আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

বাংলাদেশে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি জানিয়েছে, বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক সাত শতাংশ। এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মীসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) তাদের এক গবেষণার ফলাফল প্রকাশ করেছে।
    • কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে বিএনপি।
    • দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন ফজলুর রহমান। তার বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের' ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক
    • গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মীসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
    • বাংলাদেশের হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
    • বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    • জীবন রক্ষাকারী সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নয় বরং সরকারই নির্ধারণ করবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
    • গত বছর পাঁচই অগাস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে অন্তবর্তী সরকার। প্রতি রাউন্ড গুলি উদ্ধারের জন্য ৫০০ টাকা এবং এলএমজির উদ্ধারের ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কারের কথা জানানো হয়েছে।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যে শিক্ষার্থীরা ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চান, তারা আগামী ২৭ শে অগাস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন।
    • জুলাই -অগাস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ পর্যন্ত মোট ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।
    • চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

    বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়.....

  2. মুন্সিগঞ্জে 'গত অগাস্টে লুট করা অস্ত্র' দিয়ে পুলিশের ওপর হামলা

    বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

    গত বছরের অগাস্টে আশেপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ।

    মি. আজাদ জানান, সোমবার সন্ধ্যার দিকে তারা বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিতে আক্রমণ চালায় 'সন্ত্রাসীরা'।

    হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল বলেও জানান এই কর্মকর্তা।

    "তারা অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে যুক্ত," বলেন তিনি।

    হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পালিয়ে যায় 'সন্ত্রাসীরা'। এতে পুলিশের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

  3. হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার

    বাংলাদেশের হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

    আজ সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে, সংবিধানের ৯৫ এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

    শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

    আগামীকাল মঙ্গলবার তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়ত রেফাত আহমেদ।

  4. বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

    বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

    আজ কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, “ তার বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।”

    সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হককে গত ২৪শে জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

    পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় আদালত।

    এছাড়া তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির মামলাও রয়েছে।

    মি. হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা হয়।

  5. জীবন রক্ষাকারী সব ওষুধের দাম কোম্পানি নয়, সরকার নির্ধারণ করবে:হাইকোর্ট

    জীবন রক্ষাকারী সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নয় বরং সরকারই নির্ধারণ করবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

    এক রিট আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রায় দেন।

    আদালত রায়ে বলেছে, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই সরকারকে অবশ্যই ওষুধগুলোর দাম নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

    হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নামে একটি মানবাধিকার সংগঠন ২০১৮ সালে জনস্বার্থে রিটটি দায়ের করেছিল। ১৯৯৪ সালে উৎপাদনকারীদের হাতে ওষুধের দাম নির্ধারণের বিষয়টি ন্যস্ত করে একটি সার্কলার জারি করা হয়।

    আজকের রায়ে ওই সার্কুলারকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

    আইনজীবী মনজিল মোরশেদ জানান, “ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি সমস্যায় ব্যবহৃত ওষুধগুলো জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে গণ্য হয়। হাইকোর্টের রায়ের পর এসব ওষুধের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে, কোম্পানি নয়।”

  6. সরকারি নিয়োগে অপেক্ষমাণ তালিকা বাধ্যতামূলক করে পরিপত্র জারি

    সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সহজ করতে ১০ - ১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে বাসস।

    পরিপত্র অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে।

    মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ থাকবে এক বছর।

    এর আগে সরকারি চাকরির ১৩ - ২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণের নিয়ম রেখে ২০২৩ সালের ১৭ এপ্রিল পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    নতুন পরিপত্র জারি হলে ১০-২০তম গ্রেডের সব নিয়োগেই অপেক্ষমাণ তালিকা রাখতে হবে। বিসিএস কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় ৯ম গ্রেডে।

    কর্মকর্তারা বলছেন, ১০ - ২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা হলে কোনো দপ্তরে দীর্ঘদিন পদ ফাঁকা থাকবে না। নিয়োগপ্রার্থীদেরও বারবার আবেদন করতে হবে না। এর ফলে সরকার ও প্রার্থীদের খরচ কমবে।

    অপেক্ষমাণ তালিকা থেকে যেভাবে নিয়োগ বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞাপন দেওয়া পদের বিপরীতে নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করা হবে।

    এরপর নিয়োগ পরীক্ষার মেধাক্রম অনুযায়ী প্রতিটি পদের জন্য দুজন করে প্রার্থীর নাম ও রোল নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষরে সিলগালাকৃত খামে গোপনভাবে অপেক্ষমাণ হিসেবে সংরক্ষণ করা হবে।

    অপেক্ষমাণ তালিকার মেয়াদ হবে নিয়োগের সুপারিশ দেওয়ার দিন থেকে এক বছর। তবে কোনো কারণে এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অপেক্ষমাণ তালিকা আর কার্যকর থাকবে না।

    তবে জরুরি না হলে একটি নিয়োগ দেওয়ার এক বছরের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না।

    কোনো পদ ফাঁকা হলে অপেক্ষমাণ থাকা প্রার্থীদের পরীক্ষার ফল উল্লেখ করে সংশ্লিষ্ট নিয়োগ কমিটি নিয়োগের জন্য সুপারিশ করবে।

    পরিপত্রের অনুযায়ী, অপেক্ষমাণ তালিকা থেকে যারা নিয়োগ পাবেন তাদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগ পাওয়া প্রার্থীদের পরে নির্ধারিত হবে।

    অপেক্ষমাণ তালিকা থেকে একই দিনে একাধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হলে নিয়োগ পরীক্ষার মেধাক্রম অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

    নিয়োগ পরীক্ষায় একই নম্বর পেলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। কোনো কারণে বয়সও একই হলে শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

  7. গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মীসহ ২০ জন নিহত

    গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মীসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

    হাসপাতালটিতে প্রথম হামলায় রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

    অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফ্রিল্যান্স সাংবাদিক ৩৩ বছর বয়সী মারিয়াম দাগাও নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সালামা আল জাজিরা এবং মিডল ইস্ট আই' এ কাজ করতেন।

    এছাড়া নিহত হয়েছেন মিডল ইস্ট আই' এর আহমেদ আবু আজিজ। এই আউটলেটটি জানিয়েছে, তিনি ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতেন এবং খান ইউনিসে ছিলেন।

    আরো একজন নিহত মোয়াস আবু তাহা এনবিসি টেলিভিশনে কাজ করেছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এনবিসি জানিয়েছে, তাহা সেখানে কাজ করেননি।

    হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর এক সেকেন্ডের মধ্যেই অন্যরা নিহত হন।

    ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই এলাকায় একটি হামলা চালিয়েছে এবং আরও জানিয়েছে, " জড়িত না এমন ব্যক্তিদের কোনও ক্ষতির জন্য দুঃখিত এবং সাংবাদিকদের এভাবে লক্ষ্যবস্তু করা হয় না।"

    চিকিৎসা কর্মী এবং সরঞ্জামের সরবরাহের তীব্র সংকটের মধ্যেই কার্যক্রম চালিয়ে আসছিল নাসের হাসপাতাল। বাইশ মাস ধরে চলা যুদ্ধে বেশ কয়েকটি অভিযান এবং বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই হাসপাতালটি।

  8. বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

    বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক সাত শতাংশ।

    আজ সোমবার রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) তাদের এক গবেষণার ফলাফল তুলে ধরেন।

    ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেবেল ইন মিড ২০২৫’ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ করা হয়েছে।

    একই সঙ্গে, অতি দারিদ্র্যের হার তিন বছর আগের পাঁচ দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে নয় দশমিক ৩৫ শতাংশ হয়েছে।

    গত মে মাসে আট হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জন ব্যক্তির মতামতের ভিত্তিতে এ গবেষণাটি করা হয়।

    গত তিন বছরের ব্যবধানে শহরের একটি পরিবারের মাসিক আয় কমেছে কিন্তু খরচ বেড়ে গেছে বলে পিপিআরসির গবেষণায় পাওয়া গেছে। শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় ৪০ হাজার ৫৭৮ টাকা। খরচ হয় ৪৪ হাজার ৯৬১ টাকা। অথচ ২০২২ সালে শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা।

    অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় কিছুটা বেড়েছে। গ্রামের একটি পরিবারের গড় আয় ২৯ হাজার ২০৫ টাকা এবং খরচ ২৭ হাজার ১৬২ টাকা। ২০২২ সালে গ্রামের পরিবারের গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা।

  9. ডাকসু ও হল সংসদ নির্বাচনে যে শিক্ষার্থীরা ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চান, তারা ২৭ শে অগাস্টের মধ্যে আবেদন করতে পারবেন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যে শিক্ষার্থীরা ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চান, তারা আগামী ২৭ শে অগাস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন।

    আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    আগামী নয়ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসুর নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী প্রচারণা ও প্রার্থিতা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।

    এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রী হলগুলোতে নির্বাচনী প্রচারণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৬শে অগাস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের অনাবাসিক ছাত্রী এবং অন্যান্য হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

    ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও বিভিন্ন আবেদন বিবেচনায় তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর ও হল কর্তৃপক্ষের জন্য তালিকাটি উন্মুক্ত থাকবে।

    মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল নিষ্পত্তির পর যাচাই - বাছাই শেষে আবেদনকারীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    এছাড়া আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত ট্রাইব্যুনাল কমিটি গত ২৪শে অগাস্টের বৈঠকে জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে।

    এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    অন্যদিকে আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হয়নি এবং অভিযোগপত্রে অভিযোগকারীর স্বাক্ষর না থাকায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেও জানানো হয়েছে।

  10. শোকজের লিখিত জবাব দিতে ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি

    কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, গতকাল রোববার জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে 'কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর' বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

    পরে আজ সোমবার এক ব্রিফিংয়ে ফজলুর রহমান দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন।

    মি. রহমান বলেন, “আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব।”

    এছাড়া মি. রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান।

    মি. রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের' এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক।

  11. ফজলুর রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি' দেখানোর ঘটনায় উদ্বেগ আসকের

    বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের' ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক।

    এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

    এতে বলা হয়েছে, “মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত ও অবরুদ্ধ করার সমতুল্য। এ ধরনের বেআইনি তৎপরতা সুস্পষ্টভাবে সংবিধানে প্রদত্ত নাগরিকের মত প্রকাশ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার অধিকারের ওপর স্পষ্ট হস্তক্ষেপ।”

    মি. রহমানের বাসার সামনে সংঘটিত মব এর ঘটনা এসব মৌলিক অধিকারকে 'চরমভাবে ক্ষুণ্ন করেছে' বলে উল্লেখ করে আসক।

    "এই ঘটনা শুধুমাত্র একজন প্রবীন বীর মুক্তিযোদ্দাকে অপমান নয়, বরং সমগ্র সমাজের উপর ভীতি সঞ্চার এবং ভিন্নতম দমন করার ন্যাক্কারজনক প্রচেষ্টা" বলে মনে করে মানবাধিকার সংগঠনটি।

    তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা করা। এ দায়িত্ব পালনে ব্যর্থতা শুধু সংবিধানের পরিপন্থী নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আঘাত"।

    অবিলম্বে এ ধরনের "মব রাজনীতি বন্ধে" কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আসক।

    ফজলুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  12. মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পাঁচজন

    জুলাই -অগাস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকসহ মোট পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।

    আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে বিকেলে শেষ হয় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ।

    জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী এবং সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা আজ সাক্ষ্য দিয়েছেন।

    এ মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও রাজস্বাক্ষী হওয়া আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ হয়।

    এই মামলায় গত সাতদিনে নিহতদের পরিবারের সদস্য ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। আজকে যারা সাক্ষী দিয়েছেন তাদেরসহ এখন পর্যন্ত মোট ২৪ জন সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এ মামলায় মোট সাক্ষী ৮১ জন।

    সাক্ষীদের সবাই শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ট্রাইব্যুনালে।

  13. আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

    চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

    আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

    শুনানিতে মামলার বাদী ও নিহত আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতে যুক্তি উপস্থাপন করেন।

    আদালত ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন।

    এর আগে, গত ১০ই অগাস্ট আদালত বাদীর উপস্থিতিতে শুনানির জন্য সমন জারি করেন। সেই আদেশ মোতাবেক আজ সোমবার মামলার বাদী জামাল উদ্দিন আদালতে হাজির হন।

    বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২০ জন আসামি গ্রেফতার আছেন এবং ১৯ জন পলাতক রয়েছেন।

    উল্লেখ্য, গত বছরের ২৬শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

    এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের হয়।

  14. হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদী

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    আজ সোমবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন।

    আজ বেলা দুইটা ২৫ মিনিটে মি. আফ্রিদীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

    মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়।

    তবে মি. আফ্রিদীর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

    এর আগে, রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে।

    মি. আফ্রিদী বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। আরেকটি মামলায় গত ১৭ই অগাস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবাকেও গ্রেফতার করা হয়।

    মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই অগাস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোঁড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে।

    পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০শে অগাস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা।

    এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।

  15. দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান

    শোকজ নোটিশ পাওয়ার পরে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।

    এর আগে, গতকাল রোববার জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে 'কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর' বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

    আজ সোমবার হাইকোর্টে এক ব্রিফিং বিএনপির এই নেতা ও আইনজীবী মি. রহমান বলেন, “আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দেব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দেবে সেটা আমি মাথা পেতে মেনে নেব।”

    এদিকে, আজ মি. রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান।

    “আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। দেখলাম ওপর থেকে সাত থেকে আটজন ছেলেমেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রি স্লোগান। ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেফতার করো ইত্যাদি, ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো....। সাত - আটজন ছেলেমেয়ে এবং তারা বাসার ভেতরে ঢোকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যেই বাসায় ভাড়া থাকি সেই মালিক এখন আমাকে আর ভাড়া থাকতে দেবে কি না,” বলেন মি. রহমান।

    একইসাথে বেঁচে থাকার সাংবিধানিক ও মৌলিক অধিকার তার রয়েছে উল্লেখ করে এ অধিকারের ওপর বাধা পড়ছে বলে শঙ্কা প্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

    তিনি বলেন, “আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুই জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।"

    তিনি আরও বলেন, "আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমার অপমৃত্যুটা আমার কাম্য? ”

    জুলাইয়ের আন্দোলনকারীদের উদ্দেশ করে তিনি বলেন, যদি তার কোনো কথায় তারা মনে করে তাদের বিরুদ্ধে যাচ্ছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করা, গ্রেফতার করা ও শাস্তি দেওয়ার আহ্বান জানান।

  16. রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

    তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    অধ্যাপক ইউনূস তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যে সাত দফা প্রস্তাব তুলে ধরেন, তার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, দাতাদের অব্যাহত সমর্থন।

    এছাড়াও মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

    রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে গতকাল রোববার থেকে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’।

    আজ কক্সবাজারে হোটেল বে ওয়াচে আয়োজিত এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

    উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস আরও বলেন, রোহিঙ্গাদের মাতৃভূমিতে দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবর্তনের রোডম্যাপ তৈরি করতে হবে।

    এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “রোহিঙ্গাদের জন্মভূমির সাথে তাদের নাড়ির সম্পর্ক ছিন্ন করা যায় না। এখন আর কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকা যাবে না। কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এখনই।”

    এছাড়া তিনি দাতাদের ও মানবিক অংশীদারদের অব্যাহত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন।

    তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক দাতাদের কাছে আবেদন জানাই যাতে তারা তাদের অঙ্গীকার বাড়ায় এবং ২০২৫-২৬ সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার তহবিল ঘাটতি পূরণ করে।”

    একই সঙ্গে তিনি মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মিকে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান জানান।

    সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে অপরিহার্য উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলিকে আরও সক্রিয়ভাবে রাখাইন ও পার্শ্ববর্তী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে মানবপাচার, মাদক চোরাচালান ও ক্ষুদ্র অস্ত্রের অবৈধ ব্যবসার মতো আন্তঃসীমান্ত অপরাধ দমনেও উদ্যোগী হতে হবে।

    রোহিঙ্গা সমস্যা এবং এর টেকসই সমাধানকে বৈশ্বিক এজেন্ডায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

    গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব উপস্থাপনের কথা স্মরণ করে তিনি আশাপ্রকাশ করেন, কক্সবাজারের এই সংলাপ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে যথেষ্ট অবদান রাখবে এবং রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের রোডম্যাপ তৈরিতে সহায়ক হবে।

    রোহিঙ্গাদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং তাদের মাতৃভূমিতে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ চালিয়ে যাবে।

    অনুষ্ঠানে রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  17. লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে ৫০০ থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা

    গত বছর পাঁচই অগাস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণার তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    প্রতি রাউন্ড গুলি উদ্ধারের জন্য ৫০০ টাকা এবং এলএমজির উদ্ধারের ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কারের কথা জানানো হয়েছে।

    আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে পুরস্কারের তথ্য সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি জানান, একটি এলএমজির ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে এক লাখ টাকা।

    শটগান বা পিস্তল উদ্ধার করে দিলে ৫০ হাজার টাকা এবং প্রতি রাউন্ড গুলির জন্য দেওয়া হবে ৫০০ টাকা।

    পুলিশ সদর দপ্তরের তথ্য দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, গতবছর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি এবং অন্যান্য স্থাপনা থেকে পাঁচ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গুলি লুট করা হয়।

    লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য দেশব্যাপী যৌথ অভিযান শুর করা হয় গত বছরের চৌঠা সেপ্টেম্বর থেকে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে বলেছিলেন যে প্রায় ৭০০টি আগ্নেয়াস্ত্র এখনো নিখোঁজ রয়েছে।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর জানতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে