নির্বাচন ঘিরে বিবিসি বাংলার দ্বিতীয় দিনের লাইভ কাভারেজে স্বাগতম। নির্বাচনের ফলাফলের আপডেটসহ আরও খুঁটিনাটি তথ্য জানতে চোখ রাখুন আমাদের লাইভ পাতায়।
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত আর রাশিয়া
কম ভোটারের উপস্থিতি ও নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে একে 'ডামি নির্বাচন' বলে অভিযোগ করেছে বিএনপি।
সরাসরি কভারেজ
বিবিসি বাংলার লাইভ কাভারেজ আবার শুরু হবে আটই জানুয়ারি সকাল আটটায়। এর মধ্যে নির্বাচনের ফলাফল আপডেট হতে থাকবে। সবশেষ ফলাফল জানতে চোখ রাখুন বিবিসি বাংলার নির্বাচনি ফলাফলের লাইভ পেইজে।
ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমর জয়ী, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র দেড় হাজার ভোট
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জয় পেয়েছেন সাবেক বিএনপি নেতা ও আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোববার আসনটির ৯০টি কেন্দ্রে মোট এক লাখ ১৩ হাজার ১৫টি ভোট পড়েছিল। এর মধ্যে ৯৯ হাজার ৮৯০টি ভোট বৈধ হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে এক হাজার ৪২৫টি ভোট।
এর আগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর জামিনে জেল থেকে ছাড়া পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের কিছু দিন আগে আওয়ামী লীগে যোগ দেন।
এরপর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রথমে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করেছিল। পরে ওই আসনে দলের প্রার্থী হিসেবে শাহজাহান ওমরকে মনোনয়ন দেওয়া হয়।
'বিরোধীদল হবে আওয়ামী স্বতন্ত্র লীগ'- রাজনৈতিক বিশ্লেষক
সারাদেশে প্রাপ্ত ভোট গণনা চলছে, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলে দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীরা সম্ভাব্য বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারেন এমন সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশ্লেষক মহিউদ্দিন আহমদ পরবর্তী সংসদে বিরোধী দল হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের এ সম্ভাবনাকে বর্ণনা করেছেন ‘আওয়ামী স্বতন্ত্র লীগ হবে বিরোধী দল’।
রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি প্রক্সি বিরোধীদল হবে এবং আওয়ামী স্বতন্ত্র লীগ জাতীয় পার্টিকে নিয়ে বিরোধীদল হবে।”
ভোটের ফারাক ব্যাপক হওয়ার বিষয়ে তিনি বলেন, যার প্রার্থীর যেখানে ক্ষমতা বেশি ছিল সেখানে যথেচ্ছভাবে ভোট প্রয়োগ করা হয়েছে। কোথাও কোন প্রতিদ্বন্দিতার সুযোগ ছিল না।
এপর্যন্ত ঘোষিত ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৪৯টি আসনে।
আর জাতীয় পার্টি এখনো পর্যন্ত ২৬টি আসন বাদে বাকি আসনগুলোতে ৫-৬ হাজারের বেশি ভোট পায়নি। বরং স্বতন্ত্র পার্টির প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, "আর যারা অন্যান্য দল থেকে প্রার্থী হয়েছেন যেমন জাতীয় পার্টি ও ওয়ার্কার্স এবং জাসদ, এদের আশা ছিল যে এদের জিতিয়ে আনার দায়িত্ব ছিলো আওয়ামী লীগের।"
“কিন্তু তারা এখন বলবে যে, আমাদের গাছে তুলে মই সরিয়ে নিয়েছেন। আমি বলবো যে, অনেক রাজনীতিবিদ এই নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে ক্লাউন হিসেবে প্রমাণ করে ফেলেছেন।”
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল
বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গণনা চলছে, সর্বশেষ ফলাফল জানতে চোখ রাখুন বিবিসি বাংলার পাতায়...
রংপুর-৪ আসনে টিপু মুনশির জয়, আসনটিতে প্রায় ৩৫.১৮ শতাংশ ভোট পড়েছে
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বাণিজমন্ত্রী টিপু মুনশি। তিনি পেয়েছেন এক লাখ ২১ হাজার ৬২২ ভোট।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট। আসনটিতে মোট ১৬৩টি ভোটকেন্দ্র ছিল, যেখানে প্রায় ৩৫ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আলোচিত প্রার্থীদের জয়-পরাজয়, নৌকা পেয়েও হেরেছেন হাসানুল হক ইনু
এবারের নির্বাচনে আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন ।
এছাড়া নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রাম-৭ আসনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন।
একইভাবে, রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বরিশাল-৫ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং নড়াইল-২ আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা জয় পেয়েছেন।
এছাড়া ফরিদপুর-৩ এবং ফরিদপুর–৪ আসনে নৌকার প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী একে আজাদ এবং মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এর মধ্যে নিক্সন চৌধুরীর কাছে হেরেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
অন্যদিকে, কুষ্টিয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। সেখানে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
টাঙ্গাইল-৮ আসনে পরাজয় বরণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ঐ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়।
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পরাজিত হয়েছেন। সেখানে জয় পেয়েছেন স্বতস্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।
আর যশোর-৬ আসনে স্বতন্ত্রপ্রার্থী আজিজুল ইসলামের কাছে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার।
কিশোরগঞ্জ-৬ আসনে বিজয়ী নাজমুল হাসান পাপন, আসনটিতে প্রায় ৫৩.৫৩ শতাংশ ভোট পড়েছে
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নৌকা প্রতীকে তিনি এক লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. রুবেল হোসেন পেয়েছেন তিন হাজার দুইশ' ছয় ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী নূরুল কাদের সোহেল মোট তিন হাজার ৫৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
আসনটির ১৪২টি কেন্দ্রে প্রায় ৫৩.৫৩ শতাংশ ভোট পড়েছে বলেও জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
প্রত্যাশার চেয়ে নির্বাচন ভালো হয়েছে: সিইসি
“নির্বাচন প্রত্যাশার চেয়ে ভাল হয়েছে। এতটা প্রত্যাশা করি নি।”
রোববার রাত ৯টার দিকে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিনা, এই প্রশ্ন করলে তিনি বলেন, “নির্বাচন নিরপেক্ষ হয়েছে কি হয় নি, আমি তো স্বচক্ষে এভাবে দেখি নি। যদি ব্যাপক অভিযোগ আসে যে নির্বাচন নিরপেক্ষ হয় নি, (তখন দেখা যাবে)।”
নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে না পারলেও নির্বাচন পরিস্থিতি সে ‘সুনিয়ন্ত্রিত’ ছিলো, সে বিষয়টি ব্যক্ত করেন তিনি।
“নির্বাচনে সহিংসতা তেমন হয় নি, মৃত্যু হয় নি। যেখানে যেখানে অনিয়ম হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পেরেছি; এদিক থেকে নির্বাচনটা ‘মোটামুটি সুনিয়ন্ত্রিত’ ছিল।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৪০ জন প্রার্থী ভোট বর্জন করেছেন, কারচুপি, কেন্দ্র দখল এবং মারধরের অভিযোগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি, ভোটকেন্দ্র দখল, মারধর ইত্যাদি অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ৪০ জন প্রার্থী।
এর মধ্যে জাতীয় পার্টি, তৃণমূল প্রার্থী, গণফোরামের প্রার্থী যেমন আছেন, তেমনি আছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
তবে গণমাধ্যমে আসা ভোট বর্জনের খবরগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির এবং স্বতন্ত্র প্রার্থীরা।
তবে, দেশের আট বিভাগের সাত বিভাগেরই কোনও না কোনও আসন থেকে প্রার্থীরা ভোট বর্জন করলেও ব্যতিক্রম শুধুমাত্রা বরিশাল। এই বিভাগ থেকে ভোট বর্জনের কোনো খবর পাওয়া যায় নি।
এছাড়া, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগ থেকে ভোট বর্জনকারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ১২ জন, আট জন, ছয়জন, পাঁচ জন, চার জন, তিন জন এবং দুই জন।
এই প্রার্থীদের সবাই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছে ভোট বর্জনের জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন। সেইসাথে, ফেইসবুক লাইভ এবং সংবাদ সম্মেলন ডেকেও নিজেদের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন তারা।
নির্বাচন বর্জনকারীদের অনেকে পুনরায় নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছেন।
তবে সর্বমোট কতজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া যায় নি।
নির্বাচনে ফাঁকা রাস্তায় ক্রিকেট
নির্বাচন উপলক্ষ্যে রাস্তায় যান চলাচল সীমিত থাকার কারণে ঢাকার বেশিরভাগ সড়কই ফাঁকা ছিল। আর এ সুযোগে রাজপথকে খেলার মাঠে পরিণত করে ক্রিকেট খেলায় মেতেছিলেন অনেকে।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল
বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গণনা চলছে, সর্বশেষ ফলাফল জানতে চোখ রাখুন বিবিসি বাংলার পাতায়...
গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা নির্বাচিত, বাকি পাঁচ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন কাজী মাহবুবুল আলম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌকা প্রতীকে শেখ হাসিনার মোট প্রাপ্ত ভোট দুই লাখ ৪৯ হাজার ৯৬৫টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর একতারা প্রতীকে পেয়েছেন ৪৬৯ ভোট।
এই আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮।
আসনটিতে আরও চারজন প্রার্থী ছিলেন, যারা সবাই জামানত হারিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জনগণ সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে, এটাই গ্রহণযোগ্য- পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পশ্চিমা দেশ কী বললো তা নিয়ে তারা ভাবছেন না। "বরং জনগণ সরকারকে ভোট দিয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা।"
ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেছেন, “কে কী বললো আমি সেইটার প্রতি ইন্টারেস্টেড না, আমি বাংলাদেশি লোক কী বলে সেইটার প্রতি ইন্টারেস্টেটেড। আমরা জনগণে বিশ্বাস করি, আমরা কোন পশ্চিমার উপর বিশ্বাস করি না।”
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইংল্যান্ড ছাড়া আর কোন পশ্চিমা দেশ সমর্থন দেয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণ সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে এই প্রতিকূল পরিবেশে, এটাই তো গ্রহণযোগ্য।”
মি. মোমেন মনে করেন, 'নির্বাচন কমিশন কাউকে এক পয়সার ছাড় দেয় নাই'। সেজন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
বিদেশি পর্যবেক্ষকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে 'বিরোধী দলের সাথে ভবিষ্যতে তিক্ততা কীভাবে কমানো যায়' তা নিয়ে জানতে চেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
জবাবে মি. মোমেন বলেছেন, বিএনপির সাথে সরকারের কোন ইস্যু নাই।
"বিএনপি কোন মেনিফেস্টো নিয়ে আসে নাই যেটা নিয়ে আলোচনা করবো। বিএনপির কথা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ। এগুলো হচ্ছে নন-ইস্যু, ইচ্ছা করে বলা, যা আলোচনার পথ বন্ধ করে দেয়।”
সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
আগামীকাল সোমবার আটই জানুয়ারি বেলা তিনটায় গণভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মলেন করবেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্থানীয় ও বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের নির্বাচনের বিষয়ে অবহিত করবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানানো হয়েছে।
চলছে ভোট গণনা
বিকেল চারটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনা। এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে প্রায় ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।
এই নির্বাচন বর্জন করেছে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো।
২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, জালভোট দেওয়াসহ নানা অভিযোগে আটক ৪২
ভোট চলাকালে জোর করে ভোট দেওয়া, জালভোট দেওয়াসহ সারাদেশে মোট ১৪০টি অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এসব অনিয়মের অভিযোগে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নয়টি আসনে মোট ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আর অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে ৪২ জনকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করেছে কমিশন।
নৌকা মার্কার জয় হবে- ওবায়দুল কাদের
নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “নির্বাচনের ভোট দেয়ার পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি। এই নির্বাচনে নৌকা মার্কার জয় হবে।”
“নৌকার প্রতি রায় আসবেই, এমনটা মনে করি।”
সন্ধ্যায় তেজগাঁওয়ের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব সারা বাংলাদেশ প্রত্যক্ষ করবে আমাদের জনগণের বিজয়।”
মি. কাদের বলেন, ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। ভোট প্রদানে কোন প্রকার ভয়-ভীতি হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।
পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই উল্লেখ করে তিনি বলেন, “খোদ যুক্তরাষ্ট্রও গণতন্ত্র ও মানবাধিকার কথা বলে। সেখানে কতটা মানবাধিকার, কতটা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিপালিত হয়, সেটা সবাই জানে।”
দেশের মানুষ কতটা তাদের ভোটাধিকার নিয়ে সচেতন তা এই শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে তার বক্তব্যে বলেছেন, ৪০ শতাংশের বেশি ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছে।
মি. কাদের বলেন, ''বিএনপি জামাত ও তাদের দোসররা নির্বাচনে অংশ নেয়নি। তারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। ব্যালটের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার জবাব দিয়েছে।''