পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় হামলায় ৩১ জনের মৃত্যু, ‘জবাব দেওয়া হয়েছে’ দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে দেশটি। পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার ‘জবাব দেওয়া হয়েছে’। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. 'হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারিনি ভাইঝিকে'

    ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারত শাসিত কাশ্মীরের যে সমস্ত বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে, তাদের একজনের পরিবারের সঙ্গে কথা বলেছে বিবিসি।

    নিয়ন্ত্রণরেখার কাছাকাছি পুঞ্চ জেলার বাসিন্দা বুয়াভা সিং বিবিসিকে জানিয়েছেন, গভীর রাতে তার ভাইঝি রুবি কৌরের বাড়িতে একটি মর্টার শেল আঘাত হানে।

    তিনি বলেছেন, “তিনি সবে ঘুম থেকে উঠে তার অসুস্থ স্বামীর জন্য চা বানাতে গিয়েছিল। শেলের স্প্লিন্টারগুলি তার মাথায় আঘাত করে, যার ফলে মারাত্মক রক্তক্ষরণ হয়।”

    “আমরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।”

    এই ঘটনায় রুবি কৌরের মেয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

    মি. সিং বলেছেন, ওই এলাকায় কোনও কমিউনিটি বাঙ্কার ছিল না। সেই কারণে, স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য করা হন।

    তার অভিজ্ঞতার কথা জানিয়েছে মি. সিং বলেছেন, “এত ভারী গোলাবর্ষণ আমরা আগে কখনও দেখিনি।”

  2. পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো

    বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছে।

    তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো। তবে এখনো ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।

  3. ‘পাকিস্তান তার নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে', সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন পাকিস্তানের

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    ছবির উৎস, Radio Pakistan

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    পাকিস্তান বলেছে, ভারতের হামলার জবাবে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের আছে।

    আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে এই কথা বলা হয়।

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, "জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যেকোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।"

    বিবৃতি অনুসারে, "ভারতীয় আগ্রাসনে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োপযোগী পদক্ষেপের জন্য অত্যন্ত প্রশংসা করে। যেকোনো আগ্রাসন মোকাবিলায় পুরো জাতি দৃঢ়প্রতিজ্ঞ।"

    “পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার করার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য তাকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে,” বলা হয় এতে।

    আরো যুক্ত করা হয়, “পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনো তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা তার জনগণের কোনো ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”

  4. ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

    ভারত-পাকিস্তান, দুই দেশকেই সংযত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ মনে করে কূটনৈতিক দিক থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

    তিনি বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসন করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থানে ফিরে আসবে বলে তারা মনে করেন।

    এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

    'সেখানকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় দেশকে বাংলাদেশ অনুরোধ করেছে যেন তারা শান্ত থাকে, ধৈর্য প্রদর্শন করে এবং পরিস্থিতির আরো অবনতি হতে পারে, এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকে।'

    ''বাংলাদেশ আশা করছে, আঞ্চলিক শান্তি, উন্নতি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে এই উত্তেজনার অবসান হবে,'' বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

    বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিবিসি বাংলাকে বলেন, ভারত, পাকিস্তানের এই সংঘাতে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না। এরপরও বংলাদেশের পণ্য আমদানি-রপ্তানিতে ভারতের আকাশপথে কোনো সমস্যা হয় কি না, সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে।

  5. ভারত-পাকিস্তান সংঘাত সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারত হামলার পর থেকে এখন পর্যন্ত যা ঘটেছে, তা এখানে তুলে ধরা হল:

    • ভারত বলেছে, বুধবার মধ্য রাতে তারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, যাকে তারা 'সন্ত্রাসবাদী অবকাঠামো বলে বর্ণনা করেছে। তাদের দাবী, এসব হামলা চালানো হয়েছে 'সুনির্দিষ্ট, পরিমিত এবং উস্কানিবিহীন' পদ্ধতিতে। ভারত এও বলছে, তারা কোনও পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা করেনি।
    • ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে। এটিকে তারা “কাপুরুষোচিত হামলা” বলে আখ্যায়িত করেছে। তারা এও বলেছে, গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সাথে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। এই হামলার জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান।
    • বুধবার রাতে চালানো এ বিমান হামলার পর দুই দেশের ডি-ফ্যাক্টো সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়।
    • ভারত বলছে, ভারত ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
    • পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে এখন পর্যন্ত তাদের ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। তবে ভারত জানিয়েছে, পাকিস্তানে বেসামরিক নাগরিকের হতাহতের কোনও তথ্য তাদের কাছে নেই।
    • গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সাথে অস্বীকার করেছে।
    • ভারত ও পাকিস্তান, দুই দেশই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিয়েছে। যেমন– সীমান্ত বন্ধ ও নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত।
  6. ভারতের হামলায় পরিবারের ১০ সদস্য নিহত: মাসুদ আজহার

    পাকিস্তানে বসবাসরত জাতিসংঘ ঘোষিত একজন সন্ত্রাসী মাওলানা মাসুদ আজহার জানিয়েছেন, ভারতের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে হামলায় তার পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।

    বিবিসি উর্দু জানাচ্ছে, জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নামে যে জঙ্গি সংগঠনের নেতৃত্ব তিনি দেন, বুধবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচজন শিশু।

    জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালায়, যেখানে ৪০ জন সৈন্য নিহত হয়।

    এই হামলা দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

    সংগঠনটি আরও জানিয়েছে, ওই হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা’ও নিহত হয়েছেন।

  7. ভারত-পাকিস্তান সংঘর্ষের ইতিহাস

    ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধের ঘটনা ঘটেছে। তার বেশিরভাগই ঘটেছে কাশ্মীর ঘিরে।

    ভারতবর্ষ ভাগের কয়েক মাস পরেই প্রথম সংঘর্ষের সূচনা হয়। পরে ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরকে দুইভাবে বিভক্ত করে একটি যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষই পুরো কাশ্মীরের অধিকার দাবি করতে থাকে।

    ১৯৬৫ সালে পাকিস্তানি বাহিনী সীমানা অতিক্রম করে ভারত শাসিত কাশ্মীরে প্রবেশ করার পর তাদের মধ্যে স্থলে ও আকাশে পুরাদস্তুর যুদ্ধ শুরু হয়ে যায়।

    ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ঘিরে আবার দুই দেশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সময় ভারত বাংলাদেশের স্বাধীনতাপন্থীদের সহায়তা করে, যার ফলে পরবর্তীতে বাংলাদেশের জন্ম হয়।

    ১৯৯৯ সালে পাকিস্তানি সেনারা আবার ভারত শাসিত কাশ্মীরে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। পারমাণবিক শক্তিধর হওয়ার পর এটিই প্রথম দুই দেশের মধ্যে বড় আকারের সংঘর্ষের ঘটনা, যা সারা বিশ্বে উদ্বেগ সৃষ্টি করে।

    সাম্প্রতিক বছরগুলোতে ২০১৬ সালে উরি হামলার পর পাকিস্তানে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায় ভারত।

    ২০১৯ সালে পুলওয়ামা বোমা হামলার ঘটনার জেরে বালাকটের কাছে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা বিমান হামলা করে তার জবাব দেয়। কারগিল যুদ্ধের পর সেবারই দুই দেশের মধ্যে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল।

  8. ভারত শাসিত কাশ্মীরে গোলাবর্ষণ আক্রান্ত এলাকা থেকে বিবিসি’র প্রতিবেদন, মাজিদ জাহাঙ্গীর, বিবিসি হিন্দি, শ্রীনগর

    পঞ্চ জেলায় মূল শহরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পঞ্চ জেলায় মূল শহরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

    বিবিসি নিশ্চিত হয়েছে যে ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন সাধারণ মানুষ মারা গেছেন এবং ৩২ জন আহত হয়েছেন।

    দিল্লির বিমান হামলার জবাবে দেশ দুটির মধ্যে কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে, তখন এই ঘটনা ঘটে ।

    স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেন্ধার এলাকায়। বাড়ি এবং দোকানপাট সহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল ফোনে বিবিসিকে বলেন, "বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি"।

    "মানুষ পুরো রাত ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে," বলেন মুঘল। "আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে।"

  9. জাতিসংঘ মহাসচিব বলছেন, বিশ্ব ভারত ও পাকিস্তানের লড়াইয়ের জন্য প্রস্তুত নয়

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘর্ষের জন্য বর্তমান বিশ্ব প্রস্তুত নয়। উভয় দেশকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করার জন্য মি. গুতেরেস আহ্বান জানিয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের সংঘর্ষের খুব তাড়াতাড়ি অবসান হবে।

    অন্যদিকে দুই দেশকেই শান্তি আর স্থিতিশীলতার প্রতি সবার আগে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে চীন।

    আর আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার জন্য ভারত ও পাকিস্তানকে অনুরোধ করেছে জাপান।

  10. সাধারণ নাগরিক ও মসজিদকে লক্ষ্যবস্তু করেছে ভারত: পাকিস্তান

    পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ৯টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত
    ছবির ক্যাপশান, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ৯টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত

    পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাধারণ নাগরিক ও মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করেছিলো ভারত।

    ভারতের আঘাত হানা 'অপারেশন সিন্দুর' প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ভারত পাকিস্তানের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এটি মোদী সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন— যেখানে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে।”

    পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, “এটি মনে রাখা জরুরি যে যেসব স্থানে হামলা হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যম আগের দিন গিয়েছিলো। তারা দেখেছে যে ওই স্থানগুলোতে বেসামরিক মানুষজন অবস্থান করছিলো।”

    তিনি দাবি করেন, পাকিস্তানে ভারতের হামলার জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।

  11. ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের হামলায় নিহত অন্তত সাত জন

    ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে 'অপারেশন সিন্দুর' চালানোর পর পাকিস্তানও ভারত-শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে এবং এই হামলায় সেখানে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত।

    ভারত-শাসিত কাশ্মীরের পঞ্চ জেলার একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এই হামলায় পঞ্চ জেলায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি আহতের সংখ্যা প্রায় ৩২ জন।

    পঞ্চ জেলার অবস্থান ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল-এর কাছাকাছি।

    পঞ্চের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আজহার মজিদ বলেন, "আপাতত গোলাগোলি বন্ধ হয়ে গেছে। তবে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এখন।"

    ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছিলেন।

  12. ভারত-শাসিত কাশ্মীরে কী কোনও বিমান ভেঙ্গে পড়েছে?

    বুলডোজার করে সরিয়ে নেওয়া হচ্ছে ধ্বংসাবশেষ

    ছবির উৎস, Riaz Masroor / BBC

    ছবির ক্যাপশান, বুলডোজার করে সরিয়ে নেওয়া হচ্ছে ধ্বংসাবশেষ

    ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বিমান অথবা বড় ড্রোন ভেঙ্গে পড়েছে বলে বিবিসি জানতে পেরেছে।

    পাম্পোর শহরের কাছে বুধবার ভোর রাতে সেটি ভেঙ্গে পড়ে।

    ওই অঞ্চলে পৌঁছিয়েছেন বিবিসির সংবাদদাতা রিয়াজ মাসরুর।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জানাচ্ছেন, “জেট বিমানের বিকট শব্দের মধ্যেই একটা বিস্ফোরণ শুনতে পান এখানকার বাসিন্দারা। তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন যে কিছু একটা জ্বলছে। যেটি ভেঙ্গে পড়েছে তা বিমান না কোনও ড্রোন, তা এখনও স্পষ্ট নয়। সরকারিভাবে এখনও কিছুই জানানো হয় নি।“

    যে জায়গায় ওই বিমান অথবা ড্রোনটি ভেঙ্গে পড়েছে, তার কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না সেনাবাহিনী।

    ধ্বংসাবশেষ বুলডোজারে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা বিবিসির সংবাদদাতা নিজে দেখেছেন।

  13. ‘পহেলগাম, মুম্বাই হামলার জবাব দিয়েছি আমরা’ – দাবি ভারতের

    ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত বিলাল মসজিদ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত বিলাল মসজিদ

    ভারত দাবি করেছে, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের হামলা চালানোর ঘটনা পহেলগাম হামলা-সহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে’র জবাব দিতেই!

