কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ, সেনা মোতায়েন, ইন্টারনেট বন্ধ-আরো যা যা ঘটেছে

বাংলাদেশে গত শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। অফিস-আদালত খুললেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মঙ্গলবার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। টানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার পর আবার সীমিত আকারে চালু হয়েছে। গত এক সপ্তাহের সহিংসতায় নিহত হয়েছে দেড়শোর বেশি মানুষ, গ্রেফতার হয়েছে সহস্রাধিক। চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সার সংক্ষেপ

  • বুধবার এবং বৃহস্পতিবারও বাংলাদেশে কারফিউ বহাল থাকবে এবং এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার
  • সুপ্রিম কোর্টের দেয়া রায়ের আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
  • আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে পুলিশের তথ্যে জানা যাচ্ছে
  • কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় মঙ্গলবার পর্যন্ত অন্তত দেড়শো মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে বিবিসি, আহত হয়েছে কয়েক হাজার মানুষ
  • টানা পাঁচদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আবার চালু হয়েছে
  • কারফিউ প্রত্যাহার, নিরাপত্তার ব্যবস্থাসহ সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ ও আদালতের রায়সহ সবশেষ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য:

    • সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া আদেশ রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ
    • আপিল বিভাগ মেধার জন্য ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখার নির্দেশনা দিয়েছেন
    • সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সরকার। তবে, কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানিয়েছেন, শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে
    • কোটা আন্দোলন নিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অন্তত ১৩৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ
    • শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া কারফিউ অনির্দিষ্টকালের জন্য চলছে। ফলে ব্যবসা-বাণিজ্য, যানচলাচল থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে
    • বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও বিজিব রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে
    • কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে
    • বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। কবে নাগাদ ইন্টারনেট আবার চালু হবে, তা জানা যাচ্ছে না
    • বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
  2. রোববারের সহিংসতায় পাঁচ মরদেহ ঢাকা মেডিকেলে

    কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যে রোববারের সহিংসতায় পাঁচজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

    এ নিয়ে এ নিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় গত কয়েকদিনে সারা দেশে অন্তত ১১৮ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

    রোববার ঢাকার যাত্রাবাড়ী, দনিয়া এলাকা থেকে এই পাঁচজনের মৃতদেহ এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

    এছাড়া আরোও একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে নিহতের স্বজনরা তা নিয়ে গেছে বলে জানা গেছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানায়, নিহত এই পাঁচ জনের মধ্যে কেউ ফুটপাতের হকার, ফল ব্যবসায়ী এবং পথচারীও রয়েছে।

    নিহত এই পাঁচ জনের সবাই মারা গেছে রোববার রাজধানীর শনির আখড়া ও যাত্রাবাড়িতে ঘটে যাওয়া সহিংসতায়।

    মেডিকেল সূত্র বলছে, হাসপাতালে যাদের মরদেহ রয়েছে তাদের সবার শরীরেই গুলির চিহ্ন পাওয়া গেছে।

    রোববার বিক্ষোভ নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও বিজিবি ওই সব এলাকায় অভিযান চালায়।

    যাত্রাবাড়ী এলাকার একজন স্থানীয় বাসিন্দা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোববার সারাদিন ধরে এই এলাকায় সংঘর্ষ ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন গুলি ছুড়েছে, বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়েছে ও অনেক দোকানপাট ভাঙ্গচুর করেছে। অনেক স্থানে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

    গতকাল শনিবারও এই এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। সেদিন এই এলাকাতেই অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যাদের মধ্যে পুলিশের দুইজন সদস্য রয়েছে।

    ঢাকায় কারফিউর মধ্যেও রোববার সহিংসতার খবর পাওয়া গেছে বসুন্ধরা আবাসিক এলাকা, রামপুরাসহ কয়েকটি জায়গায়।

  3. আমির খসরু মাহমুদ ও নুরুল হক রিমান্ডে

    বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নিপুণ রায় ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

    সেতু ভবন ভাঙ্গচুর মামলা, রামপুরা টেলিভিশনে আগুন দেয়ার মামলা, সেতু ভবন ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিন্ন ভিন্ন মামলায় তাদের রিমান্ডে নেয়া হয়েছে।

    আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

    এছাড়া আরো কয়েকজন বিএনপি নেতাকে এসব মামলায় রিমান্ডে নেয়া হয়েছে বলে জানা গেছে।

  4. 'চোখ বেঁধে, হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়'- নাহিদ ইসলাম

    চলমান কোটা সংস্কার আন্দোলের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে তুলে নিয়ে গিয়ে ও শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।

    সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, "ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায়। পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এখনো আমার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেধে আছে"।

    তিনি বলেন, আমার ধারণা রাষ্ট্রীয় কোন বাহিনী আমাকে তুলে নিয়েছিল। তুলে নেয়ার পর একটি প্রাইভেট কার বা মাইক্রোতে ওঠানো হয়। তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়"।

    “কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নেওয়া হয়। আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কোন স্মৃতি নাই।”

    রোববার ভোর চারটা থেকে পাঁচটার দিকে ঢাকার পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফেরে বলে বিবিসি বাংলাকে জানান তিনি।

    মি. ইসলাম বলেন, "এই আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি এমন কোন বিষয় থেকে হয়তো আমাকে তুলে নেয়া হয়েছিল। হয়তো নানামূখী চাপের কারণে আমাকে ছেড়ে দেয়া হয়েছে”।

    কারফিউর মধ্যে কর্মসূচী থাকবে কী না সেটি এখনো সিদ্ধান্ত হয়নি বলেও বিবিসি বাংলাকে জানান তিনি।

  5. রায়ে স্বাক্ষর করেছেন সাত বিচারপতি

    কোটা পুর্নবহাল করে হাইকোর্টের রায় বাতিল করে রোববার যে আদেশ দিয়েছে আপিল বিভাগ, সেই রায়ের স্বাক্ষর করেছেন পূর্ণাঙ্গ বেঞ্চের সাত বিচারপতি।

    সাধারণত দুপুরে রায় দেয়ার পর সন্ধ্যার মধ্যে সেই রায়ের স্বাক্ষর করার ঘটনা বেশ বিরল।

    এরপর রায়টি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। তার ভিত্তিতে সরকার গেজেট প্রকাশ করতে পারবে।

    পূর্ণাঙ্গ রায় পরে প্রকাশ করা হবে বলে সকালে আপিল বিভাগ জানিয়েছিল।

  6. কোটা আন্দোলন ও কারফিউ, রোববারের কিছু ছবি

    ঢাকার নাখালপাড়া ও মহাখালীর মাঝে রেললাইনে জড়ো হয়েছেন কিছু মানুষ। তাদের মুখোমুখি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা
    ছবির ক্যাপশান, ঢাকার নাখালপাড়া ও মহাখালীর মাঝে রেললাইনে জড়ো হয়েছেন কিছু মানুষ। তাদের মুখোমুখি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা
    কারফিউয়ের মাঝে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের সদস্যরা
    ছবির ক্যাপশান, কারফিউয়ের মাঝে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের সদস্যরা
    সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের উপস্থিতি
    ছবির ক্যাপশান, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের উপস্থিতি
    ঢাকার একটি সড়কে রোববারও টায়ার ও জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়া হয়েছে
    ছবির ক্যাপশান, ঢাকার একটি সড়কে রোববারও টায়ার ও জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়া হয়েছে
  7. যেভাবে এবারের কোটা আন্দোলনের ঘটনাপ্রবাহ গড়িয়েছে

    ৫ই জুন, বুধবার: কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়

    ৬ই জুন, বৃহষ্পতিবার: কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

    ৯ই জুন, রোববার: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন।

    ১লা জুলাই, সোমবার: শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন শুরু

    ৭ই জুলাই, রোববার: সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচী।

    ৯ই জুলাই, মঙ্গলবার: আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘাত

    ১০ই জুলাই, বুধবার: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সপ্তাহের স্থিতাবস্থা, ৭ই আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য।

    ১৪ই জুলাই, রোববার: কোটা পূর্ণবহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জের ধরে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    ১৫ই জুলাই, সোমবার: আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘাত

    ১৬ই জুলাই, মঙ্গলবার: আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের। সড়ক অবরোধ, সারাদেশে ব্যাপক সহিংসতা, ছয়জন নিহত

    ১৭ই জুলাই, বুধবার: পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। সবোর্চ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য্য ধারণের আহ্বান।

    ১৮ই জুলাই, বৃহস্পতিবার: কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত। বিটিভি ভবনে অগ্নি সংযোগ। মেরুল বাড্ডায় পুলিশ অবরুদ্ধ, পরে হেলিকপ্টারে উদ্ধার।

    পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘাত সংঘর্ষে শিক্ষার্থীসহ বিক্ষোভকারী হতাহত। ৫৬ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ কোটার প্রস্তাব আওয়ামী লীগের।

    আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে সরকার রাজী বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আলোচনার প্রস্তাব নাকচ আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। রাত ৯টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ।

    সারা দেশে ব্যাপক সংর্ঘর্ষে অন্তত ২৫ জন নিহত।

    ১৯শে জুলাই, শুক্রবার: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি থমথমে। মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা। রাত ১২টা থেকে কারফিউ জারি।

    সারা দেশে সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত।

    ২০শে জুলাই, শনিবার: কারফিউ এর মধ্যেও ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাত। বিক্ষোভকারী হতাহত।

    আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারীর বৈঠক। আন্দোলনকারীদের আট দফা দাবি পেশ।

    শনিবার সহিংসতায় ঢাকা ও নারায়ণগঞ্জে ২৬ জন নিহত।

    ২১শে জুলাই, রোববার: কারফিউ অব্যাহত, সাধারণ ছুটির আওতায় স্বায়ত্বশাসিত, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ।

    কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি, কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল। সাত শতাংশ কোটা নির্ধারণের আদেশ। তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়েছে।

  8. নরসিংদী থেকে আটক ৫৮ জন, অস্ত্র উদ্ধার

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবত সংঘাত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে আটক করেছে পুলিশ।

    এর আগে শুক্রবার নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়।

    সাথে কারাগার থেকে ৮৫টি অস্ত্র এবং ১০ হাজারের বেশি রাউন্ড গুলি নিয়ে যায় হামলাকারীরা।

    নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, কারাগারে হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত মোট ১২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    শনিবার রাতে নরসিংদীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    তবে এখনও কারো বিরুদ্ধে মামলা করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

    সুপার মি. রহমান বলেছেন, পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে 'চিরুনি অভিযান চালানো হচ্ছে'। পলাতক আসামীদের মধ্যে সাত জন আনসারুল্লাহ বাংলা এবং দুইজন জেএমবির সদস্য বলে জানিয়েছেন তিনি।

  9. আদালতের রায়ের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

    শিক্ষার্থীদের আন্দোলন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যেই আপিল বিভাগ কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে।

    কোটা সংস্কার করে উচ্চ আদালত রায় দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বিবিসি যে কয়েকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে সমর্থ হয়েছে, তারা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

    বিবিসি বাংলার পক্ষ থেকে চারজন সমন্বয়কের সাথে যোগাযোগ করা হয়েছে। অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এমনকি সমন্বয়করাও দাবি করছেন, তারাও নিজেদের সবার সঙ্গে যোগোযোগ করতে পারছেন না।

    এই সমন্বয়কদের অভিযোগ , শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে অনেক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। দুই জন সমন্বয়ক নিখোঁজ হয়েছে। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে।

    কোটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম বিবিসি বাংলাকে বলেন, “আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে। সেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচী চলবে।”

    শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে গত কয়েকদিনে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা।

    সমন্বয়কদের কয়েকজন বলছেন, এসব দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। কোটা আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বিবিসি বাংলাকে জানিয়েছেন, “আদালতের সাথে আমাদের দাবির কোন সম্পর্ক নাই। নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সংকটের সমাধান করতে হবে”।

    তিনি বলেছেন, ‘’আমাদের সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যে তিনজন সরকারের সাথে কথা বলতে গেছে, তারা ব্যক্তিগত জায়গা থেকে তাদের আটদফা দাবি জানিয়েছে। কিন্তু কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি আছে, সেখানে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। কোন আট দফা বা নয় দফা দাবির সিদ্ধান্ত হয়নি।"

    অন্য আরেকজন সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, ‘’সর্বোচ্চ আদালতের রায় আমাদের কাছে অস্পষ্ট মনে হয়েছে। এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই।‘’

    আরেকজন সমন্বয়ক আরিফ সোহেল বলেছেন, ‘’আটককৃতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করতে হবে। তখন আমরা যোগাযোগ করে একটি সম্মিলিত দাবিদাওয়া উত্থাপন করতে পারবো।‘’

  10. আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে সরকার: আইনমন্ত্রী

    কোটা নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে সরকার।

    রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, “আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায় হয়েছে।”

    আদালতের নির্দেশ অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মি. হক।

    “কাল তো সরকারি ছুটি। খুব শিগগির প্রজ্ঞাপন দিতে গেলেও মঙ্গলবার নাগাদ হয়তো সময় লাগবে,” বলেন আইনমন্ত্রী।

    সরকারি চাকরিতে এখন থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ।

    এছাড়া পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা, এক শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাকি এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

    তবে, সরকার প্রয়োজন মনে করলে এগুলো সংস্কার করতে পারবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

    “ভবিষ্যতে এই রায়টি যেন সরকারের কোন সিদ্ধান্তে প্রতিবন্ধকতা না হয়, সেজন্যই আপিল বিভাগ এটি বলেছেন।”

  11. চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে নাহিদকে, দাবি পরিবারের

    মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। রোববার ভোরে তাকে ছেড়ে দেয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবারের।

    নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “ভোরে রাজধানীর পূর্বাচল এলাকায় তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে”।

    “তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একটু সুস্থ হলে সে গণমাধ্যমের সাথে কথা বলতে পারে” বলছিলেন নাহিদ ইসলামের বাবা।

    এর আগে গত শুক্রবার রাতে ঢাকার নন্দীপাড়ার একটি বাসা থেকে আটকের কথা বিবিসি বাংলাকে জানিয়েছিল তার পরিবার।

    তবে, নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেয়ার বিষয়ে পুলিশ বা কোন বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি।

  12. হোয়াইট হাউজের সামনে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ

    বিক্ষোভে অংশ নেন আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিক্ষোভে অংশ নেন আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশী

    বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অনেক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। ইউরোপের অনেক দেশেও একই ধরণের প্রতিবাদ-সমাবেশ হচ্ছে।

  13. আপিল বিভাগের রায়ের পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনজীবীরা

    আপিল বিভাগের রায়ের পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আপিল আবেদনের পক্ষের আইনজীবী আহসানুল করিম।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আপিল বিভাগের রায়ের পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আপিল আবেদনের পক্ষের আইনজীবী আহসানুল করিম।
  14. রায়ের পর যা বললেন রিটের পক্ষের আইনজীবী

    কোটার পক্ষে রিটকারীদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৮ সালে কোটার বিষয়ে দেয়া প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলো সেটি বাতিল করে দিয়েছে।

    “হাইকোর্টের রায় দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ রদ ও রহিত করেছে। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায় বাতিল বলে গণ্য করা হলো। একই সাথে আর্টিক্যাল ১০৪ অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন,” সাংবাদিকদের ব্রিফিংকালে বলছিলেন তিনি।

    তিনি বলেছেন, কোটা পুরোপুরি বাতিলের বিরুদ্ধে রিট করা হয়েছিল। তারাও সংস্কারের পক্ষে বলেছিল, আমরাও সংস্কারের পক্ষে বলেছিলাম। আদালত সেই আদেশ দিয়েছেন।

    মি. হক বলেন আপিল বিভাগ মেধার জন্য ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য ৫ শতাংশ,ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখার নির্দেশনা দিয়েছেন।

    “রায়ে বলা হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার তাই নির্বাহী বিভাগ পরবর্তীতে প্রয়োজন হলে পরিবর্তন, পরিবর্ধন বা সংস্কার করতে পারবে। একই সঙ্গে তিন মাসের মধ্যে গেজেট জারি করে আপিল বিভাগকে জানাতে আদালত নির্দেশনা দিয়েছেন”।

    শাহ মঞ্জুরুল হক বলেছেন, আদালত আশা প্রকাশ করেছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন যেন ক্লাসে ফিরে যায় এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন বন্ধ করে।একই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরে যেতে বলে।

    “এটি একটি ঐতিহাসিক রায়। এ রায় যেন সবাই মেনে নেন। শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান। তৃতীয় পক্ষ যেন ঘোলা পানিতে আর মাছ শিকার না করেন,” ব্রিফিং এ বলছিলেন মি. হক।

    তিনি জানান আদালত সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ঘটনা তদন্তের কথা বলেছেন এবং বিচারপতির নেতৃত্বে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন।

  15. সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে: আপিল বিভাগ

    কোটা পুর্নবহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম-বেশি করতে পারবে। অনতিবিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট।

  16. কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল: আপিল বিভাগ

    কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রোববার সরকারের লিভ টু আপিলের শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর দেড়টায় রায় দেয়া হয়।

    সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ব্যাপক সংঘর্ষ চলেছে। পরিস্থিতি সামলাতে শুক্রবার রাত থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করতে হয়েছে। সহিংসতায় সারা দেশে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

    কারফিউয়ের মধ্যেই রোববার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি শুরু হয়।

    রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন।

    শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয়ার জন্য পাঁচজন আইনজীবীকে অনুমতি দেন আদালত।

    সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেয়া নয়জন আইনজীবীর মধ্যে আটজনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন।

    এর আগে ২০১৮ সালে কোটা নিয়ে আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার।

    সেই রায়ের বিরুদ্ধে রিট করা হলে চলতি বছরের পাঁচই জুন ওই পরিপত্র অবৈধ ঘোষণা ও কোটা পুনর্বহাল করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।

    পরদিন থেকে কোটা ব্যবস্থার বাতিল চেয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে অবশ্য তারা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। জুলাই মাস থেকে তারা জোরালো আন্দোলন শুরু করেছিল।

  17. দুই দিনের সরকারি ছুটি চলছে

    আজ রোববার ও আগামীকাল সোমবার সরকারি ছুটি ঘোষণা করায় অফিসগামী কোন মানুষজনকে রাস্তায় দেখা যায়নি।

    শনিবার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত, বেসরকারি পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ থাকবে।

    জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ কাজে সংশ্লিষ্ট নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

    রোববার ও সোমবার বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার সারা দেশে পোশাক কারখানাও বন্ধ থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ।

  18. রেললাইনের ওপর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে

    ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেললাইনের ওপর জড়ো হয়েছে একদল মানুষ।তাদের মুখোমুখি কিছুটা দূরে মহাখালী মোড়ের কাছে অবস্থান নিয়ে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।দুপুর ১২টার ছবি।

    ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেললাইনের ওপর জড়ো হয়েছে একদল মানুষ। তাদের মুখোমুখি কিছুটা দূরে মহাখালী মোড়ের কাছে অবস্থান নিয়ে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ১২টার ছবি
    ছবির ক্যাপশান, ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেললাইনের দৃশ্য। দুপুর ১২টার ছবি।
  19. শুনানি শেষ, বাংলাদেশ সময় সোয়া একটায় রায় ঘোষণা

    বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। প্রায় তিন ঘণ্টার এই শুনানি শেষে দুপুর সোয়া একটায় রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। এরআগে, সকাল সোয়া ১০টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করেছিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধীতা রয়েছে জানিয়ে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ এম আমিন উদ্দিন। কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও শুনানিতে উল্লেখ করেছেন মি. উদ্দিন। অন্যদিকে, স্বাধীনতার পর সরকার কোটা ব্যবস্থা চালু করলেও মুক্তিযোদ্ধাদের সন্তানরা প্রায় দুই দশক সেটি থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবি জানিয়েছেন তাদের আইনজীবী।

  20. কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে নেপালে ছাত্রদের সংহতি সমাবেশ

    বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং ছাত্র হত্যার প্রতিবাদে নেপালে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। গতকাল এই সংহতি সমাবেশের আয়োজন করে অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্টস ইউনিয়ন।

    নেপালের ছাত্ররা বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নেপালের ছাত্ররা বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে