মারিউপোলে হাসপাতালের শিশু ও প্রসূতি ওয়ার্ডের ওপর বোমা হামলা

বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া আবার মানবিক করিডোর ঘোষণা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সর্বশেষ খবরাখবর:

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম and পুলক গুপ্ত

  1. ইউক্রেন দেশে ফিরেছেন 'বাংলার সমৃদ্ধির' ২৮ জন বাংলাদেশি নাবিক

    রোমানিয়া থেকে বাংলাদেশে ফিরে এসেছেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিক।

    বুধবার বেলা সোয়া বারোটা নাগাদ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে ফিরে আসেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল।

    রবিউল আউয়াল বলছেন, ইউক্রেন থেকে রোমানিয়ায় যাওয়ার পর সেখানে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে হোটেলে ছিলাম। সেখান থেকে আমরা সবাই নিরাপদে বাংলাদেশে চলে আসতে পেরেছি।

    যখন তার সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করার জন্য অপেক্ষা করছিলেন।

    ইউক্রেনে রাশিয়া হামলা করার পর সেদেশের অলভিয়া বিমানবন্দরে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধি।

    তেসরা মার্চ সেই জাহাজে রকেট হামলায় একজন নাবিক নিহত হন।

    পরবর্তীতে জাহাদের বাকি নাবিকদের স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় সরিয়ে নেয়া হয়।

    বাংলার সমৃদ্ধি জাহাজ

    ছবির উৎস, Bangladesh Shipping Corporation

    ছবির ক্যাপশান, বাংলার সমৃদ্ধি জাহাজ
  2. ব্রেকিং, রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে তুরস্কে

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

    ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা যাচ্ছে।

    এখন পর্যন্ত জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে দুই দেশের মধ্যে কোন শান্তি আলোচনার সম্ভাবনা দূরূহ বলে মনে করা হচ্ছে, কারণ কোন সমঝোতায় এখনো দুই পক্ষ পৌঁছাতে পারেনি।

  3. রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য

    রাশিয়ার বিমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন।

    রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য।

    এর ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। সেদেশে রাশিয়ার কোন বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসাবে গণ্য করা হবে।

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন।

    বিবিসি নিউজনাইট পলিটিক্যাল এডিটর নিক ওয়াট বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয়, কারণ আগেই সেদেশের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

    কিন্তু এর ফলে রাশিয়ার প্রাইভেট জেট বিমানগুলোকে লক্ষ্য করা হবে, যেগুলো তৃতীয় কোন দেশে তালিকাভুক্ত এবং রাশিয়ান ধনকুবেররা ব্যবহার করেন।

  4. তৃতীয়বারের মতো 'মানবিক করিডোরের' প্রস্তাব রাশিয়ার

    রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া মানবিক করিডোর ঘোষণা করেছে।

    রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই করিডোর কার্যকর হবে।

    কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল শহরের বাসিন্দারা নিরাপদ করিডোর ব্যবহারের সুযোগ পাবেন।

    এই সপ্তাহে তৃতীয়বারের মতো এ ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের যুদ্ধবিরতিতে তারা সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

    তবে চেরনিহিভ শহরে রাশিয়ার গোলা হামলার কারণে এ ধরনের উদ্যোগ ভেস্তে গেছে।

  5. ইউক্রেনে বেসামরিক নাগরিকদের যুদ্ধক্ষেত্র ছাড়ার কিছু ছবি

    কিয়েভ জানিয়েছে, উত্তর-পূর্বের শহর সুমি থেকে বেসামরিক মানুষজনকে সম্পূর্ণভাবে সরিয়ে আনা গেছে।

    শহর থেকে পাঁচ হাজার মানুষ এবং এক হাজার ব্যক্তিগত গাড়ি নিরাপদ অবস্থানে চলে গেছে।

    এখানে বেসামরিক নাগরিকদের যুদ্ধক্ষেত্র ছাড়ার কয়েকটি ছবি তুলে ধরা হলো। ইউক্রেনের কর্তৃপক্ষ এসব ছবি প্রকাশ করেছে।

    ইউক্রেনের কেন্দ্রস্থলে পোলতাভার উদ্দেশ্যে বাসে করে যাচ্ছেন বিভিন্ন যুদ্ধ আক্রান্ত শহরের বাসিন্দারা

    ছবির উৎস, Getty Images/Ukrainian Presidenc

    ছবির ক্যাপশান, ইউক্রেনের কেন্দ্রস্থলে পোলতাভার উদ্দেশ্যে বাসে করে যাচ্ছেন বিভিন্ন যুদ্ধ আক্রান্ত শহরের বাসিন্দারা
    নারী ও শিশুরা শহর ছাড়তে বাসের জন্য অপেক্ষা করছেন

    ছবির উৎস, Getty Images/Ukrainian Presidency

    ছবির ক্যাপশান, নারী ও শিশুরা শহর ছাড়তে বাসের জন্য অপেক্ষা করছেন
    মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম তদারকি করছে রেডক্রস

    ছবির উৎস, Getty Images/Ukrainian Presidenc

    ছবির ক্যাপশান, মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম তদারকি করছে রেডক্রস
    বেসামরিক বাসিন্দাদের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছে

    ছবির উৎস, Ukrainian Presidency

    ছবির ক্যাপশান, বেসামরিক বাসিন্দাদের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছে
  6. রুশ বোমাবর্ষণের মধ্যে শহর ছাড়ার দৃশ্য

    ভিডিওর ক্যাপশান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ: রুশ বোমাবর্ষণ, জীবন বাঁচাতে গিয়েও বিপদের মুখে বেসামরিক মানুষজন
  7. খারকিভ থেকে যেভাবে বেঁচে ফিরলেন বাংলাদেশি শিক্ষার্থী রোহান

    ভিডিওর ক্যাপশান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনের খারকিভ থেকে যেভাবে বেঁচে ফিরলেন বাংলাদেশি শিক্ষার্থী
  8. সুমি শহর থেকে সবাইকে সরিয়ে আনা গেছে: ইউক্রেন

    কিয়েভ জানিয়েছে, উত্তর-পূর্বের শহর সুমি থেকে বেসামরিক মানুষজনকে সম্পূর্ণভাবে সরিয়ে আনা গেছে।

    প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির দপ্তরের একজন কর্মকর্তা কাইরিলো তাইমোশেঙ্কো জানিয়েছেন, শহর থেকে পাঁচ হাজার মানুষ এবং এক হাজার ব্যক্তিগত গাড়ি নিরাপদ অবস্থানে চলে গেছে।

    তার টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে, অনেক মানুষ রাতের বেলা একটি রেল স্টেশনে পৌঁছেছেন।

    তবে তিনি বিস্তারিত জানাননি। বিবিসিও এই নিরপেক্ষভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।

    রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা।

    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র সোমবার শহরটিতে ২২ জন নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুও রয়েছে।

    রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা।
  9. দুই দিনের মধ্যে কিয়েভ দখল করতে চেয়েছিলেন পুতিন: সিআইএ

    সিআইএ প্রধান উইলিয়াম বার্নস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পনা করেছিলেন যে, দুই দিনের মধ্যেই কিয়েভ দখল করে নেবেন।

    কংগ্রেসের একটি শুনানিতে মঙ্গলবার সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, ''আমার ধারণা, পুতিন এখন খুবই রাগান্বিত এবং হতাশ হয়ে আছেন। তিনি এখন দ্বিগুণ শক্তি বাড়াবেন এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে সব কিছুই করবেন, তাতে যতই বেসামরিক প্রাণহানি হোক না কেন।''

    তিনি বলেছেন, বহু বছর ধরেই ক্ষোভ এবং উচ্চাকাঙ্খার এক মিশেলের মধ্যে রয়েছেন পুতিন।

    ২৪শে ফেব্রুয়ারির ওই হামলা ক্রেমলিনের নেতার 'গভীর ব্যক্তিগত বিশ্বাসের' বিষয়।

  10. তেল নিয়ে আলোচনার পর আমেরিকান বন্দী মুক্তি ভেনেজুয়েলার

    ভেনেজুয়েলায় গাড়িতে তেল ভরা হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর পর দুজন আমেরিকান বন্দীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকার। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা করতে জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কারাকাসে যান।

    এই পদক্ষেপকে পশ্চিমে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসাবে দেখা হচ্ছে।

    রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর সরবরাহ সংকট কাটাতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ থেকে তেল আমদানির চেষ্টা করছে।

    জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও ভূমধ্যসাগরে তেল উৎপাদনকারী আরব দেশগুলো রপ্তানি বাড়াতে আগ্রহী হচ্ছে না।

    রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বলেছেন ভেনেজুয়েলার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্ত হিসাবে যুক্তরাষ্ট্রে সরবরাহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

    তবে তেল রপ্তানির জন্য ভেনেজুয়েলার সঙ্গে কাজ করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করেছেন একাধিক আইনপ্রণেতা।

  11. বিবিসি বাংলার লাইভ রিপোটিং-এ স্বাগত জানাচ্ছি সায়েদুল ইসলাম।

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেয়ার চেষ্টা করবো।

  12. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আজ দিনের প্রধান খবরগুলো

    . প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছেন।

    . যুক্তরাষ্ট্রের পাশাপশি যুক্তরাজ্যও ইউক্রেনে অভিযান চালানোর কারণে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করছে ।

    .ইউক্রেনে লড়াইয়ে নিহত রুশ সৈন্যের সংখ্যা ২,০০০ থেকে ৪,০০০এর মধ্যে - মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান।

    . জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত ১,২০৭ জন বেসামরিক লোক হতাহত হয়েছে।

    . ইউক্রেনের যুদ্ধের হাত থেকে বাঁচতে সেদেশ ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ২০ লক্ষ ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘ।

    . উত্তরপূর্ব ইউক্রেনের শহর সুমি এবং রাজধানী কিয়েভের নিকটবর্তী ইরপিন থেকে অবরুদ্ধ বেসামরিক লোকদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে।

    . মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়া সিরিয়ান ভাড়াটে সৈন্য নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে।

  13. রাশিয়ার তেল-গ্যাস-কয়লা আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছেন।.

    মি. বাইডেন বলেন, “আমেরিকান জনগণ পুতিনের নেতৃত্বের প্রতি আরেকটি জোরালো আঘাত হানবে।“

    এতে যুক্তরাষ্ট্রে তেলের দাম বেড়ে যাবে এমন আশংকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক শিবিরেই এ পদক্ষেপের পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে।

    এরকম ঘোষণা আসতে পারে - এ ধারণা থেকে ক'দিন ধরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছিল।

    জো বাইডেন যুক্তরাষ্ট্রে রুশ তেল আমদানি নিষিদ্ধ করেছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জো বাইডেন যুক্তরাষ্ট্রে রুশ তেল আমদানি নিষিদ্ধ করেছেন
  14. ইউক্রেনে নিহত রুশ সৈন্যের সংখ্যা দুই থেকে চার হাজারের মধ্যে, বলছে যুক্তরাষ্ট্র

    ইউক্রেনে লড়াইয়ে নিহত রুশ সৈন্যের সংখ্যা ২,০০০ থেকে ৪,০০০এর মধ্যে- মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান স্কট বেরিয়ার।

    গোয়েন্দা তথ্য এবং ‘ওপেন সোর্স’ রিপোর্টিংএর ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করেন মি. বেরিয়ার। এ সংথ্যার ওপর “খুব বেশি আস্থাশীল না হলেও’ তিনি বলেন “রুশদের পরিকল্পনা ভালো ছিল না।“

    এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক খবরে বলা হয়, পূর্ব ইউক্রেনের খারকিভ শহরের উপকণ্ঠে এক লড়াইয়ে একজন উর্ধতন রুশ সামরিক কম্যান্ডার নিহত হয়েছেন।

  15. ইউক্রেন থেকে ৭৫০ মাইল পাড়ি দিয়ে শ্লোভাকিয়ায় পৌঁছালো ১১ বছরের হাসান

    পূর্ব ইউক্রেন থেকে ১,২০০ কিলোমিটার (৭৫০ মাইল) পথ পাড়ি দিয়ে শ্লোভাকিয়ায় নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে হাসান নামে ১১ বছরের একটি ছেলে।

    তার সাথে ছিল দুটি ছোট ব্যাগ, একটি পাসপোর্ট, আর তার একজন আত্মীয়ের ফোন নম্বর।

    ছেলেটি জাপোরিঝিয়া থেকে একাই দেশ ছাড়তে পথে নামে, কারণ হাসানের মার পক্ষে তার বৃদ্ধা মা -কে ফেলে আসা সম্ভব ছিল না।

    ফলে তিনি একা হাসানকেই সীমান্তগামী ট্রেনে তুলে দেন।

    শ্লোভাকিয়ায় পৌঁছানোর পর রাজধানী ব্রাতিস্লাভায় এই পরিবারের আত্মীয়স্বজনের সাথে হাসানের যোগাযোগ করিযে দিতে সাহায্য করেন সীমান্তের কর্মকর্তারা।

    তারা ছেলেটিকে একজন ‘বীর’ বলে অভিহিত করেন।

    ইউক্রেন থেকে ৭৫০ মাইল পায়ে হেঁটে শ্লোভাকিয়ায় পৌঁছালো ১১ বছরের হাসান

    ছবির উৎস, Slovak Interior Ministry

    ছবির ক্যাপশান, ইউক্রেন থেকে ৭৫০ মাইল পায়ে হেঁটে শ্লোভাকিয়ায় পৌঁছালো ১১ বছরের হাসান
  16. মারিউপোলে ভবনের ধ্বংসাবশেষ থেকে ছয় বছরের শিশুর মৃতদেহ উদ্ধার

    ইউক্রেনে রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ শহর মারিউপোলের মেয়র জানাচ্ছেন,একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ইট-সুরকির নিচ থেকে তানিয়া নামে ৬ বছরের একটি মেয়ের মৃতদেহ বের করা হয়েছে।

    ভাদিম বয়চেংকো বলেন, পানিশূন্যতার কারণে মেয়েটির মৃত্যু হয়েছে। মেয়েটির মা-ও নিহত হয়েছেন বলে জানান তিনি।

    মারিউপোলে আক্রান্ত কিছু ভবনে আগুন জ্বলছে। গত সপ্তাহের ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মারিউপোলে আক্রান্ত কিছু ভবনে আগুন জ্বলছে। গত সপ্তাহের ছবি
  17. রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্যও

    যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা ঘোষণা করতে যাচ্ছে বলে বিবিসি জানাচ্ছে।

    প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আরো পরের দিকে একথা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

    সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে – আগামী কয়েকমাসে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, এবং রাশিয়ার গ্যাস এর আওতায় পড়বে না।

  18. ইরপিন, সুমি ও বুচা ছাড়ছেন অবরুদ্ধ বেসামরিক মানুষরা

    উত্তরপূর্ব ইউক্রেনের শহর সুমি এবং রাজধানী কিয়েভের নিকটবর্তী ইরপিন থেকে অবরুদ্ধ বেসামরিক লোকদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে।

    সুমি থেকে বের হয়ে আসা বেসামরিক লোকরা এখন বাসে করে মধ্যাঞ্চলীয় পোল্টাভায় যাচ্ছেন।

    তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ সৈন্যরা মারিউপোলের কাছে মানবিক করিডোরের ওপর গোলাবর্ষণ করেছে। বুচা শহরেও রুশ সৈন্যরা বেসামরিক লোকদের সরিয়ে নিয়ে যাবার প্রক্রিয়া ‘সাবোটাজ’ করছে বলে অভিযোগ করেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

    একজন মানবিক ত্রাণ বিশেষজ্ঞ ড. হুগো স্লিম বলছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলো থেকে বেসামরিক লোকদের বেরিয়ে যাবার মানবিক করিডোরের ব্যাপারটিকে রাশিয়া মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহার করছে।

    সুমি শহরের উপকণ্ঠে এই বাসগুলোতে করে বেসামরিক লোকদের সরিযে নেয়া হচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সুমি শহরের উপকণ্ঠে এই বাসগুলোতে করে বেসামরিক লোকদের সরিযে নেয়া হচ্ছে
  19. ইউক্রেনে 'সিরিয়ান ভাড়াটে সৈন্য পাঠানোর চেষ্টায় রাশিয়া'

    মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়া সিরিয়ান ভাড়াটে সৈন্য নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে।

    সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাতে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে খবর বেরিয়েছিল যে রুশ সামরিক বাহিনী গত কিছুদিনে সিরিয়া থেকে যোদ্ধা নিয়োগ করছে।

    সিরিয়ার এ্যাকটিভিস্টদের চালানো একটি সংবাদ নেটওয়ার্ক গত মাসে খবর দিয়েছিল - রাশিয়া সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোর লোকদের ৬ মাসের জন্য ইউক্রেন গিয়ে রক্ষী হিসেবে কাজ করার প্রস্তাব দিচ্ছে। তাদের ২০০ থেকে ৩০০ ডলারের মতো বেতন দেবার প্রস্তাবের কথাও বলা হয়।

  20. রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আজই প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেবেন - বলছে হোয়াইট হাউস

    প্রেসিডেন্ট জো বাইডেন আজ যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে।

    আজই আরো পরের দিকে তিনি এ পদক্ষেপের কথা ঘোষণা করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে ।

    ইউক্রেনে রুশ অভিযানের প্রতিক্রিয়ায় এটি হতে যাচ্ছে রাশিয়ার ওপর সবশেষ নিষেধাজ্ঞা। মার্কিন আইনপ্রণেতারা এ পদক্ষেপ নেবার জন্য বাইডেন প্রশাসনের ওপর চাপ দিচ্ছিলেন।