আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অজিত ডোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। নির্বাচনের আগে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ অন্যান্য দাবিতে আগামী ৩০শে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে দলগুলো।
    • আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না বলে তিনি জানান।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সুবিধাজনক সময়ে মি. ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
    • রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।
    • প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি; কীভাবে গণভোট হবে—সেই আইন হলে নির্বাচন কমিশরে একটা দায়বদ্ধতা আসবে।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
    • গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিবন্ধনের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে। তারা ভোটের আচরণবিধি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।
    • ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
    • সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সম্পর্কে “কিছুই জানতেন না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এই কথা বলেন।
    • ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায়।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    অন্যান্য খবর পড়ার জন্য বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।

  2. সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামীসহ আট দল

    আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামীসহ আট দল। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

    বুধবার রাতে মি. আযাদ বিবিসিকে বলেন, “আমরা (আট দল) এতদিন একসাথে আন্দোলন করেছি, আমরা এখন নিজেরা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবো”।

    নির্বাচন আসন বন্টন কীভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, “বৈঠক হয়েছে, সেখানে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কে কোন আসন থেকে নির্বাচন করবে ও কারা কতগুলো আসনে করবে এ নিয়ে আলোচনা হয়নি”।

    এর আগে বুধবার এক সংবাদ সম্মেলন থেকে আট দলের নতুন কর্মসূচি ঘোষণার সময়ও বিষয়টি উল্লেখ করেন মি. আযাদ। আট দলের বাইরে আরো দল আসবে কি না সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা আট দল।

    নির্বাচনের আগে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ অন্যান্য দাবিতে যৌথ উদ্যোগে তারা আগামী ৩০শে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজন করার কথা জানিয়েছে।

    গত ১৮ই সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে আট দল।

    এর আগে ঢাকায় যৌথ সমাবেশসহ ছয় দফায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। এবার সপ্তম দফার কর্মসূচি ঘোষণা করল দলগুলো।

  3. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিলের রায় হওয়ার কথা বৃহস্পতিবার

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের রায় হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ রায় দেবেন।

    ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে তিন জন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

    সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১০ই মে সেটি বাতিল করে আপিল বিভাগ।

    ওই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের জুনে জাতীয় সংসদে পাস হয়।

    পরের মাসেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

    ওই রায় পুনর্বিবেচনা করার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ জন বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি আবেদন করেন।

  4. গণভোটের জন্য স্পষ্ট আইন চায় নির্বাচন কমিশন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রেফারেন্ডাম (গণভোট) পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি।

    “কীভাবে গণভোট হবে—সেই আইনটা আগে হওয়া দরকার। আইন হলে তখন আমাদের একটা দায়বদ্ধতা আসবে,” বলেন তিনি।

    আজ নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের সংলাপে সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন, এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    সিইসি বলেন, “সকালে বহু বক্তা গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আইন ছাড়া গণভোটের পদ্ধতি, ব্যালট, ব্যালট বাক্স বা যাবতীয় কাঠামো নিয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়”।

    “রেফারেন্ডাম আইন এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ করেছিলেন, এখন আবার আইন প্রণয়ন প্রয়োজন। আইন হওয়ার পর ইসি এ বিষয়ে অনুশীলন ও প্রস্তুতি শুরু করবে,” বলেন তিনি।

    সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বসেইসি।

    দুপুরের সেশনে বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাসদ মার্কসবাদী (নতুন দল)-এর সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হয়।

    এর আগে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

  5. উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

    অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক খবরে জানায়, বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।

    তিনি ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের উপর জোর দেন।

    এ প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বর্তমানে পাকিস্তান সরকারের সাথে বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার আশা প্রকাশ করেন তিনি।

  6. রানওয়েতে শিয়াল থাকায় ২৬ মিনিট বন্ধ ছিল বিমান উড্ডয়ন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ শিয়ালের আবির্ভাবে প্রায় ২৬ মিনিট আটকে থাকার পরে উড্ডয়ন করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট।

    আজ বুধবার সকাল সাড়ে এগারটায় এ ঘটনা ঘটে।

    সকাল ১১টা ৪০ মিনিটে ওই বিমানটির উড্ডয়নের কথা ছিলো। কিন্তু উড্ডয়নের আগে পাইলট রানওয়েতে কিছু দেখার কথা জানিয়ে নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান।

    ওই সময় ২৬ মিনিট আটকে থাকে বিমানটি। কর্তৃপক্ষের লোকজন গিয়ে রানওয়েতে শিয়াল দেখতে পায়। পরে সেটিকে সরিয়ে দেওয়ার পরে উড্ডয়ন করে বিমানটি।

    বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি ১২টা ছয় মিনিটে উড্ডয়ন করে।

  7. রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ২৫ জন নিহত

    রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় শহর টেরনোপিলের দুইটি ব্লকে এই হামলা চালিয়েছে রাশিয়া।

    পুলিশ জানিয়েছে, আরো ৬৬ জন আহত হয়েছেন যাদের মধ্যে ১৬ জন শিশু। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি এটি।

    আরো দুইটি পশ্চিমাঞ্চলীয় এলাকা লুভিও এবং ইভানো ফ্রাঙ্কিভস্কেও হামলা করা হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলা লক্ষ্য করে ড্রোন হামলায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

    অনলাইনে প্রকাশিত ছবিবে ভবন এবং গাড়িতে আগুন দেখা গেছে।

    ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ৪৭০টিরও বেশি ড্রোন এবং ৪৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে।

    টেরনোপিলের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

  8. ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

    আজ বুধবার নির্বাচন ভবনে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এ প্রস্তাব দেন।

    মি. খান বলেন, “সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকেরা হবেন। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।”

    সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে ইসির নিজস্ব কর্মকর্তাদের এই দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল।

  9. অজিত ডোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

    এতে আরো বলা হয়, কলোম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি এবং দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

    এসময় অজিত ডোভালকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মি. রহমান।

  10. নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে এনসিপির প্রশ্ন

    গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিবন্ধনের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে। তারা ভোটের আচরণবিধি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।

    দলটির পক্ষে সংলাপে অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

    আচরণবিধির কথা উল্লেখ করে এনসিপি নেতা জহিরুল ইসলাম বলেন, “বিধি অনুযায়ী কোনো প্রার্থী তার দলের বর্তমান প্রধান ছাড়া আগের কোনো প্রধান বা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না। আপনারা একটা পোট্রেট ছবির নীতিমালা দিয়েছেন, সেটাকে সাধুবাদ জানাই।”

    মি. ইসলাম বলেন, “আমি নাম উল্লেখ করেই বলি, বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন খালেদা জিয়া। সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন, তাহলে কমিশনকে প্রথম তার ওপর বিধিমালা প্রয়োগ করতে হবে। তখনই কমিশনের সক্ষমতা প্রমাণ করতে হবে। তখনই আমরা বুঝবো কতটা আন্তরিকতা নিয়ে কমিশন এই আইনটি তৈরি করেছেন এবং প্রয়োগ করছেন।”

    প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না।

  11. শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

    আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ সংবাদ প্রকাশ করেছে।

    প্রধান উপদেষ্টা বলেন, "এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন"।

    তিনি আরও বলেন, "এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে"।

  12. দেশে থেকেই কার্ড ব্যবহার করে বিদেশি রুটের বিমানের টিকেট কিনতে পারবেন বাংলাদেশিরা

    বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দেশে থেকেই আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি রুটের বিমানের টিকেট কিনতে পারবেন।

    বাংলাদেশ ব্যাংক আজ বুধবার দেশের এডি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

    গ্রাহকদের সুবিধা এবং টিকেটের প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত ভিসাধারী বাংলাদেশি যাত্রীরা এখন থেকে এয়ারলাইনসগুলো থেকে সরাসরি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকেট কিনতে পারবেন।

    সার্কুলারে বলা হয়েছে, টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের এডি ব্যাংকগুলোর পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এই অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রা আয় হিসেবে গণ্য হবে।

    এর আগে, আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশ ভ্রমণের সময় খরচের জন্য ব্যবহারের অনুমতি ছিল।

    কিন্তু দেশে ডিজিটাল পেমেন্টের পর্যাপ্ত সুযোগ না থাকায় যাত্রীরা অনেক সময় ন্যায্য বা প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট কেনা থেকে বঞ্চিত হতেন। এই জটিলতা দূর করতে নতুন নীতিমালা করা হয়েছে।

  13. তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আদানি গ্রুপের সঙ্গে সালিশিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের

    ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

    হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে।

    আদেশে আদালত বলেছে, বাংলাদেশ সরকার ও আদানি গ্রুপের মধ্যকার এ চুক্তির ন্যায্যতা ও সম্ভাব্য অনিয়ম তদন্তে হাইকোর্ট যে কমিটি গঠন করেছে, সেই কমিটির প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সালিশি কার্যক্রম স্থগিত থাকবে।

    এর আগে আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম।

    গত বছরের ১৯শে নভেম্বর তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে তিন দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করতে আইনি নোটিশ পাঠান।

  14. সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষে কথা বললেন ট্রাম্প

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সম্পর্কে “কিছুই জানতেন না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এই কথা বলেন।

    ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার জন্য সৌদি এই যুবরাজ অভিযানের অনুমোদন করেছিলেন- ২০২১ সালে এমন একটি মূল্যায়ন করেছিলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

    ট্রাম্পের মন্তব্য ওই মূল্যায়নের বিপরিত তথ্য দিচ্ছে।

    কোনো ধরনের অন্যায় কাজ করার কথা অস্বীকার করে যুবরাজ সালমান হোয়াইট হাউসে বলেছেন, খাসোগির মৃত্যুর তদন্তের জন্য সৌদি আরব “যথাযথ সব কাজ করেছে”।

    হত্যাকাণ্ডটিকে ‘বেদনাদায়ক’ বলেও অভিহিত করেছেন তিনি।

    খাসোগির ওই হত্যাকাণ্ডের পর এটাই ছিল সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর, যা মার্কিন-সৌদি সম্পর্ককে নাড়া দিয়েছিল।

    মঙ্গলবার ওভাল অফিসে ওই হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করেছিলেন এমন একজন সাংবাদিককে ট্রাম্প পাল্টা আক্রমণ করেন।

    তিনি বলেন, “আপনি এমন একজনের কথা বলছেন যিনি খুবই বিতর্কিত ছিলেন। আপনি যে ভদ্রলোকের কথা বলছেন তাকে অনেকেই পছন্দ করেননি। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেই যায়”।

    তিনি আরো যোগ করে, “কিন্তু ক্রাউন প্রিন্স এই সম্পর্কে কিছুই জনতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের”।

  15. রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভটা আমাকে ফিল করতে হয়: সিইসি

    রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা মেনে নিয়েই সামনে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।

    মি. উদ্দিন বলেন, “সব কিছু বাস্তবিক ও বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলুউশনে আমাদের আসতে হবে। সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন দিতে পারবো। ন্যায়নীতি, আইন ও বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ”।

    "শুধু আমাদের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা মেনে নিয়ে চিন্তাভাবনা করতে হবে"- বলেও মন্তব্য করেন মি. উদ্দিন।

    “রাজনৈতিক বাস্তবতা কী এটা আপনারা জানেন। এগুলার হিটওয়েভ আমি ফিল করি এখানে বসে। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভটা আমাকে ফিল করতে হয়। এটা খুব মসৃণ বাস্তবতা না। এগুলো ওভারকাম করেই আমাদের এগিয়ে যেতে হবে,” মি. উদ্দিন।

  16. অন্ধ্রে 'বন্দুকযুদ্ধে' শীর্ষ মাওবাদী নেতাসহ সাত জন নিহতের তথ্য জানালো পুলিশ

    ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায়। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় 'এনকাউন্টার' বলে জানা গেছে।

    অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, “এই সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে টেক শঙ্কর নামে পরিচিত মেট্টুরি জোগা রাও ছিলেন।”

    “মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর সিপিআই (মাওবাদী) অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন।”

    পুলিশ জানিয়েছে, এর আগে মঙ্গলবার ভোর ছ’টা থেকে সাতটার মধ্যে আল্লুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন মহেশচন্দ্র লাড্ডা।

    এদিকে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ছেড়ে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    বিজয় শর্মা বলেন, “বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং তার ফলাফলও পাওয়া যাচ্ছে। যারা মূলস্রোতে ফিরে আসতে চান, তাদের কাছে আমরা আবেদন করেছি, তারা যেন পুনর্বাসনের রাস্তা বেছে নেন। মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য সরকার প্রস্তুত রয়েছে।”

  17. গাজীপুরে কেমিকেল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

    গাজীপুরের বাঘের বাজার এলাকায় একটি কেমিকেল গোডাউনে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা। পরে ৯টি ইউনিট গিয়েকাজ শুরু করে।

    তবে কোনো ক্ষয়-ক্ষতির কথা জানায়নি ফায়ার সার্ভিস।

  18. এবারও বিজয় দিবসে প্যারেড হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না বলে তিনি জানান।

    আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। বিজয় দিবসকে ঘিরেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।

    “বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। বরং আরো বেশি হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না,” বলেন তিনি।

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে