আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দিল্লিতে যে অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেবেন, তার সাথে ভারত সরকারের কোনো সমর্থন নেই: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না। অন্যদিকে কেউ যেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করে, সে ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।

সরাসরি কভারেজ

  1. 'সেপা কোনো গোপন বিষয় না, এটা প্রকাশ হবে' – দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রী

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা) সম্পন্ন করেছে বাংলাদেশ, যার আওতায় দুই দেশের মধ্যে অনেক পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা মিলবে; আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    বাংলাদেশ-কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা) স্বাক্ষর-পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এই চুক্তির আওতায় কোরিয়ার বাজারে বাংলাদেশের পোশাক, চামড়া ও পাট জাতীয় পণ্য প্রাধান্য পাবে। আর বাংলাদেশের বাজারে কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, বিভিন্ন যন্ত্রাংশ প্রাধান্য পাবে।

    একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চুক্তি করতে কোনো তাড়াহুড়ো করেনি সরকার।

    "আমরা এফিশিয়েন্টলি আলোচনা সম্পন্ন করেছি। এটির জন্য সময় দিয়েছি, রাত-দিন পরিশ্রম করেছি। যে কাজ দুই বছরে হতো, সেটা ছয় মাসে করেছি," বলেন বাণিজ্য মন্ত্রী।

    "আর এই সেপা বা আন্তঃদেশীয় বাণিজ্যচুক্তি কোনো গোপন বিষয় না, এটা প্রকাশ হবে। আপনারা লাইন বাই লাইন পড়তে পারবেন এবং আমি নিশ্চিত যে আপনারা পড়ার পরে এই ফিডব্যাকটাই পাবো যে, তারেক রহমান বাংলাদেশের জন্য একটি ভালো বাণিজ্য চুক্তি করেছেন যার সুফল আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ ভোগ করবে।"

  2. জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলে দেওয়া হবে ছয়ই অগাস্ট

    জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে। সকাল ৯টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

    বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

    তবে 'সর্বসাধারণের জন্য' আগামী ছয়ই অগাস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর খোলা থাকবে।

    প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে এবং প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। এরপর থেকে এটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকে।

    তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে।

    প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ – বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে এ কথা জানান।
    • রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হেনেছে। এতে সাত জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটি।
    • সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন, এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।
    • বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, "তারা বলছে, আমরা নির্বাচিত হয়ে আসছি। কিন্তু নির্বাচিত হয়ে আসলেই যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন, এটা আপনাকে কে বলছে? আপনার সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর। কিন্তু সর্বনিম্ন কত, সেটি আপনাকেই ঠিক করতে হবে।''
    • বাংলাদেশের বিরোধী দলের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
    • দীর্ঘ ৩৫ বছর ধরে বিজেপির দুর্গ বলে যে আসন পরিচিত ছিল, সেই বাঁকিপুর আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের ওপর 'ব্যাপক' হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। তারপর বলেছেন যে সোমবার থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনা শুরু হবে। কিন্তু ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান বর্তমানে হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে চলমান আলোচনাতেই মনোযোগ দিচ্ছে। গত আট দিন ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
    • আসামের বন্যা পরিস্থিতিতে সামান্য উন্নতি হয়েছে। তবে সরকারি তথ্য অনুযায়ী এখনো পাঁচটা জেলার এখনো ব্যাপকভাবে প্রভাবিত। এই তালিকায় রয়েছে শিবসাগর, ধেমাজি, চরাইদেও, জোড়হাট এবং গোলাঘাট।
    • বিজেপি নেতা এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং নারী কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলা থেকে তাকে মুক্তি দিয়েছে দিল্লির এক আদালত। ছয়জন নারী কুস্তিগীর ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।
    • প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 'ছাগলকাণ্ডে' আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাই'য়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার-সহ গতকালের প্রধান খবরগুলো পড়তে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে