আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ নতুন বাংলাদেশের জন্য অশনিসংকেত: টিআইবি

বাংলাদেশে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি এক বিবৃতিতে বলেছে, দেশব্যাপী বহুমাত্রিক দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, রাষ্ট্রীয় সম্পদ লুট, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, ট্যাগ বাণিজ্য ও দলীয় আধিপত্যকেন্দ্রিক সহিংসতা চলছে; যা অশনি সংকেত। এদিকে, সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানি শুরুর পর সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহারে ‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
    • বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ চায়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান দু:খ প্রকাশ করুক, মাফ চাক। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
    • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানির সময় নির্বাচন কমিশনে ধাক্কাধাক্কি-হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে আলাদা আলাদা অভিযোগ ও ভিন্ন বর্ণনা দিয়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপির নেতা আতাউল্লাহ।
    • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
    • বাংলাদেশের চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রোববার পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। তাকে শনিবার রাতে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে আটক করে বিএসএফ।
    • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের উপ -প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
    • চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা উপজেলা প্রশাসনের নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শন করার নির্দেশনা চেয়ে রিট করেছেন চার শিক্ষার্থী।
    • রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে রোববার থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।

    বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে: টিআইবি

    দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহারে ‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে ক্রমাগত বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে সংস্থাটি।

    এতে বলা হয়েছে, কর্তৃত্ববাদ পতনের পর থেকে দেশব্যাপী বহুমাত্রিক দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, রাষ্ট্রীয় সম্পদ লুট, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, ট্যাগ বাণিজ্য ও দলীয় আধিপত্যকেন্দ্রিক সহিংসতা চলছে। যা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অভীষ্টের জন্য অশনি সংকেত।

    মুখে সংস্কার অথচ কার্যত আধিপত্য, দখল ও চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত থাকায় গণতান্ত্রিক ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষাকে রীতিমতো পদদলিত করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সংস্থাটি।

    টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “কর্তৃত্ববাদ পতনের পরিপ্রেক্ষিতে গত এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত, তাদের নেতা-কর্মীদের একাংশের কার্যক্রম পতিত কর্তৃত্ববাদী আমলের সরকারি দলের বহুমুখী ক্ষমতার অপব্যবহার ও স্বার্থসিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি হিসেবেই বিকশিত হচ্ছে।

    তিনি আরও বলেন, “ ক্ষমতাপ্রত্যাশী ও প্রভাবশালী দলগুলোর নেতা-কর্মীদের একাংশের সরাসরি এবং কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক যোগসাজশমূলক সম্পৃক্ততায় দুর্বৃত্তায়িত রাজনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিকতায় পরিণত হয়েছে। পরিতাপের বিষয়, অনেক ক্ষেত্রে এই যোগসাজশে নির্বিকারভাবেই যুক্ত থাকছে পতিত রাজনৈতিক শক্তিও।”

    সর্বোপরি কর্তৃত্ববাদ পতন পরবর্তীকালে বহুল প্রত্যাশিত “নতুন রাজনৈতিক বন্দোবস্ত” পুরোনো অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির হাতে ক্রমাগত দৃশ্যত জিম্মিদশায় পতিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মনে করেন মি. ইফতেখারুজ্জামান।

    “ রাজনৈতিক দল ও শক্তিগুলো দেশবাসীকে কি এই বার্তাই দিচ্ছে যে যদিও তারা সংঘবদ্ধ হয়ে রক্তক্ষয়ী আন্দোলন করে কর্তৃত্ববাদী সরকারের পতন সম্ভব করেছে, কর্তৃত্ববাদী চর্চার অবসানে তাদের আগ্রহ নেই, বরং এই চর্চা লালন করাই তাদের অভীষ্ট?” বলেন তিনি।

    “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে হলে এখনই রাজনৈতিক দলের গঠনমূলক আত্মজিজ্ঞাসাভিত্তিক মৌলিক পরিবর্তনের পথ অনুসন্ধান এবং পাশাপাশি পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে সরে আসার পথ বের করার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক।

