কলকাতা আর পাশ্ববর্তী উত্তর ২৪ পরগণা জেলায় করোনা
সংক্রমিতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় সেখানে আবারও কঠোর লকডাউনের কথা ভাবছে সরকার।
যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি সরকার।
কিন্তু ইতিমধ্যেই লকডাউনের পরিকল্পনা শুরু করে দিয়েছে
প্রশাসন।
উত্তর চব্বিশ পরগণার প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য
বিভাগ একটি বৈঠকে ঠিক করেছে, যদি লকডাউন করতে হয়, তাহলে তা হবে সম্পূর্ণ।
তিনচাকার অটোরিক্সা, ভ্যান
বা বাস - কিছুই চলবে না। বাজারগুলি সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
খোলা থাকবে শুধু মুদির
দোকান, মাছ মাংস, ডিম আর দুধের
মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের 'স্ট্যান্ড এলোন' দোকান। তাও সময় সীমা বেঁধে দেওয়া হবে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা
পর্যন্ত।
উত্তর ২৪ পরগণা জেলাতেই যেহেতু দমদম বিমানবন্দর, তাই যদি লকডাউন শেষমেশ ঘোষিত হয়,
সেখানেও আন্তর্জাতিক বিমান ওঠা নামা করতে দেওয়া হবে না।
লকডাউনের সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, তাহলে ওই জেলার সব অফিস কারখানায় ২০% কর্মী দিয়ে কাজ চালাতে হবে।
বন্ধ করে দেওয়া হবে সব ধর্মীয় স্থান।
সর্বশেষ তথ্য অনুযায়ী কলকাতা শহরে ২৪ ঘন্টায় নতুন করে ২৮১ জনের দেহে সংক্রমণ পাওয়া
গেছে। এ নিয়ে কলকাতায় ৭৩৮৯ জনের দেহে সংক্রমন পাওয়া গেল। মোট মৃত্যু হয়েছে ৪২৮
জনের।
উত্তর ২৪ পরগণা জেলায় বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ পাওয়া গেছে
১৮১ শরীরে, মোট সংক্রমিত ৩৯৪১। মৃত্যু হয়েছে ১২৯ জনের।
গোটা রাজ্যে ৭৯৯ জনের দেহে নতুন করে সংক্রমণ পাওয়া গেছে,
২৪ ঘন্টায় মারা গেছে ২২ জন।