আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত আর রাশিয়া

কম ভোটারের উপস্থিতি ও নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে একে 'ডামি নির্বাচন' বলে অভিযোগ করেছে বিএনপি।

সরাসরি কভারেজ

  1. বিবিসি বাংলার বিশেষ লাইভ

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে বিবিসি বাংলা বিশেষ লাইভ করছে। দিনব্যাপী আপডেটের পাশাপাশি থাকছে নির্বাচন ও রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে বিশেষজ্ঞদের মূল্যায়ন ও বিশ্লেষণ। যুক্ত থেকে জানাতে পারেন আপনার মতামতও।

  2. ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্র থেকে

    ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে আছেন আকবর হোসেন।

    সকাল ৮.২৩ পর্যন্ত ভোটকেন্দ্রে পুরুষদের বুথে ভোট পড়েছে তিনটি।

    কেন্দ্রে ভোটারদের তেমন কোন আনাগোনা নেই। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা উপস্থিত আছেন।

    সরকারি ছুটি হওয়ায় কিছুক্ষণ পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।

    এছাড়া সরকারি কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে কেন্দ্রে দুই একজন নির্বাচন পর্যবেক্ষককে দেখা গেছে।

    কেন্দ্রের বাইরে অংশে নৌকার সমর্থকরা জড়ো হয়ে আছেন।

  3. 'আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করি না, আমার কাজ ভোট আয়োজন করা'

    শান্তিনগরে একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

    নির্বাচন নিয়ে যতটা সম্ভব বেশি তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ''যতটা সম্ভব যদি (ভোটের চিত্র) তুলে ধরা যায়, ভোট নিয়ে যদি মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়, সেই প্রত্যাশা আর শুভকামনা করি। ''

    ভোটার উপস্থিতি কেমন হবে, সহিংসতার বিষয় নিয়ে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ''আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কে আসবেন না, সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়।''

  4. চলছে ভোট গ্রহণ

    নারায়ণগঞ্জের রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ

  5. ভোটকেন্দ্রে ভোটাররা

    গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন নারী ভোটাররা।

  6. ভোটকেন্দ্রে অপেক্ষমাণ ভোটার

    গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে অপেক্ষমাণ ভোটাররা।

  7. নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নে যা বললেন শেখ হাসিনা

    ঢাকার সিটি কলেজে ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    যেখানে বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছে, সেখানে নির্বাচনের গ্রহণযোগ্যতা কী হবে, একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ''আমি কার কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করবো, সন্ত্রাসী দলের কাছে? সেটা তো দরকার নেই। আমি প্রমাণ করবো জনগণের কাছে। দেখতে হবে মানুষ গ্রহণ করেছে কিনা। ওরা কি বললো, আমি পরোয়া করি না। এই দেশে যাতে গণতন্ত্র অব্যাহত থাকে, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।''

    ''আমি সবসময়েই আত্মবিশ্বাসী, কারণ আমি জানি মানুষ আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, আমরা নির্বাচনে বিজয়ী হবো, এ নিয়ে কোন সন্দেহ নেই।''

  8. ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ঠিক আটটায় ঢাকার সিটি কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তবে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    একই কেন্দ্রে ভোট দিচ্ছেন তার কন্যা সায়মা ওয়াজেদ এবং ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ। এ সময় তার বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

    ভোট দেয়ার পর সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার এবং ভোট দেয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  9. সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে

    সকাল ৮টা থেকে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।

    আওয়ামী লীগসহ মোট ২৭ টি দল নির্বাচনে অংশ নিলেও ভোট বর্জন করেছে বিরোধী দলগুলো। ভোটের দিনে তারা হরতাল ডেকেছে।

    নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হলেও দেশ জুড়ে নানা সহিংসতার ঘটনা ঘটেছে।

  10. এক নজরে নির্বাচনের কিছু তথ্য

    ২৯৯টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

    মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন।

    ভোটারদের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন এবং নারী রয়েছেন ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন।

    মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন। ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি।

    গত ১৫ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। মনোনয়ন জমার শেষ তারিখ ছিল ৩০শে নভেম্বর।

    এই নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ সমমনা দলগুলো। তারা নির্বাচনের আগেরদিন ও নির্বাচনের দিন হরতালও ডেকেছে।

  11. বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে স্বাগতম।

    নির্বাচনের ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত নানা খবর সরাসরি জানানো হবে এই পাতায়।

    বিবিসি বাংলার সংবাদদাতারা নির্বাচন কমিশন,ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাচন সংশ্লিষ্ট নানা তথ্য সরাসরি জানাবেন।

    সর্বশেষ সব তথ্য পেতে বিবিসি বাংলার সাথেই থাকুন।