ট্রাম্পের প্রচার দলের দুই সদস্য এই মাত্র ফিলাডেলফিয়ার কনভেনশন সেন্টার ভোট গণনা কেন্দ্রে হাজির হয়েছেন এবং দাবি করছেন ভেতরে ঢোকার জন্য তাদের হাতে আদালতের নির্দেশ রয়েছে।

    পেনসিলভেনিয়ার এই শহরে ডাকযোগে আসা ব্যালট পত্রগুলো গণনা করা হচ্ছে।

    কোরি লিওয়ানডস্কি এবং প্যাম বান্ডি বলছেন, “ আমরা এই মুহূর্তে এখানে ঢুকতে চাই এবং বৈধভাবে গণনা পর্যবেক্ষণ করতে চাই।”

    তাদের অভিযোগ, কেন্দ্রের ভেতরে অস্ত্র ও পরিচয়পত্রধারী এক ব্যক্তি, যিনি পুলিশ নন, তিনি রিপাবলিকান প্রতিনিধিকে গণনার জায়গা থেকে ১০০ ফুট দূরে সরিয়ে রেখেছে।

    ওদিকে ট্রাম্প প্রচার দলের ম্যানেজার বিল স্টেপিয়েন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে ডেমোক্র্যাটরা “মিথ্যে বলছে, জালিয়াতি করছে ও চুরি করছে।“ এবং নানা ধরনের বেআইনি কাজকর্ম চলছে।

    কিন্তু ভোট জালিয়াতির কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

    এই রাজ্যে ভোট গণনা শেষ হতে যে দেরি হবে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

  9. ভোট কি শুধু ট্রাম্প আর বাইডেনের জন্য?, দুই প্রেসিডেন্ট প্রার্থীর বাইরেও রয়েছেন অনেকে

    এই ভবনের নাম ক্যাপিটল হিল, যুক্তরাষ্ট্রের সংসদ ভবন।

    এই ভবনে জায়গা করে দেয়ার জন্যই ৩রা নভেম্বর সারা দেশ জুড়ে নির্বাচন হয়েছে।

    সেদিনের ভোটে আমেরিকানরা বেছে নিয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট, ৩৫ জন সিনেটার, সংসদের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভের ৪৩৫ জন সদস্য, ১১ রাজ্য ও দুটি মার্কিন নিয়ন্ত্রিত ভূখণ্ডের মোট ১৩ জন গভর্নর এবং স্থানীয় সরকারের বহু কর্মকর্তাকে।

  10. ট্রাম্পের টুইট: “গণনা বন্ধ করুন।“

    যুক্তরাষ্ট্রে ভোটের গণনায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে দূরত্ব যখন কমছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন: “গণনা বন্ধ করুন।“

    গতকাল (বুধবার) তার ভাষণে মি. ট্রাম্প এই নির্বাচনকে “মার্কিন জনগণের ওপর এক জালিয়াতি” বলে বর্ণনা করেন। এবং “সব ভোট বন্ধ” করার ডাক দেন, যদিও পরিকল্পিত জালিয়াতির কোন প্রমাণ পাওয়া যায়নি।

    ভোট গণনা বন্ধ করার আশায় ট্রাম্প প্রচারণা দল বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করেছে।

    তবে কথিত জালিয়াতি বা কারচুপির ওপর কোন প্রমাণ তারা দাখিল করেনি।

    তারা উইসকনসিনেও পুন:গণনার দাবি করছে। নেভাডার রিপাবলিকান পার্টিও বলছে যে ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা করতে যাচ্ছে।

    তাদের দাবি, প্রায় ১০,০০০ লোকের ভোট পড়েছে যারা ঐ অঙ্গরাজ্যের বাসিন্দাই না।

    রিপাবলিকান পার্টির কৌশল প্রণয়নকারীদের একজন সেথ ওয়েদার্স বিবিসিকে বলেছেন, মি. ট্রাম্প চাইছেন গণনা প্রক্রিয়ায় রিপাবলিকানদের অধিকতর পর্যালোচনার সুযোগ দেয়ার আগে সব গণনা বন্ধ রাখা হোক।

  11. ট্রাম্প ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুলেছেন – কিন্তু কোনো প্রমাণ আছে কি

      • Author, রিয়েলিটি চেক
      • Role, বিবিসি

    প্রেসিডেন্ট ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ খতিযে দেখেছে বিবিসি'র রিয়েলিটি চেক টিম।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই নির্বাচন ‘আমেরিকান জনগণের প্রতি জালিয়াতি।’

    তিনি বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। আমরা চাই ভোট গ্রহণ যেন বন্ধ করা হয়।”

    ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে বড় সংখ্যক ভোট এখনো গণনা করা বাকি, যা নির্বাচনের ফলকে যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে।

    জালিয়াতির অভিযরোগ তুললেও ট্রাম্প কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। আর পূর্ববর্তী নির্বাচনগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ভোট গণনার ক্ষেত্রে জালিয়াতি খুবই বিরল।

    ট্রাম্প বারবার এই অভিযোগ তুলেছেন যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে – করোনাভাইরাস মহামারির কারণে এবার যেটির বিস্তৃত প্রয়োগ হয়েছে – ব্যাপক আকারে জালিয়াতি হতে পারে।

    এছাড়া জালিয়াতির আর যা অভিযোগ উঠেছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় অপ্রমাণিত গুজব।

  12. ব্রেকিং, নেভাডায় ‘ভোট জালিয়াতি’র মামলা করবে রিপাবলিকানরা

    নেভাডার রিপাবলিকান পার্টি এইমাত্র নিশ্চিত করেছে যে কথিত ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা দায়ের করতে যাচ্ছে।

    তারা দাবি করছে, প্রায় ১০,০০০ লোকের ভোট পড়েছে যারা এখন আর ঐ অঙ্গরাজ্যের বাসিন্দা না।

    ভোটের জন্য নিবন্ধিত সব প্রাপ্তবয়স্কদের সবাইকে আগাম ব্যালট পত্র পাঠিয়েছিল যে ক’টি অঙ্গরাজ্য নেভাডা তাদের মধ্যে একটি।

    নির্বাচনী প্রচারাভিযানের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন যে এতে জালিয়াতির সুযোগ রয়েছে।

    তবে মি. ট্রাম্প যা-ই দাবি করুন না কেন এবারের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এমন কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

    নেভাডাকে নিয়ে মোট চারটি রাজ্যে রিপাবলিকানরা নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে।

    তারা পঞ্চম একটি রাজ্য উইসকনসিনে ভোট পুন:গণনারও দাবি করছে।

  13. বাইডেন না ট্রাম্প - চূড়ান্ত রেজাল্ট নির্ধারণ হবে সুপ্রিম কোর্টে?, দেখুন বিবিসির ভিডিও

    আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে এখন সারা বিশ্বের নজর।

    কিন্তু এখনও অনেক ভোট গোণা বাকি রয়েছে।

    এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন এবং তার প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনেছেন।

    কিন্তু এখনও বৈধভাবে দেয়া কয়েক লাখ ভোট গণনাই করা হয়নি।

    এমনটা যে হতে পারে, বিরোধী শিবিরের অনেকেই সেটা আশংকা করেছিলেন।

    মি. বাইডেন যখন দাবি করছেন যে তিনি জয়ের পথে রয়েছেন, তখন মি. ট্রাম্প ভোট জালিয়াতি এবং ব্যালট চুরির এখনও ভিত্তিহীন অভিযোগ এনে তদ্বির শুরু করেছেন যে তিনি এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

  14. ব্রেকিং, জর্জিয়ায় গণনা বাকি ৫০,০০০ ভোট

    ভোটের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ার কর্মকর্তারা জানিয়েছেন প্রায় ৫০,০০০ ভোট এখনও গণনা করা বাকি আছে।

    যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ঐ রাজ্যে ঘণ্টায় ৩,০০০ করে ভোট গণনা চলছে।

    সেই হিসেবে গণনা শেষ করতে সময় লাগবে আরও প্রায় ১৬ ঘণ্টা।

    অবশ্য, কোন প্রার্থী যদি অনেক বেশি ভোটে এগিয়ে যান তখন ঐ রাজ্যে কে জিততে যাচ্ছেন তা আগেই বোঝা যাবে।

  15. নিউ মেক্সিকোতে অশ্বেতাঙ্গ নারীদের জয়জয়কার

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো সে দেশের ইতিহাসে প্রথম কোন অঙ্গরাজ্য যারা কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রেপ্রেজেনটেটিভ নির্বাচনে শ্বেতাঙ্গ নন এমন সব নারী প্রার্থীকে বিজয়ী করেছে।

    এই তিনজন নারী কংগ্রেস সদস্য হলেন রেপ্রেজেনটেটিভ ডেব হাল্যান্ড।

    তিনি ডেমোক্র্যাটিক পার্টি দল থেকে ২০১৮ সালে প্রথম নারী নেটিভ আমেরিকান কংগ্রেস সদস্য হন।

    তিনি এবারও বিজয়ী হয়েছেন। এক টুইট পোস্টে তাকে পুন-নির্বাচনের জন্য তিনি নিউ মেক্সিকোর ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।

    অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে এবার নির্বাচিত হয়েছেন ইভেট হেরেল।

    তিনিও একজন নেটিভ আমেরিকান। চেরোকি জাতিগোষ্ঠীর সদস্য।

    তৃতীয় নারী কংগ্রেস সদস্য হলেন তেরেসা লেহার ফার্নান্দেজ।

    তিনি একজন হিসপ্যানিক।

  16. নিউইয়র্কের ভোটকেন্দ্র থেকে করোনা ছড়ানোর খবর

    নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক ভোটকেন্দ্রে কাজ করতেন এমন ১০ ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

    ঐ কেন্দ্রে আগাম ভোটের ব্যবস্থা ছিল এবং সংক্রমণের ফলে কয়েক ডজন লোক এখন নিজেকে ঘরে বন্দি করে রাখছেন।

    টেলিভিশন চ্যানেল সিবিএস খবর দিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গতকাল (বুধবার) রেকর্ড সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  17. আমেরিকায় কি আসলেই গোলযোগ হচ্ছে? যেমনটি বিদেশি সংবাদমাধ্যমে বলা হচ্ছে?

    এর আগের কিছু পোস্টে আমরা জানিয়েছিলাম, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল অনিশ্চিত হলে সহিংসতার সম্ভাবনা রয়েছে।

    কোন কোন দেশের সংবাদমাধ্যম এখনও এই বিষয়টি ধরে নানা রকম খবর তৈরি করছে।

    কোন কোন ক্ষেত্রে এসব খবরে যুক্তরাষ্ট্রকে হেয় করা হচ্ছে।

    ইরানের সরকারি বেতারের এক খবরে দাবি করা হয়েছে, যারা বিক্ষোভ করছে “তারা খুবই সশস্ত্র এবং তারা পুলিশকে ভয় পাচ্ছে না।“

    অন্যদিকে রাশিয়ার টেলিভিশনগুলোতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ভিডিও দেখানো হয়েছে।

    কিন্তু কোন কোন জায়গায় ছোটখাট সংঘর্ষ হলেও এসব বিক্ষোভের আকার বেশ ছোট এবং এগুলো শান্তিপূর্ণ ছিল।

    এখানে বলে রাখা ভাল যে করোনাভাইরাস মহামারির জন্য এবার ডাকযোগে বেশি ভোট পড়েছে।

    সেকারণেই গণনায় যে দেরি হবে সেকথা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

    যেসব জায়গায় গণনা চলছে, সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, গণনার প্রক্রিয়া পরিকল্পনা মতই চলছে।

  18. বিবিসি বাংলার এই লাইভ পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আগামী কয়েক ঘন্টা ধরে আপনাদের সাথে থাকবো আমি মাসুদ হাসান খান। আমেরিকায় ভোটের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন এই পাতায়।

  19. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লাইভ পেজ থেকে এখনকার মত বিদায় নিচ্ছি আমরা মীর সাব্বির এবং মুন্নী আক্তার। ফলাফলের লাইভ আপডেট দিতে আপনাদের সাথে এখন যোগ দিচ্ছেন মাসুদ হাসান খান। মার্কিন নির্বাচনের সার্বক্ষণিক খবরাখবরের জন্য বিবিসি বাংলার সাথেই থাকুন।

  20. গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো কী ঘটছে?

    নির্বাচনের চূড়ান্ত ফল কী হতে পারে তা নির্ধারণের জন্য আর হাতে গোনা কয়েকটি মাত্র রাজ্যের ফল বাকি রয়েছে।

    এখনো পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৪৩টি ইলেক্টোরাল কলেজের ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২১৪টি। হোয়াইট হাউজে যেতে তাদের ২৭০টি ভোট দরকার।

    গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো এখনো বাকি রয়েছে সেগুলো হলো অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন।

    কয়েকটি উপায়ে বিজয়ী নির্ধারিত হতে পারে।

    ট্রাম্পকে ২৭০টি ভোট পেতে হলে উইসকনসিনে হারলেও জর্জিয়া(১৬টি ভোট), নর্থক্যারোলাইনা(১৫), পেনসিলভানিয়া(২০) এবং অ্যারিজোনা(১১) বা নেভাদায়(৬) জয় পেতে হবে।

    পেনসিলভানিয়ায়(যার ফল শিগগিরই আসার সম্ভাবনা নেই) হারলেও জয় পেতে পারেন বাইডেন। তবে তার জন্য তাকে অ্যারিজোনা, জর্জিয়া এবং নেভাদায় জয় পেতে হবে।

    এখানে উল্লেখ করা যেতে পারে যে, কয়েকটি সংবাদ আউটলেট অনুমান করছে যে বাইডেন উইসকনসিন এবং অ্যারিজোনায় জয় পাবেন। কিন্তু বিবিসি মনে করে যে এই অনুমান এখন করাটা কিছুটা আগাম হয়ে যাবে।

    গণনা চলছে এবং ধারণা করা হচ্ছে যে দিনের শেষের দিকে কর্তৃপক্ষ ফল ঘোষণা করবেন।

    • জর্জিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভোট গণনা না হওয়া পর্যন্ত রাতভর তারা গণনা চালিয়ে যাবেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সেখানে ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান কমে আসছে। সবশেষ এটি ২৪ হাজার ভোটে এসে ঠেকেছে।
    • নেভাদায় ফল সামান্য ব্যবধানে ঝুলে আছে। বাইডেন মাত্র ৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, পরবর্তী ফল বৃহস্পতিবার তিনটার দিকে ঘোষণা করা হবে।
    • পেনসিলভানিয়ায় ট্রাম্পের ব্যবধান আরো কমে এসেছে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৯০% ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প এক লাখ ৬৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
    • অ্যারিজোনায় বাইডেন ৮০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। পরবর্তী ফল বৃহস্পতিবারই ঘোষণা করা হবে।
    • নর্থ ক্যারোলাইনায় বেশিরভাগ ভোটই গণনা শেষ হয়েছে কিন্তু এখনো অল্প কিছু বাকি আছে। ৭৭ হাজার ভোট নিয়ে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
    • উইসকনসিনে এখনো তেমন কোন খবর পাওয়া যায়নি। তবে সেখানে ২০ হাজারে ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে অন্য সংবাদ মাধ্যমগুলো অবশ্য বলছে যে, এই রাজ্যে জয় পেয়েছেন বাইডেন।