পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় হামলায় ৩১ জনের মৃত্যু, ‘জবাব দেওয়া হয়েছে’ দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে দেশটি। পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার ‘জবাব দেওয়া হয়েছে’। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারা দিন যা যা হলো

    • ভারতের হামলায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আহত হয়েছে ৫৭ জন। আর ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।
    • জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের ‘কাপুরুষোচিত’ হামলার জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ‘ভুল করেছে’ এবং এর জন্য “তাদের মূল্য দিতে হবে” বলেও তিনি উল্লেখ করেন।
    • ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, তুরস্কসহ নানা দেশ এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।
    • ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
    • বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোল শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।
    • বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছে।
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে। তবে ভারত এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
    • ভারত বলেছে, বুধবার মধ্য রাতে তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, যাকে তারা 'সন্ত্রাসবাদী অবকাঠামো’ বলে বর্ণনা করেছে। ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে

  2. ভারতের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন: পাকিস্তান সেনাবাহিনী

    বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

    সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

    এর আগে ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।

    ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মীরে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো ৪৩ জন আহত হয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে।

  3. ভারতের ‘কাপুরুষোচিত’ হামলার জবাব দিয়েছে পাকিস্তান: জাতির উদ্দেশে ভাষণে শাহবাজ শরীফ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    ছবির উৎস, AP

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

    ভারত গত রাতে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, “এর মূল্য দিতে হবে তাদের”।

    “ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে," বলেন তিনি।

    ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং "আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়েছে"।

    তবে দিল্লি এখনো বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেনি।

    পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় হামলা নিহত ২৬ জনের মধ্যে সাত বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন মি. শরীফ।

    তিনি বলেন, সাত বছর বয়সী একটি ছেলে যখন নিহত হয় তখন তার মা এবং ভাইয়ের সাথে বাড়িতে ছিল।

    "আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব," বলেন তিনি।

    গত মাসে পহেলগাম হামলা পাকিস্তানের সাথে "সম্পর্কিত ছিল না" - এবং দেশটিকে "ভুল কারণে অভিযুক্ত" করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

    তিনি বলেন, আমাদের অনুরোধ না রাখা বা উপেক্ষার অভিযোগ তোলার আগে ভারতের প্রতি আমরা তদন্তের দাবি জানিয়েছিলাম।

    দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানিদের সাহস দেখানোর আহ্বান জানান তিনি।

  4. ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

    ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস

    ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্য ক্রমবর্ধমান উত্তেজনায় তিনি উদ্বিগ্ন।

    সাংবাদিকদের তিনি বলেছেন ওয়ারশতে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠকের আগেই তারা "মধ্যস্থতা ও উত্তেজনা কমিয়ে আনার" চেষ্টা করছেন।

    ওদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন "শান্তি, কূটনীতি ও ধৈর্যকে অবশ্যই জয়ী হতে হবে"।

  5. নিয়ন্ত্রণ রেখার কাছের গ্রাম থেকে মানুষ পালাচ্ছে

    মালামাল নিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছে একটি পরিবার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মালামাল নিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছে একটি পরিবার

    পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে যারা বাস করেন তারা কেউ কেউ ঘড়বাড়ি ছেড়ে পালাচ্ছেন।

    নিচের ছবিতে ভারত-শাসিত কাশ্মীরের সুচেতগড় এবং জেওরা ফার্ম গ্রাম থেকে গাড়ি এবং অস্থায়ী ট্রেলারে করে পরিবারগুলোর বেরিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে।

    পাঞ্জাবের কিছু গ্রামের মানুষ তাদের বাড়িঘর খালি করতে শুরু করেছেন। জিনিসপত্র ট্র্যাক্টর-ট্রলিতে ভরে সীমান্ত থেকে দূরের গ্রামে অথবা তাদের আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন তারা।

    সীমান্ত থেকে দূরে সরে যাওয়া বেশ কয়েকটি পরিবারের সাথে বিবিসি কথা বলেছে। সেই পরিবারগুলো জানিয়েছে যে তারা নিরাপদ স্থানে চলে যাচ্ছে।

    তারা জানান, প্রতিটি পরিবারের একজন বা দুজন সদস্য তাদের বাড়িঘর, সম্পত্তি ও জমি রক্ষার জন্য সেখানে থাকবেন।

    ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা সীমান্তের কাছে প্রায় ১২ থেকে ১৪টি গ্রাম রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত।

    ঝুগে হাজারা সিং গ্রামের জিৎ সিং বলেন, "এখানে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে যাচ্ছে।"

    আরেকটি পরিবারের চলে যাবার দৃশ্য

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সীমান্তে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে জানান সেসব এলাকার বাসিন্দারা
  6. বিমানের 'ভাঙা অংশ' দেখে কী জানা যাচ্ছে?

    পামপোরে পাওয়া ফুয়েল ট্যাংক বা ড্রপ ট্যাংক
    ছবির ক্যাপশান, পামপোরে পাওয়া ফুয়েল ট্যাংক বা ড্রপ ট্যাংক

    পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় অংশ নিয়েছে এমন বিমানের ভাঙা কিছু অংশ দাবি করে যেসব ভিডিও ফুটেজ দেখা গেছে সেগুলোর সত্যতা যাচাই করেছে বিবিসি।

    একটি ভিডিও মনে করা হচেছ ভারত শাসিত কাশ্মীরের পামপোর এলাকার। তাতে দেখা যাচ্ছে যে ফাইটার বিমানের ড্রপ ট্যাংকের অংশবিশেষ সরানো হচ্ছে।

    এ ধরনের ট্যাংক বিমান থেকেও ফেলে দেয়া হতে পারে। তাই এটি বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেয় না।

    আরেক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রপ ট্যাংকের একটি টুকরো। এটিও সেই পামপোর এলাকার।

    জেনস ডিফেন্সের বিশেষজ্ঞদের বিশ্বাস এই নির্দিষ্ট ট্যাংক দাসওঁ মিরেজ ২০০০ মডেলের বিমানে বহন করা হয়। ভারতীয় বিমান বাহিনীর এ ধরনের বিমান আছে।

    আরেক ভিডিও পোস্টে ভারতের পাঞ্জাবের বাথিন্দার আকলিয়ান কালান গ্রামের কাছে একটি একটি ক্ষেপণাস্ত্রের অংশ বলে দাবি করা হয়েছে।

    সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিন ক্রাম্প এখন একটি গোয়েন্দা কোম্পানি পরিচালনা করেন। তিনি বলছেন, ওই অংশটি দেখে মনে হচ্ছে এগুলো ফরাসী আকাশ থেকে আকাশে উৎক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্রের, যেটি মিরেজ ২০০০ ও রাফাল যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়।

    এই উভয় ধরনের বিমানই ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে।

  7. ভারতের সরকারি দল বিজেপি বলছে ‘কেউ যুদ্ধ চায় না’

    ভারতের সরকারি দল- ভারতীয় জনতা পার্টি বা বিজেপির মুখপাত্র নালিন কোহলি বলেছেন ‘কেউই যুদ্ধ চায় না’।

    তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্র্রোগ্রামে এই মন্তব্য করেছেন।

    তবে তিনি একই সাথে বলেছেন, "ভারত তার নাগরিকদের অধিকার সুরক্ষা থেকে বিরত থাকবে না এবং ভারতীয়দের রক্ত ঝরবে না-এটি নিশ্চিত করবে।"

    তিনি বলেছেন, সরাসরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে যোগসূত্র আছে এমন জায়গাতেই ভারত আক্রমণ করে “এবং পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো কিছুকে লক্ষ্যবস্তু করা হয়নি”।

  8. পাকিস্তানে হামলা আমাদের শত্রু দেশগুলোর জন্য বার্তা: ভারতীয় মন্ত্রী

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং

    ছবির উৎস, EVN/Doordarshan

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং

    পাকিস্তানে হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, "আমরা প্রতিশোধ নেওয়ায় পুরো দেশ খুশি।"

    "আমাদের দেশ নিরীহ মানুষ এবং বিধবা মহিলাদের হত্যাকারীদের উপযুক্ত জবাব দিয়েছে," গত মাসে পহেলগামে পর্যটকদের ওপর হামলার কথা উল্লেখ করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

    কীর্তি বর্ধন সিং সতর্ক করে বলেছেন, "শত্রু দেশগুলোর উচিত এই হামলাগুলোকে একটি বার্তা হিসেবে নেওয়া যে ভারতের প্রতিটি কোণে তথ্য রয়েছে।"

    "ভবিষ্যতে যদি আমাদের আরো পদক্ষেপ নিতে হয়, তাহলে আমরা আরো শক্তির সাথে তা করব," তিনি যোগ করেন।

    প্রসঙ্গত, ভারত বলেছে যে পহেলগাম হামলায় পাকিস্তান-ভিত্তিক ‘সন্ত্রাসীদের’ জড়িত থাকার বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে, তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে।

  9. পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ

    পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, বেসামরিক বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত আছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, বেসামরিক বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত আছে

    পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

    পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত এবং “বেসামরিক বিমান চলাচল কার্যক্রমের জন্য নিরাপদ”।

    “ভারতের বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য যে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে সে সম্পর্কে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) তার উদ্বেগ জানিয়েছে,” বিবৃতিতে বলা হয়েছে।

  10. আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল: রাজনাথ সিং

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

    ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিখুঁতভাবে, সতকর্তা ও সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যার কারণে বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি।

    সীমা সড়ক সংগঠন বা বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মি. সিং।

    তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে ভারতের সেনাবাহিনী সব দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে। ভারতের সামরিক বাহিনী আজ নতুন ইতিহাস রচনা করেছে।"

    “যে লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল, পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যে নিখুঁতভাবে সেই সব লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে। কোনো অসামরিক নাগরিক স্থাপনা বা বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি- এতটাই সংবেদনশীল ছিল বাহিনী,” জানিয়েছেন রাজনাথ সিং।

    তিনি বলেন, “আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল।”

  11. ভারত-পাকিস্তান সংঘাত সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর থেকে এখন পর্যন্ত যা ঘটেছে, তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরা হলো:

    • ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে 'গুরুতর উদ্বেগের' বিষয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। রাশিয়া বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তুরস্ক বলেছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা 'যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে'।
    • বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোল শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।
    • ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। ওদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতের বিমান হামলায় তাদের ২৬ জন নাগরিক নিহত হয়েছে।
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে।
    • বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছে।
    • ভারত বলেছে, বুধবার মধ্য রাতে তারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, যাকে তারা 'সন্ত্রাসবাদী অবকাঠামো বলে বর্ণনা করেছে। তাদের দাবি, এসব হামলা চালানো হয়েছে 'সুনির্দিষ্ট, পরিমিত এবং উসকানিবিহীন' পদ্ধতিতে। ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে। এটিকে তারা 'কাপুরুষোচিত হামলা' বলে আখ্যায়িত করেছে।
    • গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সাথে অস্বীকার করেছে।
    • পহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয়। যেমন– সীমান্ত বন্ধ ও নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত।
  12. পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    তুরস্ক বলেছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা (তুরস্ক) পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর ওপর নজর রাখছেন।

    "আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যেকোনো উসকানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি," ওই বিবৃতিতে বলা হয়।

    "আমরা আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।"

    ওই বিবৃতিতে আরও বলা হয়, পেহেলগামের ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে তুরস্ক সেটি সমর্থন করে।

  13. সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে অমিত শাহ

    অমিত শাহ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশ প্রধানদের সাথে বৈঠক করেছেন।

    পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা ছাড়াও ফেডারেল সরকার শাসিত লাদাখ, জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নররা বৈঠকে যোগ দিয়েছিলেন।

    এই বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

    তবে পাকিস্তানের কয়েকটি জায়গায় ভারতীয় বিমান বাহিনীর হামলার পর দিল্লি ও ইসলামাবাদে একের পর এক বৈঠকের খবর পাওয়া যাচ্ছে।

  14. ভারতীয় পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    ছবির উৎস, Pakistan's PM Office/Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।

    তিনি বলেন, এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের ভাতিন্ডায় ভূপাতিত হয়েছে।

    পাকিস্তানের সামরিক বাহিনীও এর আগে একই দাবি করেছে।

    ভারত এখনো এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।

    পার্লামেন্টে শাহবাজ শরীফ দাবি করেন, ভারত গত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছে, যেখানে তাদের ৮০টি বিমান অংশ নিয়েছিল।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিধ্বস্ত ভারতীয় বিমানের মধ্যে তিনটি রাফাল বিমানও ছিল। ভারত তার রাফাল বিমানের জন্য খুবই গর্বিত বলেওতিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, "পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের বিমান কখন উড়বে এবং কখন তারা সেগুলো তুলে সমুদ্রে ফেলে দেবে।"

    “আমরা সতর্ক না হলে পাঁচটার জায়গায় ১০টা বিমান গুলি করে ভূপাতিত করা হতো,” বলেন তিনি।

  15. ভারত-পাকিস্তানকে সংযমের আহ্বান যুক্তরাজ্যের

    যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি

    ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে "গুরুতর উদ্বেগের" বিষয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

    "যুক্তরাজ্য সরকার ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন করতে এবং দ্রুত কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য সরাসরি সংলাপে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে," বুধবার এক বিবৃতিতে বলেন তিনি।

    ল্যামি বলেন, উভয় দেশের সাথেই যুক্তরাজ্যের ঘনিষ্ঠ এবং অনন্য সম্পর্ক রয়েছে।

    "আমি ভারত ও পাকিস্তানে আমার প্রতিপক্ষদের কাছে স্পষ্ট করে বলেছি যে যদি এটি আরও তীব্র হয়, তাহলে কেউ জিতবে না," তিনি যোগকরেন।

