আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ট্রাম্পের আইনি লড়াই শুরু সোমবার থেকে- আইনজীবীর ঘোষণা

ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ার বিশটি ইলেকটোরাল ভোট ঝুলিতে আসার সাথে সাথে জো বাইজেন পেরিয়ে গেলেন জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের লক্ষ্যমাত্রা। তিনি নেভাডা জিতেছেন। জর্জিয়া আর অ্যারিজোনায় এগিয়ে বলে খবর পাওয়া যাচ্ছে।

সরাসরি কভারেজ

  1. নেভাডায় ব্যবধান ধরে রেখেছেন বাইডেন

    রাজ্যটির প্রায় ৯১% ভোট গণনা শেষে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২২,৬৫৭ ভোটে এগিয়ে রয়েছেন।

    অ্যারিজোনার মত নেভাডাতেও গ্রামাঞ্চলের ভোট বেশি পেয়েছেন ট্রাম্প এবং ঘনবসতিপূর্ণ কাউন্টিগুলোতে বাইডেন বেশি ভোট পেয়েছেন।

    এই রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ৬টি।

  2. অ্যারিজোনা থেকে সবশেষ যা জানা যাচ্ছে

    ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। তবে ট্রাম্পও ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছেন।

    সেক্রেটারি অব স্টেটের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫% এর বেশি ব্যালট গণনা শেষ হয়েছে, বাকি আছে ১ লাখ ৭৩ হাজার ব্যালট। আর বাকি ব্যালটের প্রায় ৯২ হাজার অ্যারিজোনার বৃহত্তম অঞ্চল ম্যারিকোপা কাউন্টিতে।

    অ্যারিজোনার গ্রামাঞ্চলে ট্রাম্প বেশি ভোট পেলেও শহরাঞ্চলের অধিকাংশ ভোট পেয়েছেন বাইডেন।

    সব ভোট গণনার দাবি জানিয়ে ট্রাম্পের সমর্থকরা ভোট কেন্দ্রের আশেপাশে জড়ো হচ্ছেন।

    অ্যারিজোনায় বাইডেন এগিয়ে থাকলে রাজ্যের ১১টি ইলেকটোরাল কলেজ ভোট তিনি পাবেন এবং প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ভোটের আরো কাছাকাছি পৌঁছাবেন।

  3. ইলেকটোরাল কলেজ প্রথার প্রশংসায় রিপাবলিকান দলনেতা

    রিপাবলিকান দলনেতা সিনেটার মিচ ম্যাকনেল সাংবাদিকদের কাছে বলছেন, এবারের নির্বাচন “ইলেকটোরাল কলেজ ভোট ব্যবস্থার সৌন্দর্যকেই” গুরুত্বের সাথে তুলে ধরেছে।

    মি. ম্যাকনেল নিজে তার কেন্টাকি আসনে আবার বিজয়ী হয়েছেন।

    অনেকেই যুক্তি দেন যে ইলেকটোরাল কলেজ ব্যবস্থায় স্বল্প জনবহুল রাজ্যগুলোকে বেশি গুরুত্ব দেয়া হয়।

    এবং এই ব্যবস্থার মূলে রয়েছে ক্রীতদাস প্রথা ও দক্ষিণাঞ্চলীয় শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধি করা।

    এটার পরিবর্তন করা দরকার বলে তারা মনে করেন।

    “ইলেকটোরাল কলেজ ব্যবস্থা নিশ্চিত করে যে ৫০টি অঙ্গরাজ্য থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ফলে চূড়ান্ত ফলাফলও নিশ্চিত হবে,‍ তিনি বলেন, "এধরনের তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের সময় ইলেকটোরাল প্রথার ওপর আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।“

    সিনেটার ম্যাকনেল মি. ট্রাম্পের মামলা দায়েরের সিদ্ধান্তকে সমর্থন করেন এবং বলেন যে ভোট সংখ্যা যখন খুবই কাছাকাছি তখন দু’পক্ষের আইনজীবীরা উপস্থিত থেকে সেটা নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন।

  4. ট্রাম্পের জন্য নেভাডায় প্রার্থনা

    নেভাডা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টি নির্বাচন বিভাগের সামনে যে দৃশ্য তৈরি হয়েছে তাকে ঝলমলে বললে কম বলা হবে।

    এই রাজ্যের ট্রাম্প সমর্থকরা চান প্রতিটি ভোট যেন গণনা করা হয়।

    তাদের আশা, এতে হয়তো মি. ট্রাম্প কিছুটা এগিয়ে যেতে পারবেন।

    এখানে অনেক সমর্থককে দেখা যায় মি. ট্রাম্পের বিজয়ের জন্য প্রার্থনা করছেন।

    নেভাডায় মি. বাইডেন ১.৭% ভোটে এগিয়ে আছেন। এবং রাজ্যের ৯২% ভোট ইতোমধ্যেই গণনা করা হয়ে গেছে।

  5. অ্যারিজোনায় ট্রাম্পপন্থীদের বিক্ষোভ

  6. ব্রেকিং, 'এটা কোন একক নির্বাচনের বিষয় না': ট্রাম্প

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে তার নির্বাচনী টিম একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে তারা বলছে, “সকল ভোট গণনা এবং সত্যায়নের প্রক্রিয়ায় আমেরিকান জনগণ পরিপূর্ণ স্বচ্ছতা আশা করে।“

    “এটা কোন একক নির্বাচনের ব্যাপার নয়। এটা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়ার সততার প্রশ্ন,” বিবৃতিতে বলা হয়।

    বিবৃতিতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে “সব বৈধ ভোট গণনা করতে হবে এবং সব অবৈধ ভোট গণনা করা হবেনা” বলে যে ‘মূল আদর্শ’ রয়েছে ডেমোক্র্যাটরা তাতে বাধা দান করছে।

    “আপনাদের এবং জাতির পক্ষ হয়ে এই লড়াই আমি কখনই ত্যাগ করবো না।”

    মি. ট্রাম্প বার বার করে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের পের যেসব ভোট ডাকযোগে এসে পৌঁছেছে তা সবই ‘অবৈধ’।

    তবে যেসব ব্যালট পত্রের ওপর (ভোটের দিন) ৩রা নভেম্বরের সিল রয়েছে সেগুলো গণনা করা হবে।

  7. 'নির্বাচনে কারচুপি হয়েছে বলাটা ভুল': মিট রমনি

    যুক্তরাষ্ট্রের নির্বাচনে কথিত কারচুপির যে অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তার সমালোচনা করেছেন যেসব রিপাবলিকান তাদের সাথে সর্বশেষ যোগ দিয়েছেন ইউটাহ্ অঙ্গরাজ্যের সিনেটার মিট রমনি।

    মি. রমনি এক সময় নিজেও প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।

    টুইটারে এক বার্তায় তিনি বলেছেন, নির্বাচনকে ‘দুর্নীতিগ্রস্ত’ বা ‘চুরি’ করা হয়েছে বলাটা ভুল।

    “এর ফলে এখানে এবং বিশ্বজুড়ে স্বাধীনতার লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে।“

    মি. রমনি দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে আসছেন।

    আপনাদের হয়তো মনে আছে এবছরের গোড়াতে মি. ট্রাম্পের সংসদীয় বিচারের ওপর ভোট প্রস্তাবে তিনি ডেমোক্র্যাটদের সাথে যোগ দিয়েছিলেন।

  8. কে জিতলে আমেরিকা যাওয়ার সুযোগ বাড়বে অন্য দেশ থেকে?

    এবার যুক্তরাষ্ট্র নির্বাচনের দিকে বিশেষ আগ্রহ ছিল দেশটির অভিবাসন প্রত্যাশী বহু মানুষের।

    প্রবাসীদেরও অনেকে ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির কারণে।

    গত চার বছরে ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থায় কী প্রভাব রেখেছে আর বাইডেন জিতলে ভবিষ্যতে এখানে কী পরিবর্তন আসতে পারে - জানাচ্ছেন আবুল কালাম আজাদ।

  9. ব্রেকিং, অ্যারিজোনায় বাইডেন পিছিয়ে পড়ছেন

    অ্যারিজোনায় জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভোটের পার্থক্য গত রাতের পর থেকে কমে এসেছে বলে জানা যাচ্ছে।

    মি. বাইডেন এখন এই ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে মি. ট্রাম্পের তুলনায় ৪৩,৫৭০ ভোটে এগিয়ে আছেন। গতরাতে এই সংখ্যা ছিল ৪৭,০০০ ভোট।

    ম্যারিকোপা কাউন্টি এই রাজ্যের সবচেয়ে বড় কাউন্টি। সেখানে এখনও গণনা চলছে।

    কর্মকর্তারা জানিয়েছেন, এই কাউন্টিতে প্রায় ২০ লক্ষ ভোট পড়েছে, যা সেখানকার মোট বাসিন্দাদের ৭৫%।

