খালেদা জিয়া দেশে ফিরতে পারেন পাঁচই মে

প্রায় চার মাস পর আগামী পাঁচই মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক পার্টনার সিবিসি এবং রয়টার্স এমন তথ্য দিচ্ছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটলো

    • প্রায় চার মাস পর আগামী পাঁচই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ চৌঠা মে লন্ডন থেকে তার রওনা দেবার কথা রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
    • অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উসকে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
    • সরকারের ক্ষমতা আর মববাজি দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার চালালে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মে দিবসে শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
    • কক্সবাজারের টেকনাফের দমদমিয়া সীমান্ত এলাকায় নাফ নদ থেকে চারজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার সকালে দমদমিয়ার লাল দ্বীপসংলগ্ন নদীতে মাছ ধরার সময় অপহরণের ঘটনা ঘটে।
    • পহেলগাম হামলার পর পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের পদত্যাগ করতে যাচ্ছেন

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

    বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক পার্টনার সিবিসি এবং রয়টার্স এমন তথ্য দিচ্ছে।

    একইসঙ্গে তার ডেপুটি অ্যালেক্স ওং পদ ছেড়ে দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তবে বেনামি সূত্রের বরাতে পাওয়া তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

    ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হওয়ার ঘটনার দায় স্বীকারের কয়েক সপ্তাহ পরই ওয়াল্টজের পদ ছাড়ার সিদ্ধান্তের খবর সামনে এলো।

    এটাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো সদস্যের পদত্যাগের প্রথম ঘটনা।

    আবার ট্রাম্পের নির্বাচনি জয়ের পর প্রথম দিককার নিয়োগের তালিকায়ও ছিলেন মাইকেল ওয়াল্টজ।

    মাইক ওয়াল্টজ

    ছবির উৎস, Bloomberg

    ছবির ক্যাপশান, মাইক ওয়াল্টজ
  3. খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে পারেন পাঁচই মে

    পরিবারের সঙ্গে বেগম খালেদা জিয়া

    ছবির উৎস, Tarique Rahman

    ছবির ক্যাপশান, পরিবারের সঙ্গে বেগম খালেদা জিয়া

    প্রায় চার মাস পর আগামী পাঁচই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ চৌঠা মে লন্ডন থেকে তার রওনা দেবার কথা রয়েছে।

    বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন।

    বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমান এবং মি. হোসেনও দেশে ফিরবেন।

    মি. হোসেন বলেন, মিসেস জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।

    শারীরিক দিক থেকে মিসেস জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি।

    এর আগে এ বছরের সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।

    ৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

  4. সরকারের ক্ষমতা আর মববাজি দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার মেনে নেব না: জিএম কাদের

    সরকারের ক্ষমতা আর মববাজি দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার চালালে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

    বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    মি. কাদের বলেন, “সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করে, এটাই স্বাভাবিক। সে জন্য সাংবাদিকদের চাকরি চলে যাবে, টিভি স্টেশন বন্ধ হয়ে যাবে, এমন কালচার আমরা দেখতে চাই না। আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করেছি আরেক ফ্যাসিবাদকে গ্রহণ করতে নয়। আমরা এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো”।

    প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে দিয়ে সংস্কার হবে- এমনটা বিশ্বাস করেন না উল্লেখ করে তিনি বলেন, “সরকার প্রধান হিসেবে তার উপরে আমাদের কোন আস্থা নেই, আমরা তাকে চাই না। তারা যে সংস্কারের কথা বলছে, তা বাস্তবায়নযোগ্য নয়। তারা যে নতুন দল করেছে, তা পুরনো স্টাইলেই আগাচ্ছে। চাঁদাবাজি ও শোডাউনের রাজনীতি করতে গিয়ে তারা কাকের গায়ে ময়ুয়ের পালক লাগিয়েছে”।

    “যেহেতু অন্তর্ভূক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হোন”, বলেন তিনি।

    আলোচনা সভায় জিএম কাদের

    ছবির উৎস, জাতীয় পার্টি

    ছবির ক্যাপশান, আলোচনা সভায় জিএম কাদের
  5. উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

    বজ্রপাতের আঘাতে বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

    নিহতের নাম রাকিবুল হাসান খান রাফি। বয়স ২৩ বছর। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন।

    টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত রাফির ফুফাতো ভাই শ্রাবণ বিবিসি বাংলাকে জানান, দুপুরের দিকে টঙ্গীর ইজতেমা মাঠে কয়েকজন মিলে ক্রিকেট খেলতে যায়।

    বৃষ্টি শুরু হলে খেলা থামিয়ে ফেরার পথে তারা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

    আহতদের উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  6. 'অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উসকে দিতে চায়'

    অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উসকে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    আন্তর্জাতি শ্রমিক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

    অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে মি. রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উসকে দিতে চায়। গণতন্ত্রকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে”।

    একইসঙ্গে দ্রুততম সময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়। তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়”।

    “এই ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়। তবে বিশেষ পরিস্থিতির সরকার কখনই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না”, বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো নিঃশর্ত সমর্থন দিচ্ছে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই সমর্থন দেওয়া যৌক্তিক নয়।

    এছাড়া মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর করার বিষয়ে সরকারের যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মি. রহমান।

    “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার” জনগণকে, এমনকি রাজনৈতিক দলগুলোকে জানায়নি উল্লেখ করে তিনি বলেন, এবিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা আসতে হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সংসদের মাধ্যমেই।

    “আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থে নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনও দেশ নয়, সবার আগে বাংলাদেশ – এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য”, বলেন তিনি।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    ছবির উৎস, Tarique Rahman/FB Page

    ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
  7. নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    কক্সবাজারের টেকনাফের দমদমিয়া সীমান্ত এলাকায় নাফ নদ থেকে চারজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

    বৃহস্পতিবার (১ মে) সকালে দমদমিয়ার লাল দ্বীপসংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

    তিনি জানান, অপহরণ হওয়া জেলেদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি দেখছে।

    নাফ নদী (প্রতীকী ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নাফ নদী (প্রতীকী ছবি)
  8. নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

    আন্তর্জাতি শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে।

    জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর থেকে সমাবেশ শুরু হয়। ঢাকাসহ আশপাশের জেলার নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন।

    সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা। এসময় সমাবেশে অংশ নেয়া অনেককেই রঙিন ব্যানার, ক্যাপ ও টি-শার্ট নিয়ে উপস্থিত হতে দেখা গেছে।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে।

    নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে
  9. কুয়েটে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ

    অধ্যাপক মো. হযরত আলীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরাকৌশল বিভাগের অধ্যাপক।

    এনিয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১০) ও ১০ (৩) ধারা অনুসারে অধ্যাপক আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

    বিশ্ববিদ্যালয়টির পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

    এর আগে, গত ১৮ই ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হন।

    পরদিন প্রশাসনিক ভবনসহ সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

    ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি করা হয়।

    ওই রাতে খানজাহান আলী থানায় অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন।

    পরে ২৫শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।

    এরপর আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা গত ১৩ই এপ্রিল বিকেল থেকে আন্দোলন জোরালো হয়।

    পরদিন ১৪ই এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

    এরপর ১৫ই এপ্রিল শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা দেন। ঘোষণার পর আন্দোলনকারীরা কুয়েটের ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে হলগুলোয় প্রবেশ করেন।

    ১৬ই এপ্রিল দুপুরে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

    পরদিন উপাচার্যের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয় এবং বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার ঘোষণা দেন।

    দুই মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন এবং ৫৮ ঘণ্টার অনশনের পর গত ২৩শে এপ্রিল সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কামালকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    কুয়েটের নতুন উপাচার্য ড. মো. হযরত আলী

    ছবির উৎস, cuet.ac.bd

    ছবির ক্যাপশান, কুয়েটের নতুন উপাচার্য ড. মো. হযরত আলী
  10. সামনের কিছুদিন ঢাকাসহ বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে

    আবহাওয়া দিবস

    ছবির উৎস, meteorological department

    সামনের পাঁচ দিন ঢাকাসহ সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

    এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এদিকে শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  11. চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, আহত দুই জন

    বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে

    ছবির উৎস, Karnaphuli Police

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈরাগ ইউনিয়নের আট নম্বর পানির ট্যাংকের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় স্থানীয় শিশু-কিশোররা পাহাড়ের ওপরে মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় হঠাৎ পাহাড় ধসে পড়ে।

    তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন শিশু ভেতর থেকে বেরিয়ে এলেও আটকা পড়ে চার জন। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আটকে পড়া চার শিশুকে উদ্ধার করে।

    এরপর তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রোহান ও মিসবাহ নামে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। শিশু দুটির বয়স ১১ ও ১২ বছর।

    বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের খবর নিশ্চিত করেছেন কর্ণফুলি থানার ওসি মো. শরিফ।

    এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের সবাই স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    আহত এক শিশুর বাবা মোহাম্মদ পারভেজের অভিযোগ, শিশুরা যে পাহাড়ের ওপরে খেলছিলো সেটি কয়েক দফায় কাটার কারণে ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিলো। তার ওপর বুধবার রাতে বৃষ্টি পড়ার কারণে মাটি আলগা হয়ে পাহাড় ধসে পড়েছে।

  12. পহেলগাম হামলা সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন শাহবাজ শরীফ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ছবির উৎস, Radio Pakistan

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার টেলিফোনে যোগাযোগ করেছেন।

    পরে মি. শরীফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, পহেলগাম হামলার পর দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মার্কো রুবিওকে অবহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

    বিবৃতিতে বলা হয়েছে, মি. রুবিও বিস্তারিত আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য উভয় পক্ষের একসাথে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

    বিবৃতি অনুযায়ী, পহেলগামের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টাকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সত্য উন্মোচনের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

    শেহবাজ শরীফ আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ভারতকে এই ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে এবং দায়িত্বশীল আচরণ করতে চাপ দেয়।

    প্রধানমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি নিয়ে আগ্রাসী অবস্থান নিয়েছে, অথচ এই পানির ওপর নির্ভর করে আছে পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনযাপন।

    বিবৃতিতে অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সিন্ধু পানি বণ্টন চুক্তিতে কোনো পক্ষের একতরফাভাবে পানি প্রত্যাহারের কোনো বিধান নেই।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে জম্মু ও কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানই দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি নিশ্চিত করার একমাত্র উপায়।

    “সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ৯০ হাজারেরও বেশি প্রাণ উৎসর্গ করেছে এবং পাকিস্তানকে ১৫২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি বহন করতে হয়েছে,” বিবৃতিতে বলা হয়।

    "ভারতের ক্রমবর্ধমান উসকানিমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক" উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উসকানি বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত আইএসকেপি, টিটিপি এবং বিএলএ-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে পরাজিত করার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।

  13. ভারত ও পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ছবির উৎস, Getty Images/Radio Pakistan

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার পাকিস্তান ও ভারতের সাথে যোগাযোগ করেছেন।

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে গত ২২শে এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানাতে বলেছেন।

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বুধবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং তাদের উত্তেজনা কমিয়ে পারস্পরিক যোগাযোগ পুনরায় শুরু করতে বলেছেন।

    "পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নৃশংস হামলার তদন্তে সহযোগিতা করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।"

    পাকিস্তানকে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে, সরাসরি যোগাযোগ পুনরায় চালু করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে বলেছেন তিনি।

    দুই দেশের নেতারা এই হামলার জন্য সন্ত্রাসীদের জবাবদিহিতার আওতায় আনার অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

    'ভারতের উচিত পাকিস্তানের সাথে একসাথে এগিয়ে যাওয়া'

    শেহবাজ শরীফের সাথে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে ফোনে কথা বলেন।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, মার্কো রুবিও ভারতকে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে বলেছেন।

    তিনি পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

    বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তিনি বুধবার তার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে পহেলগাম হামলার বিষয়ে কথা বলেছেন।

    সুব্রামানিয়ান জয়শঙ্কর বলেছেন যে পহেলগাম হামলার দায়ীদের, তাদের পেছনে থাকা সমর্থকদের এবং পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা হবে।

  14. পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ ঘোষণা

    পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান, ফাইল ছবি

    পহেলগাম হামলার পর পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বুধবার এই সিদ্ধান্ত নেয় তারা।

    ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, কর্মকর্তারা জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞা পহেলা মে থেকে ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে। এই বিষয়ে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) বুধবার সন্ধ্যায় একটি নির্দেশনা বা নোটাম জারি করেছে।

    বিমানকর্মীদের জন্য আকাশসীমায় ফ্লাইটের বিষয়ে তথ্য জানাতে জারি করা হয়েছে এটি।

    এই নিষেধাজ্ঞার অর্থ হলো পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা লিজ নেওয়া পাকিস্তানি বিমান এবং অপারেটরদের বিমানের জন্য ভারতীয় আকাশসীমা উন্মুক্ত থাকবে না।

    একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞা পাকিস্তানের সামরিক বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

    কোনো সরাসরি বিমান নেই

    ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সরাসরি বিমান নেই। পাকিস্তানি বিমান সংস্থাগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোয় তাদের বিমানের চলাচলের জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহার করে।

    গত ২২শে এপ্রিল পহেলগাম হামলার একদিন পর, ২৩ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় ভারত। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি 'স্থগিত' করা, আটারিতে একমাত্র কার্যকর স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা।

    প্রতিক্রিয়ায়, পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং তৃতীয় দেশের মাধ্যমে ভারতের সাথে সঙ্গে বাণিজ্য স্থগিত করে।

    সিন্ধু পানি চুক্তি সম্পর্কে পাকিস্তান বলেছে যে যদি পানিপ্রবাহ বন্ধ করার বা অন্য কোথাও সরানোর কোনো প্রচেষ্টা করা হয়, তবে এটি 'যুদ্ধ ঘোষণা' হিসেবে বিবেচিত হবে।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পরেন-

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের অন্যান্য খবর পেতে ক্লিক করুন এখানে