রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা : ৮ জনের ফাঁসি

ছবির উৎস, bbc
বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় আদালত জঙ্গি সংগঠনের নেতা মুফতি আব্দুল হান্নান সহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে।
এই সাজাপ্রাপ্ত সকলেই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সাথে সম্পৃক্ত।
২০০১ সালের ১৪ই এপ্রিল সকালে ঢাকার রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়নটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান চলার সময় মঞ্চের কাছেই ওই বোমা বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় কমপক্ষে দশ জন নিহত এবং আরো অনেকে আহত হন।
ঘটনার তেরো বছর পর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ রায় হলো।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মাওলানা তাজউদ্দীন, জাহাঙ্গীর আলম বদর, আবু বকর, আব্দুল হাই এবং শফিকুর রহমান।
মৃত্যুদন্ড প্রাপ্ত মাওলানা তাজউদ্দীন বিএনপি নেতা এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই।
মুফতি আব্দুল হান্নানসহ আটক থাকা নয়জনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়েছিল।
মাওলানা তাজউদ্দিনসহ পাঁচজন পলাতক রয়েছে।








