আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সারা দেশে সহিংসতায় অন্তত ৮৩ জনের মৃত্যু, বহু আহত

সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার ঢাকা ও বিভিন্ন জেলা-উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বহু হতাহত হয়েছে। পরিস্থিতি সামলাতে আগামী তিনদিন আবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার ঢাকামুখী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।

সার সংক্ষেপ

  • আবারো তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার
  • "সর্বাত্মক অসহযোগ" আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশে সহিংসতায় পুলিশসহ অন্তত ৮৩ জনের মৃত্যু,আহত হয়েছেন অনেক মানুষ
  • রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
  • ঢাকাসহ অনেক স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ
  • সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা
  • হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে, বলছে আওয়ামী লীগ
  • সরকার পতনের এক দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সরাসরি কভারেজ

শাহবাগ এবং টিএসসিতে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনে’র প্রথমদিন সকালে ঢাকার শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তাদেরকে শাহবাগে সমবেত হতে দেখা গেছে। এসময় অনেকের হাতে লাঠি-সোটা দেখা গেছে।

এদিকে, ঢাকার রাস্তায় যান চলাচল কম দেখা যাচ্ছে।

ধানমণ্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, সংসদভবন, বিজয় স্মরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, কাকরাইল, বেইলি রোড, মতিঝিলসহ ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছেন, রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। ব্যক্তিগত গাড়িও খুব একটা বের হয়নি।

তবে সড়কে রিক্সা, সিএনজি অটোরিক্সা এবং মোটরবাইক চলাচল করছে। ফলে সেগুলোতে করেই মানুষজন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গাড়ি না পেয়ে অনেকে হেঁটেও যাচ্ছেন।

অন্যদিকে, শহরের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

তবে সরকার সমর্থকদের কাউকে এখনো কোথাও অবস্থান নিতে দেখা যায়নি।