মঙ্গলবার যা যা হলো:
- বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে অর্থাৎ ২০শে অগাস্ট বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই বৈঠক হবে।
- নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০শে অগাস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় ভোট গ্রহণ সমাপ্তির পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে।
- আগামী ২৭শে অগাস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৭শে আগস্ট বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়- সবাই ‘বাংলাদেশি’ এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই। “
- ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালির কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএফপি ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশমুখে জাহাজটিতে ইরান-সমর্থিত হুথিরা হামলা চালায়।
- বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল আবার চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে- এমন আশঙ্কা জোরালো হয়েছে।
- সিরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে উৎখাত হওয়ার পর আসাদ তার পরিবারসহ দামেস্ক থেকে মস্কো পালিয়ে যান।
- কলম্বিয়ায় কয়েক বছরের মধ্যে অন্যতম বড় একটি ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে তা হবে একটি “ভয়াবহ ভুল”। ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের এই সমর্থন এলো এমন সময়ে, যখন উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি উন্মুক্ত চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ তোলে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। “র-প্রধান চীন থেকে এসেছেন। এটা এক ধরনের সফর। তিনি এখানে তার কাউন্টারপার্টের সাথে বৈঠক করবেন।
- ইউক্রেন ও রাশিয়া রাতভর একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।