বুধবার সারাদিন যা যা হলো
- রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ আবেদনের শুনানি হবে বলে দিন ঠিক করেছে আদালত।
- গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বেশ কিছু বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
- যুক্তরাষ্ট্রের 'প্রতিশোধমূলক শুল্ক' নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে প্রয়োজনে আরও সময় চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- কাশ্মীরে হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে, এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
- ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আট জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ''২২৬টি মামলা রয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি" এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার শুনানি শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
- পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত।
- প্রায় আড়াই দশক আগে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ঘোষণা হবে আগামী আটই মে।
- কলকাতা শহরের ব্যস্ত বড়বাজার এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই হোটেলটিতে আগুন লাগে।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবারের লাইভ পেইজ দেখতে ক্লিক করুন এখানে।