    "গত মাসে পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট ছিল। আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের সব পক্ষকে জরুরিভাবে কাজ করতে হবে," তিনি আরও বলেন।

    ল্যামি আরো বলেন যে এই অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা "আমাদের অগ্রাধিকার" এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

  16. ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল

    অনেক ফ্লাইট বাতিল করেছে দুই দেশ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অনেক ফ্লাইট বাতিল করেছে দুই দেশ

    বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

    পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোল শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।

    তাদের হিসেব অনুযায়ী পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

    ওদিকে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

    এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ই মে সকাল পর্যন্ত বাতিল করেছে।

    অমৃতসর বিমানবন্দর যাওয়ার পথ থেকে যাত্রীদের ফিরিয়ে দেয়ার দৃশ্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অমৃতসর বিমানবন্দর যাওয়ার পথ থেকে যাত্রীদের ফিরিয়ে দেয়ার দৃশ্য
  17. মৃতের সংখ্যা বেড়ে ১৫, বলছে ভারতীয় আর্মি

    ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের গোলা বর্ষণে ১৫ জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং আহত হয়েছে আরও ৪৩ জন।

    ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ ও তাংদারে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ হয়েছে বলে তারা জানিয়েছে।

    ওদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতের বিমান হামলায় তাদের ২৬ জন নাগরিক নিহত হয়েছে।

  18. ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে রাশিয়া ও ফ্রান্সের বক্তব্য

    পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং তারপর পাকিস্তানের পাল্টা জবাবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। বিষয়টি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়া।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

    সংবাদমাধ্যম ‘আরটি’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুটি দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।

    সে দেশের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার যেকোনো বহিঃপ্রকাশের তীব্র নিন্দা করে এবং এটিকে কার্যকরভাবে মোকাবিলা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।”

    ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “রাশিয়া দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে এবং (রাশিয়া) আশা করে যে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান মতবিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে।”

    প্রসঙ্গত, রাশিয়া কয়েক দশক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র, আবার পাকিস্তানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

    অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন।

    এই প্রসঙ্গে একটি ফরাসী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সন্ত্রাসবাদের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষাকে আমরা বুঝি। কিন্তু উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম অনুশীলন করার আহ্বান জানাচ্ছি। ”

  19. ‘অপারেশন সিন্দুর’ নিয়ে যা বললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

    জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

    জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ কেউ চায় না ঠিকই, কিন্তু ‘উত্তেজনা প্রশমনের’ দায়িত্ব পাকিস্তানের।

    সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, “পাকিস্তানের কোনো সামরিক বা বেসামরিক এলাকার পরিবর্তে সন্ত্রাসীদের আস্তানাগুলোকে ভারত লক্ষ্যবস্তু করেছে। কিন্তু পাকিস্তান কিছু এলাকায় বোমা হামলা চালিয়ে আমাদের সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।”

    ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন। তবে জনসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

  20. ‘আমাদের বাড়ি পুড়ে গিয়েছে, ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি’

    ভারত শাসিত কাশ্মীরের বারামুল্লা জেলার প্রধান হাসপাতাল পরিদর্শন করেছে বিবিসি। সেখানে বুধবার সকালে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে আহত চারজনকে আনা হয়েছিল।

    তাদের মধ্যে একজন সীমান্তের নিকটস্থ উরির বাসিন্দা মঞ্জুর। তার বয়স ১৮ বছর। বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন তিনি, সেই সময় জানালা দিয়ে একটি স্প্লিন্টার এসে তার হাতে আঘাত করে।

    চিকিৎসকরা জানিয়েছেন, স্প্লিন্টারটি অপসারণের করতে হলে অস্ত্রোপচার করতে হবে।

    বদরুদ্দিন নায়েক ও তার পরিবারের দুই সদস্যও ওই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত সালামাবাদে অবস্থিত তাদের বাড়ি। তিনি জানিয়েছেন বুধবার ভোরে একটি আর্টিলারি শেল তার বাড়িতে আঘাত হানে।

    মি. নায়েক ও তার আট বছরের ছেলের মাথায় আঘাত লেগেছে এবং তার শ্যালিকার বুকে রক্ত জমাট বেঁধেছে। তার অস্ত্রোপচার চলছে।

    মি. নায়েক বলেছেন, “আমাদের ঘর পুড়ে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি।”

    হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুর (বাঁদিকে) এবং বদরুদ্দিন নায়েক।
    ছবির ক্যাপশান, হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুর (বাঁদিকে) এবং বদরুদ্দিন নায়েক।