    “অন্যথায়, “নতুন বাংলাদেশের” রাজনীতির সাথে পতিত কর্তৃত্ববাদের পার্থক্য খুঁজে পাওয়া অসম্ভব হবে” বলেছেন মি. ইফতেখারুজ্জামান।

  3. প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ - প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

    আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার দুই দিনের বাংলাদেশ সফরে গতকাল ঢাকায় পৌঁছান।

  4. ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শনের নির্দেশনা চেয়ে রিট

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শন করার নির্দেশনা চেয়ে রিট করেছেন চার শিক্ষার্থী।

    আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা এ রিট আবেদন করেন।

    রিটকারীরা হলেন সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা তাসনিম ঝুমা ও রিফাত রেদোয়ান।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।

    তাদের আইনজীবী মো. ফয়জুল্লাহ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি বাদ দিতে উপাচার্যের কাছে চিঠি দেয় শিক্ষার্থীরা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় রিট আবেদনটি করা হয়েছে।

    উপাচার্যের কাছে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ করা হয়েছে, যা ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। ছবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, যা শিক্ষার্থীর অনুমতি ছাড়া প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    এ কারণে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ’মানসিক অস্বস্তি ও বুলিংয়ের’ শিকার হচ্ছেন। বিশেষ করে ধর্মপ্রাণ শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত বিব্রতকর ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

    এজন্য তারা দ্রুততম সময়ে নারী শিক্ষার্থীদের ছবি সম্বলিত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছেন।

  5. সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোন পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

    চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা উপজেলা প্রশাসনের নেই এবং এটি গুজব বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

    এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

    মি. হোসেন বলেন, “মসজিদ যদি কারো তৈরিই করতে হয় তাহলে মুসলিম পপুলেটেড এরিয়া আছে। চন্দ্রনাথের পাহাড়ের ওপরে মসজিদ বানাতে যাবে, ওখানে নামাজ পড়তে যাবে কে? এটা আসলে গুজব। এটার কোনো ভিত্তি নাই।”

    তিনি জানান সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনাও নাই, কোনো স্থাপনাও নাই। এটা ফেসবুকের একটা স্ট্যাটাস মাত্র। অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন পদক্ষেপ নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

    “ আর আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম তিনি পালন করবেন। প্রত্যেকের উপাসনার জন্য আলাদা আলাদা একটা ব্যবস্থাপনা আছে। সেখানে আরেকটা ধর্মের উপাসনালয় গেলে এটার সংঘাত অনিবার্য হয়ে পড়ে। আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, সহমর্মিতার পক্ষে, টলারেন্সের পক্ষে। যেহেতু চন্দ্রনাথ, সীতাকুণ্ড এই এলাকায় প্রতিবছর দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসেন এটার স্যাংটিটি। পুণ্যার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে পারেন এ ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত তৎপর। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এইরকম কোনো বিতর্কিত পদক্ষেপ আমরা নিতে যাব না ” বলেন ধর্ম উপদেষ্টা।

  6. খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের উপ -প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

    আজ রোববার সন্ধ্যা সাতটায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।

    বিএনপি মিডিয়া সেল এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে।

    এ সময় সেখানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

    বিএনপি নেতা জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দলের নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। ফলে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

    তিনি আরও জানান, এই সাক্ষাতে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।

  7. আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

    বাংলাদেশের চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রোববার পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। তাকে শনিবার রাতে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে আটক করে বিএসএফ।

    পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকার বিথারী সীমান্তে তাকে আটক করা হয়। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।

    তিনি গতবছর রংপুরে কর্মরত অবস্থায় ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত। গত বছরের ১৪ই অগাস্টের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার মধ্যেই তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়।

    তবে তিনি তার নতুন কর্মক্ষেত্রেও যোগ দেন নি।

    এবছর ১৪ই অগাস্ট বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন মারফত তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শনিবার পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হেফাজতে তাকে দীর্ঘক্ষণ জেরার পরে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে বিদেশী আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী।

    রোববার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।

    বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই আটকের ব্যাপারে কোনও মন্তব্য করতে চায় নি। আবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসকেও রবিবার সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতারির বিষয়ে কিছু জানানো হয় নি বলে দূতাবাসের সূত্রগুলি জানিয়েছে।

  8. ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিএনপির একাধিক নেতা এ বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আজ এই কারণ দর্শনোর নোটিশ পাঠানো হয়েছে।

    নোটিশে বলা হয়েছে, “ আপনি জুলাই - অগাস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরুপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।”

    এতে আরও উল্লেখ করা হয়েছে, তার বক্তব্য দলের সুনাম ক্ষুন্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি জনগণের ধর্মীয় অনুভুতিতেও আঘাত দিয়ে কথা বলছেন মি. রহমান।

    জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশো’র বেশি নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ নিহত এবং ত্রিশ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মি. রহমানকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে।

    “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরণের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরণের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো” বলা হয়েছে নোটিশটিতে।

    মি. রহমান দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আছেন।

  9. মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান মাফ চাক, সেটা বাংলাদেশ চায়: পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ চায়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান দু:খ প্রকাশ করুক, মাফ চাক।

    আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

    তৌহিদ হোসেন বলেন, “ বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাব পত্র হোক এবং আমাদের টাকা -পয়সার যে ব্যাপার সেটার সমাধান হোক। আমরা চাই যে এখানে গণহত্যা হয়েছে, সেটার ব্যাপারে তারা দু:খ প্রকাশ করুক, মাফ চাক এবং আমরা চাই যে এখানে আটকে পড়া মানুষগুলো আছে তাদেরকে তারা ফেরত নেক।”

    পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক উল্লেখ করে এ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।

    দুই দেশের মধ্যে বিদ্যমান অমীমাংসিত বিষয় ও ঐতিহাসিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশের এই উপদেষ্টা।

    পাকিস্তানের বাজারে সাফটার অধীনে টেক্সটাইল, জ্বালানি, ওষুধ শিল্প ও কৃষি প্রযুক্তির খাতের প্রবেশাধিকার বাংলাদেশ চেয়েছে বলে জানান মি. হোসেন।

    পাকিস্তানের পক্ষ থেকে জ্বালানি রফতানির ব্যাপারে কথা তুললে প্রাথমিক আলোচনা হওয়ার কথা জানান তিনি। বাণিজ্যসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষর হওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন।

    ৫৪ বছরের সমস্যা আজকে একদিনের বৈঠকে এক ঘণ্টায় সমাধান হবে এমন প্রত্যাশা না করতে আহ্বান জানান তিনি। পরস্পরের অবস্থানটা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

    তিনি বলেন, “দুই পক্ষই আমরা ঠিক করেছি এই বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নেওয়ার জন্য এগুলোকে পেছনে ফেলতে হবে। আমরা দুই পক্ষ সম্মত হয়েছি যে এটি নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলো নিয়ে আগামীতে এমনভাবে কথা বলবো যেন আমরা পিছনে ফেলতে পারি।”

    পাকিস্তানের সাথে অন্যান্য বন্ধু রাষ্ট্রের মতোই স্বাভাবিক সম্পর্ক চান বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।

  10. নির্বাচন কমিশনে কী হয়েছিল তা নিয়ে রুমিন ফারহানা ও এনসিপির ভিন্ন ভিন্ন দাবি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানি শুরু করেছিল নির্বাচন কমিশন, তবে প্রথম দিনেই নির্বাচন ভবনে ধাক্কাধাক্কি-হাতাহাতির ঘটনা ঘটেছে।

    সেখানে কী ঘটেছিল–– এ নিয়ে আলাদা আলাদা অভিযোগ ও ভিন্ন বর্ণনা দিয়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপির নেতা আতাউল্লাহ।

    নির্বাচন কমিশনে উপস্থিত সাংবাদিকদের সামনে এনসিপি নেতা আতাউল্লাহ দাবি করেন, সীমানা পরিবর্তনের কারণে ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরের মানুষ প্রতিদিনই আন্দোলন করছে, তবে বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছে এ নিয়ে যাতে ইসির শুনানিতে অংশ না নেন।

    মি. আতাউল্লাহ বলেন, “রুমিন ফারহানা এবং তারা গুন্ডাপান্ডারা বিভিন্ন সময় আমাকে ফোনে এবং বিভিন্ন লোক দিয়ে বলছে এখান থেকে সরে যেতে। আজকেও এখানে যখন আসি আমাকে পিছন থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করছে। একপর্যায়ে প্রবেশ করি। আমি যখন শুনানিতে দাঁড়াই, রুমিন ফারহানা আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমাকে কথা বলতে দেয় নাই। তার যে গুন্ডাপান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে, নির্মমভাবে মারধর করে।”

    এনসিপির নেতার অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশনে উপস্থিত রুমিন ফারহানা বলেন, ‘মুশকিলের বিষয় হচ্ছে তিনি (আতাউল্লাহ) পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন, না জামায়াত থেকে এসেছেন, আমি জানি না। তবে উনি (আতাউল্লাহ) প্রথম, পাঞ্জাবি পরা একজন আমাকে ধাক্কা দিয়েছেন। তারপর আমার লোকজন তো বসে থাকবে না। আমি তো একজন মহিলা। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজনও জবাব দিয়েছে। সিম্পল।’

    রুমিন ফারহানা এই ঘটনার জন্য উল্টো তার নিজের দলের নেতাকর্মীদেরই দায়ী করেন।

    তিনি বলেন, “যেটা ১৫ বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা-কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবে, তাই না? সেটাই হয়েছে।”

    নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এ রকম আচরণ "নিজ দলের মধ্যে" হয় তাহলে নির্বাচনে কী হবে এমন সংশয় প্রকাশ করেন রুমিন ফারহানা।

    এদিকে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, "বিএনপির পৃষ্ঠপোষকতায় গুন্ডাপান্ডারা কীভাবে জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করবে তার টেস্ট ম্যাচ আজকে হয়েছে"।

    তিনি পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

    নির্বাচন কমিশনে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “বাংলাদেশ যেটির সাক্ষী হয়েছে সেটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং নির্বাচনে কমিশন কী ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গেছে। আপনারা দেখেছেন কীভাবে বিএনপির একজন নেত্রী বলছেন- 'আমরা চাইলে আজকে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম'। অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন।”

    তিনি আরও বলেন, “আমরা দেখেছি নির্বাচন কমিশনের বাইরে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছে। প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে টেস্ট ম্যাচ হয়ে গেছে।”

  11. রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু

    রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।

    আজ থেকে আগামী ২৬শে অগাস্ট পর্যন্ত উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আগামীকাল প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    এই সংলাপটি হবে রোহিঙ্গা সংকটের ওপর উচ্চ পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন। আগামী ৩০শে সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওই উচ্চ পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

    আগামী ২৬শে অগাস্ট কক্সবাজারে সংলাপে অংশগ্রহণকারীরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

    মানবিক সহায়তা, প্রত্যাবাসনে আস্থা গঠন, নৃশংসতার জন্য জবাবদিহিতা এবং সংকটের কার্যকর দীর্ঘমেয়াদী সমাধানের পথ নিয়ে মোট পাঁচটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে এতে।

    সংলাপে দেশি-বিদেশী বিশেষজ্ঞ, কূটনৈতিক, রোহিঙ্গা সম্প্রদায় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট নিয়ে নানা মত ও সুপারিশ তুলে ধরবেন।

  12. ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি

    বাংলাদেশের সংসদীয় এলাকার সীমানা নিয়ে রোববার দুপুরে শুনানি শুরু করেছিল নির্বাচন কমিশন বাইসি। নির্বাচন ভবনে শুনানি চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

    ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তির শুনানি চলাকালে হাতাহাতির ঘটনা ঘটে।

    টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানা ইসিতে উপস্থিত ছিলেন।

    আতাউল্লাহ নামে একজন নিজেকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক দাবি করে শুনানি চলাকালে তার ওপর হামলার অভিযোগ করেন।

    সীমানা নিয়ে আজ এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।

    গত ৩০শে জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

    এর মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে দেড় হাজারের বেশি দাবি-আপত্তির আবেদন জমা হয় নির্বাচন কমিশনে।

    এসব আবেদন নিয়ে আজ থেকে শুনানি শুরু হয়েছে।এই শুনানি চলবে আগামী ২৭শে অগাস্ট পর্যন্ত।

  13. বিবিসি বাংলার লাইভ