বুধবার সারাদিন যা যা ঘটেছে:
- বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন, তাতে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোন সংস্কার বা নির্বাচন করা অসম্ভব।
- বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কীভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন, সে বিষয়ে তদন্ত ও সম্পদ জব্দ করতে দেশটির সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম। তদন্তপূর্বক মি. চৌধুরীর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠানো দরকার বলেও চিঠিতে লিখেছেন তিনি।
- সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটিতে পাঁচ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
- প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলোর সুপারিশ কার্যকরে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে উপনীত হওয়ার পাশাপাশি ভোটার তালিকা পুরোপুরি প্রস্তুত হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতাও চেয়েছেন তিনি।
- কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারকে হত্যার ঘটনায় ছয় জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ডাকাতি ও হত্যার ঘটনার মূল অর্থ যোগানদাতাও রয়েছেন।
- বাংলাদেশে “নির্যাতনের শিকার” হচ্ছেন সেদেশের যেসব সংখ্যালঘু, তাদের জন্য সীমান্ত খুলে দিয়ে সাময়িকভাবে ভারতে থাকার ব্যবস্থা করার জন্য নরেন্দ্র মোদীর সরকারের কাছে দাবি তুলেছে ভারতের কয়েকটি সংগঠন।
- সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অন্যদিকে, প্রতারণার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম. এ আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।
- বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তিন সপ্তাহ আগে শুরু হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সারা দেশে এখন পর্যন্ত ২১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ৯২ জনকে।
- এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে এবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকারের বরাতে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশ হয়েছে।
- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন জো বাইডেন। বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
- মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
- মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় বুধবার সকাল থেকে খুলেছে সাভার, আশুলিয়া এবং গাজীপুর এলাকার প্রায় সব পোশাক কারখানা।
- আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।


