    ম্যারিকোপার কর্মকর্তারা বলছেন, এখনও ১,৪২,০০০ ভোট গণনা করা হয়নি।

    অন্যান্য সংবাদমাধ্যম অবশ্য এই রাজ্যে মি. বাইডেনের বিজয় সম্পর্কে পূর্বাভাস করছে, যদিও বিবিসি মনে করছে এই পূর্বাভাস বেশি আগে করা হচ্ছে।

  10. ব্রেকিং, জর্জিয়ায় আবার ভোট গণনা

    যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার এইমাত্র ঘোষণা করেছেন যে ঐ রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনা হবে।

    তিনি বলছেন, ৪,১৬৯টি ভোট গণনা এখনও বাকি রয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮,০০০ ভোট এখন ডাকে রয়েছে।

    আজ দিনের মধ্যে এসে পৌঁছুতে পারলে সেগুলোও গণনা করা হবে বলে তিনি জানান।

    “এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন”, তিনি বলেন, “ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে।“

    “আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জর্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসেবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক।“

    এরপরই কোন প্রশ্নের জবাব না দিয়ে মি. রাফেন্সবার্গার চলে যান।

    তার সহকারী গেব্রিয়েল স্টার্লিং বলেন, ভোট পুন:গণনার কারণ হচ্ছে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম।

    নির্বাচনে কোন বড় ধরনের অনিয়ম তাদের চোখে ধরা পড়েনি বলে তিনি জানান।

  11. 'জালিয়াতির কোন প্রমাণ নেই': পেনসিলভেনিয়ার রিপাবলিকান সিনেটার

    প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে কথিত ভোট জালিয়াতি নিয়ে যেসব ভিত্তিহীন দাবি করেছেন তার বিরুদ্ধে নিজের দলের ভেতর থেকে যারা বিরুদ্ধ মত দিচ্ছেন তাদের একজন হলেন পেনসিলভেনিয়ার রিপাবলিকান সিনেটার প্যাট টুমি।

    “আমি প্রেসিডেন্টের ভাষণটি দেখছিলাম এবং সেটা সহ্য করা ছিল খুব কঠিন,” মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে তিনি আজ একথা বলেন।

    “ব্যাপকহারে ভোট জালিয়াতি ও কারচুপির যে অভিযোগ প্রেসিডেন্ট করছেন তার সত্যি কোন ভিত্তি নেই। নির্বাচন বড়সড় কোন ব্যত্যয় ঘটেছে বলে আমার জানা নেই।“

    “দেখুন, প্রতিটি নির্বাচনেই ছোটখাটো কিছু অনিয়ম ঘটে। কিন্তু এসব খুবই ছোট ঘটনা এবং এধরনের ব্যালটের সংখ্যাও খুব কম।“

    মি. টুমি ২০২২ সালে অবসর নিতে যাচ্ছেন। তিনি বলেন, পেনসিলভেনিয়ায় ভোট গণনা কখন শেষ হবে সে সম্পর্কে তিনি এখনও কোন ধারণা দিতে পারবেন না।

    সর্বশেষ গণনা অনুযায়ী, ভোটের ফলাফল মি. বাইডেনের দিকে ঝুঁকে পড়ছে।

    “এখানে (গণনায়) যে সময় দরকার সেটা দিতে হবে,” তিনি বলেন এবং জানান যে বাদবাকি ভোট মি. বাইডেনের পক্ষেই পড়বে বলে তিনি মনে করেন।

    “এই মুহূর্তে ফলাফল আমরা জানি না। তবে সেটা জানার জন্য গণনার প্রক্রিয়া শেষ করতে হবে।“

  12. ভোট গণনার সর্বশেষ হালচাল

    আমেরিকায় ভোটের ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে সময় লাগলেও কে বিজয়ী হতে যাচ্ছেন সে সম্পর্কে চিত্র পরিষ্কার হতে শুরু করেছে।

    সবার নজর এখন এই চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের দিকে:

    • পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫,৫৮৭ ভোটে এগিয়ে আছেন। সেখানে ৯৫% ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের বিশ্বাস, ডাকযোগে আসা বাদবাকি ভোট গণনা করা হলে সেগুলোর বেশিরভাগ মি. বাইডেনের পক্ষে যাবে। এর ফলে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া তার জন্য আরও সহজ হয়ে যাবে।
    • মি. বাইডেন জর্জিয়া রাজ্যেও এগিয়ে আছেন। সেখানে ৯৯% ভোট গোনা শেষ হয়েছে। সামরিক বাহিনী এবং প্রবাসী আমেরিকানদের ভোটসহ ঐ রাজ্যে ৮,১৯৭টি ব্যালট-পত্র এখনও যাচাই করা বাকি আছে।
    • নেভাডায় মি. বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। সেখানে ৮৯% ভোট গণনা শেষ। নির্বাচন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত সেখানে ১,৯০,০০০ ভোট গণনা বাকি ছিল।
    • আরেকটি রাজ্য অ্যারিজোনায় ৯০% ভোট গণনা শেষ হয়েছে এবং সেখানে মি. বাইডেন ১.৬% ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত সেখানে ৩,০০,০০০ ভোট গণনা বাকি ছিল।
    • ভোট গণনা এখনও চলছে নর্থ ক্যারোলাইনায়। সেখানে ৯৫% ভোট গোনা শেষ, মি. ট্রাম্প সেখানে ১.৪% ভোটে এগিয়ে আছেন।
    • এর বাইরে অ্যালাস্কা অঙ্গরাজ্যেও গণনা ৬৫% শেষ হয়েছে। সেখানে মি. ট্রাম্প এগিয়ে আছেন।
    • তবে মি. বাইডেন যদি শুধু পেনসিলভেনিয়া অথবা জর্জিয়া, নেভাডা ও অ্যারিজোনায় জেতেন, তাহলে তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
  13. রেজাল্ট নিয়ে এই পরিস্থিতির কারণ কী?

    যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়ায় এখনো জানা যাচ্ছে না কে হচ্ছেন আগামী প্রেসিডেন্ট।

    তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ নির্বাচনের ফলাফলের প্রজেকশনে ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে আছেন।

    অথচ এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ট্রাম্প। দাবি তুলেছেন ভোট গণনা বাতিলের।

    এখন রিপাবলিকানদের পক্ষে কয়েকটি নির্বাচনী অঙ্গরাজ্যে মামলা শুরু হয়ে গেছে।

    বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন কেন এ পরিস্থিতি আর জয় পরাজয় নির্ধারণে আদালতের ওপর ভরসা কেন ট্রাম্পের?

  14. ভোট গণনা নিয়ে ট্রাম্পের দলে গৃহবিবাদ শুরু

    মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় 'জালিয়াতির' যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে স্পষ্টতই চরম মতভেদ দেখা দিয়েছে।

    রিপাবলিকান পার্টির শীর্ষ কিছু নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের পক্ষে সাফাই গাইলেও দলের অনেক নেতা সেটি সমর্থন করছেন না।

    রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে যখন এই মতভেদ দেখা দিয়েছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের দুই ছেলে দলের কিছু নেতাকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।

  15. ব্রেকিং, পেনসিলাভেনিয়ায় আরও এগিয়ে গেলেন বাইডেন

    আমেরিকায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তারা সেখানকার নির্বাচনী ফলাফলের ওপর আরও কিছু তথ্য প্রকাশ করেছেন।

    এ থেকে জানা যাচ্ছে, জো বাইডেন ৫,৫৮৭ ভোটে ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে আছেন। ঐ রাজ্যে ৯৫% ভোট গণনা সম্পন্ন হয়েছে।

    এর সুবাদে নির্বাচনে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া মি. বাইডেনের জন্য এখন আরও সহজ হয়ে যাচ্ছে।

  16. নির্বাচনে জিতলেন সমকামী টিনএজার প্রার্থী

    যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইন পরিষদ নির্বাচনে একজন টিনএজার প্রার্থী বিজয়ী হয়েছেন।

    স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এবারের নির্বাচনে তিনিই তরুণতম প্রার্থী।

    আঠারো-বছর বয়সী টোনি লাব্রানশ ঐ রাজ্যের অ্যামহার্ষ্ট আসনের আইন পরিষদ সদস্য হিসেবে কাজ করবেন।

    “গত রাতে আমরা ইতিহাস রচনা করেছি, অ্যামহার্ষ্টে এই প্রথম কোন সমকামী প্রার্থী ভোটে জয়লাভ করলো”, ডেমোক্র্যাট দলের সদস্য মি. লাব্রানশ এক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “একে সম্ভব করার জন্য এবং আমার প্রতি সমর্থন জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।“

    স্থানীয় অ্যালটন টেলিগ্রাফ সংবাদপত্রকে তিনি জানান, ১০ বছর বয়সে ক্যান্সার ধরা পড়া এবং চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ার পর তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন।

    “ক্যান্সার রোগী থেকে এখন আমি আইন পরিষদে আমার রাজ্যকে প্রতিনিধিত্ব করছি – এই হলো আমার গল্প।“

  17. বীরের অমর্যাদা ট্রাম্পের দু:খের কারণ হতে যাচ্ছে?

