মারিউপোলে হাসপাতালের শিশু ও প্রসূতি ওয়ার্ডের ওপর বোমা হামলা

বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া আবার মানবিক করিডোর ঘোষণা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সর্বশেষ খবরাখবর:

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম and পুলক গুপ্ত

  1. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আজকের এখন পর্যন্ত প্রধান খবর

    :·ইউক্রেনে যুদ্ধের হাত থেকে বাঁচতে সেদেশ ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন দুই মিলিয়ন বা ২০ লক্ষ ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘ।

    ·রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছে।

    . ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহর থেকে বেসামরিক লোকদের বের করে নিয়ে যাবার পথটির ওপর রুশ সৈন্যরা গোলাবর্ষণ করছে।

    ·কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে 'মানবিক করিডোর' ঘোষণা করেছে রাশিয়া।

    ·ইউক্রেন পরিস্থিতি নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথে এক ভার্চুয়াল বৈঠক করেছেন।

    বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস।

    ·রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

    ·জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত ১,২০৭ জন বেসামরিক লোক হতাহত হয়েছে।

    ·পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইউক্রেন থেকে ১২ লাখ মানুষ সেদেশে প্রবেশ করেছে।

  2. ইউক্রেনে হতাহত বেসামরিক মানুষের সংখ্যা ১,২০৭, বলছে জাতিসংঘ

    জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে গত ২৪শে ফেব্রুয়ারি রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত ১,২০৭ জন বেসামরিক লোক হতাহত হয়েছে।

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার লিজ থ্রোসেল বলেন, এর মধ্যে ৪০৬ জন নিহত এবং ৮০১ জন আহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

    বেশিরভাগ মানুষই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন। ইউক্রেনর শহরগুলোতে শত শত আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

    নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    এছাড়া জাতিসংঘ বলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়ায় প্রায় ১২,৭০০ লোককে গ্রেফতার করা হয়েছে।

  3. শান্তি আলোচনার ডাক দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে “দুর্ভাবনার” বলে বর্ণনা করে 'সর্বোচ্চ সংযমের' আহ্বান জানিয়েছেন।

    মি. শি আজ ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথে এক ভার্চুয়াল বৈঠক করার সময় এ কথা বলেন।

    চীনা প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনাকে তিন দেশেরই সমর্থন দেয়া উচিত, এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার ওপর অগ্রাধিকার দিতে হবে।

    মি. শি, ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের ভার্চুয়াল বৈঠক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মি. শি, ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের ভার্চুয়াল বৈঠক
  4. রুশ অশোধিত তেল কেনা বন্ধ করবে শেল

    বৃহৎ তেল কোম্পানি শেল বলছে, গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেলের একটি চালান কেনার জন্য তারা দুঃখিত।

    এক বিবৃতিতে শেল বলেছে, রুশ অশোধিত তেল কেনার “সিদ্ধান্তটি ভুল ছিল।“

    কোম্পানিটি আরো বলছে, তারা রুশ তেল কেনা অবিলম্বে বন্ধ করবে এবং রাশিয়ায় তাদের সার্ভিস স্টেশন ও বিমানের জ্বালানি ও লুব্রিক্যান্টস সংক্রান্ত কার্যক্রমও থামিয়ে দেবে। রাশিয়ার সাথে অন্যান্য যোগাযোগও পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

    শেল পৃথিবীর অন্যতম বৃহৎ তেল কোম্পানি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শেল পৃথিবীর অন্যতম বৃহৎ তেল কোম্পানি
  5. মারিউপোলের লোকদের বেরিয়ে যাবার পথের ওপর রুশ গোলাবর্ষণের খবর

    বিবিসি খবর পেয়েছে যে ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহর থেকে বেসামরিক লোকদের বের করে নিয়ে যাবার পথটির ওপর রুশ সৈন্যরা গোলাবর্ষণ করছে।

    ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন,মারিউপোল এবং জাপোরিঝিয়ার মধ্যেকার করিডোরের ওপর রুশ বাহিনী আক্রমণ চালিয়েছে।

    মারিউপোল শহরে মানবিক ত্রাণ পৌঁছে দিতে এবং বেসামরিক লোকদের জাপোরিঝিয়ায় নিয়ে যেতে আটটি ট্রাক এবং ৩০টি বাস সেখানে যাচ্ছে।

    অবরুদ্ধ শহরটিতে গত প্রায় এক সপ্তাহ ধরে মানুষ বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় কাটাচ্ছে, খাদ্যও শেষ হয়ে আসছে।

  6. রাশিয়া হয়তো ইরপিনে যুদ্ধের নিয়ম লংঘন করেছে, বলছে হিউম্যান রাইটস ওয়াচ

    মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক বিশ্লেষণে আভাস পাওয়া যাচ্ছে যে কিয়েভের পশ্চিমে ইরপিনে রাশিয়ার গোলাবর্ষণের সময় যুদ্ধের নিয়ম লংঘিত হয়েছে।

    মার্চ মাসের ৬ তারিখে কয়েক ঘন্টা ধরে রুশ বাহিনী এমন একটি রাস্তার মোড়ে গোলাবর্ষণ করে - যা শত শত বেসামরিক লোক ওই এলাকা ছেড়ে পালানোর জন্য ব্যবহার করছিল।

    হিউম্যান রাইটস ওয়াচের বিশ্লেষণে বলা হয়, ওই আক্রমণে অন্তত আট জন বেসামরিক লোক নিহত হয় এবং যেভাবে সেখানে বারবার আক্রমণ চালানো হয়েছে তাতে আভাস পাওয়া যায় যে রুশ সৈন্যরা আন্তর্জাতিক মানবিক আইন লংঘন করেছে।

  7. রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত যা ঘটেছে

    রাশিয়া ও ইউক্রেনের মধ্য ১৩তম দিনের মতো যুদ্ধ চলছে। আপনি যদি কিছুক্ষণ আগে বিবিসি বাংলার লাইভ পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে এই যুদ্ধের সর্বশেষ যেসব তথ্য জেনে রাখতে পারেন:

    ·ইউক্রেনে যুদ্ধের হাত থেকে বাঁচতে সেদেশ ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন দুই মিলিয়ন বা ২০ লক্ষ ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘ।

    ·রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছে।

    ·ইউক্রেনের শহরগুলোয় ভারী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী। ফলে বেসামরিক বাসিন্দারা যুদ্ধক্ষেত্র ছাড়তে পারছে না।

    ·কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে 'মানবিক করিডোর' ঘোষণা করেছে রাশিয়া। এর আগেও এরকম করিডোর ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি।

    ·বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস।

    ·রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

    ·ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানাচ্ছে, খারকিভের কাছাকাছি লড়াইয়ে রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছেন। ভিতালি গেরাসিমভ রাশিয়ান বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।

    ·পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইউক্রেন থেকে ১২ লাখ মানুষ সেদেশে প্রবেশ করেছে।

  8. বিশ লক্ষ লোক ইউক্রেন ছেড়েছে : জাতিসংঘ

    ইউক্রেনে যুদ্ধের হাত থেকে বাঁচতে সেদেশ ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন দুই মিলিয়ন বা ২০ লক্ষ ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘ।

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনরা ফিলিপো গ্রান্ডি বিবিসিকে এ কথা বলেন।

    এর আগে মি.গ্রান্ডি ইউক্রেনের পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দ্রুত-বাড়তে থাকাশরণার্থী সংকট বলে আখ্যায়িত করেছিলেন।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  9. ইউক্রেনের বিরুদ্ধে পরমাণূ অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ জোরদার করছে রাশিয়া, বলছে ব্রিটেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানের যৌক্তিকতা দেবার জন্য হয়তো এই প্রচারণার মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে - ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

    “ইউক্রেন পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র তৈরির কাজ করছে” বলে রাশিয়া যে অভিযোগ করে থাকে তা ফেব্রুয়ারি মাস থেকে আরো জোরদার হয়েছে - বলছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

    ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অনেক দিন ধরেই রাশিয়া এমন কথা বলে আসছে – তবে ইউক্রেনে রাশিয়ার অভিযানের যৌক্তিকতা দেবার জন্য হয়তো এই প্রচারণার মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে।

    ইউক্রেনের সামরিক বাহিনী অভিযোগ করেছে যে রাশিয়া মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে।

  10. ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সবশেষ আপডেট জানাতে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে আপনাকে স্বাগতম।। রিপোর্ট করছেন সায়েদুল ইসলাম ও পুলক গুপ্ত।

  11. ইরপিন ও সুমি থেকে বেসামরিক লোকেরা বেরিয়ে যাচ্ছে, অবরুদ্ধ শহরগুলোর জন্য মানবিক করিডোর, ১২ ঘন্টার যুদ্ধবিরতি

    ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছে।

    এ শহরটিতে গত ক'দিন ধরে প্রচণ্ড লড়াই চলছিল।

    স্থানীয় সময় সকাল সাড়ে ন'টা পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ শহর ছেড়েছে।

    ইউক্রেনের উত্তর-পূর্ব দিকের সুমি শহর থেকেও বেসামরিক লোকেরা বেরিয়ে যেতে শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

    এর আগে কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে 'মানবিক করিডোর' খুলতে একমত হয় রাশিয়া ও ইউক্রেন।

    এর আগেও এরকম করিডোর ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি।

    এখন বলা হচ্ছে স্থানীয় সময় সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

    ইরপিন শহর থেকে পালানোর জন্য  বেপরোয়াভাবে চেষ্টা করছিল স্থানী লোকেরা।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরপিন শহর থেকে পালানোর জন্য বেপরোয়াভাবে চেষ্টা করছিল স্থানীয় লোকেরা। সোমবারের ছবি।
  12. রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত যা ঘটেছে

    রাশিয়া ও ইউক্রেনের মধ্য ১৩তম দিনের মতো যুদ্ধ চলছে। আপনি যদি কিছুক্ষণ আগে এই পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে এই যুদ্ধের সর্বশেষ যেসব তথ্য জেনে রাখতে পারেন:

    • ইউক্রেনের শহরগুলোয় ভারী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী। ফলে বেসামরিক বাসিন্দারা যুদ্ধক্ষেত্র ছাড়তে পারছে না।
    • কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে 'মানবিক করিডোর' ঘোষণা করেছে রাশিয়া। এর আগেও এরকম করিডোর ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি।
    • বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস।
    • রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।
    • ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানাচ্ছে, খারকিভের কাছাকাছি লড়াইয়ে রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছে। ভিতালি গেরাসিমভ রাশিয়ান বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।
    • পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইউক্রেন থেকে ১২ লাখ মানুষ সেদেশে প্রবেশ করেছে।
  13. ইউক্রেনিয়ানদের জন্য আইন করতে যাচ্ছে পোল্যান্ড

    ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ১২ লাখ মানুষ পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ১২ লাখ মানুষ পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

    পোলিশ সীমান্ত রক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ১২ লাখ মানুষ পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

    শুধুমাত্র সোমবারই এক লাখ ৪১ হাজার ৫০০ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে বলে তারা জানিয়েছে।

    ইউক্রেন থেকে যারা বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছেন, তাদের ৯০ শতাংশই নারী ও শিশু। একটি গবেষণায় জানা গেছে, এদের ৪০ শতাংশ পোল্যান্ড থেকে অন্যান্য দেশে আশ্রয়ের সন্ধানে চলে গেছেন।

    পোল্যান্ডে আগে থেকেই বহু ইউক্রেনিয়ান বসবাস করেন। এখন তাদের সঙ্গে বসবাসের জন্য আরও অনেক ইউক্রেনিয়ান আসছেন।

    হাজার হাজার পোলিশ নাগরিক ইউক্রেনিয়ানদের তাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। এই বাড়তি খরচ বহন করার জন্য একটি বিল নিয়ে মঙ্গলবার আলোচনা করতে যাচ্ছে পোল্যান্ডের পার্লামেন্ট।

    এই আইনে ইউক্রেনিয়ানদের পোল্যান্ডে ১৮ মাসের জন্য বসবাস, স্বাস্থ্যসেবা এবং সন্তানদের বিনামূল্যের শিক্ষার সুযোগ প্রস্তাব করা হয়েছে।

  14. স্কটল্যান্ড ও ইউক্রেনের বিশ্বকাপ ম্যাচ বাতিল

    যুদ্ধের কারণে বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে একটি সেমি-ফাইনালের খেলা বাতিল হয়ে গেছে।

    ইউক্রেনের ফুটবল কর্তৃপক্ষের অনুরোধে ২৪শে মার্চ থেকে সরিয়ে জুনে নিয়ে গেছে ফিফা।

    সেমি-ফাইনালের বিজয়ী অস্ট্রেলিয়া বা ওয়েলসের মুখোমুখি হবে। সেখানে বিজয়ী দল নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে।

    ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার হামলার শিকার হওয়ার পর ইউক্রেনের অভ্যন্তরীণ খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

    আন্তর্জাতিক সব খেলাধুলার ইভেন্ট থেকে রাশিয়াকে স্থগিত করা হয়েছে। ফলে তারা বাছাইপর্বের খেলায় পোল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে না।

    ইউরো ২০২০ কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর দৌড়ে হ্যাম্পডেনের মাঠে সুইডেনকে হারিয়েছিল ইউক্রেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউরো ২০২০ কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর দৌড়ে হ্যাম্পডেনের মাঠে সুইডেনকে হারিয়েছিল ইউক্রেন
  15. বেসামরিক বাসিন্দাদের নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে জাতিসংঘের আহ্বান

    জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস

    বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস। সেই সঙ্গে আক্রান্ত এলাকাগুলোয় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য উভয় পক্ষকে অনুরোধ জানিয়েছেন।

    জাতিসংঘ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো হাজার হাজার মানুষের জন্য খাবার এবং অন্যান্য সহায়তা দিয়ে আসছে। কিন্তু ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের কাজ কঠিন হয়ে পড়েছে।

    মি. গ্রিফিথস বলেছেন, তার দপ্তর মস্কোয় একটি দলকে পাঠিয়েছে যাদের কাজ হবে, আরও ভালোভাবে মানবিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করা।

    তার এই বক্তব্য এলো এমন সময় যখন বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্রে থেকে সরিয়ে নিতে বাধা দেয়ার জন্য উভয়পক্ষই একে অপরকে দায়ী করছে।

    জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, রাশিয়া মানবিক করিডোরের ওপর গোলাবর্ষণ করছে। ফলে বেসামরিক লোকজন ইউরোপের দিকে যেতে পারছে না, তাদের জন্য মানবিক সহায়তাও পাঠানো যাচ্ছে না।

    কিন্তু জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। যথেষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন যে, ইউক্রেন নিরাপদে যাওয়ার সুযোগ নাকচ করেছে।

  16. যুদ্ধের মাঠেই বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা

    ভিডিওর ক্যাপশান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ: কিয়েভে যুদ্ধের মাঠেই বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা
  17. ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি রাশিয়ার

    রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

    রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভক সোমবার বলেছেন, এ ধরণের সিদ্ধান্ত সারা বিশ্বের জ্বালানি সরবরাহে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

    ইউক্রেনে রাশিয়া হামলা করার কারণে শাস্তি দেয়ার জন্য রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের পরিকল্পনা সোমবার প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

    ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস আর ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। এই সরবরাহ বন্ধ হলে খুব সহজ কোন বিকল্পও নেই।

    মি. নোভক বলেছেন, পাল্টা জবাব দেয়ার অধিকার রাশিয়ার আছে।

    নর্ড স্ট্রিম-১ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে রাশিয়া

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, নর্ড স্ট্রিম-১ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে রাশিয়া
  18. 'মানবিক করিডোর' দিতে রাজি মস্কো

    রাশিয়ান বোমায় খারকিভে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, রাশিয়ান বোমায় খারকিভে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে

    রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ান সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর একটা) একটি 'সাইলেন্ট রেজিম' ঘোষণা করবে রাশিয়া এবং বেসামরিক মানুষজনকে সরে যেতে 'মানবিক করিডোর' দিতে প্রস্তুত।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্বৃত করে বলা হয়েছে, কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে 'মানবিক করিডোর' দেয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

    তবে মস্কো যেসব করিডোর ঘোষণা করেছে, তার বেশিরভাগ রাশিয়ার দিকে গেছে। গতকাল এরকম একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কিয়েভের সরকার।

    রাশিয়ার আজকের ঘোষণার বিষয়ে এখনো ইউক্রেন কোন মন্তব্য করেনি।

    বেসামরিক মানুষজনকে সরিয়ে নিতে এর আগে কয়েকদফা উদ্যোগ নেয়া হলেও তা কার্যকর হয়নি। ব্যর্থতার জন্য দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে।

  19. অপেশাদার সৈন্যদের ইউক্রেনে যুদ্ধে জড়াবেন না পুতিন

    রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

    ছবির উৎস, KREMLIN

    ছবির ক্যাপশান, রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

    রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধে তিনি অপেশাদার বা সংরক্ষিত যোদ্ধাদের জড়াবেন না।

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি ভিডিও বার্তায় মি. পুতিন বলেছেন, ''আমি গুরুত্ব দিয়ে বলছি, যারা সামরিক বাহিনীকে নিয়োগপ্রাপ্ত নন, তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবেও না। ....এখানে শুধু পেশাদার সামরিক সদস্যদেরাই এখানে কাজ করছে।''

    অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যায় বেসামরিক মানুষ তালিকাভুক্ত হচ্ছে।

    যুদ্ধে যে সৈনিক এবং কর্মকর্তারা অংশ নিচ্ছেন, তাদের 'মা, স্ত্রী, বোন, বধু এবং বান্ধবীদের' প্রতি ভিডিও বার্তায় সহমর্মিতা জানান মি. পুতিন।

    ''আমি উপলদ্ধি করতে পারছি, প্রিয়জনদের জন্য আপনারা কতটা উদ্বেগে আছেন,'' তিনি বলেছেন।

    এই নারীদের 'আনুগত্য, নির্ভরযোগ্যতা এবং সহায়তার' বিষয়টি তার বক্তব্য জুড়ে উঠে এসেছে।

    ''আমাদের প্রিয় নারীরা, আপনাদের সংবেদনশীলতা, সহানুুভূতি এবং অতিমানবিক উদারতার মাধ্যমে বিশ্বকে আরও ভালো এবং দয়াময় করে তুলেছেন, সেজন্য ধন্যবাদ। আকর্ষণীয় কোমলতা এবং আশ্চর্য অন্তর্নিহিত শক্তির একটি মিশেল আপনারা তৈরি করেছেন,'' তিনি বলেছেন।

    তবে ২৪শে ফেব্রুয়ারি দ্যা ইনসাইডার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, হামলার আগে আগে রাশিয়ায় অনেককে সামরিক বাহিনীতে নাম লেখাতে বাধ্য করা হয়েছে।

    তবে বিবিসি নিরপেক্ষভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

  20. বিশ্বে এখন সবচেয়ে নিষেধাজ্ঞায় থাকা দেশ রাশিয়া

    ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে রাশিয়া।

    নিষেধাজ্ঞা পর্যবেক্ষক ওয়েবসাইট ক্যাস্টেলুম ডট এআই এর তথ্য অনুযায়ী, ২২শে ফেব্রুয়ারির আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে ২,৭৫৪ টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

    হামলার পরে রাশিয়ার বিরুদ্ধে আরও ২,৭৭৮ টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সবমিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫৩২টি।

    এর ফলে ইরানকেও ছাড়িয়ে গেছে রাশিয়া। ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত ৩,৬১৬টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

    এসব নিষেধাজ্ঞার প্রায় ২১ শতাংশ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে বাকি ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে।

    ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে বাধ্য করার জন্য এরপর বিশ্বের অন্য অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।