আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মহামারি মোকাবেলায় বিশ্ব নেতৃত্বের অভাব: হু

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. বিবিসি বাংলার লাইভ পেজ আজকের মতো এখানেই শেষ হলো।

    ধন্যবাদ এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্যে।

    আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল থেকে আবারও এই লাইভ পেজ শুরু হবে।

    করোনাভাইরাস সম্পর্কে আরো কিছু জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

  2. ফরাসী শিশুরা ক্লাসে ফিরে গেছে

    ফ্রান্সে কয়েক লাখ শিশু তিন মাসেরও বেশি সময় বাড়িতে থাকার পর অবশেষে স্কুলের ক্লাস রুমে ফিরে গেছে।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৬ই মার্চ সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। এর একদিন পরেই ফ্রান্সে লকডাউন ঘোষণা করা হয়।

    পরিস্থিতির উন্নতি হলে ধীরে ধীরে স্কুল খুলে দেওয়া শুরু হয়।

    পনের বছর বয়সী পর্যন্ত শিশুরা এখন মোটামুটি সবাই স্কুলে যাচ্ছে।

    এই খুশিতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আনন্দে কেঁদে ফেলেন।

    স্কুলে সব শিক্ষার্থীকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করতে হচ্ছে, খেলতে হচ্ছে মাঠে।

  3. ‘মহামারি মোকাবেলায় বিশ্বের প্রয়োজন নেতৃত্ব’

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু সতর্ক করে দিয়েছে যে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বিশ্বের নেতৃত্বের অভাব রয়েছে।

    সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসাস স্বাস্থ্য বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে বলেছেন, “সারা বিশ্বের এখন জাতীয় ঐক্য এবং বিশ্ব সংহতি খুবই প্রয়োজন। মহামারি নিয়ে রাজনীতির কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে।”

    তিনি বলেন, “এখন আমরা সবচেয়ে বড় যে হুমকির মুখোমুখি সেটা এই ভাইরাস নয়, সেটা হচ্ছে বিশ্ব সংহতি ও বৈশ্বিক নেতৃত্বের অভাব।”

    সংস্থাটি বলছে, মহামারি বেড়েই চলেছে এবং এর অর্থনৈতিক প্রভাব আরো কয়েক দশক ধরে চলবে।

    করোনাভাইরাসে সারা পৃথিবীতে ৯০ লাখ মানুষ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে এবং মারা গেছে চার লাখ ৭০ হাজার মানুষ।

  4. ব্রিটেনে মার্চের পর করোনাভাইরাসে সবচেয়ে কম মানুষের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত মার্চ মাসের পর এই প্রথম সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছে।

    সরকারি পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন।

    সব মিলিয়ে এখনও পর্যন্ত মারা গেছে ৪২,৬৪৭ জন আর তিন লাখেরও বেশি মানুষ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

  5. করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ দক্ষিণ কোরিয়ায়

    দক্ষিণ কোরিয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন যে দেশটিতে এখন করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ চলছে।

    সোমবার তারা বলেছেন, গত ২৪ ঘন্টায় ১৭ জনকে শনাক্ত করা হয়েছে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    মহামারির শুরুর দিকে ভাইরাসটি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সাফল্য প্রশংসা কুড়িয়েছিল।

    কর্মকর্তারা আশঙ্কা করছেন আক্রান্ত লোকের সংখ্যা খুব বেশি নয় কিন্তু আগামী মাসগুলোতে বিভিন্ন গ্রুপে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

    দক্ষিণ কোরিয়াতে সরকার লকডাউন জারি করেনি। তবে তারা সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছিল। জোর দিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের বিচ্ছিন্ন করে রাখা ও টেস্টের বিষয়ে।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় ২৮০ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১২,০০০।

  6. সার্বিয়ার ফুটবলে করোনাভাইরাস

    সার্বিয়ার ফুটবল ক্লাব রেড স্টার বেলগ্রেডের পাঁচজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    দর্শকদের উপস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচে খেলার পর সোমবার ক্লাবের এক বিবৃতিতে একথা জানানো হয়।

