আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নির্বাচনী প্রচারণায় ‘কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না’, প্রধান উপদেষ্টা ‘সন্তুষ্ট’

এবার নির্বাচনী প্রচারণা “শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না”- প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করছে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি।

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা ঘটেছে

    • নির্বাচনী প্রচারণা “শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না”- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বলেও শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি।
    • বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে সেজন্য একটি দল বিভিন্ন পর্যায়ে গিয়ে ভয় দেখাচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • ধানের শীষের মিছিল করে কেন্দ্রে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে- এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
    • "একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে" এবং লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় সেই দলের নেতাদের জড়িত থাকা এর বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
    • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি ২৭ দিন পর চিকিৎসাধীন অবস্থা মারা গেছে।
    • রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
    • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি প্রক্রিয়া বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
    • "আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়," এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ইরান-মার্কিন আলোচনা নিয়ে সবশেষ প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক। তিনি যোগ করেছেন যে আগামী সপ্তাহে আলোচনার জন্য উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. নির্বাচনী প্রচারণায় ‘কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না’, প্রধান উপদেষ্টা ‘সন্তুষ্ট’

    এবার নির্বাচনী প্রচারণা “শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না”- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

    নির্বাচনের প্রস্তুতি নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন বলে মি. আলম জানান।

    শফিকুল আলম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করেন, “সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটা খুবই ইতিবাচক পরিবর্তন”।

    “এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে এখন আমাদের জন্য মেইন চ্যালেঞ্জ,” প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই কথা বলেন বলে মি. আলম জানান।

    সামনের এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন এবং আশা প্রকাশ করেছেন “নির্বাচন নিরাপদ পরিবেশে হবে”- বলেন প্রেস শফিকুল আলম।

  3. ইশতেহারে সংখ্যালঘুদের উপেক্ষা করেছে দলগুলো, অভিযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

    রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

    শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে সংগঠটি দাবি করেছে, বিএনপিসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিকভাবে উপক্ষিত রেখেছে।

    এছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে ‘নিছক রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের নিন্দা জানিয়েছে সংগঠনটি।

    তারা বলছে, "নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোটসমূহের সংখ্যালঘু জনগোষ্ঠীকে উপেক্ষা এবং অবহেলার নেতিবাচক প্রভাব নির্বাচনেও প্রতিফলিত হতে পারে"।

  4. ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বলে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, নির্বাচনে সারাদেশে এক লক্ষ আট হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রোববার থেকে কাজ শুরু করবেন।

    ১১ই ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র‍্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো ২৯৯টি আসনে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করবেন বলেও জানান মি. আলম।

    এছাড়া পোস্টাল ভেটে চার লাখক্ষ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথাও জানান তিনি। দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন তার ৯৪ শতাংশই পুরুষ ভোটার বলেও জানান।

    এই ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে প্রায় চারশ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজারের মতো দেশি পর্যবেক্ষক এবং ১২০ জনের মতো বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।

    নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে বলেও জানান প্রেস সচিব। বলেন, নির্বাচনী কর্মকর্তা এবং সুরক্ষা কর্মকর্তারা এই অ্যাপ ব্যবহার করবেন, যার মাধ্যমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর রাখা হবে।

  5. নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না: সিপিডি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি।

    বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণের তথ্য দিয়ে সিপিডি জানিয়েছে, একটি বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

    শনিবার নির্বাচনী এলাকায় ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটি এসব কথা বলেছে।

    সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অধিকাংশ জরিপে পতিত দলের ভোটারদেরকে এবারের নির্বাচনে নির্ণায়ক ফ্যাক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে।

    এটা দিয়ে বোঝা যায় যে, “একটি বৃহৎ অংশের ভোটারকে তার চাহিদামতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না,” বলেন তিনি।

    তবে, ঘোষিত ইশতেহারের দিকে রাজনৈতিক দলগুলোর নজর বাড়ছে বলেও মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি।

    রাজনৈতিক দলগুলো অর্থনীতির অনেকটা ভেতরে ঢুকে সেই অনুযায়ী সমস্যাগুলো বলার চেষ্টা করেছে। যদিও নির্বাচিত হয়ে এগুলো তারা বাস্তবায়নের সক্ষমতা রাখে কি না এই প্রশ্নও তুলেছে প্রতিষ্ঠানটি।

    “আগের তুলনায় এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর অন্তত মেনিফেস্টোর (ইশতেহারের) ব্যাপারে তাদের বেটার কমিটমেন্ট রয়েছে। কে ক্ষমতায় যাবেন জানি না,” বলেন তিনি।

  6. রাশিয়া ও ইউক্রেনকে জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে বলেছে যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক। তিনি যোগ করেছেন যে আগামী সপ্তাহে আলোচনার জন্য উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।

    “আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে দুইটি আলোচনাকারী দল—ইউক্রেন ও রাশিয়া—এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে, বৈঠকে বসুক। আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি,” তিনি বলেন।

    ওয়াশিংটন বা মস্কো কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে, এক বছরেরও বেশি সময় ধরে, এই সংঘাতের অবসান ঘটানোর জন্য চাপ দিয়ে আসছেন।

    এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে—যার ফলে তীব্র শীতের মধ্যে ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা বাড়ছে।

    শনিবার জেলেনস্কি জানান, আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।তবে তিনি সতর্ক করে বলেন, “এর জন্য প্রস্তুতিমূলক কিছু বিষয় প্রয়োজন”।

    কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে ইউক্রেনের নেতা বলেন, “আমেরিকানরা বলছে তারা জুনের মধ্যেই সবকিছু করতে চায়”।

    তিনি যোগ করেন, “কেন এই গ্রীষ্মের আগেই? আমরা বুঝি যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো এতে প্রভাব ফেলবে”।

    জেলেনস্কি এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।

  7. ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত করা হবে না: জামায়াত আমির

    বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    শনিবার হবিগঞ্জে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।

    সব ধর্মের মানুষ নির্ভয়ে তাদের আচার-অনুষ্ঠান করবে, কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না- দাবি করে তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে কারো ওপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম। আমাদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি”।

    রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি আর চাঁদাবাজিতে জড়িয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির, বলেন- জামায়াতের রাজনীতিতে একজন শ্রমিকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবেন।

  8. একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে: তারেক রহমান

    মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে সেজন্য একটি দল বিভিন্ন পর্যায়ে গিয়ে ভয় দেখাচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    শনিবার নীলফামারী জেলায় নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

    “বাংলাদেশের কোনো ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো,” বলেন তিনি।

    মি. রহমান বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার যারা কেড়ে নিয়েছিল তারা দেশ থেকে পালালেও তাদের এক সহযাত্রী দেশে রয়ে গেছে।

    “দেশ স্বাধীনের পর, দেশ স্বাধীনের আগে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই বহুরূপ ধারণকারীরা আজ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,” বলেও মন্তব্য করেন তিনি।

  9. ধানের শীষের মিছিলে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে: হাসনাত আবদুল্লাহ

    ধানের শীষের মিছিল করে কেন্দ্রে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

    শনিবার দুপুরে নির্বাচনী গণসংযোগের সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, "সতের বছরের নির্যাতিত মূল বিএনপি নেতাকর্মীদের সরিয়ে হাইব্রিড বিএনপি জায়গা দখলে নিয়েছে"।

    তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নিজের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

    “তৃণমূলের যেসব নির্যাতিত, নিপীড়িত বিএনপি নেতাকর্মী আছে, তাদের কাঁধে হাত রাখুন। তারা কষ্টে আছে, তারা নিজেদেরকে নির্যাতিত মনে করছে,” বলেন মি. আব্দুল্লাহ।

  10. ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানবেন যেভাবে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানার চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন বা ইসি।

    শনিবার কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

    প্রথমত, মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর এবং ভোটেকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের প্লে স্টোর থেকে Smart Election Management BD অ্যাপ ইনস্টল করে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে খুঁজলেই ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জানতে পারবেন।

    দ্বিতীয়ত, হটলাইন নম্বর ১০৫ এ কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা। প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এই পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।

    তৃতীয়ত, এসএমএস এর মাধ্যমেও ভোটাররা এসব তথ্য জানতে পারবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

    এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার কিংবা মোবাইল থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে।

    এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়েও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করা যাবে। যেখানে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

  11. ইরান চুক্তি করতে মরিয়া, দাবি ট্রম্পের

    "আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়," এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ইরান-মার্কিন আলোচনা নিয়ে সবশেষ প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি।

    ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে ভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. ট্রাম্প এই মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, "আমাদের দেখতে হবে চুক্তিটি আসলে কোন পর্যায়ে। আমার মনে হয় ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, যেমনটি তাদের হওয়া উচিত। গতবার তারা এটি না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমার মনে হয় তারা এবার তাদের মন পরিবর্তন করেছে। চুক্তির বিষয়টি আমাদের দেখতে হবে এবং গতবারের চেয়ে এটি অবশ্যই আলাদা হবে।"

    মি. ট্রাম্প আবারও উল্লেখ করেন যে, "আমাদের একটি বিশাল নৌবহর আছে, একটি বিশাল নৌবাহিনী যারা ওই দিকে এগোচ্ছে এবং দ্রুতই সেখানে পৌঁছাবে। তাই আমরা দেখব কীভাবে পরিস্থিতি এগোয়।”

    কতক্ষণ অপেক্ষা করবেন? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মি. ট্রাম্প বলেন, "আমাদের কাছে অনেক সময় আছে। যদি আপনার ভেনেজুয়েলার কথা মনে থাকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এবং আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না।"

    আগামী সপ্তাহের শুরুর দিকে আবারও বৈঠক হতে পারে বলে জানান মি. ট্রাম্প।

    “চুক্তি না করার পরিণতি কী হতে পারে তা আপনারা জানেন, পরিণতি স্পষ্ট। তাই আমরা দেখব কী হয়। এই বৈঠকটি একজন অত্যন্ত উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার সাথে হয়েছে এবং আমরা দেখব এর ফলাফল কী হয়,” বলেন তিনি।

    এছাড়া চুক্তির শর্তাবলী নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, বলেন, "প্রথমত, কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা দুই বছর আগে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারতাম, কিন্তু তারা তা মেনে নিতে রাজি ছিল না। এখন তারা এক বা দেড় বছরেরও বেশি সময় ছেড়ে দিতে ইচ্ছুক, এমনকি প্রস্তুত।"

  12. মা-বোনদের পক্ষে অবস্থান বলেই চরিত্র হননের চেষ্টা- জামায়াতের আমির

    নারীদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তাদের পক্ষে কথা বলার কারণেই তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    শনিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    “মা-বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এজন্য ওইটা ধরেই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। আমার আইডি হ্যাক করে। চোর ধরা পড়েছে, তারপরও বড় গলায় কথা বলে,” বলেন তিনি।

    প্রবাসীদের ভোটের অধিকার অনেকে চায়নি বলেও মন্তব্য করেন মি. রহমান। বলেন, আগামীতে সব প্রবাসীর ভোটের অধিকার নিশ্চিত করা হবে।

    “অনেকে বলেছিলেন প্রবাসীদের আবার ভোটের দরকার কী? ওরা বিদেশে যাবে রুজি করবে, পরিবারকে টাকা পাঠাবে, দেশকে রেমিট্যান্স দিবে। এর বাইরে তাদের আর কী আছে”।

    এর আগে শনিবার সকালে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠ এবং মৌলভীবাজার জেলার কুলাউড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্যে রাখেন জামায়াত আমির।

  13. জাল ভোট দিতে বোরকা-নেকাব তৈরি করছে একটি দল: মাহদী আমিন

    একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে এবং লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় সেই দলের নেতাদের জড়িত থাকা এর বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

    এছাড়া, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরকা ও নেকাব তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

    শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    মি. আমিন বলেন, “লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেছেন যে জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে।”

    আসন্ন নির্বাচনে দেশের সব কেন্দ্রে বিশেষ করে নারী ভোটকক্ষে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, “আইন ও বিধিমালা অনুযায়ী ভোটারের মুখ দেখে ভোটার শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে হবে।”

    এছাড়া আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নানা অসংগতি রয়েছে বলেও দাবি করেন মি. আমিন।

    অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

  14. মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি মারা গেছে

    মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি ২৭ দিন পর চিকিৎসাধীন অবস্থা মারা গেছে।

    নয় বছরের হুজাইফা সুলতানা গত ১১ই জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয়েছিল।

    এরপর প্রথমে তাকে কক্সবাজারের সদর হাসপাতালে, পরে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের অন্যপাশে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের সময় সীমান্তের অন্যপাশ থেকে আসা গুলিতে বাংলাদেশের বেশ কয়েকজন আহত হয়।

  15. চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও লাগাতার ধর্মঘটের ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি প্রক্রিয়া বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

    শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও মো. ইব্রাহিম খোকন এই কর্মসূচি ঘোষণা করেন।

    সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, কোনো কর্মচারী ধর্মঘট চলাকালে কাজে যাবে না। আন্দোলনে সরকারকে অনেক সময় দিলেও কোনো কাজ হয়নি। এর ফলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট ঘোষণা করেছে।

    নেতারা বলেন, এতদিন আন্দোলন চললেও বন্দরের বহির্নোঙরের কার্যক্রম বন্ধ করা হয়নি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় নতুন ঘোষিত কর্মসূচিতে বহির্নোঙরের পণ্য খালাসও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

    এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে টানা বিক্ষোভ, কালো পতাকা মিছিল ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। দাবি পূরণের আশ্বাসে বৃহস্পতিবার কর্মসূচি শিথিলের পর দুই দিনের ব্যবধানে আবারও নতুন ঘোষণা এলো।

    সংবাদ সম্মেলনে যেসব দাবি উল্লেখ করা হয় তাতে রয়েছে- চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত শ্রমিক-কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং পদে পুনর্বহাল, নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলাসহ কোনো ধরনের হয়রানি করা থেকে বিরত থাকা।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে