আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত আর রাশিয়া

কম ভোটারের উপস্থিতি ও নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে একে 'ডামি নির্বাচন' বলে অভিযোগ করেছে বিএনপি।

সরাসরি কভারেজ

  1. ভোট বর্জন করায় জনগণের উদ্দেশে মঈন খানের ‘স্যালুট’

    ভোট বর্জন করার কারণে জনগণকে স্যালুট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য ড. মঈন খান।

    “জনগণকে শুধু বিএনপি’র পক্ষ থেকে না, এই যে ৬২টি দল, আমরা যারা এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছে, তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে স্যালুট জানাবো।”

    তিনি জানান, বাংলাদেশের মানুষ কখনোই গণতন্ত্রের সাথে আপোষ করে নি এবং করবে না।

    “সরকারের এই নির্বাচনি নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেছে...গত দশ বছরে সরকার গণতন্ত্রকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আজও শত শত ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি শূণ্য।”

    ২০১৪ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “আমাদের আজকে ২০১৪ সালের ৫ই জানুয়ারির কথা মনে পড়ছে। সেদিন আমরা দেখেছিলাম যে ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেয় না, কুকুর-বেড়াল ভোট দেয়। আজও দেখা দেখা গেছে, বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে কুকুর রোদ পোহাচ্ছে। এটিই হল আজকের নির্বাচনের বাস্তবতা।”

    “অনেকে বলে যে এই সরকার স্বৈরাচারী সরকার, একদলীয় সরকার। আমি বলছি, এটা গণতন্ত্রের ভান ধরা একটি সরকার। যারা ভান ধরে থাকে, তারা স্বৈরাচারী সরকারের চেয়ে আরও অনেক বেশি ভয়ংকর।”

    গণতন্ত্র ফিরে আসবে কিনা, এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণতন্ত্র ফিরে আসবেই, ‘একটু টাইম লাগবে হয়তো।’

  2. নির্বাচন বর্জন করেছে জনগণ- রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপি মানুষকে যে নির্বাচন বর্জন করতে বলেছিলো, মানুষ তার অভূতপূর্ব রায় দিয়েছে।

    তিনি বলেন, “আমরা আজ কোন নির্বাচনি প্রতিক্রিয়া নয়, আমরা যে বিজয়ী, জনগণকে আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে, আপনারা কেউ ভোট দিতে যাবেন না, তার জন্য আমরা জনগণকে ধন্যবাদ দিতে এসেছি।”

    “জনগণ আজকে রায় দিয়ে দিয়েছে, তাদের এই প্রহসনের নির্বাচনে শুধু আওয়ামী লীগের পরিবারের লোক ছাড়া, তাদের বিবেকবান সমর্থকও এই নির্বাচনকে বর্জন করেছে।”

    মি. রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন করলে তা ছিনিমিনি খেলা হতো। এ কারণে জনগণকে সাথে নিয়ে জোড়ালোভাবে ভোট বর্জন করা হয়েছে।

    তিনি বলেন, ভোট বর্জন যৌক্তিক ছিল এবং ন্যায্য ছিল সেটাই এখন প্রমাণিত হয়েছে।

    ২০১৪ সাল আর ২০২৪ সাল যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ বলেও উল্লেখ করেছেন তিনি।

    তিনি বলেন, “এটা কারচুপি নয়, প্রকাশ্য ডাকাতির নির্বাচন। সেনবাগ, সোনাইমুড়িতে অস্ত্র হাতে আওয়ামী লীগের কর্মীকে দেখা গেছে।”

    তিনি অভিযোগ করেন, সিলেটের জেনারেল ওসমানি হাসপাতালে নার্সদেরকে ধরে নিয়ে এসে লাইন বড় করা হয়েছে বিদেশি পর্যবেক্ষকদের দেখানোর জন্য।

  3. সারাদেশে গড়ে ভোট পড়েছে ৪০ শতাংশ: সিইসি

    নির্বাচন কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সারাদেশে এখন পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৪০ শতাংশ।

    তিনি বলেন, “নিশ্চিতভাবে বলা যাবে না, তবে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এটা এখন পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য। তবে ভোট গণনা শেষ হলে এটা কিছুটা বাড়তেও পারে, কমতেও পারে।”

    যদিও সিইসি প্রথমে জানান ভোট পড়েছে ২৮ শতাংশ। পরে সচিব তাকে সংশোধন করে দিয়ে জানান, স্যার ৪০ শতাংশ হবে। বেশিও হতে পারে।

