পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদে স্কুল বন্ধ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। কারণ হিসেবে দেশটি বলছে ভারতের হামলার জবাব দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে দেশটি। পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার ‘জবাব দেওয়া হয়েছে’। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। কারণ হিসেবে দেশটি বলছে ভারতের হামলার জবাব দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
ভারত শাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সেনাবাহিনী আজ সকালে জানিয়েছে যে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় কামান নিক্ষেপ করেছে।
স্থানীয় অধিবাসীরা বিবিসিকে জানিয়েছে, তারা ওই অঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছে।

ছবির উৎস, Red Crescent
পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন যে ভারত তার দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
মি. চৌধুরী জানিয়েছেন যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এইসব হামলা হয়েছে।
ভারত সরকার দাবি করেছে যে তারা নয়টি জায়গায় হামলা চালিয়েছে, এবং কোনও ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মি. চৌধুরী দাবি করেছেন যে তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন।
পাকিস্তানের যেসব জায়গায় হামলা হয়েছে, সেখান থেকে কী জানা যাচ্ছে:
আহমদপুর শারকিয়া (ভাওয়ালপুর)
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমদপুর শারকিয়া একটি ঐতিহাসিক শহর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি এই শহরের শুভান মসজিদে চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি তিন বছরের শিশু কন্যা সহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।
মুরিদকে
পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
জামাত-উদ-দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র এই শহরটি।
সেনা মুখপাত্র বলছেন মুরদিকের উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারতীয় হামলা হয়েছে যাতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।
মুজফ্ফরাবাদ
পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।
ওই শহরে বিবিসির সংবাদদাতা তাবান্দা কোবাব জানাচ্ছেন যে অঞ্চলে হামলা হয়েছে, সেখান থেকে মানুষজন পালাচ্ছেন। রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে গেছে।
কোটলি
নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত কোটলিতে যে হামলা হয়েছে ততে একটি ১৬ বছর বয়সী শিশু কন্যা এবং একজন ১৮ বছর বয়সী কিশোর মারা গেছে। দুজন নারীও আহত হয়েছেন ওই হামলায়।
শিয়ালকোট
ভারত-শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চল থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে দুটি গোলা এসে পড়েছে বলে পাক সেনা মুখপাত্রের দাবি। তার কথায়, কোটলি লোহারাণে এসে পড়া ওই দুটি গোলার একটি বিস্ফোরিত হয় নি। এখানে কেউ হতাহত হন নি।
শকরগড়
পাঞ্জাব প্রদেশের শকরগড় একটি তহশিল শহর। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর খুব কাছেই অবস্থিত এই শহরটি। দুটি ভারতীয় গোলা এই শহরে ছোঁড়া হয়েছিল। একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

ছবির উৎস, bb
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে “ ভারতের স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এর হুমকি ” সম্পর্কে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, “ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। ”

ছবির উৎস, Getty Images
ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি এই কথা লিখেছেন।
আজ সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মি. রুবিওর সাথে কথা বলেছেন “এবং যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অবহিত করেছেন।”
ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
“আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে” ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
রুবিও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের “আশা করি এটা দ্রুত শেষ হবে” এই মন্তব্যের পুনরাবৃত্তিই করেছেন।
তিনি আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে’ তিনি ভারত পাকিস্তান দুই দেশের নেতাদের সাথেই যোগাযোগ অব্যাহত রাখবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার স্থানীয় সময় সকাল দশটায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন। দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
বুধবার মধ্যরাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে।
পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি।
পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দেবে।
দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এক নাটকীয় মোড় নিল। এটা মনেই করা হচ্ছিল যে ভারত কোনও সামরিক জবাব দেবে, তবে পাকিস্তানের অভ্যন্তরে যেভাবে ক্ষেপণাস্ত্র আক্রমণ হয়েছে, তাতে অনেকেই বিস্মিত।
ভারত দাবি করছে, যেসব স্থাপনায় আক্রমণ করেছে তারা, সেখানে ‘সন্ত্রাসী’দের অবস্থান ছিল এবং তারা পাকিস্তানের কোনও সামরিক স্থাপনায় হামলা চালায় নি।
পাকিস্তানও জবাব দেওয়ার সঙ্কল্প নিয়েছে, তবে দিল্লি কীভাবে পাল্টা জবাব দেয়, তার ওপরেই নির্ভর করবে পাকিস্তানের হামলা এবং লক্ষ্যবস্তু।
দুই দেশই মনে করছে যে তারা এই উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পারবে, তবে সামরিক সংঘাত কোন দিকে যাবে, তা ধারণা করা কঠিন।
মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ভারত আর পাকিস্তান - দুই দেশকেই শান্ত করার চেষ্টা করেছে। তবে এটা দেখার বিষয় যে ট্রাম্প প্রশাসন বিশ্বের নানা বিষয়ে জড়িয়ে থাকার মধ্যেই ভারত -পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা প্রশমনে কতটা এগিয়ে আসে।
ভারত আর পাকিস্তান – দুই দেশের রাজনীতিবিদরাই তাদের নিজেদের জনগণকে দেখানোর চেষ্টা করবেন যে তারা চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজেরাই যে জয়ী হয়েছেন, সেটাও প্রমাণ করার চেষ্টা করবেন।
তবে তারা একটা বিরাট বড় ঝুঁকি নিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images
পাকিস্তান শাসিত কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য তারা সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে।
অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারত-শাসিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে।
এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডিগড় এবং রাজকোটের উড়ানগুলি তারা বুধবার দুপুর পর্যন্ত বাতিল করছে।
পাঞ্জাবের অমৃতসর শহরের দিকে আসা দুটি আন্তর্জাতিক বিমান তারা ঘুরিয়ে দিল্লিতে নিয়ে আসছে।
আবার বেসরকারি ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট জানিয়েছে যে উত্তর ভারতের ধরমশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দর বন্ধ থাকার কারণে তাদের বিমান পরিচালনায় পরিবর্তন আনতে হচ্ছে।
ভারতীয় হামলায় আটজন বেসামরিক লোক মারা গেছে এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাক দার।
তিনি আরো জানান, আহমেদপুর পূর্ব শহরে সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে।

ছবির উৎস, Getty Images
পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে।
ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন যে ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা।
ভারতের সেনাবাহিনী দাবি করেছে যে “ছয় ও সাতই মের মাঝরাতে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি-গোলা চালায়।
“এই গুলি-গোলার ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন,” জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
শ্রীনগর শহরের আকাশেও সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে।

ছবির উৎস, Reuters
পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে।
এদিকে, ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।
এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
গত ২২শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলা হলো।
এই হামলার বিস্তারিত নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।
পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।
এই ঘটনাসহ দেশ ও বিদেশের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়। রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী ও মরিয়ম সুলতানা।
বিবিসি বাংলার অন্যান্য খবর জানতে ভিজিট করুন এই পাতায়।