    যুক্তরাষ্ট্র থেকে বিবিসি সংবাদদাতারা এবং আরও কিছু সোশাল মিডিয়া সাইট জানাচ্ছে, জর্জিয়া এবং অ্যারিজোনায় ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের সম্ভাব্য কারণ হতে পারে দু'‌জন আমেরিকান বীরের সমালোচনা।

    দুটি রাজ্যের ভোট গণনাতেই জো বাইডেন এগিয়ে রয়েছেন।

    এই দুটি রাজ্যই এর আগে রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছে।

    তবে এবারের ভোটের গণনা এখনও শেষ হয়নি।

    মি. ট্রাম্প সম্প্রতি অ্যারিজোনার প্রয়াত সিনেটার জন ম্যাকেইনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।

    তিনি প্রশ্ন তুলেছেন ভিয়েতনাম যুদ্ধের সময় মি. ম্যাকেইন যুদ্ধবন্দি ছিলেন, তাই তাকে বীর বলা যায় কি?

    গত বছর মি. ট্রাম্প বলেছিলেন, নতুন স্বাস্থ্য সেবা ব্যবস্থা ওবামাকেয়ার বাতিলের পক্ষে ভোট না দিয়ে মি. ম্যাকেইন অবসরপ্রাপ্ত যোদ্ধাদের উপকার করেননি।

    “সে আমার পছন্দের লোক না,” তিনি বলেন, “অন্য লোকে তাকে পছন্দ করুক, সেটা তাদের ব্যাপার। সেটা ঠিক আছে।“

    ওদিকে মি. ট্রাম্প জর্জিয়ার ক্লেটন কাউন্টির ভোটেও পিছিয়ে আছেন।

    এই কাউন্টি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের প্রতীক জন লুইসের জন্মভূমি।

    গত ২০১৭ সালে মি. লুইস মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

    এর জবাবে এক টুইটার পোস্টে মি. ট্রাম্প বলেছিলেন, মি. লুইস বাগাড়ম্বর না করে তার ওপর দায়িত্ব সঠিকভাবে পালন করুন।

  18. আমেরিকায় নতুন প্রভাত

  19. ফলাফলের সর্বশেষ পরিস্থিতি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হচ্ছেন তা জানতে আমাদের অপেক্ষ এখনও শেষ হয়নি।

    ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শক্তি বাড়ছে।

    অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প কথিত জালিয়াতি সম্পর্কে একের পর এক ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন।

    ভোটের এপর্যন্ত সর্বশেষ খবর:

    • মি. বাইডেন জর্জিয়ায় এগিয়ে রয়েছেন। ১৯৯২ সালের পর থেকে রাজ্যটি কখনই কোন ডেমোক্র্যাট প্রার্থীকে বিজয়ী করেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী মি. বাইডেন এক হাজারের সামান্য বেশি ভোটে এগিয়ে রয়েছেন। রাজ্যের ৯৯% ভোট গণনা সম্পন্ন হয়েছে।
    • এই রাজ্যে বাইডেন জিতলে মি. ট্রাম্পের জন্য নির্বাচনে সার্বিক বিজয় অসম্ভব হয়ে দাঁড়াবে।
    • পেনসিলভেনিয়ায় প্রায় ২০,০০০ ভোট বেশি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। কিন্তু ডাক যোগ আরও বেশি ভোট আসার সুবাদে মি. বাইডেনের ভোট সংখ্যা এখন বাড়ছে।
    • অ্যারিজোনা এবং নেভাডাতেও মি. বাইডেন এগিয়ে রয়েছেন।
    • হোয়াইট হাউস থেকে বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে মি. ট্রাম্প বলেছেন, “যদি বৈধ ভোট গণনা করা হয় তাহলে আমি সহজেই জিতেছি। আর যদি অবৈধ ভোট গণনা করা হয়, তাহলে তারা নির্বাচনের ফলাফল আমাদের কাছ থেকে চুরি করতে পারবে।“
    • তবে তিনি এই অভিযোগের স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি। এবং যেসব ভোট গণনা হচ্ছে তার সবই বৈধ।
  20. ব্রেকিং, জর্জিয়া আপডেট: বাইডেন এগিয়ে আছে ভগ্নাংশের হিসেবে

    বিবিসির ফলাফল বিশ্লেষণ বিভাগের হিসেব অনুযায়ী, জর্জিয়ায় জো বাইডেনের ভোট ৯১৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,০৯৬ ভোটে।

    নির্বাচনের ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে মাত্র ১% ভোট গণনার জন্য বাকি রয়েছে।