বুধবার সারা দিন যা যা হলো
- ভারতের হামলায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আহত হয়েছে ৫৭ জন। আর ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের ‘কাপুরুষোচিত’ হামলার জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ‘ভুল করেছে’ এবং এর জন্য “তাদের মূল্য দিতে হবে” বলেও তিনি উল্লেখ করেন।
- ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, তুরস্কসহ নানা দেশ এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।
- ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
- বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোল শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।
- বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছে।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে। তবে ভারত এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
- ভারত বলেছে, বুধবার মধ্য রাতে তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, যাকে তারা 'সন্ত্রাসবাদী অবকাঠামো’ বলে বর্ণনা করেছে। ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে।
















