সারা দেশে বৃষ্টিপাতের আভাস

ছবির উৎস, Getty Images
আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বাংলাদেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
আগামীকালের জন্যও একই পূর্বাভাস প্রযোজ্য হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
তবে, এদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।
এদিকে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। সেইসাথে, বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ দুপুর সাড়ে ১২টায় বিবিসি বাংলাকে বলেছেন, লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। এখন যে বৃষ্টিটা হচ্ছে, তা মূলত মৌসুমি বায়ুর প্রভাবে হচ্ছে।
তিনি জানান, আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অথচ, এর আগের ২৪ ঘণ্টায় সবমিলিয়ে ঢাকায় বৃষ্টি হয়েছিলো দুই মিলিমিটার।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুরের ডিমলায়, ১০৭ মিলিমিটার।




