আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সংসদ নির্বাচন: যেভাবে হলো ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা
এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরাসরি কভারেজ
জাল ভোটের অভিযোগ
ঢাকা-১২ আসনের একটি ভোটকেন্দ্রে একজন ভোটারের অভিযোগ:
ভোটকেন্দ্রে গিয়ে ঐ ভোটার দেখতে পান যে তার ভোট আগেই দেয়া হয়ে গেছে।
সংবাদদাতা অর্চি অতন্দ্রিলা’কে এই তথ্য জানান তিনি।
ঢাকার একটি ভোট কেন্দ্রের বাইরের চিত্র
ব্রেকিং, বগুড়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত
বগুড়ার কাহালু উপজেলার বাগৈল ভোটকেন্দ্রে দুপুর ১টার দিকে আওয়ামী লীগ সমর্থকদের সাথে বিএনপি-জামাত সমর্থকদের সংঘর্ষ হয়।
এতে ২ জন আহত হওয়ার পর তাদের হাসপাতালে নেয়া হয়, সেখানে একজনের মৃত্যু হয়।
বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূইঞা খবরটি নিশ্চিত করেন।
ব্রেকিং, নরসিংদীতে একজন নিহত
নরসিংদীর শিবপুরের কুন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নরসিংদি-৩) স্বতন্ত্র এবং নৌকার প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষ হয় দুপুর ১২টার দিকে। এই ঘটনায় মিলন মিয়া নামে আওয়ামী লীগের একজন সমর্থক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
খবরটি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট দেয়ার পরে বিভিন্ন রকম ছবি আপলোড করেছেন অনেকেই।
সাধারণ মানুষের ভোট
নির্বাচনের কারণে সারাদেশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন জায়গায় সমস্যার মুখে পড়েছে মানুষ
নড়াইলে ভোট দিয়েছেন মাশরাফি
নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা স্ত্রীকে সাথে নিয়ে ভোট দিতে যান সকালে।
এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন:
বিএনপির এ জেড এম ফরিদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম নাসির উদ্দীন, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো মনিরুল ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের মো মাহবুবুর
পুরান ঢাকায় বন্ধ করে রাখা হয়েছে একটি ভোটকেন্দ্র
ঢাকা-৭ এর একটি ভোটকেন্দ্র থেকে জানাচ্ছেন সংবাদদাতা আবুল কালাম আজাদ:
ফরিদউদ্দিন সিদ্দিকি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভিতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে।
ভোটাররা অভিযোগ করছে, তারা কয়েকঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে এবং তাদের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
খুলনা-৫ ও কুমিল্লা-১১ আসনের প্রার্থীর নির্বাচন বর্জন
খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী গোলাম পারোয়ার, যিনি জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, নির্বাচন বর্জন করেছেন।
তিনি অভিযোগ করেছেন, তার সমর্থকরা ভোট দিতে যেতে পারছে না এবং তাদের বাধা দেয়া হচ্ছে। তাই নির্বাচন বর্জন করেছেন তিনি।
কুমিল্লা-১১ আসন থেকে ধানের শীষ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও নির্বাচন বর্জন করেছেন।
মি. তাহেরের অভিযোগ, জালিয়াতির উদ্দেশ্যে আগের রাতেই অধিকাংশ ভোটকেন্দ্রের ব্যালটবাক্স পূর্ণ করে রাখা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন এবং নাটক মঞ্চস্থ হচ্ছে।
ঢাকা-১০ আসনের ভোটের চিত্র
ঢাকা-১০ আসনের একটি ভোটকেন্দ্রের ছবিগুলো তুলেছেন সংবাদদাতা সায়েদুল ইসলাম
ঢাকার বিভিন্ন এলাকায় ভোটার উপস্থিতি ও ভোটারদের প্রতিক্রিয়া
নবাবগঞ্জ-দোহারে দুপুরের পর কমে গেছে ভোটার উপস্থিতি
ঢাকা-১ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে সংবাদদাতা তাফসির বাবু জানান:
দুপুর ১২টার পর থেকে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম লক্ষ্য করা গেছে।
LIVE: বিবিসি বাংলার ফেসবুক পাতায় প্রতিঘণ্টার আপডেট
পর্যবেক্ষকদের মন্তব্য
ইলেকশন মনিটরিং ফোরামের আটজন পর্যবেক্ষক ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে বিবিসি'র কাছে নিজেদের মতামত জানান। তারা বলেন, কয়েকটি কেন্দ্র ঘুরে দেখে তাদের মনে হয়েছে ঢাকায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
পাবনা-৫ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীর নির্বাচন বর্জন
পাবনা-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল হোসেন নির্বাচন বর্জন করেছেন।
তিনি অভিযোগ করেছেন যে তার পোলিং এজেন্টদের মারধোর করা হয়েছে এবং কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না।
ঐ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের গোলাম হোসেন প্রিন্স।
পুরান ঢাকায় একটি ভোটকেন্দ্র বন্ধ করে দেয়ার অভিযোগ
ঢাকা-৭ আসনের একটি কেন্দ্র থেকে সংবাদদাতা আবুল কালাম আজাদ জানাচ্ছেন:
লালবাগে জামিলা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে কয়েকঘন্টা ধরে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
ভোটকেন্দ্র ভিতর থেকে আটকে দেয়া হয়েছে।
ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষারত অনেকে অসন্তুষ্ট হয়ে ভোট না দিয়েই ফিরে গেছেন।
এখানে বাইরে কোনো পুলিশ বা সশস্ত্র বাহিনীর সদস্য দেখা যায়নি বলে জানান সংবাদদাতা।
ব্রেকিং, ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিহত ১
ব্রাক্ষ্মণবাড়িয়া সদরে নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুষ্কৃতিকারী কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। সেসময় পুলিশ গুলি চালালে একজন নিহত হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর।
তবে তিনি কোন দলের তা নিশ্চিত করে জানা যায়নি।
খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক আজিজুল সঞ্চয়।
ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামের নির্বাচন বর্জন
নির্বাচনে অনিয়ম, জালভোট এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার অভিযোগ তুলে ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম নিজেকে প্রত্যাহার করেছেন।
তিনি অভিযোগ করেন, সেখানকার ১৭৮টি কেন্দ্রের ১৫০টিতেই তাঁর এজেন্টদের ঢুকতে দেয়া হয় নাই।
মিরপুরে ভোটকেেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ
ঢাকা-১৫ আসনের শেওরাপাড়া এলাকার মনিপুর স্কুল কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এর ফলে স্কুলের সামনের রাস্তায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ভোটারদের সারি তৈরি হয়।
বাইরে অপেক্ষা করা ব্যক্তিদের অনেকেই বলছিলেন তারা ৩-৪ ঘন্টা ধরে অপেক্ষা করছেন কিন্তু ভোটকেন্দ্রে ঢুকতে পারেননি।
ভোটকেন্দ্রের ভেতরে সংবাদদাতা আহরার হোসেন প্রবেশ করতে গেলে তিনিও বাধা পান।