রোববার সারাদিন যা যা হলো
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য বাংলাদেশ সরকার ল' ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
- সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দাবি করেছেন, খুব শীগ্রই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে।
- চব্বিশের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থানার সামনের ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
- সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে রয়েছে সেখানকার পরিবেশ।
- বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অগাস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
- ইরানকে হামলার জন্য নয় বরং হুথিদের প্রতিরোধ করতে সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ যোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
- সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুইটি মামলায় জামিন পেয়েছেন। তবে আরো মামলা থাকায় আপাতত তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।