    "আমরা নির্বাচনী সহিংসতা ও অনিয়ম বন্ধের চেষ্টা করেছি। তবে শেষ পর্যন্ত কোন কোন কারণে পরিপূর্ণ সফলতা আসেনি।"

  4. অভিযোগের পর বাতিল ১৩ ভোট

    ঢাকা ১৮ আসনে রাজউক উত্তরা মডেল কলেজের মহিলা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এস এম তোফাজ্জল হোসেনের এজেন্টদের অভিযোগ- ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আরেক স্বতন্ত্র প্রার্থী খশরু চৌধুরীর এজেন্ট পাঁচ ছয়জন অনবরত ব্যালট পেপারে ভোট দিয়েছেন।

    তাদের অভিযোগ- এ সময় পোলিং অফিসাররা ও কেটলি মার্কায় খশরু চৌধুরীর পক্ষে ভোট দেন। ভোট কারচুপির অভিযোগ মৌখিকভাবে প্রিসাইডিং অফিসারকে জানিয়েছেন। পরে স্বতন্ত্র প্রার্থীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে ১৩ ভোট। এ কেন্দ্রে মোট ৩৫৩ ভোট পড়েছে।

    বিবিসি বাংলার সংবাদদাতা জান্নাতুল তানভী জানাচ্ছেন, মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই ১৩ টি ভোট বাতিল করা হয় বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এখানে ভোটার সংখ্যা ২২২৯ জন।

  5. জাল ভোট দেয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জন আটক

    জাল ভোট দেয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন আসন থেকে মোট ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের বরাত দিয়ে বিবিসি বাংলাকে এ তথ্য জানান জেলার স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয়।

  6. কক্সবাজার-১ আসনের প্রার্থীর ভোট বর্জন

    কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ভোট বর্জনের এই ঘোষণা দেন।

    তিনি অভিযোগ করে বলেন, “আজ দুপুর ১২টার পর থেকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি, তারা সকলে কেন্দ্র দখল করে আমার এজেন্টদের পিটিয়ে বের করে দিয়ে কেন্দ্র দখল করে।”

    তিনি বলেন, “এটা প্রতিহত করতে গিয়ে প্রাণহানির চেয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”

    ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মি. আলম। তিনি বর্তমান সরকারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

  7. ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, সারাদিন যা হলো

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়।

    নির্বাচন কমিশন বলছে, বেলা তিনটা পর্যন্ত সারা দেশে ২৭.১৫% ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭%, খুলনায় ৩২%, সিলেটে ২২%, ময়মনসিংহে ২৯%, রাজশাহী ও রংপুর বিভাগে ২৬ শতাংশ করে, এবং বরিশাল বিভাগে ৩১ শতাংশ ভোট পড়েছে।

    নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, অনিয়মের কারণে এ পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ১৫ জনকে জাল ভোট দেয়ার অভিযোগে আটক ও জরিমানা করা হয়েছে।

    বিভিন্ন স্থান থেকে বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, সকাল থেকেই ভোট পড়ার হার খুবই কম ছিল। এমনকি অনেক কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে ভোটার আসতে দেখা গেছে। বেশিরভাগ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন।

    রংপুরে ভোট দেয়ার পর তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ''আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত।''

    এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট হচ্ছে।

    নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে হরতাল পালন করছে বিএনপি। চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    মুন্সীগঞ্জের মিরকাদিমে সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। মিরকাদিম পৌরসভার টেঙ্গর তিন রাস্তার মোড়ে ওই ব্যক্তি হেঁটে যাবার সময় তার উপর কে বা কারা হামলা করে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিও একটি হত্যা মামলার আসামী, পূর্বশত্রুতার জেরে তার উপর হামলা হয়ে থাকতে পারে।

    নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার। এজেন্টদের চনপাড়ার ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন।

    চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। চট্টগ্রাম-৮ আসনের একটি ভোটকেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। চাঁদগাও এলাকার আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রে দুপুর একটায় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।

    এসময় ৫০-৬০ জন নারী ভোটার আটকা পড়েন কেন্দ্রের ভেতর। প্রায় এক ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসার পর হামলাকারীদের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়।

    এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে।

    আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।

  8. কম ভোটারের উপস্থিতি আর নানা ঘটনায় শেষ হলে ভোটগ্রহণ

    কম ভোটারের উপস্থিতি, বিক্ষিপ্ত সহিংসতা, ভোট কেন্দ্র বাতিলের মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হয়েছে।

    বিবিসির সংবাদদাতারা ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে জানাচ্ছেন, ভোটারের খুব কম উপস্থিতি দেখা গেছে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা তিনটা পর্যন্ত সারাদেশে মোট ২৭ শতাংশ ভোট পড়েছে।

    মুন্সীগঞ্জে একজনের মৃত্যু, চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

    নির্বাচনে অনিয়ম, সংঘাত ও জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

  9. বেলা তিনটা পর্যন্ত সারাদেশে ২৭ শতাংশ ভোট পড়েছে, বলছে নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা তিনটা পর্যন্ত সারাদেশে মোট ২৭ শতাংশ ভোট পড়েছে।

    নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ এবং খুলনায় ৩২ শতাংশ ভোট পড়েছে।

    এছাড়া সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহী এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ করে ভোট পড়েছে। আর বরিশাল বিভাগে ভোট পড়েছে ৩১ শতাংশ।

    বিকেলে এক সংবাদ সম্মেলনে সচিব মি. আলম আরো বলেছেন, অনিয়মের কারণে সারাদেশে এ পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে ।

    তিনি বলেন, একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোট ১৫ জনকে জাল ভোটের কারণে আটক ও জরিমানা করা হয়েছে।

    সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চার টা পর্যন্ত।

  10. 'আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না'

    সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন।

    রংপুরে ভোট দেয়ার পর তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ''আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত।''

    ''প্রায় সব ভোটকেন্দ্রের বাইরে একটা তাণ্ডব, একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের কিছু সমর্থক বা কিছু কর্মী দিয়ে। এমন একটা পরিস্থিতি যে ভোট ডাকাতির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে ওখানকার লোকজন মনে করছে।''

    ''ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এজেন্টদের কাগজপত্র কেড়ে নেয়া হচ্ছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এগুলো ঘটেছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, যেখানে যতটুকু জানানো যায়। তবে ওখানকার মানুষজন অস্বস্তিতে আছে যে ভোট সঠিক হবে কিনা, ভোট দেওয়ার পরে কী হবে, মানুষজন আশাবাদী হতে পারছেন না। অনেক জায়গা থেকে আবার পিসফুল খবর পাওয়া যাচ্ছে।''

    শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ''এখন তো আমরা নির্বাচনে এসে গেছি। এখন তো আর বর্জন করার কোন স্কোপ নেই। ইলেকশনের পরে ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।''

    নির্বাচন কেমন হচ্ছে, সেটা জানতে চাওয়া হলে তিনি বলেন, ''লক্ষণ ভালো দেখছি না কিছু কিছু ক্ষেত্রে। সব জায়গায়ই ভালো হওয়ার কথা ছিল। এই ধরনের সুযোগ সৃষ্টি করারই কোন কথা ছিল না, স্বাভাবিক কথা নয়।''

  11. 'একই লোক বারবার লাইনে কেন' প্রশ্নের পর বিবিসি সাংবাদিককে জেরা, ঘটনাস্থল বাদশা ফয়সাল ইন্সটিটিউট

    ঢাকা-১৩ আসনের একটি কেন্দ্র বাদশা ফয়সাল ইন্সটিটিউটে দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী এক ঘণ্টা সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়, যারা বারবার ভোট দেয়ার লাইনে দাঁড়িয়ে আছেন - কখনো তারা লাইন বদলে ফেলছেন কিংবা এক লাইন ছেড়ে আরেক লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। বিবিসি সংবাদদাতা তাদের কাছে এর কারণ জানতে চাইলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন তারা।

    একজন বলেছেন, তিনি বন্ধুর জন্য লাইনে আছেন, অন্যজন বলেছেন, তিনি অন্য কেন্দ্রের ভোটার হলেও এখানে বন্ধুর জন্য আছেন। এছাড়া একজন ভোট দেবেন অপেক্ষায় আছেন, আরেকজন বলেছেন খাওয়ার ব্রেক নিয়েছেন - এমন সব বক্তব্য দেন।

    তবে ওই ব্যক্তিদের প্রশ্ন কেন করা হচ্ছে - সেজন্য বিবিসি সংবাদদাতাকে জেরা শুরু করেন নৌকা প্রতীকের ওই কেন্দ্রের সমন্বয়ক ওমর ফারুক। তিনি জানতে চান, "বিবিসি বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য গেছে কি না" এবং "বিবিসি নেগেটিভ নিউজ খুঁজতে আসছে কেন?"

    লাইনে দাঁড়ানো ব্যক্তিরা কেন বারবার লাইনে দাঁড়াচ্ছেন - সে প্রশ্ন করার পর তিনি কোন সদুত্তর না দিয়ে চলে যান।

    বনানী মডেল স্কুলে অনেকটা একই ধরনের চিত্র দেখতে পেয়েছে বিবিসির সংবাদদাতা তানহা তাসনীম।

    সেখানে অনেক নারীকে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিবিসির সাংবাদিকের প্রশ্নের জবাবে একজন নারী বলেন, ''বোঝেনই তো, তাইলে আবার জিগান কেন?''

  12. চট্টগ্রামে আবারও দফায় দফায় সংঘর্ষ, এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার ভোটগ্রহণ চালু

    চট্টগ্রাম-৮ আসনের একটি ভোটকেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। চাঁদগাও এলাকার আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রে দুপুর একটায় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।

    সেখানকার সহকারী প্রিসাইডিং অফিসার বিবিসিকে জানান একদল দল অতর্কিতে কেন্দ্রে ঢুকে পড়ে। এসময় বিকট শব্দ পান তারা। একই সাথে প্রচুর ভাংচুর চললেও ব্যালট বাক্স বাঁচাতে পেরেছেন বলে জানান এই নির্বাচনি কর্মকর্তা।

    এসময় ৫০-৬০ জন নারী ভোটার আটকা পড়েন কেন্দ্রের ভেতর। প্রায় এক ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসার পর হামলাকারীদের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়।

  13. নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য:

    আপনি যদি কিছুক্ষণ আগে এই পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে সর্বশেষ কিছু তথ্য:

    বাংলাদেশে সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন স্থান থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, সকাল থেকেই ভোট পড়ার হার খুবই কম। এমনকি অনেক ক্ষেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে ভোটার আসতে দেখা গেছে। বেশিরভাগ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।

    নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে হরতাল পালন করছে বিএনপি। চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    মুন্সীগঞ্জের মিরকাদিমে সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। মিরকাদিম পৌরসভার টেঙ্গর তিন রাস্তার মোড়ে ওই ব্যক্তি হেঁটে যাবার সময় তার উপর কে বা কারা হামলা করে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিও একটি হত্যা মামলার আসামী, পূর্বশত্রুতার জেরে তার উপর হামলা হয়ে থাকতে পারে।

    নির্বাচনে অনিয়ম, সংঘাত ও জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এগুলো হচ্ছে কিশোরগঞ্জ-৬ আসনের ৩৯ নম্বর কেন্দ্র, নরসিংদী-৪ আসনের ১৩৪ নম্বর কেন্দ্র এবং ফরিদপুর-৩ আসনের রনকাইল উচ্চবিদ্যালয় কেন্দ্র।

    চট্টগ্রামে পাহাড়তলী কলেজে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট হচ্ছে।

    নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার। এজেন্টদের চনপাড়ার ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন।

    নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাচ্ছে, সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে। জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ছয় জনকে। বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের একজন মহিলা চেয়ারম্যান আটক করা হয়েছে।

  14. চার ঘণ্টায় সারাদেশে ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ

    বাংলাদেশের নির্বাচন কমিশন বলেছে, প্রথম চার ঘণ্টায় সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

    নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব মোঃ জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

    এছাড়া নারায়ণগঞ্জের দুইটি ও নরসিংদীর একটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে।

    পাঁচটি কেন্দ্রে ভোট স্থগিত হলেও পরে আবার চালু হয়েছে।

    সাময়িক কিছু ত্রুটির কারণে নির্বাচন কমিশনের অ্যাপসে ধীর গতি দেখা গেলেও তা বন্ধ হয়নি, বলে জানিয়েছেন তিনি।

  15. নির্বাচন কমিশনের অ্যাপ কাজ করছে না

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। তবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের সেই অ্যাপটি ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে।

    বিবিসি বাংলার মুকিমুল আহসান জানান, এই অ্যাপে প্রতিমূহুর্তে ভোটের বিস্তারিত জানানোর কথা ছিল, কিন্তু সকাল থেকে অ্যাপে ঠিকমতো তথ্য আপডেট হচ্ছে না বলে জানান তিনি। গণমাধ্যম কর্মীরা এখান থেকে তথ্য নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।

    নির্বাচন ঘিরে ২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপটি তৈরি নির্বাচন কমিশন।

  16. কেন্দ্রের ভোট নেয়া বন্ধ হবার পর কী হয়?

