আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংসদ নির্বাচন: যেভাবে হলো ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা

এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরাসরি কভারেজ

  1. ব্রেকিং, কুমিল্লার চান্দিনায় একজন নিহত

    কুমিল্লার অতিরিক্ত পুলাশ সুপার মো সাখাওয়াত বিবিসি'কে জানান, চান্দিনার একটি কেন্দ্রে বিএনপির কর্মীরা হামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোঁড়ে।‌ ঘটনায় কয়েকজন আহত হয় এবং পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।

  2. ব্রেকিং, চট্টগ্রামের পটিয়ায় নিহত ১

    চট্টগ্রামের পটিয়ার পশ্চিম মালিয়াপাড়ার একটি কেন্দ্রের সামনে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে।

    তবে তার দলীয় পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি।

    খবরটি চট্টগ্রামের জেলা পুলিশ নিশ্চিত করেছে।

  3. ব্রেকিং, কক্সবাজারে সহিংসতায় একজনের মৃত্যু

    কক্সবাজারের পেকুয়া’র রাজারকুল ইউনিয়নে (কক্সবাজার-১) ভোটকেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা হচ্ছে।

    নিহত ব্যক্তি ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হচ্ছে

    খবরটি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

  4. ব্রেকিং, রাজশাহীতে সহিংসতায় নিহত ১

    রাজশাহী-৩ আসনে মোহনপুর উপজেলায় পাকুড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা ১১টার দিকে সংঘর্ষে মেরাজউদ্দিন নামে ২২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়।

    রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র আব্দুর রাজ্জাক তথ্যটি নিশ্চিত করেন।

    পুলিশ কর্মকর্তা জানান বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় তিনি মাথায় আঘাত পান।

    তাকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করা হচ্ছে।

  5. সিলেটে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতি

    সিলেট-১ ও সিলেট-২ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিক আহমেদ নূর জানান:

    সকালে উল্লেখযোগ্য পরিমাণে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রের বাইরে ভোটারদের বিশাল লাইন লক্ষ করা যায়।

  6. LIVE: বিবিসি বাংলার ফেসবুক পাতায় প্রতিঘণ্টার আপডেট

  7. চট্টগ্রামে পোলিং এজেন্ট বিষয়ে প্রার্থী-পুলিশের বাকযুদ্ধ

    চট্টগ্রাম থেকে সাংবাদিক রফিকুল বাহার জানাচ্ছেন:

    সকালে ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রামে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

  8. হবিগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীর অভিযোগ

    হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী, রেজা কিবরিয়া বিবিসি’র কাছে অভিযোগ করেছেন, অধিকাংশ কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেয়া হয়েছে এবং যারা আছে তাদেরকে চাপ দেয়া হচ্ছে যে তারা যেন দুপুরের মধ্যেই ফলাফলের কাগজে স্বাক্ষর করে।

  9. বরিশাল-৩ আসনের একটি কেন্দ্র সাময়িক স্থগিত

    বরিশাল-৩ আসন থেকে সাংবাদিক শাহীনা আজমীন জানান:

    বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলার ৫নং চরকালেখান ইউনিয়নের ষোলঘর কেন্দ্র থেকে ২০০ ব্যালট ও সিল ছিনিয়ে নেওয়ার পর সকাল সাড়ে নয় কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার বিজয় চন্দ্র।

    এছাড়াও সেখানে ধানের শীষ, নৌকা এবং লাঙ্গল প্রার্থীর কর্মীদের মধ্যে কয়েক দফা মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

    প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, কিছু উশৃঙ্খল জনতা সাড়ে নয়টায় কেন্দ্রে ঢুকে ব্যালট নিয়ে যায়।

    এরপরে সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করেন তিনি।

    ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানান ওসি জিয়াউল আহসান।

  10. নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ মহাপরিদর্শক, ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে পরিস্থিতি দেখতে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক

  11. ভোট কারচুপির অভিযোগ করলেন রিজভী আহমেদ

    পল্টনের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

    তিনি বলেন, “সারাদেশে অধিকাংশ ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।”

    সারাদেশে ব্যাপক ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

  12. ঢাকার অনেক আসনেই নেই বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট

    ঢাকা-৬ এবং ঢাকা-৮ আসনের ৭টি কেন্দ্র ঘুরে সংবাদদাতা কাদির কল্লোল জানাচ্ছেন:

    পল্টন, মতিঝিল, কমলাপুর, খিলগাও এলাকার কেন্দ্রগুলোর অধিকাংশ কেন্দ্রেই বিএনপির কোনো এজেন্ট নেই।

    বেশ কয়েকজন ভোটার জানিয়েছেন তাদের ভোটার স্লিপ দেয়ার মতো কেউ ছিলেন না কেন্দ্রে, তাই ভোট দিতে পারেন নি তারা

  13. ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুর রহমানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অন্তত ১০ থেকে ১৫টি কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি অথবা পুলিশ ধরে নিয়ে গেছে।

    তবে তাঁর এই অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    সংবাদদাতা আহরার হোসেন ঢাকা-১৫ আসনের ১২টি কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের দেখতে পাননি, কিন্তু তিনি নিশ্চিত করেন যে সেসব কেন্দ্রে সকাল থেকে ধানের শীষের পোলিং এজেন্ট আসেননি।

  14. ব্রেকিং, চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্রের পাশে পুলিশ এবং জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে পুলিশ জানাচ্ছে।

    গত রাত ২টার দিকে বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে, বিবিসি বাংলাকে বলছেন চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইমরান ভুইয়া।

  15. ব্রেকিং, নির্বাচনী সহিংসতায় রাঙ্গামাটিতে একজনের মৃত্যু

    রাঙ্গামাটির কাউখালীতে সকালে কেন্দ্রে যাবার সময় আওয়ামী লীগের একজন পোলিং এজেন্ট হামলার মুখে পড়েন।

    তাঁকে লাঠিসোটা দিয়ে পেটানো হলে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

    খবরটি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির।

  16. ঢাকা-৮ আসনের একটি কেন্দ্র থেকে ছবিগুলো তুলেছেন সংবাদদাতা ফারহানা পারভীন

  17. নৌকা বাদে অন্য প্রতীকের প্রার্থীর এজেন্ট নেই নবাবগঞ্জে

    ঢাকা-১ আসনের একটি ভোটকেন্দ্র ঘুরে দেখে সংবাদদাতা তাফসির বাবু জানান:

    বেশ কয়েকটি কেন্দ্রে নৌকা মার্কার প্রার্থীর এজেন্ট রয়েছে কিন্ত প্রতিদ্বন্দ্বী অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

  18. নড়াইল সদরে অনেক কেন্দ্রেই নেই নৌকা ছাড়া অন্য প্রতীকের প্রার্থীর এজেন্ট

    নড়াইল-২ আসন থেকে সংবাদদাতা রায়হান মাসুদ জানাচ্ছেন:

    বেশিরভাগ কেন্দ্রে নৌকা ছাড়া অন্য প্রতীকের প্রার্থীদের পোলিং এজেন্ট আসেনি।

    তবে ভোটারদের কাছ থেকে সহিংসতা বা ভোটকেন্দ্রে গোলোযোগের কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি।

  19. LIVE: বিবিসি বাংলার ফেসবুক পাতায় প্রতিঘণ্টার আপডেট

  20. মিরপুরের অনেক কেন্দ্রে নেই আওয়ামী লীগ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট

    ঢাকা-১৫ আসনের অন্তত ১০-১২টি ভোটকেন্দ্র ঘুরে সংবাদদাতা আহরার হোসেন জানান:

    প্রায় সবকটি কেন্দ্রেই নৌকা মার্কার প্রার্থীর ব্যাজ পরিহিত এজেন্টদের দেখা গেছে। অন্য কোনো প্রার্থীর এজেন্টদের উপস্থিতি নেই।

    কিন্তু এই কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে ভোটারদের উপস্থিতি রয়েছে এবং ভোটারদের বাধা দেয়া হচ্ছে, এমন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।