সোমবার সারাদিন যা যা হয়েছে
- কলম্বিয়াতে সাত দশমিক চার মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে এমন আশা করে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
- সরকারি কোম্পানি মিল্কভিটা ব্রান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। গত পাঁচই অগাস্ট থেকে ভোক্তা পর্যায়ে কার্যকর বর্ধিত এই দামের কারণে, বাজারে এক লিটার দুধের দাম ১০০ টাকা থেকে বেড়ে এখন ১১০ টাকা হয়েছে।
- পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক।
- বাংলাদেশে এবার এসএসসি বা সমমানের পরীক্ষার খাতা বা উত্তরপত্র শিক্ষার্থীরা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার বাইরে গোলচত্বরে একটি গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
- রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদের খালাস চেয়ে করা আপিল আবেদনের শুনানি আগামী ১৭ই অগাস্ট পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
- দিল্লির পর রাচিঁতে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত বেশ কয়েকজন আন্দোলনকারী।
- ভারতের আসামের বিস্তীর্ণ অংশ এখনো বন্যার কবলে রয়েছে। একদিকে যেমন মৃতের সংখ্যা বেড়েছে তেমনই কোনো কোনো এলাকায় অবস্থার অবনতি হয়েছে।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।