    নির্বাচন শুরু হবার আড়াই ঘণ্টার মধ্যে তিনটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

    এগুলোর একটি হলো কিশোরগঞ্জ ৬ আসনের ৩৯ নম্বর কেন্দ্র আর আরেকটি হলো নরসিংদী ৪ আসনের ১৩৪ নম্বর কেন্দ্র।

    এরমধ্যে জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে নরসিংদী-৪ আসনের কেন্দ্রটির ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

    ফরিদপুরের কানাইপুরের একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

    কিন্তু কেন্দ্রের ভোট নেয়া বন্ধ হবার পর কী হয়?

    সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, একটি কেন্দ্রে যতজন ভোটার নিবন্ধিত থাকেন তার সংখ্যা যদি একজন প্রার্থীর ভোটে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে বেশি হয় তবে আবার নির্বাচন হবে।

    অর্থাৎ বাকি কেন্দ্রের ফলাফলে জয়ের জন্য দুইজন প্রার্থীর ভোটের পার্থক্য চার হাজার হয় এবং বাতিল হওয়া কেন্দ্রে যদি ভোট এর বেশি হয় তাহলে আবার ভোট হবে। আর তা নাহলে নতুন করে ভোট হবে না।

    সেক্ষেত্রে নতুন করে যদি ভোট নেয়া হয় তবে যে কেন্দ্রের ভোট বন্ধ হয়েছে, কেবল সেই কেন্দ্রেরই নতুন করে ভোট নেয়া হবে। বাকি কেন্দ্রগুলোতে নতুন করে ভোট হবে না।

    ব্যালট পেপার ছিনতাই, জালভোট, সংঘর্ষ বা অন্য কোন কারণে ভোটার আসতে পারছে না বা যথাযথ নির্বাচন সম্ভব না কিংবা এজেন্টদের পিটিয়ে বের করে দেয়া হয়েছে- এমন ক্ষেত্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয় বলে জানান সাবেক এই নির্বাচন কমিশনার।

    সাধারণত কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেন প্রিজাইডিং অফিসার। যথাযথ কারণ দেখিয়ে রিটার্নিং অফিসারকে এই বিষয়ে জানান তিনি।

    মূল কথা মাঠ পর্যায় থেকেই ভোট গ্রহণ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

  17. জেনে রাখতে পারেন, ভোটকেন্দ্রের দায়িত্ব কার? প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টের কাজ কী?

    এবারের নির্বাচনে ৪২ হাজারের ভোটকেন্দ্রে রিটার্নিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত প্রায় লক্ষাধিক নির্বাচনি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

    এদের মধ্যে আছেন ৬৬ জন রিটার্নিং অফিসার, ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসার এবং ৪২ হাজার ১৪৯ জন প্রিজাইডিং অফিসার।

  18. 'ভোটে আর আগের মতো আনন্দ নেই'

    এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে খানিকটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন খুব একটা ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কোন কেন্দ্রেই।

    বিশ্লেষকরা মনে করছেন সাধারণত ভোটের প্যাটার্ন অনুযায়ী সকালের দিকে ভোট গ্রহণে একটা চাপ থাকে, কিন্তু এবার সেটা নেই।

  19. গাজীপুরে ভোটের হার

    সকাল ১০টা থেকে পৌনে বারোটা পর্যন্ত গাজীপুর-২ আসনের গাজীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩ দশমিক ০৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা মোঃ কবির হোসেন।

    এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৬৪ জন।

    আরেকটি কেন্দ্র উত্তর খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ও নারী ভোটার কেন্দ্র মিলিয়ে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত চার দশমিক ৭২ শতাংশ পুরুষ আর চার দশমিক ৬২ শতাংশ মহিলা ভোটারের ভোট পড়েছে।

  20. ফরিদপুরে রনকাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

    ফরিদপুর-৩ আসনের রনকাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সংঘাতের কারণে সকাল সোয়া দশটা থেকে ভোট গ্রহণ স্থগিত আছে।

    ঈগল এবং নৌকার সমর্থকদের ওই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

    মোট ৩ হাজার ৭৩৪ ভোটারের কেন্দ্রটিতে ভোট পড়েছে ৬১২টি।