    ইংলিশ প্রিমিয়ার লিগসহ অন্যান্য ফুটবল লিগ অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে।

    সার্বিয়ার সরকারও প্রথম দিকে এই ব্যবস্থা নিয়েছিল কিন্তু পরে তারা দর্শকদের মাঠে ফিরে আসতে অনুমতি দেয়।

    আক্রান্ত এই পাঁচজনের চারজনই করোনাভাইরাসের উপসর্গ থাকায় শনিবার তাদের সবশেষ ম্যাচে মাঠে নামেনি।

    তাদেরকে এখন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

  7. করোনাভাইরাস ঠেকাতে কক্সবাজারে খোলা হচ্ছে ফিল্ড হাসপাতাল

    ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস এন্ড রেড ক্রেসেন্ট সোসাইটিজ বলছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় কক্সবাজারে তারা দুটো নতুন ফিল্ড হাসপাতাল খুলতে যাচ্ছে। এসব হাসপাতালে পার্শ্ববর্তী ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা করা হবে।

    কক্সবাজারে দেড় হাজারেরও বেশি লোককে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ৩৭ জন রোহিঙ্গা ক্যাম্পের।

    এসব ক্যাম্পে টেস্টিং সীমিত।

    অনেক বিশ্লেষক মনে করেন রোহিঙ্গা ক্যাম্পে হয়তো আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরো বেশি কিন্তু টেস্টের অভাবে তারা শনাক্ত হন নি।

    এসব ক্যাম্পে ১১ লাখের মতো রোহিঙ্গা শরণার্থী জনাকীর্ণ পরিবেশে বসবাস করে যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছে।

  8. সীমান্ত খুলে দিয়েছে স্পেন

    ইউরোপের বেশিরভাগ দেশ থেকে আসা পর্যটকদের জন্য সীামন্ত খুলে দিয়েছে স্পেন।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চ মাসে দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।

    পরিস্থিতি মোকাবেলায় জারি করা জরুরি অবস্থাও তুলে নেওয়া হয়েছে।

  9. টেস্ট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কৌতুক করেছিলেন: হোয়াইট হাউজ

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম নির্বাচনী প্রচারণায় করোনাভাইরাস পরীক্ষাকে “দুই দিকে ধার আছে এমন তলোয়ার” হিসেবে উল্লেখ করে শনিবার বলেছিলেন এই টেস্টের কারণেই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক আক্রান্ত বলে শনাক্ত হচ্ছে।

    “যখন আপনি পরীক্ষা করবেন... তখনই আপনি আরো বেশি লোক পাবেন, আরো বেশি আক্রান্ত লোক পাবেন, তাই আমি আমার লোকজনকে বলেছিলাম টেস্টের গতি শ্লথ করে দিতে,” প্রেসিডেন্ট ট্রাম্প ওকলাহামার টাসলায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন।

    পরে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যে তিনি কৌতুক হিসেবে এই মন্তব্য করেছেন।

    আজ সোমবার তিনি এবিষয়ে টু্ইট করে বলেছেন, একটি দেশ যতো বেশি পরীক্ষা করবে, সেদেশে ততো বেশি আক্রান্ত লোক পাওয়া যাবে।

    তবে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এই মন্তব্যের সাথে একমত নন।

  10. মহামারির কারণে শিশুদের মানসিক সমস্যা

    করোনাভাইরাস মহামারির কারণে শিশুদের মধ্যে গুরুতর মানসিক সমস্যা তৈরি হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে ব্রিটেনে একটি দাতব্য সংস্থা।

    চাইল্ডহুড ট্রাস্ট তাদের রিপোর্টে বলছে, এর ফলে তারা অত্যন্ত নাজুক অবস্থায় পড়েছে।

    গবেষণা বলছে, শিশুরা মানসিক চাপে পড়েছে। বিশেষ করে তাদের প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে।

    বহু শিশু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ক্ষুধায় ভুগছে।

    ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকার কারণে অনেক শিশু সমাজের অন্যান্য শিশুদের তুলনায় পিছিয়ে পড়ছে।

  11. ভালো আছেন মাশরাফী বিন মোত্তর্জা

    বিবিসি বাংলার সাথে আজ দুপুরে কথা বলেন মাশরাফীর ভাই মোরসালিন বিন মোর্ত্তজা।

    তিনি বলেন, কোনো পরিবর্তন নেই মাশরাফীর শারীরিক অবস্থার। আজ একটি এক্সরে করা হবে।

    আগে থেকেই তার অ্যাজমার সমস্যা ছিল। সম্মিলিত সামরিক হাসপাতালে হবে এই এক্সরে।

  12. ব্রেকিং, বাংলাদেশে দেড় হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

    ১৫৫৫৫টি পরীক্ষা করে নতুন ৩৪৮০ জন নতুন রোগী পাওয়া গেছে।

    ১১৫৭৮৬ জন রোগী পাওয়া গেছে মোট।

    ৪৬৭৫৫ জন মোট সুস্থ হয়েছেন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৩৮%।

    ৩৮ জন নতুন করে মারা গেছেন

    ১৫০২ জন দাঁড়ালো মোট মৃতের সংখ্যা।

    ১.৩০% শনাক্ত তুলনায় মৃতের হার।

  13. সাবধানে থাকুন

  14. বাংলাদেশে মৃতদের ৬৬ শতাংশ পঞ্চাশের বেশি বয়সী

    সবচেয়ে কম মারা গেছেন ১০ বছরের নিচে, ১ শতাংশেরও কম।

    ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন ৮.২৯%।

    ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ১৭.৩৯%।

    ৫০ বা তার বেশি বয়সী মারা গেছেন ৬৬ শতাংশ।

  15. বিশ্বজুড়ে পুরুষ বেশি মারা যাচ্ছেন, কিন্তু ভারতে নারীরা

    ইতালি, চীন, যুক্তরাষ্ট্রে পুরুষরা বেশি আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন।

    বাংলাদেশে যারা মারা গেছেন তাদের ৭০ শতাংশই পুরুষ।

    কিন্তু ভারতে এই পরিসংখ্যান উল্টো।

  16. নাইজেরিয়ায় ডাক্তারদের কর্মবিরতি বাতিল

    নাইজেরিয়ায় বেতন কম এই অভিযোগ তুলে ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছিল।

    কিন্তু এই সময়ে কাজ বন্ধ রাখা অনুচিত হবে বলে মনে করেন ৪০ শতাংশ ডাক্তার।

    এক সপ্তাহ চলেছে এই কর্মবিরতি।

    নাইজেরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করছে এতে করোনাভাইরাস চিকিৎসা ব্যাহত হয়নি।

  17. গ্রেগর দিমিত্রভ যিনি সম্প্রতি আদরিয়া ট্যুর ইভেন্টে জোকোভিচের বিপক্ষে খেলেছেন করোনাভাইরাস পজিটিভ

  18. ভারতে আরো ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত

  19. যুক্তরাজ্যে বার-পাব খুলবে কি না জানা যাবে কাল

    বার-পাব, হোটেল, রেস্টুরেন্ট খুলবে কি না সেটা কাল ঘোষণা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

    এখনো দুই মিটার দুরত্বের নিয়ম বলবৎ আছে ব্রিটেনে।

    ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন ব্রিটেন সঠিক পথেই আছে। তবে দূরত্ব এক মিটারে নামিয়ে আনার অনুরোধ করেছে হোটেল মালিকরা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ফ্রান্স ডেনমার্কের মতো দেশে এখন এক মিটার দূরত্ব মেনে চলা হচ্ছে।

  20. বেইজিংয়ে কমেছে সংক্রমণ

    চীনের শহর বেইজিংয়ে ৯ জন নতুন রোগী পাওয়া গেছে।

    এর আগের দিন পাওয়া গেছে ২২ জন।

    গত ১০ দিনের মধ্যে এবারই প্রথম ১০ জনের কম রোগী শনাক্ত হয়েছে।

    সাম্প্রতিক সংক্রমণে বেইজিংয়ে ২৩০ জন নতুন রোগী পাওয়া গেছে।

    এই সংক্রমণের পেছনে একটা খাবারের মার্কেটকে দায়ি করা হয়েছে, এরপর কড়াকড়ি বেড়েছে শহরজুড়ে।