    ‘কোল্যাটারাল ড্যামেজ’ বা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা কম রেখে শুধুমাত্র 'সন্ত্রাসবাদী' ঘাঁটি ও বিভিন্ন প্রশিক্ষণ শিবিরেই এই হামলা চালানো হয়েছে বলেও ভারত দাবি করেছে, যেটাকে তারা ‘প্রিসিশন স্ট্রাইক’ বলে বর্ণনা করছে।

    দিল্লিতে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সাংবাদিক সম্মেলনে বুধবার সকালে এ কথা জানানো হয়।

    ভারতের হয়ে এই সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং সেনাবাহিনীর তরফে দুজন প্রতিনিধি - স্থলবাহিনীর হয়ে কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং, যারা দুজনেই নারী।

    বিক্রম মিশ্রি বলেন, পহেলগামের ঘটনায় ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের যে সংগঠনটি দায় স্বীকার করেছে এবং লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে হামলার ছবি পোস্ট করা হয়েছে তাতে এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট।

    ভারতের একাধিক বিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে ব্যাপারে ভারত কোনও মন্তব্য করেনি। অভিযানে ভারতের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটাও কিছু বলা হয়নি।

    সাংবাদিক বৈঠকে কোনও প্রশ্ন নেওয়া হবে না বলে শুরুতেই জানিয়ে দেওয়া হয়।

    লক্ষণীয় বিষয় হল, শুধু পহেলগাম হামলাই নয়, তার আগে মুম্বাইতে ২৬/১১-র হামলা থেকে শুরু করে ভারতে চালানো আরও বহু হামলায় যে সব 'সন্ত্রাসবাদী' জড়িত বলে ভারত মনে করে, তারা যেখানে প্রশিক্ষণ পেয়েছে বলে ভারতের ধারণা, তার সবগুলোই আক্রমণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে এদিনের সাংবাদিক বৈঠকে দাবি করা হয়েছে।

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে সকাল দশটা নাগাদ প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে তাকে সার্বিক সামরিক পরিস্থিতি নিয়ে অবহিত করেছেন।

    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তারও বেশ খানিকক্ষণ আগেই সেখানে পৌঁছে যান।

  14. ভারতের আত্মরক্ষার অধিকার আছে, পাকিস্তানে হামলার প্রতিক্রিয়া ইসরায়েল

    ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার (ফাইল ফটো)

    পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ভারত 'অপারেশন সিন্দুর' নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।

    তার ভাষ্য, "ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।"

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, "সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনও আশ্রয়স্থল নেই।”

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "পাকিস্তান ও পাকিস্তান-শাসিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।"

  15. পাকিস্তানের যেসব জায়গায় হামলা চালিয়েছে ভারত

    মানচিত্রে হামলার স্থান

    মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারত অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর।

    ভারতের সেনাবাহিনী দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।

    পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, গতরাত ও আজ ভোরের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

  16. অপারেশন সিন্দুরে এখন পর্যন্ত নিহত ২৬ জন, দাবি পাকিস্তানের

    হামলায় মুরিদকে'র একটি ক্ষতিগ্রস্ত ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলায় মুরিদকে'র একটি ক্ষতিগ্রস্ত ভবন

    পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানে গতকাল রাত ও আজ ভোরের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

    পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আহমেদপুর ইস্ট এলাকায় সুবহান আল্লাহ মসজিদে হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

    নিহতদের মধ্যে তিন বছরের দুইটি শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। ওখানে আহত হয়েছেন ৩৭ জন।

    এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত এবং দু'জন আহত হয়েছেন।

    কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত, এবং দু্ইজন আহত হয়েছেন।

    মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

    শিয়ালকোট ও শাকারগড় এলাকায়ও হামলা করা হয়েছে, কিন্তু সেখানে কেউ হতাহত হননি।

  17. 'দুই পক্ষই জানে, এই ঘটনায় অনেক বড় ঝুঁকি আছে', জেরেমি বোয়েন, আন্তর্জাতিক সম্পাদক, বিবিসি নিউজ

    প্রথমেই বলি, দুই পক্ষই জানে, এই ঘটনায় অনেক বড় ঝুঁকি আছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ।

    যারা এই খবর দেখছে, বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন ওই এলাকায় আছে, অথবা যারা ভাবছে সামনে কী হতে পারে- তারা সবাই চিন্তিত।

    সাংবাদিকদের উচিত আবেগে ভেসে না গিয়ে শান্তভাবে খবর জানানো।

    এই ঘটনা এখন সারা বিশ্বে বড় খবর হয়ে উঠেছে।

    কিন্তু এখন দরকার, দুই দিক থেকেই কূটনৈতিকভাবে চেষ্টা করা—যাতে আর সমস্যা না বাড়ে, বরং শান্তি আসে। দুই পক্ষই যেন বলতে পারে, "ন্যায়বিচার হয়েছে, এখন আমরা এখানেই ইতি টানতে পারি।"

  18. পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

    পাকিস্তান দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে।

    পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “এখন পর্যন্ত ভারতের পাঁচটি আকাশযান, যার মধ্যে রয়েছে– তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি হেরন ড্রোন – গুলি করে ভূপাতিত করা হয়েছে।”

    তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের এই দাবি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

  19. ভারত-পাকিস্তান সংঘাতে বিভিন্ন এয়ারলাইন্সের রুট পরিবর্তন

    কাতার এয়ারওয়েজ

    ছবির উৎস, Getty Images

    ভারত পাকিস্তানের মাঝে সংঘাতের কারণে ইউরোপগামী অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স।

    ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলা চালানোর পর ইসলামাবাদ জানায়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক আকাশপথেও।

    তাইওয়ানের ইভা এয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য নতুন করে রুট নির্ধারণ করছে ইউরোপগামী ও ইউরোপ ফেরত ফ্লাইটগুলো।

    বিমান সংস্থাটি আরও জানায়, ভিয়েনা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটকে আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং তাইপেই থেকে মিলানগামী একটি ফ্লাইট ভিয়েনায় গিয়ে জ্বালানি নিয়ে গন্তব্যে রওনা দেবে।

    দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা সিওল থেকে দুবাইগামী ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। তারা এখন পাকিস্তানের আকাশের পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে চলবে।

    থাই এয়ারওয়েজ জানিয়েছে, ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী ফ্লাইটগুলো আজ বুধবার ভোর থেকে নতুন রুটে যাচ্ছে। এতে কিছু ফ্লাইটে দেরি হতে পারে বলে সতর্ক করেছে তারা।

    ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে এবং রিরাউটিং সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

    তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, চলমান প্রেক্ষাপটে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা জরুরি পরিকল্পনা করছে। তবে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি।

    এছাড়া, কাতার এয়ারওয়েজও পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

  20. ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ

    পাকিস্তান শাসিত কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

    চীন ওই দুই দেশেরই প্রতিবেশী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছে, "চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।”

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়—এরা চীনেরও প্রতিবেশী।”

    তিনি আরও বলেন, “চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে।”

    চীন ভারত-পাকিস্তান দু'পক্ষকেই "শান্তি ও স্থিতিশীলতাকে" গুরুত্ব দিয়ে সংযত থাকতে আহ্বান জানিয়েছে।

    চীনের ওই মুখপাত্র বলেন, তারা "এমন কোনও পদক্ষেপ যেন না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।"