যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের গড় বয়স কমছে: ফাউচি

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মাসুদ হাসান খান

  1. আজকের মতো শেষ হলো বিবিসি বাংলার লাইভ পেজ।

    সারাদিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

    করোনাভাইরাস মহামারি সম্পর্কে আরো জানতে আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে পারেন। ওয়েবসাইটের লিংক এখানে।

    পাশাপাশি, এই মহামারি সম্পর্কে নানা ধরনের পোস্ট রয়েছে বিবিসি বাংলার ফেসবুক পাতায়। ফেসবুক লিংক এখানে।

  2. ব্রেকিং, করোনা নিয়ে হাসি-তামাশার পর ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই আক্রান্ত

    জেয়ার বলসোনারো

    ছবির উৎস, Getty Images

    ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর করোনাভাইরাস ধরা পড়েছে।

    মি. বলসোনারো সোমবার জানিয়েছিলেন যে তার জ্বর এসেছে এবং গায়ে ব্যাথা শুরু হয়েছে।

    তিনি দীর্ঘ দিন ধরেই বলে আসছিলেন যে করোনাভাইরাসে তেমন কোন ঝুঁকি নেই।

    এটা সামান্য ধরনের ফ্লু, এই ছিল তার যুক্তি।

    তিনি লকডাউনের বিরোধী ছিলেন এবং মাস্ক পরা নিয়েও ব্যঙ্গ-বিদ্রুপ করতেন।

    নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানাচ্ছে, শুধু মি. বলসোনারোই না তার ক’জন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

    গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।

    ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা শনাক্তের ঘটনায় সে দেশের সরকার যেভাবে এই মহামারি মোকাবেলার প্রচেষ্টা চালিয়েছে তা নিয়ে বিতর্ক আরও তীব্রতর হবে।

    করোনাভাইরাস মহামারিতে ব্রাজিলে ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

  3. যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের গড় বয়স কমছে: ফাউচি

    তরুণী

    ছবির উৎস, Getty Images

    মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের শিকার মানুষের বয়স মহামারির শুরুর দিকের তুলনায় গড়ে ১৫ বছর কমেছে বলে জানা যাচ্ছে।

    ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর পরিচালক ড. অ্যান্টনি ফাউচি এই তথ্য জানিয়েছেন।

    ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, ফ্লোরিডা এবং টেক্সাসসহ অন্যান্য অঙ্গরাজ্যগুলো থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা ড. ফাউচির সন্দেহকেই সমর্থন করছে।

    এইসব রাজ্যে কম বয়সীরা বেশি হারে সংক্রমিত হচ্ছে কিংবা তারাই বেশি ফ্রন্ট-লাইন সেবার সাথে জড়িত রয়েছে।

    ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস বলছেন, ঐ রাজ্যে এখন হাসপাতালে নিতে হচ্ছে যেসব রোগীকে তাদের ‘মেডিয়ান এজ’ বা মধ্যমা বয়স ৩৩ বছর।

    মার্চ ও এপ্রিল মাসে এটা ৫০-৬০ বছর ছিল বলে তিনি জানান।

  4. সামাজিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা

    এই ছবি দেখে কেউ বিশ্বাস করবে করোনা মহামারিতে কীভাবে নিজেকে নিরাপদ রাখতে হয় সে সম্পর্কে যে বাংলাদেশে নাগরিকরা যথেষ্ট ওয়াকবিহাল? ছবিটি ৫ই জুলাই ঢাকার একটি বাজার থেকে তোলা হয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এই ছবি দেখে কেউ বিশ্বাস করবে করোনা মহামারিতে কীভাবে নিজেকে নিরাপদ রাখতে হয় সে সম্পর্কে যে বাংলাদেশের নাগরিকরা যথেষ্ট ওয়াকবিহাল? ছবিটি ৫ই জুলাই ঢাকার একটি বাজার থেকে তোলা হয়েছে।
  5. পশ্চিমবঙ্গের কনটেইনমেন্ট জোনগুলিতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা

    কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব কনটেইনমেন্ট জোনে বৃহস্পতিবার বিকেল থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষনা করেছে রাজ্য সরকার।

    এই পর্বে, ওই এলাকাগুলিতে সব ধরণের যানবাহন চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে, সরকারি-বেসরকারি অফিস, কলকারাখান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা নয়, এমন সব কাজকর্মও বন্ধ করা হবে বৃহস্পতিবার থেকে।

    কনটেইনমেন্ট জোনগুলির বাসিন্দাদের অফিসে যাওয়াও বন্ধ করে দেওয়া হবে।

    ওই এলাকায় মানুষের প্রবেশ আর বাইরে যাওয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

    কিছুক্ষণ আগে এই নির্দেশ প্রশাসন ও পুলিশের সব কর্মকর্তার কাছে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

  6. উন্নয়নশীল দেশের নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ তুলে নিন: ইমরান খান

    ইমরান খান

    ছবির উৎস, PMO, Twitter

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধগুলো বৈষম্যমূলক এবং তিনি এগুলোকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

    পাকিস্তানসহ অন্যান্য উন্নয়নশীল দেশের নাগরিকদের ওপর এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উপযুক্ত ভূমিকা রাখতে বলেছেন বলে গালফ নিউজ সংবাদপত্র জানাচ্ছে।

    করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে তার জায়গায় বৈষম্যহীন ও উপাত্ত-ভিত্তিক ব্যবস্থা চালু করার জন্য তিনি স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে পরামর্শ দেন।

    ইমরান খান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সাথে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

  7. ইরানে পরমাণুসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘রহস্যময়’ হামলার পেছনে কারা?

    নাতাঞ্জ পরমাণু কেন্দ্র

    সম্প্রতি ইরানের বেশ কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এসব স্থাপনার একটি নাতাঞ্জ পরমাণু কেন্দ্র।

    এসব ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা?

  8. ইতালিতে বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত

    ঢাকা বিমান বন্দর

    ছবির উৎস, Getty Images

    ইতালিতে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর সে দেশের সরকার বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে।

    কর্তৃপক্ষের আশঙ্কা, বাংলাদেশী কমিউনিটির কাছ থেকে সে দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

    বার্তা সংস্থা এএফপি খবর দিচ্ছে, সোমবার ঢাকা থেকে আসা ২২৫ জন যাত্রীকে পরীক্ষা করে তাদের মধ্যে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

    রাজধানী রোমের চারিদিকে লাৎসিও অঞ্চলের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা আলেসিও ডিআমাটো বলেছেন, এ এক ‘ভাইরাল বোমা’ যা নিষ্ক্রিয় করা হয়েছে।

    রোমের বিমানবন্দরে ঢাকা থেকে আসা সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার জন্য কর্তৃপক্ষ বিশেষ নির্দেশ জারি করেছে।

  9. কলকাতায় লকডাউন আসছে?

    কলকাতা

    ছবির উৎস, Getty Images

    কলকাতা আর পাশ্ববর্তী উত্তর ২৪ পরগণা জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় সেখানে আবারও কঠোর লকডাউনের কথা ভাবছে সরকার। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি সরকার।

    কিন্তু ইতিমধ্যেই লকডাউনের পরিকল্পনা শুরু করে দিয়েছে প্রশাসন।

    উত্তর চব্বিশ পরগণার প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ একটি বৈঠকে ঠিক করেছে, যদি লকডাউন করতে হয়, তাহলে তা হবে সম্পূর্ণ।

    তিনচাকার অটোরিক্সা, ভ্যান বা বাস - কিছুই চলবে না। বাজারগুলি সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

    খোলা থাকবে শুধু মুদির দোকান, মাছ মাংস, ডিম আর দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের 'স্ট্যান্ড এলোন' দোকান। তাও সময় সীমা বেঁধে দেওয়া হবে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।

    উত্তর ২৪ পরগণা জেলাতেই যেহেতু দমদম বিমানবন্দর, তাই যদি লকডাউন শেষমেশ ঘোষিত হয়, সেখানেও আন্তর্জাতিক বিমান ওঠা নামা করতে দেওয়া হবে না।

    লকডাউনের সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, তাহলে ওই জেলার সব অফিস কারখানায় ২০% কর্মী দিয়ে কাজ চালাতে হবে।

    বন্ধ করে দেওয়া হবে সব ধর্মীয় স্থান।

    সর্বশেষ তথ্য অনুযায়ী কলকাতা শহরে ২৪ ঘন্টায় নতুন করে ২৮১ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে কলকাতায় ৭৩৮৯ জনের দেহে সংক্রমন পাওয়া গেল। মোট মৃত্যু হয়েছে ৪২৮ জনের।

    উত্তর ২৪ পরগণা জেলায় বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ পাওয়া গেছে ১৮১ শরীরে, মোট সংক্রমিত ৩৯৪১। মৃত্যু হয়েছে ১২৯ জনের।

    গোটা রাজ্যে ৭৯৯ জনের দেহে নতুন করে সংক্রমণ পাওয়া গেছে, ২৪ ঘন্টায় মারা গেছে ২২ জন।

  10. মাস্ক ব্যবহার নিয়ে কী বলছেন টম হ্যাংকস্?

    টম হ্যাংকস্

    ছবির উৎস, Getty Images

    হলিউডের খ্যাতনামা অভিনেতা টম হ্যাংকস্ বলছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে জনসমক্ষে যারা মাস্ক পরতে অস্বীকার করেন তাদের প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই।

    মি. হ্যাংকস্ নিজেও এবছরের শুরুতে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন।

    গত মার্চ মাসে অস্ট্রেলিয়ায় ছবির শুটিং করতে গিয়ে তিনি এবং তার স্ত্রী রিটা উইলসন দুজনেই করোনা পজিটিভ হন।

    বহু দেশে এখন সরকার জনগণকে ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিচ্ছে।

    কিন্তু কোন কোন দেশে এটা বাধ্যতামূলক না।

    টম হ্যাংকস্ বলেন, “আমি একেবারেই বুঝতে পারি না … আপনি অন্তত এটুকু করতে পারেন।“

  11. বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস, শিক্ষার্থীরা বলছেন 'নেটওয়ার্ক নাই, গাছে উঠে ক্লাস করা লাগছে'

    অনলাইন শিক্ষা

    গত মে মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ১৯,০০০ শিক্ষার্থীর উপর একটি জরিপ পরিচালনা করে।

    ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, জরিপে তারা দেখতে পেয়েছেন ৮৭% শিক্ষার্থীর কাছে অনলাইন ক্লাসের জন্য স্মার্ট ফোন রয়েছে।

    কিন্তু যাদের স্মার্টফোন নেই কিংবা থাকলেও নেটওয়ার্কের দুর্বলতা বা ইন্টারনেটের ব্যয় বহন করার মতো অবস্থায় নেই, তারা ক্লাস করতে না পারায় পিছিয়ে পড়বে বলেই অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

  12. করোনার বিস্তার ঠেকাতে পশ্চিমবঙ্গের দুটি শহরে লকডাউন

    মালদা মানচিত্র

    ছবির উৎস, Google Map

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মালদা জেলার দুটি শহর ইংলিশ বাজার এবং পুরনো মালদাকে এক সপ্তাহের জন্য লকডাউনে রাখা হবে।

    বাংলাদেশের সীমান্তের অদূরে এই শহর দুটিতে আগামীকাল বুধবার থেকে এই লকডাউন শুরু হবে।

    সরকারি বার্তা সংস্থা পিটিআই জানাচ্ছে, এসময় দোকানপাট বন্ধ রাখা হবে। এবং গাড়ি চলাচল বন্ধ থাকবে।

