কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ, সেনা মোতায়েন, ইন্টারনেট বন্ধ-আরো যা যা ঘটেছে

বাংলাদেশে গত শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। অফিস-আদালত খুললেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মঙ্গলবার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। টানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার পর আবার সীমিত আকারে চালু হয়েছে। গত এক সপ্তাহের সহিংসতায় নিহত হয়েছে দেড়শোর বেশি মানুষ, গ্রেফতার হয়েছে সহস্রাধিক। চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সার সংক্ষেপ

  • বুধবার এবং বৃহস্পতিবারও বাংলাদেশে কারফিউ বহাল থাকবে এবং এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার
  • সুপ্রিম কোর্টের দেয়া রায়ের আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
  • আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে পুলিশের তথ্যে জানা যাচ্ছে
  • কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় মঙ্গলবার পর্যন্ত অন্তত দেড়শো মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে বিবিসি, আহত হয়েছে কয়েক হাজার মানুষ
  • টানা পাঁচদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আবার চালু হয়েছে
  • কারফিউ প্রত্যাহার, নিরাপত্তার ব্যবস্থাসহ সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সরাসরি কভারেজ

  1. রুহুল কবির রিজভী আটকের দাবি

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রেস ক্লাবের ভেতর থেকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে দলটি।

    দলটির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার বিবিসিকে একথা জানিয়েছেন।

    তবে বিবিসি ঢাকা মহানগর পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

    শুক্রবার বিকেল তিনটায় প্রেসক্লাবে বিএনপির জাতীয় ঐক্য সমাবেশ এবং মিছিল করার কর্মসূচি ছিল। ওই কর্মসূচি এখন হবে কী না তা নিশ্চিত করে বলতে পারেননি বিএনপি নেতৃবৃন্দ।

  2. ঢাকায় সব ধরণের সভাসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি

    ঢাকা মহানগর এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে কিছু সংখ্যক বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে ঢুকে পড়ছে এবং জনগণের জান-মালের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তাই জনগণের জান-মাল রক্ষার্থে ঢাকায় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করার কথা জানিয়েছেন তিনি।

    BBC
  3. নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

    সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন স্থানীয় সংবাদকর্মীরা। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবারও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  4. বরিশাল থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

    বরিশাল থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ, মহাসড়ক বন্ধ করা হয়নি, দূরপাল্লার বাস চলছে না। এদিকে বরিশালের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। বেলা ১২টা পর্যন্ত কোনও সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুর তিনটায় বিএনবি রোডে কর্মসূচি রেখেছে বিএনপি। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভেতরে বেলা তিনটায় সমাবেশ করার কথা জানিয়েছে।

  5. চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ

    চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করলেও বেলা ১২টা পর্যন্ত কোন সংঘাত সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রাত আটটার পর জেলার বাবুরহাট, মিশন রোড, বাসস্ট্যান্ড, কালীবাড়ি এলাকায় ব্যাপক সংঘাত, সংঘর্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত। আন্দোলনকারীরা রাতে সড়কে অবস্থান নিলে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তারা লাঠিসোটা নিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে। এরপর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  6. বিচ্ছিন্ন সংঘর্ষের খবর আসছে

    শুক্রবার সকাল থেকে গুলশান, রামপুরা, যাত্রাবাড়ী, বসিলাসহ ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে তে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

  7. বিটিভি ভবন এখন বিজিবির নিয়ন্ত্রণে

    বিটিভির সিনিয়র রিপোর্টার দিনার সুলতানা বিবিসিকে বলেছেন, বিটিভি ভবন শুক্রবার সকাল পর্যন্ত বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। টেলিভিশনটির সম্প্রচার এখনো চালু হয়নি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের ভেতরে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেবার পর গত ১২ ঘণ্টার বেশি সময় যাবত বন্ধ রয়েছে এর সম্প্রচার। তিনি বলেছেন, বিটিভি ভবনের নিউজরুম, স্টুডিও এবং ক্যান্টিনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এখন সরঞ্জাম এবং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালুর কথা বলেছেন কর্তৃপক্ষ।

  8. শুক্রবারও ‘কমপ্লিট শাটডাউন’ চলবে

    কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার দিনভর সংঘাত সহিংসতার পর শুক্রবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘোষণা দেন সংগঠনটির সহ সমন্বয়ক আবদুল্লাহ সালেহীন অয়ন। বিবৃতিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবারের কর্মসূচি পালন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, তাদের স্মরণে দেশের সব মসজিদে জুমার নামাজের পর গায়েবানা জানাজা এবং নামাজের পর শোক মিছিল করার ঘোষণা দেয়া হয়। সেইসাথে রাজপথ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অপসারণ এবং ইন্টারনেট সংযোগ চালু করার দাবি জানানো হয়েছে ওই বিবৃতিতে।

  9. বিবিসি বাংলার লাইভে স্বাগতম

    বাংলাদেশে বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক হতাহতের পর প্রতিবাদে শুক্রবারও 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করেছে আন্দোলনকারীরা। সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সংঘর্ষের খবরাখবর পাওয়া যাচ্ছে। বিবিসি বাংলার লাইভ পাতায় থাকছে সার্বক্ষণিক খবরাখবর।