আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

২২ বছর পরে ফুটবলে ভারতকে হারাল বাংলাদেশ

এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শ্রম আইনের নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করা যাবে। আপত্তি না থাকায় এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার নিবন্ধন শুরু বুধবার থেকে। দিনের প্রধান খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়:

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় পেলো বাংলাদেশ ফুটবল দল। এর ফলে ২২ বছর পরে ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ। ঢাকায় ম্যাচের এগার মিনিটের সময় শেখ মোরছালিনের দারুণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ । পরে পুরো ম্যাচে সেটি ধরে রাখতে সমর্থ হয় দলটি।
    • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে হোয়াইট হাউজে বৈঠকের আগে মি. ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় সাড়ে ৮২ মিলিয়ন ডলার।
    • বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য কাল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে। বাংলাদেশে এবারই প্রথম পোস্টাল ভোট দেয়ার সুযোগ চালু হচ্ছে। এজন্য অ্যাপে নিবন্ধনের পর সে অনুযায়ী শুধু প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে। এই অ্যাপ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
    • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করে গেজেট প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। “জুলাই যোদ্ধা বা শহীদ তালিকায়” প্রকাশের পর থেকেই অনেক নাম নিয়ে শুরু থেকেই বিতর্ক চলে আসছে।
    • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোর বিমানবন্দরে সোমবার রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। বিবিসি এ সংক্রান্ত ভিডিও ভেরিফাই করে নিশ্চিত হয়েছে। ওই বিমানে দেশটির খনি মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বাসহ একটি প্রতিনিধি দল ছিলো। তারা অক্ষত আছেন।
    • নির্বাচন কমিশন জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। কমিশনের সচিব আখতার আহমেদ প্রেস ব্রিফিংয়ে মোট ভোটারের এ সংখ্যা জানিয়ে বলেছেন, বাড়ি বাড়ি যাওয়া, উদ্বুদ্ধকরণ ও প্রচারণা ইত্যাদির প্রেক্ষাপটে ভোটার বেড়েছে।
    • অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আনসারের জন্য ১৭ হাজার শটগান এবং পুলিশের জন্য কেনা হচ্ছে বডি ক্যাম। তবে এগুলো সাশ্রয়ী মূল্যে কেনা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পুলিশের জন্য আগে ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা বলা হলেও এখন সেই সংখ্যা কমবে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো। বুধবার আবারও পাতাটি চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।

    অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

  2. ২২ বছর পরে ফুটবলে ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ

    এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় পেলো বাংলাদেশ ফুটবল দল। এর ফলে ২২ বছর পরে ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ।

    ঢাকায় ম্যাচের এগার মিনিটের সময় শেখ মোরছালিনের দারুণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ । পরে পুরো ম্যাচে সেটি ধরে রাখতে সমর্থ হয় দলটি।

    এর আগ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।

    আজকের ম্যাচ উপলক্ষে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক দেখা গেছে।

    ম্যাচের শুরুতে বাংলাদেশের অর্ধেই বল বেশি সময় থাকলেও তা থেকে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি।

    এগার মিনিটে পাল্টা আক্রমণ থেকে অনেকটা হুট করেই গোল পেয়ে যায় বাংলাদেশ।

    বা দিক থেক রাকিব দারুণ গতিতে বল নিয়ে এগিয়ে গিয়ে গোলবক্সের সামনে পাস দেয়। সেখান থেকে দারুণ টোকায় বল জালে পাঠান মোরছালিন। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম গোল।

    এরপর ভারত অনেকবার চেষ্টা করলেও আর গোল পরিশোধ করতে পারেনি।

  3. বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ

    বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করে দেয়া হচ্ছে। এই অফিসটি থেকে প্রতিবছর সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডের সেবা নিয়ে থাকে বিপুল সংখ্যক মানুষ।

    কেন্দ্রীয় ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০শে নভেম্বরের পর এই অফিস থেকে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রয় বন্ধ ছাড়াও ছেঁড়া-ফাটা নোট বিনিময় ও এ-চালানসহ সংশ্লিষ্ট সেবাগুলো বন্ধ থাকবে।

    “বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এই সব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে,” বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে এসব সেবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  4. সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে হোয়াইট হাউজে বৈঠকের আগে মি. ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন।

    নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় সাড়ে ৮২ মিলিয়ন ডলার।

    “আমরা এফ-৩৫ বিমান বিক্রি করতে যাচ্ছি,” বলেছেন তিনি। “তারা আমাদের দারুণ মিত্র”।

    দুই নেতা স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হবেন। সাত বছর আগে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের পর মি. সালমান এই প্রথম হোয়াইট হাউজে আসছেন।

    যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছিলো জামাল খাসোগজির বিরুদ্ধে অপারেশনের অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। তবে তিনি ওই হত্যাকাণ্ডে কোনো ধরনের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