    তবে জরুরি পরিষেবা এবং ওষুধের দোকান লকডাউনের আওতার বাইরে থাকবে।

    মালদা থেকে বহু শ্রমিক ভারতের অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করেছেন। এদের মধ্যে অনেকেই করোনাভাইরাস সংক্রমণ নিয়ে ফিরে এসেছেন।

    মালদায় এপর্যন্ত ৮৫৯টি কেস শনাক্ত হয়েছে।

  13. মহামরির প্রভাবে বিপর্যস্ত জীবন

    এই একটি ছবি থেকে বোঝা যায় বাংলাদেশে করোনাভাইরাস মহামারিতে ভাড়াটে এবং বাড়িওয়ালারা কী ধরনের সঙ্কটে পড়েছেন। বিজ্ঞাপনগুলোতে ১লা অগাস্ট থেকে বাড়ি বদলের লড়াই শুরু হবে, এই ইঙ্গীতই পাওয়া যাচ্ছে।ড়েছেন। বিজ্ঞাপনগুলোতে ১লা অগাস্ট থেকে বাড়ি বদলের লড়াই শুরু হবে, এই ইঙ্গীতই পাওয়া যাচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এই একটি ছবি থেকে বোঝা যায় বাংলাদেশে করোনাভাইরাস মহামারিতে ভাড়াটে এবং বাড়িওয়ালারা কী ধরনের সঙ্কটে পড়েছেন। বিজ্ঞাপনগুলোতে ১লা অগাস্ট থেকে বাড়ি বদলের লড়াই শুরু হবে, এই ইঙ্গীতই পাওয়া যাচ্ছে।
  14. ব্রেকিং, বাংলাদেশে কোভিড-১৯ আপডেট, ৭ই জুলাই ২০২০

    ১৩১৭৩টি নমুনায় ৩০২৭ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

    বাংলাদেশে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

    গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২২.৬ শতাংশ।

    সব মিলিয়ে বাংলাদেশে পরীক্ষার তুলিনায় শনাক্তের হার ১৯.৩%।

    বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি।

    আরো ৫৫ জন মারা গেছেন বাংলাদেশে।

    এনিয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ২১৫১ জন।

    মোট ৭৮১০২জন সুস্থ হয়েছেন।

  15. প্রাণী থেকে মানুষে রোগ ছড়ানো বাড়ছে

    যেসব রোগ প্রাণী থেকে মানুষে ছড়ায় তাদের ইংরেজিতে বলা হয় জুনোটিক।

    দিন দিন এসব জুনোটিক রোগ বাড়ছে বলে সতর্ক করছে জাতিসংঘ।

    বন্যপ্রাণীদের জীবন ও বেঁচে থাকার প্রক্রিয়া সংরক্ষণ না করলে এটা বাড়তেই থাকবে বলছেন বিশেষজ্ঞরা।

    কোভিড-১৯ এর মতো রোগের জন্য তারা দায়ি করছে মাংস থেকে পাওয়া আমিষের চাহিদা বৃদ্ধি, অপরিকল্পিত কৃষি অনুশীলন এবং জলবায়ু পরিবর্তন।

    অবহেলিত নানা ধরণের প্রাণীবাহিত গোরে প্রতি বছর মারা যায় ২০ লাখ মানুষ।

    কোভিড-১৯ এর কারণে বিশ্বের অর্থনীতিতে ৯ ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে বা হচ্ছে।

  16. চীনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোটি শিক্ষার্থী

    বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী

    ছবির উৎস, Getty Images

    করোনাভাইরাস মহামারির মধ্যে চীনে এক কোটি ১০ লক্ষ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

    দু’দিন ধরে কঠিন প্রতিযোগিতামূলক এই পরীক্ষা চলবে।

    মহামারির জন্য এই পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছিল।

    চীনা ভাষায় এই পরীক্ষার নাম ‘গাওকাও’।

    চলতি বছর এই পরীক্ষা আগের চেয়েও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনাভাইরাস মহামারির জন্য বছরের শুরু থেকে স্কুল-কলেজ বন্ধ ছিল।

    চীনা সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ইয়ে মিনজি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপও এবার বেশি হবে কারণ এরা দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে আটক ছিলেন।

    সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পরীক্ষার সময় সব পরীক্ষার্থী এবং মনিটরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এজন্য অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে।

    পরীক্ষার হলে ঢোকার আগে সব ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও খবরে বলা হয়েছে।

  17. দিল্লিতে করোনাভাইরাসের জরুরি ওষুধ কালোবাজরে বিক্রি হচ্ছে

    রেমিডসিভির

    ছবির উৎস, Reuters

    করোনাভাইরাস চিকিৎসায় ভারতে যে দুটি জীবন রক্ষাকারী ওষুধের চাহিদা সবচেয়ে বেশি, সেগুলো এখন দিল্লিতে কালোবাজারে বিক্রি হচ্ছে।

    বিবিসির এক তদন্তে জানা যাচ্ছে, ভাইরাস-রোধী রেমডিসিভির এবং টসিলিজুমাব-এর চাহিদা এতটাই বেড়ে গেছে যে সেগুলো এখন আর খোলা বাজারে পাওয়া যাচ্ছে না।

    বিবিসি অভিনব শর্মা নামে একজনের সাথে কথা বলেছেন যার চাচা করোনাভাইরাসে আক্রান্ত।

    তারা অবস্থা খারাপ হওয়ার পর ডাক্তার শেষ চেষ্টা হিসেবে রেমডিসিভির ব্যবহার করার পরামর্শ দেন।

    কিন্তু সেটা খোলা বাজারে পাওয়া এতটাই কঠিন যে শেষ পর্যন্ত সাতগুণ দাম দিয়ে তাকে সেটা কিনতে হয়।

    রেমডিসিভির-এর সরকারি বাজার মূল্য ৫,৪০০ রুপি।

    কিন্তু কালোবাজারিরা এর জন্য ৩০,০০০ থেকে ৩৮,০০০ রুপি পর্যন্ত দাম হাঁকছে।

  18. ‘কেয়ার হোম’ নিয়ে মন্তব্য করে বিপাকে বরিস জনসন

    “অনেক কেয়ার হোমই যথাযথ নিয়ম মেনে চলেনি,” এমন একটি মন্তব্য করে বিপাকে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

    সমাজে কেয়ার হোমের একটা সংস্কার প্রয়োজন এমন দাবি তোলেন ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান।

    মি: জনসন বলেন, এই একটা বিভাগে অর্থ ঢালার প্রয়োজন আছে কিন্তু সেটা যথাযথ উপায়ে করতে হবে।

    কমিউনিটি ইন্টেগ্রেটেড কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যাডামস বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য কাপুরুষোচিত।

    ‘কেয়ার হোম’ নিয়ে মন্তব্য করে বিপাকে বরিস জনসন

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, ‘কেয়ার হোম’ নিয়ে মন্তব্য করে বিপাকে বরিস জনসন
  19. মেলবোর্ন পুনরায় লকডাউনে

    মেলবোর্ন ও ভিক্টোরিয়া রাজ্যের নানা জায়গায় নতুন করে লকডাউন দেয়া হয়েছে।

    অন্তত ছয় সপ্তাহ চলবে এই লকডাউন।

    অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরে নতুন সংক্রমণে ১৯১ জন রোগী পাওয়া গেছে।

  20. ব্রেকিং, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে

    জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩০ হাজার ২৮৪ জন মারা গেছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে।

    এটা ব্রাজিলের মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ। ব্রাজিলে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কোভিডে আক্রান্ত ও মৃত্যু হয়েছে।

    যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২৮ মিলিয়ন।

    যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর যুক্তরাজ্য ও ইতালি আছে তিন ও চার নম্বরে।