বুধবার সারাদিন যা যা হলো
- আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। নির্বাচনের আগে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ অন্যান্য দাবিতে আগামী ৩০শে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে দলগুলো।
- আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না বলে তিনি জানান।
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সুবিধাজনক সময়ে মি. ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
- রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি; কীভাবে গণভোট হবে—সেই আইন হলে নির্বাচন কমিশরে একটা দায়বদ্ধতা আসবে।
- আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
- গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিবন্ধনের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে। তারা ভোটের আচরণবিধি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।
- ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
- সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সম্পর্কে “কিছুই জানতেন না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এই কথা বলেন।
- ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায়।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
অন্যান্য খবর পড়ার জন্য বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।
















