কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ, সেনা মোতায়েন, ইন্টারনেট বন্ধ-আরো যা যা ঘটেছে

বাংলাদেশে গত শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। অফিস-আদালত খুললেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মঙ্গলবার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। টানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার পর আবার সীমিত আকারে চালু হয়েছে। গত এক সপ্তাহের সহিংসতায় নিহত হয়েছে দেড়শোর বেশি মানুষ, গ্রেফতার হয়েছে সহস্রাধিক। চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সার সংক্ষেপ

  • বুধবার এবং বৃহস্পতিবারও বাংলাদেশে কারফিউ বহাল থাকবে এবং এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার
  • সুপ্রিম কোর্টের দেয়া রায়ের আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
  • আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে পুলিশের তথ্যে জানা যাচ্ছে
  • কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় মঙ্গলবার পর্যন্ত অন্তত দেড়শো মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে বিবিসি, আহত হয়েছে কয়েক হাজার মানুষ
  • টানা পাঁচদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আবার চালু হয়েছে
  • কারফিউ প্রত্যাহার, নিরাপত্তার ব্যবস্থাসহ সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সরাসরি কভারেজ

  1. কোটা ইস্যুতে সিনিয়র আইনজীবীদের বক্তব্য শুনছে আদালত

    কোটা ইস্যুতে পাঁচজন সিনিয়র আইনজীবীর বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

    এরা হলেন: জেড আই খান পান্না, তানিয়া আমীর, এহসানুল করিম, তানজীব উল আলম এবং সারাহ হোসেন।

    তার প্রত্যেকে পাঁচ মিনিট করে সময় পাবেন বলে জানিয়েছে আদালত।

  2. কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধিতা রয়েছে: এটর্নি জেনারেল

    কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধিতা রয়েছে বলে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এম আমিন উদ্দীন।

    প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

    কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

    এদিকে শুনানি উপলক্ষে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

    তিন প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি সেখানে সেনা সদস্যরাও পাহারা দিচ্ছেন।

  3. আপিল বিভাগে শুনানি চলছে

    বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে।প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে রোববার সকাল সোয়া দশটার দিকে শুনানি শুরু করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

    এখন বাদী এবং বিবাদী উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রাখা হবে কী-না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে আপিল বিভাগ।

    আগামী সাতই অগাস্টে এই শুনানি হওয়ার কথা ছিল।কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সহিংস পরিস্থিতি বিবেচনায় শুনানির তারিখ রোববার এগিয়ে আনে আদালত।

    উল্লেখ্য যে, ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬ শতাংশ নিয়োগ দেওয়া হতো কোটার ভিত্তিতে।

    পরে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন বিক্ষোভের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

    কিন্তু সংক্ষুব্ধরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করলে চলতি বছরের পাঁচই জুন কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

    মূলতঃ এঘটনার পরদিন থেকে আবারও আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১০ ইজুলাই হাইকোর্টের রায়ের উপর চারসপ্তাহের স্থিতাবস্থা জারি করে আগামী সাতই অগাস্ট শুনানির তারিখ ধার্য করে আপিল বিভাগ।

    কিন্তু ততোক্ষণে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে এবং সহিংসতা শুরু হয়।

    ছাত্রলীগ-যুবলীগও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ইতোমধ্যেই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

    এমন পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে।

    ঢাকায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা বাতিলের প্রশ্নে শুনানি চলছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা বাতিলের প্রশ্নে শুনানি চলছে
  4. কোটা নিয়ে ঢাকায় আপিল বিভাগে শুনানি শুরু

    কড়া নিরাপত্তার মধ্যে ঢাকায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা সংস্কারের প্রশ্নে সরকারের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। গত কয়েকদিনের ভয়ানক সহিংসতার পর অনেকের চোখ আজ আদালতের দিকে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপিল বিভাগে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষেই বক্তব্য তুলে ধরবেন।

  5. কোটা ইস্যুতে রোববার সুপ্রিম কোর্টে শুনানি, সমাধান আসবে?

    বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিষয়টি নিয়ে দেশজুড়ে ভয়াবহ সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কার্যত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই। অনেকেই আশা করছেন এর মাধ্যমেই সহিংসতা ক্রমশ ম্রিয়মাণ হয়ে আসবে।

    রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

    সরকারের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে আপিল বিভাগের কাছে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষেই তাদের বক্তব্য তুলে ধরবেন।

    যদিও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তিন জন আইনমন্ত্রীসহ তিন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি জানিয়ে এসেছেন। কিন্তু সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের কথাও জানা যাচ্ছে। আগে শুধু কোটা সংস্কারে বিষয়ে তাদের দাবি থাকলেও তার সঙ্গে এখন আরো বেশ কিছু দাবি যোগ হয়েছে।

    সে কারণে আদালত শিক্ষার্থীদের দাবির পক্ষে রায় দিলেও তাতে পরিস্থিতির কতটা উন্নতি হবে বা সহিংসতার আশঙ্কা কাটবে কি না তা এখনো অনেকের কাছেই পরিষ্কার নয়।

    অ্যাটর্নি জেনারেল এ এম এম আমিন উদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করবেন।

    প্রসঙ্গত, গত পাঁচই জুন হাইকোর্ট কোটার বিষয়ে সরকারের ২০১৮সালের জারি করা পরিপত্র বাতিল করে দিয়েছিলো। সে বছর তীব্র আন্দোলনের মুখে সরকার চাকরিতে কোট বাতিল করে ওই পরিপত্র জারি করেছিলো।

    পরে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে রিট করা হলে হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করলে আবারো ছাত্র আন্দোলনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে সেটি সারা দেশে ছড়িয়ে যায়।

    এ আন্দোলনকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে আজ শনিবার পর্যন্ত সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সারাদেশে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও আছে।

    সহিংসতার সময়ে ঢাকা ও ঢাকার বাইরে বহু ভবন ও রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ঢাকায় বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আক্রমণ করা হয়েছে।

    আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, এখন আর শুধুমাত্র শিক্ষার্থীরা আন্দোলনে জড়িত নেই, একটা গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে আন্দোলনকে ব্যবহার করছে।

    ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেছে সরকার, যা রবিবার বিকেল তিনটা পর্যন্ত বলবৎ থাকার ঘোষণা দেয়া হয়েছে।

    এর মধ্যেই শুনানির নির্ধারিত তারিখ থেকে এগিয়ে এনে রবিবার সকাল দশটায় আপিল বিভাগে কোটার বিষয়টি নিয়ে শুনানির সিদ্ধান্ত নিয়েছে আদালত।

    এর আগে রবিবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর তীব্র আকার ধারণ করা আন্দোলনের রাশ টানতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে আপিল বিভাগে শিক্ষার্থীদের দাবি পক্ষেই সরকার পক্ষ অবস্থান নেবে।

    বুধবার জাতির উদ্দেশ্যে দেয়াভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না বলেই তিনি মনে করেন।

    বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, সাতই অগাস্ট যে শুনানির কথা ছিলো, প্রধানমন্ত্রী সেটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন এবং তিনি তা অ্যাটর্নি জেনারেলকে বলেছেন।

    “আমরা বিশদভাবে পর্যালোচনা করেছি কোমলমতি শিক্ষার্থীদের দাবিতে সরকার রাজি হয়েছে। আমার মনে হয় তাদের আর আন্দোলনের প্রয়োজন নেই। তারা যখনই আলোচনায় বসতে চায়, আমরা বসতে রাজি,” বলছিলেন মি. হক।

    ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জনজীবন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। রবিবার সর্বোচ্চ আদালতের নিদের্শনা বিষয়টির মীমাংসা হবে।

    সরকারপক্ষ আশা করছে আদালতে শিক্ষার্থীদের দাবি পূরণ হলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। যদিও এ দাবি পূরণ হলেও বাকী দাবিগুলোর বিষয়ে আন্দোলনকারীদের অবস্থান কেমন হয় তা নিয়ে কিছুটা অনিশ্চয়তাও আছে।

    ওদিকে বিরোধী দল বিএনপি চাইছে যে এ আন্দোলন অব্যাহত থাকুক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আন্দোলনকে বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

  6. কারফিউয়ের সময়সীমা আরো বাড়ল

    বাংলাদেশে শুক্রবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়সীমা আরো বাড়ানো হয়েছে।

    সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ রয়েছে। তবে সেই সময় আরো বাড়ানো হয়েছে।

    শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার বিকাল তিনটা পর্যন্ত কারফিউ থাকবে।

    তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টার বিরতি থাকবে।

    এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবার কারফিউ চলবে।

    এই কারফিউয়ের মধ্যেই সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ওই শুনানি হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের সেই রায়ের পর থেকেই চলমান কোটা সংস্কার আন্দোলন শুরু হয়।

    এদিকে শুক্রবার জারি করা কারফিউয়ের মধ্যেও ঢাকায় সহিংসতায় ১০ জনের মৃত্যু হয়েছে।

  7. কারফিউ প্রত্যাহার দাবি বিএনপির, আমির খসরু আটক

    সারাদেশে চলমান কারফিউ প্রত্যাহার ও সেনাবাহিনীকে বিতর্কিত না করার দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি।

    দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন বলে দলীয় চেয়ারপার্সনের প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে।

    বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে কোটা সংস্কার ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

    ওদিকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানীর বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দলীয় চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

    এর আগে শনিবার জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ও শুক্রবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছিলো পুলিশ । আজ তাদের আদালতের উপস্থাপনের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ডে দিয়েছে তাদের।

  8. কারফিউয়ের মধ্যেও শনিবার ঢাকায় নিহত হয়েছেন ১০ জন

    কারফিউ ও সেনা টহল চলার মধ্যেও শনিবার ঢাকায় সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯১ জন। এদের মধ্যে পুলিশের দুইজন সদস্য রয়েছে।

    এদের মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগেই আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাও এখানেই ঘটেছে।

    এছাড়া মিরপুরে ও আজিমপুরে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    এর আগে সাভারের সংবাদদাতাদের কাছ থেকে বিবিসি জানতে পেরেছিল যে, সেখানে দুপুরের সহিংসতায় একজনের মৃুত্যু হয়েছে।

    কারফিউয়ের প্রথম দিনে যাত্রাবাড়ী ছাড়াও, রামপুরা-বনশ্রী, বাড্ডা, মিরপুর, আজিমপুরে সহিংসতার ঘটনা ঘটেছে।

    দুপুরের দিকে বিবিসির সংবাদদাতারা ঢাকার বাড্ডা ও সায়েদাবাদে দিয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ দেখতে পেয়েছেন। সেই সময় পুলিশকে কাঁদানে গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করতে দেখা গেছে। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

    ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এসব হাসপাতালে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের অনেকের শরীরে গুলি ও সংঘর্ষের আঘাতের চিহ্ন রয়েছে।

    মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে সরকার। সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাহী আদেশে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

  9. কারফিউয়ের প্রথমদিনের কিছু ছবি

    আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ঢাকার বাড্ডা এলাকায় ওপরে হাত তুলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক চলাফেরা
    ছবির ক্যাপশান, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ঢাকার বাড্ডা এলাকায় ওপরে হাত তুলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক চলাফেরা
    রামপুরা বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
    ছবির ক্যাপশান, রামপুরা বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
    ঢাকার একটি সড়কে সেনাবাহিনীর সদস্যদের চেকপোস্ট
    ছবির ক্যাপশান, ঢাকার একটি সড়কে সেনাবাহিনীর সদস্যদের চেকপোস্ট
    শনিবার রামপুরার একটি সড়কের চিত্র
    ছবির ক্যাপশান, শনিবার রামপুরার একটি সড়কের চিত্র
  10. কারফিউ দিনে ঢাকায় যে চিত্র দেখা গেছে

    ঢাকার একটি সড়কে সেনাবাহিনীর চেকপোস্ট
    ছবির ক্যাপশান, ঢাকার একটি সড়কে সেনাবাহিনীর চেকপোস্ট

    কারফিউর প্রথম দিন বিকেলে ঢাকা শহরের ভেতরের বেশিরভাগ এলাকা শান্ত ও থমথমে থাকলেও কোন কোন এলাকায় সহিংসতার ঘটনাও ঘটেছে।

    বিবিসির সংবাদদাতারা বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা শহরের অনেক এলাকা ঘুরে দেখেছেন। এ সময় সংবাদাদাতার গুলশান, তেজগাঁও, কারওয়ানবাজার, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, কমলাপুর এলাকায় গিয়েছিলেন। এসব জায়গায় রাস্তায় কোথাও পুলিশ কিংবা সেনাবাহিনীর টহল দেখা যায়নি।

    সায়েদাবাদের পাশে মানিকনগর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশকে টিয়ারশেল ছুঁড়তে দেখা গেছে। পাশাপাশি সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে প্রকম্পিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মানিকনগর, যাত্রাবাড়ি, রায়েরবাগ এলাকার বিভিন্ন স্থানে এই সংঘাত চলেছে সকাল থেকে।

    মানিকনগর থেকে বিবিসির সংবাদদাতারা মুগদা, খিলগাঁও মালিবাগ, মগবাজার, ফার্মগেট হয়ে বিজয় সরণিতে আসেন। সেখানে সেনাবাহিনীর একটি চেকপোস্ট অতিক্রম করতে হয়। এ সময় দেখা যায়, বিজয় সরণি চার রাস্তার মোড় থেকে গণভবণের দিকে রাস্তা বন্ধ রেখেছে সেনা সদস্যরা। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট অভিমুখে রাস্তাটিও বন্ধ রাখা হয়েছে।

    বিজয় সরণিতে যেসব গাড়ির যাত্রীরা সেনাবাহিনীর চেকপোস্ট পার হচ্ছিল তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন সেনা সদস্যরা। কারো কারো গাড়িও তল্লাশি করা হয়েছে।

    গাড়ি ঘুরিয়ে বিজয় সরনি ফ্লাইওভার দিয়ে তেজগাঁও হয়ে মহাখালি পৌঁছান বিবিসি সংবাদদাতারা।

    সেখানে সেনাবাহিনীর একটি চেকপোস্ট চোখে পড়ে। সেখানে পরিচয় দিয়ে চেকপোস্ট পার হতে হয়েছে। এরপর কাকলী, বনানী, আর্মি স্টেডিয়াম, বিমানবন্দর হয়ে টঙ্গি পর্যন্ত যান সংবাদদাতারা। যাওয়ার পথে উত্তরা এলাকার আজমপুরে আরেকটি সেনাবাহিনীর তল্লাশি চৌকি পার হতে হয়।

    তারা যেখানে তল্লাশি চৌকি স্থাপন করেছেন ঠিক তার কয়েকশ গজের মধ্যে একটি তেলের ট্যাংকার এবং একটি বাস দগ্ধ অবস্থায় দেখা যায়। এছাড়া রাস্তার পাশে বিভিন্ন ভবনের কাঁচ ভাঙচুর অবস্থায় ছিল। রাস্তায় ছিল ছাড়ানো ছিটানো শতশত ইটের টুকরো। স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব ছিল শুক্রবারের সহিংসতার ক্ষত।

    আজমপুর পার হয়ে বিআরটি ফ্লাইভার হয়ে টঙ্গি পৌঁছান বিবিসি সংবাদদাতারা। ফ্লাইওভারে ছিল বৃহস্পতিবারের সহিংসতার স্পষ্ট চিত্র। সেখানে দেখা গেল, বিআরটি প্রকল্পের জন্য আনা বহু এসকেলেটর (চলন্ত সিঁড়ি) আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল। বিআরটি প্রকল্পের স্থাপনের জন্য এসব এসকেলেটর সেখানে এনে রাখা হয়েছিল।

    কিছু নিম্ন আয়ের মানুষকে এসব এসকেলটর থেকে স্টিলের পাত ও বিভিন্ন যন্ত্রপাতি খুলে নিতে দেখা গেল।

    মানিকনগর থেকে যাত্রাবাড়ি – এই দীর্ঘ রাস্তা ঘুরে কোথাও সেনা সদস্যদের টহল চোখে পড়েনি। যেটি দেখা গেল তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি স্থাপন করেছেন। রাস্তায় নির্বিঘ্নে রিকশা চলাচল করতে দেখা গেছে, যদিও যাত্রী ছিল না। এছাড়া শহরের বিভিন্ন অলিগলির মুখে জটলা হয়ে মানুষজনকে বসে থাকতে দেখা গেছে।

    শনিবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরের একটি সড়কের চিত্র
    ছবির ক্যাপশান, শনিবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরের একটি সড়কের চিত্র
  11. রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা

    দেশের বর্তমান পরিস্থিতির কারণে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    এ নিয়ে শনিবার (২০ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এ সময়, সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

    তবে জরুরি পরিষেবা যেমন – বিদ্যুৎ পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং কর্মীগণ এর আওতাবহির্ভূত থাকবে।

    এছাড়াও হাসপাতাল, চিকিৎসা কার্যক্রম এবং জরুরি কাজে নিয়োজিত অফিসমূহও এই ঘোষণার আওতাবহির্ভূত।

    এর বাইরে ব্যাংকগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে।

    এর আগে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ঘোষণা দিয়েছে যে, রোববার তাদের সব কারখানা বন্ধ থাকবে।

    গত কয়েকদিন ধরে চলা সহিংস পরিস্থিতি সামলাতে দেশে জারি করা কারফিউ রবিবার সকাল ১০টা পর্যন্ত বলবৎ থাকবে বলে সরকারি ঘোষণা রয়েছে।

  12. কখন ফিরবে ইন্টারনেট সংযোগ - কেউ জানে না

    ইন্টারনেট সংযোগ থেকে বাংলাদেশ ৪৫ ঘণ্টার বেশি সময় বিচ্ছিন্ন থাকলেও কখন পুনরায় এই সেবা পাওয়া যাবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না।

    দেশটিতে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

    ঢাকার মহাখালীর বিটিআরসি ভবনে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ ও মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

    চেয়ারম্যানের বরাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নূর এ খাজা জানান, ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। এখন পর্যন্ত কাজের বেশ অগ্রগতি হয়েছে।

    কর্তৃপক্ষ সঞ্চালন লাইনের কথা বললেও মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে।

    কবে নাগাদ ইন্টারনেট সংযোগ ফিরবে সে বিষয়ে কোন স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।

  13. শনিবার সহিংসতায় মৃত্যু হয়েছে আরো অন্তত সাত জনের

    কোটা আন্দোলনে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হলেও এর মধ্যেও সহিংসতার ঘটনা ঘটেছে।

    কারফিউয়ের প্রথমদিনে ঢাকাতেই অন্তত সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, শনিবার সেখানে সাতজনের মরদেহ পৌঁছৈছে। এর মধ্যে পাঁচজনের মরদেহ এসেছে যাত্রাবাড়ী এলাকা থেকে, যাদের মধ্যে একজন পুলিশ সদস্যের মৃতদেহও রয়েছে। এদের সবাই সহিংসতায় মারা গেছেন।

    অন্যদিকে শনিবার দুপুরে সাভারে সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে।

    শনিবার কারফিউ এর মধ্যেই যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

    এদিকে শনিবার দুপুরে সাভারে প্রায় দুই ঘণ্টা ধরে সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নিহত আর অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    সকালে বিবিবির সংবাদদাতা রামপুরা, বনশ্রী এলাকায়ও পুলিশকে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে দেখেছেন।

    এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

    রামপুরা-বনশ্রী এলাকায় পুলিশের সতর্ক প্রস্তুতি
    ছবির ক্যাপশান, রামপুরা-বনশ্রী এলাকায় পুলিশের সতর্ক প্রস্তুতি
  14. হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল

    কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের দেয়া রায় ‘আইনসম্মত না হওয়ায়’ তা বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন মানিক বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

    সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি রোববার সকাল ১০টায় হওয়ার কথা রয়েছে।

    সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল, একটি রিটের শুনানি শেষে গত ৫ই জুন তা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

    তবে এরপর থেকে ওই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত কয়েকদিন ধরে সংঘর্ষ, সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে।

    রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য এর আগে ৮ই অগাস্ট তারিখ নির্ধারিত থাকলেও সরকারের আবেদনে সেটি এগিয়ে আনা হয়েছে বলে আইনমন্ত্রী জানিয়েছিলেন।

  15. কারফিউ চলছে, শনিবার ঢাকার কিছু চিত্র

    ঢাকার মৎস্য ভবন এলাকায় সেনাবাহিনীর চেকপোস্ট
    ছবির ক্যাপশান, ঢাকার মৎস্য ভবন এলাকায় সেনাবাহিনীর চেকপোস্ট
    বাড্ডায় পুলিশের সামনে হাত তুলে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা
    ছবির ক্যাপশান, বাড্ডায় কারফিউ চলার সময় পুলিশের সামনে হাত তুলে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা
    বাড্ডা এলাকায় রাস্তায় নানারকম প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বিক্ষোভকারীরা। শনিবার দুপুর পর্যন্ত সেসব এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলেছে।
    ছবির ক্যাপশান, বাড্ডা এলাকায় রাস্তায় নানারকম প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বিক্ষোভকারীরা। শনিবার দুপুর পর্যন্ত সেসব এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলেছে।
    শুক্রবারের সহিংসতায় মোহাম্মদপুরে পুড়িয়ে দেয়া একটি বাস। শনিবারের ছবি
    ছবির ক্যাপশান, শুক্রবারের সহিংসতায় মোহাম্মদপুরে পুড়িয়ে দেয়া একটি বাস। শনিবারের ছবি
  16. নাহিদ ইসলাম এখন কোথায়?

    কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হওয়ার পর এখন পর্যন্ত সে কোথায় আছে সেটি নিশ্চিত হওয়া যায় নি।

    পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত জানা যায়নি কোথায় আছে নাহিদ ইসলাম।

    শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার তার এক বন্ধুর বাসায় ছিলেন।

    নাম প্রকাশ না করার শর্তে নাহিদের ওই বন্ধু বিবিসি বাংলাকে বলেন, “রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আসলে নাহিদ স্বেচ্ছায় বাসার নিচে নেমে আসে।‘’ তখন সেখানে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা ছিল বলেও জানান তিনি।

    বিষয়টি তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলামের পরিবারকে তার ওই বন্ধু জানান। পরে পরিবারের পক্ষ থেকে কোথায় আছে সেটি জানার চেষ্টা করা হয়।

    মি. ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “আমরা জানার পর থেকে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু সে কোথায় আছে সেটি আমরা এখনো জানতে পারি নি”।

    নাহিদ ইসলাম কোথায় আছে সে সম্পর্কে জানেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশও।

    ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন বিবিসি জানান, নাহিদ ইসলাম আটকের বিষয়ে তাদের কিছু জানা নেই।

  17. সাভারে সংঘর্ষ, একজনের মৃত্যুর খবর

    শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা, এই সময়ের মাঝে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

    ওই এলাকার রাজ্জাক প্লাজা থেকে রেডিও কলোনি'র মাঝে দেড় ঘণ্টা যাবৎ চলমান এই সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক শামসুজ্জামান শামস। এতে আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে স্থানীয় সাংবাদিক শামসুজ্জামান শামস বিবিসিকে জানান, আহত একজনকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও অনেক আহতকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

  18. নতুনবাজার-বাড্ডাসহ প্রগতি সরণিজুড়ে যে চিত্র দেখা গেল

    গুদারাঘাট এলাকায় শনিবার সকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ
    ছবির ক্যাপশান, গুদারাঘাট এলাকায় শনিবার সকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

    রাজধানীর প্রগতি সরণিজুড়ে শনিবারও থমথমে পরিস্থিতি দেখা গেছে। বেলা গড়ালেও নাগরিক চলাচলে স্বাভাবিকতা দেখা যায়নি। বরং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

    নতুনবাজার-বাড্ডা-রামপুরার বিভিন্ন গলিতে মানুষজনের জটলা দেখা গেছে। কিন্তু তাদেরকে মূল সড়কে অবস্থান নিতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। অনেক স্থানে গলিতে গলিতে ঢুকে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে।

    বেলা ১২টার দিকে রাজধানীর গুলশান-বাড্ডা লিঙ্ক রোডের বিভিন্ন গলিতে ঢুকে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন বিবিসির সংবাদদাতা। এ সময় সেখানে সেনাবাহিনীর অবস্থান দেখা যায়নি। মূল সড়ক ধরে বিচ্ছিন্নভাবে হেঁটে যাওয়া বেশ কয়েকজন পথচারীকে লাঠিচার্জ করে সরিয়ে দিতে দেখা গেছে।

    বেলা ১টার দিকে রাজধানীর নতুনবাজারেও কাছাকাছি চিত্র দেখা গেছে। সেখানে মূল সড়ক ধরে কেউ চলাচলের চেষ্টা করলে তাদের সরিয়ে দিতে দেখা গেছে।

    আমেরিকান অ্যাম্বেসির দুই প্রান্তে সেনা সদস্যদের অবস্থান দেখা গেছে। তবে নির্দিষ্ট অবস্থানে থেকেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন তারা।

    রামপুরার কিছু স্থানে মূল সড়কেও অবস্থান নেয়ার চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, সড়ক পরিষ্কার করে করে আগাতে হচ্ছে। রাস্তা চলাচলের অনুকূলে হলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া সহজ হতো।

    স্থানে স্থানে গিয়ে আন্দোলন দমনে পুলিশই সক্রিয় ভূমিকা পালন করছেন বলে দাবি করেন তিনি।

    জরুরি চিকিৎসার প্রয়োজনে বের হওয়া একজন ব্যক্তি বিবিসি বাংলাকে জানান, অবস্থা কবে স্বাভাবিক হবে জানি না।

    রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত পায়ে হেঁটে আসার পথে স্থানে স্থানে বাধাপ্রাপ্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মেডিকেল রিপোর্ট দেখিয়ে ছাড়া পেয়েছি।

    গোটা প্রগতি সরণিজুড়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন। জায়গায় জায়গায় পড়ে ছিল ভস্মীভূত যানবাহন, ধাতব সড়ক বিভাজক, বুলেটের খোসা ও ইটের টুকরা। বিবিসি বাংলার সংবাদদাতা যখন সেই স্থান ত্যাগ করছিলেন তখন সড়কের পাশে বসে মধ্যাহ্নভোজের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

  19. বিএনপি নেতা নজরুল ইসলাম খান আটক

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তার বনানী ডিওএইচএস এর বাসা থেকে শনিবার সকালে গোয়েন্দা পুলিশ আটক করেছে।

    বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

    দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বলে জানিয়েছেন চেয়ারপার্সনের প্রেস উইং এর কর্মকর্তা শায়রুল কবীর খান।

  20. প্রধানমন্ত্রীর দুই বিদেশ সফর বাতিল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব ইমরুল কায়েস।

    তিনি জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে উদ্ভূত বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন।

    প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৩শে জুলাই স্পেনে এবং সেখান থেকে ২৪ থেকে ২৭শে জুলাই ব্রাজিলে সফরে থাকার কথা ছিল।