আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সারা দেশে সহিংসতায় অন্তত ৮৩ জনের মৃত্যু, বহু আহত

সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার ঢাকা ও বিভিন্ন জেলা-উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বহু হতাহত হয়েছে। পরিস্থিতি সামলাতে আগামী তিনদিন আবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার ঢাকামুখী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।

সার সংক্ষেপ

  • আবারো তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার
  • "সর্বাত্মক অসহযোগ" আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশে সহিংসতায় পুলিশসহ অন্তত ৮৩ জনের মৃত্যু,আহত হয়েছেন অনেক মানুষ
  • রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
  • ঢাকাসহ অনেক স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ
  • সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা
  • হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে, বলছে আওয়ামী লীগ
  • সরকার পতনের এক দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সরাসরি কভারেজ

  1. পাবনায় সহিংসতায় তিনজনের মৃত্যু

    পাবনায় তিনজনের খবর নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ রফিকুল হাসান।

    সেখানে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পরে মৃত্যু হয়। আর একজনকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়।

    তাদের একজন দোগাছির ১৯ বছর বয়সী মো জাহিদুল ইসলাম, আপরজন হাজিরহাটের ১৬ বছর বয়সী মাহবুব।

    তৃতীয়জনের নাম নিশ্চিত করতে পারেননি ডাঃ হাসান, কারণ মৃত্যু জানানোর পর পর পরই যারা নিয়ে এসেছিলেন “তারা উত্তেজিত অবস্থায় ছিলেন” এবং লাশ নিয়ে চলে গেছেন। তার বয়স আনুমানিক ১৫-১৬ বলে জানান তিনি।

    দেখে মনে হয়েছে তাদের ছররা গুলি আঘাত করেছে যেগুলো বেশির ভাগই তাদের পিঠের দিকে ছিল।

    আরও অনেকেই আহত অবস্থায় এসেছে তাদের হাসপাতালে।

    স্থানিয় একজন সাংবাদিক জানাচ্ছেন সকাল থেকেই শহরের মূল সড়ক ট্রাফিক আইল্যান্ডের দিকে জড়ো হচ্ছিলেন। সেখানে একজন ইউনিয়ন চেয়ারম্যান তার লোকজনসহ হামলা চালায়। বলা হচ্ছে সেসময় গুলি চালানো হয় আন্দোলনকারীদের দিকে। সেই চেয়ারম্যানের গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

    পরবর্তীতে দুপুরের মধ্যে ছাত্রলীগ, যুবলীগও এসে যুক্ত হয় এবং আন্দোলনকারীদের হঠিয়ে অবস্থান নেয়। এর বাইরে পাবনার ঈশ্বরদীতেও পুলিশসহ ধাওয়া পাল্টা ধাওয়ার কথা শোনা গেছে।

  2. ঢাকায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত শতাধিক মানুষ, অনেকেই গুলিবিদ্ধ

    আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে ঢাকায় আবদুল্লাহ সিদ্দিক নামে একজন নিহত হয়েছেন।

    রোববার দুপুরে ধানমণ্ডির জিগাতলা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি।

    পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত মি. সিদ্দিক ঢাকার হাবীবুল্লাহ্‌ বাহার কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও শতাধিক মানুষ আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

    তাদের অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  3. সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকাল কারফিউ জারি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

    এর আগে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন।

    কিন্তু রোববার সারাদেশে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে কারফিউর সময় এগিয়ে আনার ঘোষণা দিলো সরকার।

    রোববার সারা দেশে সহিংসতায় অন্তত ১৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেক মানুষ।

  4. বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষে নিহত ৩

    বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, তাদের কাছে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

    এছাড়া আহত অবস্থায় ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান। এদিকে, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

    নিহতের নাম মনিরুল ইসলাম এবং বয়স ২২ বছর বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার গালিব খান। নিহত ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা গিয়েছে।

    ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত আহত ৪০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

    এদিকে, বিক্ষোভকারীরা সদর থানা, দুপচাঁচিয়া থানা, দুপচাঁচিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবন, বগুড়া টি অ্যান্ড টি অফিস, আওয়ামী লীগের কার্যালয়, টাউন ক্লাব, সদর ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

  5. এখন যারা নাশকতা করছে কেউ ছাত্র না তারা সন্ত্রাসী: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউ ছাত্র না, তারা সন্ত্রাসী। তাদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

    রোববার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী প্রধান, বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে গঠিত কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব উপস্থিত ছিলেন।

    জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর ২০১৯ সালের মার্চে গঠিত এ কমিটি দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে।

    ২০২৩ সালের পর এটিই নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক।

    রোববার বিকেলে সংস্কৃতিকর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

  6. রংপুরে আন্দোলনকারী ও সরকার দলীয়দের মধ্য সংঘর্ষে নিহত ২

    রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

    এছাড়া সকাল থেকে একের পর এক আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা সরকার পতনের এক দফা দাবি আদায়ে এবং সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে রোববার সকালে নগরের সিটি বাজারে সামনে আন্দোলনকারীরা জড়ো হয়।

    এ সময় সরকারদলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

    এর আগে মুন্সীগঞ্জে দুজন এবং মাগুরায় একজন নিহতের খবর পাওয়া গিয়েছে।

  7. ফরিদপুর ও কিশোরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, সংঘাত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে ফরিদপুর ও কিশোরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা।

    এ সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আন্দোলনকারীরা আগুন দিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    দুটি কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিলেও আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

    সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা।

    ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে মিছিলটি কোট এলাকার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ বক্সে হামলা চালান বলে জানা গিয়েছে।

    এরপর আন্দোলনকারীরা কতোয়ালি থানা ঘেরাও করে অবস্থান নেয় এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।

    এদিকে কিশোরগঞ্জেও আন্দোলনকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলে নিয়ে আন্দোলন শুরু করে। পরে বেলা ১১টার দিকে তারা জেলা আওয়ামী লীগ অফিস, রাস্তা ও মোটরসাইকেলে আগুন দেয়।

  8. ‘লংমার্চ টু ঢাকা’: নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা

    চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই রোববার দুপুরে আবারও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

    সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি করার ঘোষণা দেয়া হয়েছে। এর আগে এই কর্মসূচি পালনের জন্য ছয় অগাস্ট তারিখ ঘোষণা করা হলেও পরবর্তীতে একদিন এগিয়ে আনা হয়েছে।

    একইদিন, সকাল ১১টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এতে অংশ নিয়ে সারা দেশের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

    পাশাপাশি সারা দেশে বিক্ষোভ-আন্দোলন এবং গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

    এছাড়া, সারা দেশের সকল জেলা, উপজেলা, গ্রামে এবং পাড়া-মহল্লায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদের অন্যতম নেতা মি. ইসলাম।

    সোমবার নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদ স্মৃতিফলক’ উন্মোচনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

    গ্রেফতার বা অন্য কোনও কারণে সমন্বয়কদের কেউ যদি পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে না পারেন, সেক্ষেত্রে বর্তমান সরকারের পতনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রেখে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

  9. ঢাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

    ঢাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

    অনেক ব্যবহারকারী জানাচ্ছেন, তারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে করতে পারছেন না।

    বিটিআরসির একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আপাতত ঢাকা শহর এলাকায় ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। তবে ব্রডব্যান্ডের সেবা চালু থাকবে।

    তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকসহ কয়েকটি অ্যাপ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

    ফোরজি ও থ্রিজি সেবা মানে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই সেবা বন্ধ থাকলে মোবাইলে টুজি সেবায় শুধুমাত্র এসএমএস ও কল করার সুবিধা পাওয়া যায়।

    ইন্টারনেট সেবা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এ বিষয়ে ওই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

    পরিস্থিতির আরো অবনতি হলে পরদিন রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    এর পাঁচদিন পর ২৩শে জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। পরবর্তীতে ২৮শে জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়।

    যদিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ব্যবহার করা যায়নি। পরে ৩১শে জুলাই ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফেরে।

  10. ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষ, কমপক্ষে ১৫ জন আহত, কারওয়ান বাজারে আওয়ামী লীগের অবস্থান

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনকালে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    এর মধ্যে বেলা ১২টার দিকে ঢাকার উত্তরার আজমপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

    এছাড়া দু’পক্ষই সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    এদিকে, দুপুরে কারওয়ান বাজারেও আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

    একপর্যায়ে আন্দোলনকারীরা সরে যাওয়ায় কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিতে দেখা গেছে সরকার সমর্থকদের।

    এর বাইরে, এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল ও সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের বেশ কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

  11. মাগুরায় সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

    মাগুরায় পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

    এ ঘটনায় চার পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

    আহতদের অনেকেই গুলিবিদ্ধ বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. শামীম কবির।

    রোববার বেলা ১১টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পুলিশের এই সংঘাতের ঘটনা ঘটে।

    দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এখনো পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    এদিকে, মোহাম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের অফিসসহ সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সৌমেন সাহা জানান, আন্দোলনকারীরা তাদের কাছে ১৩ থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

    হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করলে উত্তেজিত আন্দোলনকারীরা ওই কিশোরের লাশ নিয়ে বেরিয়ে যায়। নিহতের পরিচয় তারা নিশ্চিত করতে পারেননি।

  12. চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সংঘর্ষে

    চট্টগ্রামে নিউমার্কেট এলাকার দিকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

    স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, সকাল ১১টায় আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন।

    সাড়ে ১১টা নাগাদ সেখানে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা আন্দোলনে হামলা চালায়।

    সিটি কলেজ, ইসলামীয়া কলেজের দিক থেকে হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক। সে সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলির শব্দ শোনা গেছে বলা হচ্ছে।

    এরপর জমায়েত ছত্রভঙ্গ হয়ে যায়।

    সেখানে এখন আর আন্দোলনকারীদের অবস্থান নেই বলে জানা যাচ্ছে।

    এর আগে সকাল ৯টা থেকে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন।

    এক পর্যায়ে সহস্রাধিক মানুষ নিউমার্কেটে চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়।

    এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। এজন্য তারা নিউমার্কেটের আশপাশে মাইক স্থাপন করলে আন্দোলনকারীরা সেগুলো ভাঙচুর করে।

    এ সময় বিক্ষোভকারীরা নিহতের ঘটনায় বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।

  13. রোববার ঢাকার বিভিন্ন এলাকার খণ্ডচিত্র

  14. সরাসরি গুলি না চালানোর রিট খারিজ

    আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    রোববার সকালে শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন।

    দেশের প্রচলিত আইনে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলেই আদালত রিটটি খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

    আন্দোলনকারীদের কেউ আইন ভঙ্গ করলে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    অন্যদিকে, রিট খারিজ করলেও পুলিশ যেন বেআইনিভাবে আন্দোলনকারীদের উপর গুলি না চালায়, আদালত সেবিষয়ে নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী।

    দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাইভ রাউন্ড বা তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯শে জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা।

    রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে।

    উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস হয়। এতে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়। যদিও সরকারি তথ্য বলছে, নিহতের সংখ্যা ১৫০ জন।

  15. মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘাত সংঘর্ষে নিহত ৩

    মুন্সীগঞ্জ অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ৪০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

    এরমধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয় বলে জানিয়েছেন হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী।

    বিবিসি বাংলাকে তিনি জানান, সকাল সাড়ে দশটা থেকে তাদের হাসপাতালে আহতরা ভিড় করতে থাকেন। এখন পর্যন্ত আহত অন্তত ৪০জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

    নিহত দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে বলে তিনি জানান। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে, তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

    এদিকে সিরাজদিখান উপজেলায় সংঘাত সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর নিশ্চিত করেছে সিভিল সার্জন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মুন্সীগঞ্জে এক দফা দাবিতে সকাল থেকে সুপার মার্কেট মোড় এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা।

    এসময় তাদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ বাধে।

  16. আবু সাঈদ হত্যা: রংপুরে বিচার বিভাগীয় কমিশন

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে রোববার রংপুর পৌঁছেছে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন।

    বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রংপুর সার্কিট হাউসে আটই অগাস্ট পর্যন্ত অবস্থান করে তদন্তকাজ পরিচালনা করবেন বলে জানা গেছে।

    আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমিনুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

    মূলত ১৬ থেকে ২১শে জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করার পাশাপাশি তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করবেন।

    জেলা প্রশাসনের কর্মসূচির তালিকা অনুযায়ী, সোমবার পাঁচই অগাস্ট সকালে কমিশনের সদস্যদের রংপুর সার্কিট হাউসে সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।

    পরদিন ছয়ই অগাস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে এবং সাতই অগাস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

  17. শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর-আগুন

    ঢাকার শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    বেলা ১১টার দিকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

    সেখানে উপস্থিত বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, সকালে শাহবাগ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে আসলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

    একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ভেতরে ঢুকে পড়েন।

    এসময় আন্দোলনকারীরাও সেখানে ঢুকে তাদেরকে ধাওয়া দেয়।

    এর কিছুক্ষণ পর বিএসএমএমইউর ভেতর থেকে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়।

    হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

    তবে, এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

  18. সরাসরি গুলি না চালানোর রিটের শুনানি শুরু

    আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি চলছে।

    সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হয় বলে জানা যাচ্ছে।

    গত পহেলা অগাস্ট এই রিটের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু একজন বিচারপতির অসুস্থতার কারণে পরপর দুইদিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

    দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড বা তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯শে জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা।

    রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে।

    উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস হয়।

    এতে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়। যদিও সরকারি তথ্য বলছে, নিহতের সংখ্যা ১৫০ জন।

  19. মুন্সিগঞ্জে আন্দোলনকারী-ছাত্রলীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

    মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেট চত্বর বা মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে অসহযোগ আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের সাথে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষ চলছে।

    ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে হাজার খানেক আন্দোলনকারী মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

    পরে ছাত্রলীগের ৫০/৬০ জন সদস্য লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের তাড়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

    এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

    আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বর ছেড়ে গেলেও আধা ঘণ্টার মধ্যে তারা সংগঠিত হয়ে ছাত্রলীগকে তাড়া দিয়ে সরিয়ে দেয় এবং মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে অবস্থান নেয়।

    এ সময়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখানে পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

    শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য মুক্তিযুদ্ধ কলেজের দিকে অবস্থান নিলেও পরে তারা আবার চত্বরের দিকে আসে এবং সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর প্রতিবাদে স্লোগান দিতে থাকে।

    এসময় পুলিশকে নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে দেখা গিয়েছে।

  20. রোববার গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘এক দফা’ দাবি এবং 'অসহযোগ আন্দোলন' ও বিক্ষোভ কর্মসূচির মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠক করতে যাচ্ছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

    আওয়ামী লীগের সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

    বৈঠকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

    এছাড়া স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প এবং বাণিজ্য মন্ত্রীসহ মন্ত্রিসভার ২৭জন সদস্য উপস্থিত থাকবেন।

    সেইসাথে সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানানো হয়েছে।