    মোহাম্মদ বিন সালমান সবশেষ ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ওই বছরেই খাসোগজি ইস্তান্বুলে হত্যাকাণ্ডের শিকার হন।

    ট্রাম্প ও যুবরাজ গত মে মাসে রিয়াদে সাক্ষাৎ করেছেন। সেখানেই যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয়। এটিকে হোয়াইট হাউজ ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির অংশ হিসেবে ‘অস্ত্র বিক্রিতে ইতিহাসের সবচেয়ে বড় সমঝোতা’ হিসেবে আখ্যায়িত করেছিলো।

    সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা।

    তবে তাদের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের কর্মকর্তারা। দেশটির সামরিক কৌশলকে এটি ক্ষতিগ্রস্ত করবে বলে তারা যুক্তরাষ্ট্র ও স্থানীয় সংবাদ মাধ্যমে বলছেন।

    ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ওই অঞ্চলে একমাত্র ইসরায়েলের হাতেই এফ-৩৫ যুদ্ধবিমান আছে।

    মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তার আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরের জন্য সৌদি আরবকে চাপ দিতে পারেন। সৌদি আরব এজন্য ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুঁজে বের করাকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

    লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই বিমানে আছে 'স্টেলথ' প্রযুক্তি। অর্থাৎ এ বিমান ওড়ার সময় শত্রুপক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না। তা ছাড়া শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগেই সে নিজেই তাকে দেখতে পাবে।

    বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম - যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রু বিমানের দিকে গুলি করতে পারবে।

    পাইলট শত্রু লক্ষ্যবস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারবেন, শত্রু রাডার 'জ্যাম' বা অকার্যকর করে দিতে পারবেন এবং আক্রমণ প্রতিহত করতে পারবেন।

    তা ছাড়া এ বিমানের যাবতীয় তথ্য-উপাত্ত অপারেশন কমান্ডারের সাথে শেয়ার করা যাবে।

  5. ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ১৪ শতাংশ বাড়ল

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও পাঁচ মাসের মধ্যে অক্টোবরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি সেপ্টেম্বরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ বেড়েছে।

    ভারতের উপর অগাস্টের শেষ দিকে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশী বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিলো।

    ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলো যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি এলপিজি আমদানিতে রাজি হয়েছে। এছাড়া মি. ট্রাম্প কিছু কৃষি পণকে পারস্পারিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন, যা ভারতের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

    দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, চুক্তির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা অনেকটাই শেষের দিকে রয়েছে।

    অক্টোবরে ভারতের সার্বিক রপ্তানি প্রায় ১২ শতাংশ কমা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বেড়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক, চিংড়ি এবং রত্ন ও গহনাসহ বিভিন্ন পণ্যের প্রধান রফতানিকারক দেশ ভারত।

  6. পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক- স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে।

    বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক।

    “গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পাকিস্তান সফর করেছেন। এর মাধ্যমে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হয়েছে,” উপদেষ্টাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    উপদেষ্টা বলেন, দু'দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর করা হবে। তাছাড়া দু'দেশের অপরাধীদের পারস্পরিক বিনিময় বা হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

  7. প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল থেকে, জানুন কোন দেশে কবে নিবন্ধন করা যাবে

    বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য কাল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে।

    বাংলাদেশে এবারই প্রথম পোস্টাল ভোট দেয়ার সুযোগ চালু হচ্ছে। এজন্য অ্যাপে নিবন্ধনের পর সে অনুযায়ী শুধু প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে।

    অ্যাপে নিবন্ধিত ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই সাথে 'না' ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে। যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন, শুধুমাত্র সেই সব আসনের ভোটাররাই এই না ভোট দিতে পারবেন।

    এই অ্যাপ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবেন।

    এর মধ্যে ২৩শে নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

    এছাড়া উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশানিয়া অঞ্চলের দুটি দেশের থাকা বাংলাদেশি ভোটাররা ২৪-২৮শে নভেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন।

    ওদিক ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন করতে হবে ২৯শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বরের মধ্যে। আর ৪ঠা ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে, যা চলবে ৮ই ডিসেম্বর পর্যন্ত।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সাথে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি ওই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে।

    ভোটার যে নিজে ভোট দিয়েছেন সেটি উনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং সেটিতে সাক্ষর করবেন।

    যদি কোনো ভোটার শুধু ভোট দিয়ে ঘোষণাপত্রে সাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাংলাদেশে পাঠান সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল ভোট হিসেবেই গণ্য করবে রিটার্নিং কর্মকর্তা।

    প্রবাসী ভোটার বাদেও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী ও দেশের ৭১টি কারাগারে বন্দি ও কয়েদিরা। তাদের জন্যও আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করবে ইসি।

    নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন, "মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের পর যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তারপরই অ্যাপ থেকে স্ব স্ব আসনের প্রার্থী তালিকা জানতে পারবেন প্রবাসী ভোটাররা"।

    ওই আসনে কোনো রাজনৈতিক দল বা তার পছন্দের প্রার্থীর প্রতীক ভোটার নিজেই দেখতে পারবেন অ্যাপে। সেখান থেকে প্রবাসী ভোটার ১১৯টি প্রতীকের মধ্যে তার পছন্দের প্রতীকের ব্যালটের পাশে টিক বা ক্রস চিহ্ন দিবেন।

    প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিবিসি বাংলাকে জানান, "পছন্দের প্রতীকে ভোট দেওয়ার পর ব্যালট রিটার্ন খামে ভরে তারপর কাছাকাছি পোস্ট অফিসে পাঠাবেন। আগে থেকেই ডাক মাসুল পে করা থাকবে। সে কারণে এটা চলে আসবে দেশে স্ব স্ব ঠিকানায়"।

  8. হঠাৎ খুলনার আকাশে আলোর ঝলক.............

    বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনার আকাশে উল্কার মতো ছুটে চলা আলোর ঝলক দেখেছেন সেখানকার অনেক অধিবাসী।

    খুলনার সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি তার খুলনার বাড়ীর ছাদে গাছের পরিচর্যা করতে উঠেছিলেন এবং তখনি এই দৃশ্য দেখতে পান।

    “গোধূলী বলতে যে সময়টা বোঝায় ঠিক সেই সময়ে আমার নজরে আলোর মতো কিছু একটা এলো। মোবাইলের ক্যামেরা জুম করে দেখলাম আলোর ঝলক। তখন কয়েকটা ছবি তুলতে পারলাম,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

  9. ৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করলো সরকার

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করে গেজেট প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

    “জুলাই যোদ্ধা বা শহীদ তালিকায়” প্রকাশের পর থেকেই অনেক নাম নিয়ে শুরু থেকেই বিতর্ক চলে আসছে।

    অভিযোগ আছে, ‘জুলাই অভ্যুত্থানে’ অংশ না নেওয়া অনেকের নামও রাখা হয়েছে এই তালিকায়, যারা সরকারি নানা সুযোগ-সুবিধাও পাচ্ছেন।

    এসব সুবিধার মধ্যে রয়েছে, যারা নিহত হয়েছেন, তাদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও মাসে ২০ হাজার করে টাকা ভাতা পাবেন। এসব পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার প্রকল্প নিয়েছে সরকার।

    অন্যদিকে আহত তালিকায় থাকা ব্যক্তিরা ক্যাটাগরি অনুযায়ী ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা পাবেন। এছাড়া অঙ্গহানি হলে সেজন্য এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা পাবেন।

    এছাড়া চিকিৎসা সহায়তা, সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসন সুবিধা পাবেন।

    নানা আলোচনা-সমালোচনা থাকায় জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা পুনরায় যাচাই করতে জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

    সরকার নিজেই এই তালিকা করলেও সেখানে জুলাই আন্দোলনে অংশ না নিয়েও যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলো সরকার।

  10. ডিআর কঙ্গোর বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন

    গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোর বিমানবন্দরে সোমবার রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে।

    বিবিসি এ সংক্রান্ত ভিডিও ভেরিফাই করে নিশ্চিত হয়েছে।

    ওই বিমানে দেশটির খনি মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বাসহ একটি প্রতিনিধি দল ছিলো। তারা নিকটবর্তী কোবাল্ট খনি এলাকায় যাচ্ছিলেন। সেখানে শনিবার একট সেতু ধ্বসে ৩২ জন নিহত হয়েছিলো।

    সরকারের মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

    বিমানের ভেতরে থাকা একজন যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি পূর্ব দিক থেকে অবতরণ করছিলো।

    আরেকটি ক্লিপে দেখা যায়, লোকজনকে দ্রুত বিমান থেকে বের হতে তাগাদা দেয়া হচ্ছে। তারা যতক্ষণে বের হয়েছেন ততক্ষণে বিমানটির এক অংশে পুরোপুরি আগুন ধরে গিয়েছিলো।

    এছাড়া আরও ভিডিও দূর থেকে নেয়া হয়েছিলো। একটিতে দেখা যাচ্ছে আগুন নেভাতে লড়াই করছে দমকল কর্মীরা।

  11. ২০ জন হলেই ট্রেড ইউনিয়নের বিধান এলো শ্রম আইনে

    শ্রম আইনের নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করা যাবে।

    সরকারের লেজিসেলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সোমবার এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট জারি করেছে।

    ওই অধ্যাদেশে বলা হয়েছে, “কোনো প্রতিষ্ঠানে কর্মরত অন্যূন ২০জন শ্রমিক একত্রিত হয়ে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের জন্য আবেদন করতে পারবে”।

    এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ২০ থেক ৩০০ জন পর্যন্ত হলে কমপক্ষে ২০ জন এক হয়েই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের আবেদন করতে পারবেন।

    আর ৩০১ থেকে ৫০০ জন হলে ৪০ জন, ৫০১ থেকে ১৫০০ জন হলে ১০০ জন, ১৫০১ হতে ৩০০০ পর্যন্ত হলে ৩০০ জন এবং ৩০০১ জন থেকে তদূর্ধ্ব হলে ৪০০ জন মিলে এই আবেদন করতে পারবেন।

    নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে এমনভাবে কোনো কাজ বা উৎপাদন প্রক্রিয়া চালানো এবং পণ্য সংরক্ষণ করা যাবে না, যা শারীরিক আঘাতের কারণ হতে পারে।

    এচাড়া কোনো মালিককে কোনা শ্রমিক যদিও জানান যে কোনো একটি কাজ বা কাজের পদ্ধতি তার জীবন বা স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ঘটাতে হবে তাহলে কোনো মালিক সেই শ্রমিককে এমন বিপজ্জনক কাজ করতে বাধ্য করতে পারবেন না।

    এর আগে কারখানার ২০ জন শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে প্রস্তাবিত শ্রম আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা।

    গত ২৮শে অক্টোবর এক সংবাদ সম্মেলন সাত ব্যবসায়ী সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে, শিল্পে অন্তর্দ্বন্দ্ব বাড়বে, উৎপাদন ব্যাহত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে।

    তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারাও এক সংবাদ সম্মেলনে এই বিধানে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন।

  12. আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনা হচ্ছে, অর্থ উপদেষ্টা

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আনসারের জন্য ১৭ হাজার শটগান এবং পুলিশের জন্য কেনা হচ্ছে বডি ক্যাম। তবে এগুলো সাশ্রয়ী মূল্যে কেনা হবে বলে জানিয়েছেন তিনি।

    একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পুলিশের জন্য আগে ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা বলা হলেও এখন সেই সংখ্যা কমবে।

    তবে চূড়ান্তভাবে কত বডি ক্যাম কেনা হবে এবং এজন্য কত অর্থ ব্যয় করা হবে সেটি তিনি প্রকাশ করেননি।

    “শুধু স্পর্শকাতর এলাকায় বডি ক্যাম দেয়ার জন্য সুপারিশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সাথে আলাপ করে এগুলো দেয়া হবে,” সরকারের ক্রয় কমিটির সভা শেষে বলেছেন তিনি।

    এছাড়া সরকারের ক্রয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোজার আগেই গম ও চাল আনা হচ্ছে।

    অর্থ উপদেষ্টা আরও জানান যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'উৎসবমুখর' করতে সংস্কৃতি মন্ত্রণালয় একটি তথ্যচিত্র নির্মাণ করবে।

    সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্র্র্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা।

  13. আপত্তি না থাকায় এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

    নির্বাচন কমিশন জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

    কমিশনের সচিব আখতার আহমেদ প্রেস ব্রিফিংয়ে মোট ভোটারের এ সংখ্যা জানিয়ে বলেছেন, বাড়ি বাড়ি যাওয়া, উদ্বুদ্ধকরণ ও প্রচারণা ইত্যাদির প্রেক্ষাপটে ভোটার বেড়েছে।

    তিনি জানান, কোনো আপত্তি না থাকায় কমিশন এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

    “তিনটি দলকে নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এর মধ্যে এনসিপি ও সমাজতান্ত্রিক দল নিয়ে কোনো আপত্তি না পাওয়ায় তাদের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর আমজনগণ পার্টির বিষয়ে আপত্তি থাকায় সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে,” বলেছেন মি. আহমেদ।

  14. গতকালের প্রধান কিছু খবর:

    • জুলাই গণ-গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ায় মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
    • ট্রাইব্যুনালের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে সরকারি আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। রায়টি “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন শেখ হাসিনা।
    • দণ্ডাদেশ কার্যকর করার জন্য ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদেরকে ফেরত আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবারও চিঠি পাঠানো হবে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
    • শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় ভারত বলেছে, তারা বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভূক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সব সময় সকল অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে দেশটির সরকার।
    • বুলডোজার নিয়ে শেখ মুজিবের বাসভবনের অবশিষ্ট অংশ ভাঙতে যান একদল ব্যক্তি। দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।
    • আলোচনা-সমালোচনার মধ্যে চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার চুক্তি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর মধ্যে পতেঙ্গায় লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা নিয়ে ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালসের সাথে আর পানগাঁওয়ের নৌ টার্মিনাল পরিচালনার বিষয়ে সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য খবরগুলো পড়তে পারেন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে