লাইভ, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন বাংলাদেশের সিইসি

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার। ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালির কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, Home Ministry

    ছবির ক্যাপশান, গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়- সবাই ‘বাংলাদেশি’ এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই।

    “আমরা সকলেই বাংলাদেশের 'অধিবাসী'। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত,” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে একথা বলা হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

    বাসসের খবরে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

    মি. আহমদ বলেন, জাতীয় মূলধারার সাথে সমতা আনার লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের কল্যাণে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা বজায় রেখেছে, যা সংবিধানেও স্বীকৃত।

    পার্শ্ববর্তী বিভিন্ন বহুভাষী ও বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে শত শত ভাষা প্রচলিত থাকা সত্ত্বেও পৃথক 'আদিবাসী' সত্তার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি বরং অনগ্রসরদের সুযোগ-সুবিধা দিয়ে মূলধারায় যুক্ত করা হয়েছে।

    অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্র তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা, বিকাশ ও সংরক্ষণে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

  2. লিবিয়ার আর্মি গোয়েন্দা প্রধান গাড়ি বোমা বিস্ফোরণে নিহত

    লিবিয়া ন্যাশনাল আর্মিন গোয়েন্দা প্রধান গাড়ি বোমায় নিহত

    ছবির উৎস, Libya National Army / X

    ছবির ক্যাপশান, লিবিয়া ন্যাশনাল আর্মিন গোয়েন্দা প্রধান গাড়ি বোমায় নিহত

    লিবিয়া ন্যাশনাল আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ লিবিয়ার কিছু অংশ এই বাহিনী এখন নিয়ন্ত্রণ করছে।

    সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে যে ওই বিবৃতিতে বলা হয়, ফাওজি মানসুরিকে সোমবার রাতে হত্যা করা হয়। তিনি স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার সময় তার গাড়িতে লাগানো বোমা বিস্ফোরিত হয়। ঘটনাটি পূর্ব লিবিয়ার বেনগাজি শহরে ঘটে।

    দুই হাজার এগার সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া গৃহযুদ্ধ ও সামাজিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।

    বর্তমানে লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে দুটি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি হলো জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন আবদেলহামিদ জেইবা এবং যার সদর দপ্তর ত্রিপোলিতে।

    অন্যদিকে, বেনগাজিভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার হলেন খলিফা হাফতার।

    এক বিবৃতিতে লিবিয়ান ন্যাশনাল আর্মি মানসুরির হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।

    একই সঙ্গে তারা ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং লিবিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা’ অব্যাহত রাখার কথা জোর দিয়ে জানিয়েছে।

  3. রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি

    বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে অর্থাৎ ২০শে অগাস্ট বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছেন সিইসি।

    রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫(৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সংসদের স্পীকারের সাথে আলোচনাক্রমে সিইসি সংসদের এ বৈঠক ডেকেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন যে, আগামী ২০শে অগাস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    বিকেল ৫টায় ভোট গ্রহণ সমাপ্তির পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে।

    গত ২৪শে জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পর থেকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।

    রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ই অগাস্ট, যাচাইবাছাই ১৬ই অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ১৮ই অগাস্ট।

    নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন
  4. কোনো নির্দিষ্ট কোম্পানি নয়, তেল আমদানি নীতিমালা সবার জন্যই সমান হবে: বিদ্যুৎ মন্ত্রী

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ।

    সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অযথা আতঙ্ক তৈরি হয়েছিল- উল্লেখ করে তিনি বলেছেন, এ প্রেক্ষাপটে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও সুযোগ দেওয়া হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী হবে।

    ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন বলে বাসস জানিয়েছে।

    তিনি বলেন, 'একটা সরকারি থাকুক, আরেকটা বেসরকারি থাকুক-যেমন ইন্ডিয়াতে আছে।'

    জ্বালানি আমদানির নীতিমালা কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে- এমন অভিযোগ নাকচ করে মন্ত্রী বলেন, সাধারণ আইন বা নীতিমালা হলে তা কোনো একটি কোম্পানির জন্য হবে না, সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

    তিনি বলেন, ‘একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এটা করছি' এমন ধারণা ঠিক নয়। জ্বালানি খাত নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো ও সংকট বাড়ানোর চেষ্টা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    বেসরকারি খাতের পক্ষ থেকে দেওয়া বিনিয়োগ প্রস্তাব আকর্ষণীয় ও শিল্পের জন্য সহায়ক হলে দ্রুত অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী।

    ইকবাল হাসান মাহমুদ বলেন, “প্রপোজাল যদি অ্যাট্রাক্টিভ হয় এবং আমার ইন্ডাস্ট্রির জন্য হেল্পফুল হয়, অবশ্যই আমরা কোনো সময় নষ্ট করব না”।

    “বেসরকারি খাতের প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করা হবে,” বলেছেন তিনি।

  5. বাব আল-মান্দেব প্রণালির কাছে হামলায় কার্গো জাহাজের দুই ক্রু ‘নিহত’

    লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালির প্রস্থ প্রায় ৩৬ কিলোমিটার

    ছবির উৎস, Gallo Images via Getty

    ছবির ক্যাপশান, লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালির প্রস্থ প্রায় ৩৬ কিলোমিটার

    ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালির কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

    সংবাদ সংস্থা এএফপি ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশমুখে জাহাজটিতে ইরান-সমর্থিত হুথিরা হামলা চালায়। সূত্রটি আরও জানায়, বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে।

    এএফপিকে আরেকটি সূত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, উদ্ধার অভিযান চলাকালে জাহাজটি আরও একটি হামলার লক্ষ্যবস্তু হয়।

    ওদিকে ভ্যানগার্ড জানিয়েছে, নিহত দুজন হলেন- ‘দুই ক্রু—একজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক’। এছাড়া আরও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

    সংস্থাটি আরও জানিয়েছে, “হামলার পর ইয়েমেনি নৌবাহিনী জাহাজটিকে সহায়তা করতে এগিয়ে আসে। কিন্তু তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে”।

    এর আগে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ জানিয়েছিঃল যে, ওমান সাগরে একটি তেলবাহী ট্যাংকার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে।

    জাহাজ উদ্ধার ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ভ্যানগার্ড ইনস্টিটিউট তখন জানায় যে, তারা খবর পেয়েছে যে পানামার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ওমান সাগর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার সময় এবং পাকিস্তানের উপকূলের কাছাকাছি অবস্থানকালে একটি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়।

    ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে আগুন ধরে গেলেও তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে হামলার পর জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চলাচল বা দিক পরিবর্তন করতে সক্ষম হয়নি।

  6. বন্ধ তিন পাটকল লিজ পেল প্রাণ ও হ্যামকো গ্রুপ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে লিজ চুক্তি হওয়ার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে লিজ চুক্তি হওয়ার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

    বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল আবার চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

    আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ।

    প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, চুক্তির আওতায় দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিল তিনটি চালু হলে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।

    চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি ইজারার ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইতোমধ্যে ১৪টি মিলের লিজ সম্পন্ন করে লিজগ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে এবং এর মধ্যে ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিজেএমসি ও লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  7. ২৭শে অগাস্ট সংসদ অধিবেশন শুরু হচ্ছে

    বাংলাদেশের জাতীয় সংসদ

    ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

    ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ

    আগামী ২৭শে অগাস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে।

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৭শে আগস্ট বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

    ওই দিন বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

    এর আগে গত ১৫ই জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনেই চলতি অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়েছে।

    এটিই ছিল বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট।

    গত ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, গত ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল
  8. রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ যেভাবে হবে

    বঙ্গভবন, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বঙ্গভবন, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন

    বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০শে অগাস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের কাছে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সরকারি বার্তা সংস্থা বাসস এ খবর দিয়েছে।

    “২০শে অগাস্ট বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হবে। সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনেই অবস্থান করবেন। নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন,” বলেছেন তিনি।

    মি. আহমেদ জানান, প্রতিটি ব্যালট পেপারে দু’টি অংশ থাকবে- মুড়ি অংশ এবং মূল ব্যালট। মুড়ির অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর নির্ধারিত থাকবে।

    “ডানদিকের মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে এবং পাশে থাকা ফাঁকা স্থানে ভোটার সংসদ সদস্য তার পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটারদের (সংসদ সদস্য) সুবিধার কথা মাথায় রেখে কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে, যার যেকোনো একটিতে তারা ভোট দিতে পারবেন”।

    আখতার আহমেদ বলেন, বিকেল ৫টায় ভোট গ্রহণ সমাপ্তির পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে। প্রাথমিকভাবে নির্ধারিত চার বা পাঁচজনের গঠিত একটি ব্যালট গণক দল ব্যালট পেপার শর্ট আউট করে গণনা কার্যক্রম শেষ করবে।

    “মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষেই সরাসরি সবার সামনে ঘোষণা করবেন। পরবর্তীতে কমিশন সচিবালয়ে এসে অফিসিয়ালি ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে”।

    ইসি সচিব জানান, অধিবেশন কক্ষ থেকে ভোটের কার্যক্রমের সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) করার সুবিধা থাকবে এবং সাংবাদিকদের বসার জন্য নির্ধারিত স্থান রাখা হবে।

  9. তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়ালো

    বিশ্ব বাজারে তেলের দাম আবারো বাড়ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বিশ্ব বাজারে তেলের দাম আবারো বাড়ছে

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

    অপরিশোধিত তেলের দামই বিশ্ববাজারে তেলের দামের সূচক হিসেবে বিবেচিত হয়।

    মঙ্গলবারও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে- এমন আশঙ্কা জোরালো হয়েছে।

    গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউস থেকে আশাবাদী বক্তব্য দেওয়া হলেও, গুরুত্বপূর্ণ এই জলপথের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো একটি সমঝোতায় পৌঁছানো থেকে অনেক দূরে রয়েছে।

    বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়, যেখানে যুদ্ধের কারণে বর্তমানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

  10. ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: অভিযোগ জেলেনস্কির

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, LightRocket via Getty Images

    ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ইউক্রেন ও রাশিয়া রাতভর একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, জাপোরিঝঝিয়ায় চালানো হামলায়, যেখানে অন্তত ছয়জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন, সেখানে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, “প্রথমবারের মতো” রাশিয়া “উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালাতে পারছে না।”

    তিনি বলেন, “ইউক্রেনে, ইউরোপে যত বেশি উত্তর কোরিয়ার হামলা হবে, তাদের ক্ষেপণাস্ত্র ও সৈন্যদের যত বেশি ব্যবহার করা হবে, তারা তত বেশি নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো সংশোধন করার সুযোগ পাবে।”

    তিনি আরও যোগ করেন, এটি বিশ্বের বাকি অংশের জন্যও একটি ঝুঁকি তৈরি করছে।

    ভাষণে জেলেনস্কি সোমবার পশ্চিম সাইবেরিয়ায় একটি রুশ পেট্রোকেমিক্যাল কারখানায় সফল বিমান হামলাকেও ইউক্রেনীয় সামরিক বাহিনীর “খুবই গুরুত্বপূর্ণ অর্জন” হিসেবে উল্লেখ করেন।

    তিনি “ইউক্রেনের আরও গভীর পাল্টা হামলার” প্রতিশ্রুতি দেন, যা “রাশিয়া ও রুশ জনগণকে দেখাবে যে শান্তি প্রয়োজন”।

    রাশিয়ার কাছে উত্তর কোরিয়া থেকে সামরিক সহায়তা পাওয়ার অভিযোগ এবারই প্রথম তুললেন না জেলেনস্কি।

    সপ্তাহান্তে তিনি সতর্ক করে বলেছিলেন, রুশ ভূখণ্ড রক্ষার সামরিক অভিযানে যোগ দিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ ৫০ হাজার সৈন্য পাঠানো হতে পারে।

  11. সিরিয়ার আদালতে বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

    বাশার আল আসাদ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাশার আল আসাদ, ফাইল ছবি

    সিরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে। দেশটির গৃহযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করার পর এই রায় দেওয়া হয়।

    ২০২৪ সালের ডিসেম্বরে উৎখাত হওয়ার পর আসাদ তার পরিবারসহ দামেস্ক থেকে মস্কো পালিয়ে যান। এর মধ্য দিয়ে ক্ষমতার ওপর তার পরিবারের প্রায় পাঁচ দশকের নিয়ন্ত্রণের অবসান ঘটে।

    একই মামলায় আদালত আসাদের চাচাতো ভাই এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারক তার সাজা ঘোষণা করার সময় নাজিবকে আদালতকক্ষে একটি খাঁচার ভেতরে দেখা যায়।

    দারা প্রদেশকে ব্যাপকভাবে আসাদবিরোধী বিদ্রোহের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়।

    সরকারবিরোধী দেয়াললিখনের অভিযোগে ২০১১ সালের মার্চে একদল কিশোরকে আটক ও নির্যাতন করার ঘটনা দারা শহরে বিক্ষোভের সূত্রপাত করেছিল। নিরাপত্তা বাহিনী সহিংসভাবে সেই বিক্ষোভ দমনের চেষ্টা করে।

    এই দমন-পীড়ন দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে দিতে সহায়তা করে, যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। ওই যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়।

    সিরিয়ার অন্তর্বর্তী সরকার ৫০ বছরেরও বেশি সময় দেশ শাসন করা আসাদ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের কাজ চলতি বছরের শুরুতে শুরু করেছে।

    নাজিব এখন পর্যন্ত বিচারের মুখোমুখি হওয়া সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একজন।

    হত্যা, ‘১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা’ এবং ‘মৃত্যুর কারণ হওয়া নির্যাতন’-সহ বিভিন্ন অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

    তবে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ মস্কো থেকে আসাদকে প্রত্যর্পণ করাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

    আসাদের বিরুদ্ধে সিরিয়ার নতুন নেতৃত্বের নেওয়া এটিই প্রথম পদক্ষেপ নয়। গত ডিসেম্বরে হত্যা ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

    আহমেদ আল-শারা, যিনি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট, তার নেতৃত্বাধীন বাহিনী মাত্র ১১ দিনের দ্রুত অভিযানে ক্ষমতা দখল করে আসাদ রাজবংশের পতন ঘটানোর পর আসাদ রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন।

    এরপর থেকে নতুন সরকার সাবেক সরকারের বহু কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীকে আটক করেছে। তবে পুরোনো শাসনব্যবস্থার অধিকাংশ শীর্ষ কর্মকর্তা, যার মধ্যে আসাদ নিজেও রয়েছেন, এখনো রাশিয়ায় থাকায় তাদের নাগালের বাইরে।

    আসাদের শাসনের শেষ কয়েক বছরে সিরিয়ার বিরোধী নেতারা পশ্চিমা দেশগুলোর আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সেসব প্রচেষ্টা কোনো দণ্ডাদেশে গিয়ে পৌঁছায়নি।

    আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

    ছবির উৎস, NurPhoto via GettyImages

    ছবির ক্যাপশান, আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
  12. শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

    শুভেন্দু অধিকারী - ফাইল ছবি

    ছবির উৎস, Sanjeev Verma/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, শুভেন্দু অধিকারী - ফাইল ছবি

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করেছে। তিনি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। পথে, কোলাঘাটে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয়।

    প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটেনি বা কারো ক্ষতিও হয়নি। শুধু আবহাওয়ার প্রতিকূলতা বিচার করেই কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    কলকাতার আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি বায়ুর অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। এ ছাড়াও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে।

  13. ইরানের হুমকিতে গোপনে বিমান পাল্টে ক্যাটারিং ট্রাকে উঠেছিলেন ট্রাম্প, সংবাদমাধ্যমে খবর

    আঙ্কারা থেকে রওনা হওয়ার আগে পুরোনো এয়ার ফোর্স ওয়ান বিমানের পাশে ক্যাটারিং ট্রাকগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আঙ্কারা থেকে রওনা হওয়ার আগে পুরোনো এয়ার ফোর্স ওয়ান বিমানের পাশে ক্যাটারিং ট্রাকগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়

    মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যে, সম্ভাব্য ইরানি হুমকির প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্কে অনুষ্ঠিত নেটো সম্মেলন থেকে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন।

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর তাকে গোপনে একটি উঁচু করা বিমানবন্দর ক্যাটারিং ট্রাকে তোলা হয়। এরপর সেই ট্রাকে করে তাকে একটি সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের পাশাপাশি হোয়াইট হাউসের কিছু কর্মীও এই বিষয়টি জানতেন না।

    বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্বাসযোগ্য ইরানি হুমকির তথ্য পেয়েছিল যে, ট্রাম্পকে বহনকারী বিমানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

    তবে হোয়াইট হাউস গোপনে বিমান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেনি।

    এর আগে আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলনের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের "এক নম্বর লক্ষ্য"।

    ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর সামরিক হামলা শুরুর এক দিনের মাথায় গোপন এই কৌশলটি নেওয়া হয়েছিল।

    ট্রাম্প কাতারের দেওয়া নতুন একটি বোয়িং ৭৪৭-৮ বিমানে করে তুরস্কে পৌঁছেছিলেন। তবে তিনি ঘোষণা করেছিলেন যে, "পুরোনো দিনের কথা মনে করে" তিনি পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়বেন।

    আটই জুলাইয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্প প্রেসিডেন্টের বিমানে উঠছেন।

    “যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে পুরোনো এয়ার ফোর্স ওয়ান বিমানটি অবতরণের পর ট্রাম্পকে সেটি থেকে নামতে দেখা যায়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, “যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে পুরোনো এয়ার ফোর্স ওয়ান বিমানটি অবতরণের পর ট্রাম্পকে সেটি থেকে নামতে দেখা যায়
    এরপর তিনি কাতারের উপহার হিসেবে দেওয়া বিমানে ওঠেন এবং যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, এরপর তিনি কাতারের উপহার হিসেবে দেওয়া বিমানে ওঠেন এবং যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন

    কিন্তু ওয়াশিংটন পোস্ট-এর তথ্য অনুযায়ী, এরপর তাকে গোপনে একটি ছোট আকারের সি-৩২এ সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। এটি একটি পরিবর্তিত বোয়িং ৭৫৭ বিমান, যা সাধারণত ভাইস প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহৃত হয়।

    ট্রাম্পকে যে জায়গা দিয়ে বিমানে উঠতে দেখা গিয়েছিল, তার বিপরীত পাশে একটি ক্যাটারিং ট্রাককে উঁচু করে বিমানের সমান উচ্চতায় তোলা হয়। এরপর ওই ট্রাক ব্যবহার করে তাকে গোপনে সি-৩২৪ বিমানে নিয়ে যাওয়া হয়।

    প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আলাদাভাবে বাহ্যিক সিঁড়ি ব্যবহার করে সি-৩২এ বিমানে ওঠেন। উদ্দেশ্য ছিল পুরো বিমানযাত্রাটিকে স্বাভাবিক বলে মনে করানো।

    সাংবাদিক এবং হোয়াইট হাউসের কিছু কর্মী এয়ার ফোর্স ওয়ানে ওঠেন এবং তাদের জানালার পর্দা বন্ধ রাখতে বলা হয় বলে জানা গেছে। তারা জানতেন না যে, প্রেসিডেন্ট আর ওই বিমানে ছিলেন না।

    এরপর ট্রাম্প যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে যুক্তরাজ্যে উড়ে যান। সেখানে তিনি আবার পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠেন। বিমানটি বিমানঘাঁটি মিলডেনহল-এ অবতরণের পর তাকে সেই বিমান থেকে নামতে দেখা যায়।

    তবে সি-৩২এ বিমান থেকে কিভাবে তিনি আবার পুরোনো এয়ার ফোর্স ওয়ানে উঠেছিলেন, তা স্পষ্ট নয়।

  14. রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী নিয়ে যা বললেন চিফ হুইপ

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক বৈঠকের পর ব্রিফিং করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ ও অন্য হুইপরা এ সময় উপস্থিত ছিলেন।

    ছবির উৎস, SCREENGRAB

    ছবির ক্যাপশান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক বৈঠকের পর ব্রিফিং করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ ও অন্য হুইপরা এ সময় উপস্থিত ছিলেন।

    জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থীর কে হবেন সেটি প্রধানমন্ত্রী ঘোষণার পরই জানা যাবে।

    কবে সেটি জানানো হবে জানতে চাইলে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়ই সবাই জানতে পারবেন।

    জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক এক বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে, অর্থাৎ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না।

    “সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি করেন তাহলে সদস্যপদ বাতিল হবে,” বলেছেন তিনি।

    নূরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।

    তিনি বলেন, সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে এরপর ফলাফল ঘোষণা করা হবে।

    চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করবেন এবং সংসদ সচিবালয় তাঁদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

    প্রসঙ্গত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীর নাম ঘোষণা করেননি।

    বিরোধী জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে এলডিপির একাংশের সভাপতি অলি আহমদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় দলটির মনোনয়নে নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন গত ২৪শে জুলাই।

    তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    এখন নির্বাচন কমিশন আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

  15. 'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    জাহেদ উর রহমান

    ছবির উৎস, PID

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই।

    “র-প্রধান চীন থেকে এসেছেন। এটা এক ধরনের সফর। তিনি এখানে তার কাউন্টারপার্টের সাথে বৈঠক করবেন। এ নিয়ে সরকার মনে করলে সফরের পর বিবৃতি দিতে পারে। এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। আমাদের গোয়েন্দা প্রধানও ভারতে গেছেন, সফর করেছেন,” সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন।

    তিনি বলেন, দুই দেশের সম্পর্ক তো নতুন করে রিঅ্যালাইনমেন্ট করতে হবে।

    “তবে আগে যেই সম্পর্ক তারা করতে চেয়েছে সেটি ছিল একজনের সাথে। তাকে জনগণের সাথে সম্পর্ক করতে হবে। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে কাজ করেছে যে অ্যাটিচুড করেছে এখন সেভাবে হবে না। স্বাধীন সার্বভৌম দেশের সাথে যেভাবে হয় সেভাবে হতে হবে। দুটি স্বাধীন সার্বভৌম দেশের মতো হতে হবে,” বলেছেন মি. রহমান।

    ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভবিষ্যৎ সম্পর্কের যে রিয়েল অ্যালাইনমেন্ট এর আলাপ তারা এখন করছেন তার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে তৈরি করতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘকাল যে সমস্যা হয়েছে যে আমরা দেখেছি নানা সময়ে ওই সরকার (শেখ হাসিনা সরকার) অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল, তার সাথে ভারতের যোগাযোগের বিষয়ে জনগণের সন্দেহ আছে।

    “তাকে (শেখ হাসিনা) তো প্রত্যর্পণের কথা ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাই। তাকে আইনের আওতায় আনতে চাই। তিনি সেখানে সংবাদ সম্মেলন করলেন। যাকে বিচার করতে চাই তিনি ওখানে বসে ওটা করছেন। এটা ভারতকে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, কী হবে,” বলেছেন তিনি।

    বাংলাদেশের ক্রিকেটার সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তার বিষয়ে যা বলেছেন সে বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারে কিন্তু "তিনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ"।

    “উই ডোন্ট কেয়ার উনি কত নামী দামী মানুষ। এসব ফালতু কথা উনি বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য। উনি আসলে কি এয়ারপোর্টে লোকজন মব করবে? নো ওয়ে। তার প্রত্যেকটি কথা সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা”।

    তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সাথে আসবেন ও পূর্ণ অধিকার ভোগ করবেন বিচার প্রক্রিয়ায়। "এখানে বীভৎস অপরাধীও তার আইনগত অধিকার পাবেন সেটা হাসিনাই হোক আর সাকিব আল হাসানই হোক"।

  16. ইনফান্তিনোকে সরানো হলে তা হবে ‘ভয়াবহ ভুল’: ট্রাম্প

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে তা হবে একটি “ভয়াবহ ভুল”।

    ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের এই সমর্থন এলো এমন সময়ে, যখন উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি উন্মুক্ত চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ তোলে। তারা বলে, ব্যর্থ হয়ে যাওয়া তার ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবের মাধ্যমে তিনি “প্রতারণার আশ্রয় নিয়ে” বিশ্বাস ভঙ্গ করেছেন।

    এফএফই পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট ব্যবস্থাপনার অধিকার পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠন করা হতো, যার ২১ শতাংশ মালিকানা একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো

    ২৮শে জুলাই এফএফই পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর এই প্রথম ইনফান্তিনোর পক্ষে প্রকাশ্যে কথা বললেন ট্রাম্প।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “যেকোনো কারণেই হোক, যদি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রতিস্থাপনের কথা বিবেচনা করে, তাহলে ফিফা একটি ভয়াবহ ভুল করবে।”

    তিনি আরও লেখেন, “তিনি অসাধারণ। তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যা আগের তুলনায় চার গুণ বেশি সফল ছিল। তিনি চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।”

    ২০২৬ সালের বিশ্বকাপ এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়।

    ৩১শে জুলাই প্রথমবারের মতো এফএফই প্রস্তাব নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, এই পরিকল্পনা নিয়ে তিনি ইনফান্তিনোর সঙ্গে কোনো আলোচনা করেননি।

    থ্রাইভ ইটারনালকে এফএফইর জন্য প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

    থ্রাইভ একটি মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠা করেছিলেন জশুয়া কুশনার। তিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

    ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ইনফান্তিনো তাকে ফিফার উদ্বোধনী ‘ফিফা পিস প্রাইজ’ দেন।

  17. কলম্বিয়ায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পে নিহত অন্তত ১৩২

    ধসে পড়া ভবনের ধ্বংস্তূপের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, অনেক ভবন ধসে পড়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে

    কলম্বিয়ায় কয়েক বছরের মধ্যে অন্যতম বড় একটি ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

    ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    দেশটির ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে ১০৩ কিলোমিটার (৬৪ মাইল) গভীরে চকো প্রদেশে আঘাত হানে। পশ্চিম কলম্বিয়াজুড়ে শত শত মাইল বিস্তৃত এক বিশাল এলাকায় এই কম্পন অনুভূত হয়।

    মৃতদের অনেকেই কলম্বিয়ার কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরার বাসিন্দা। এছাড়া আশপাশের শহরগুলো এবং ভাইয়ে দেল কাউকা অঞ্চলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল চকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। তবে স্থানীয় মেয়র লেওন ফাবিও মারিন মনকাদা জানান, অলৌকিকভাবে সেখানে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি, যদিও গ্রামটির সঙ্গে যাতায়াতের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সোমবার প্রকাশিত এক হালনাগাদ বিবৃতিতে কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজ জানিয়েছে, ভূমিকম্পে ৪৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে অবস্থিত পেরেইরা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

    বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, শহরের প্রধান চত্বর প্লাজা বলিভারে অন্তত একটি ভবন ধসে পড়েছে। যেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন, সেই খোলা স্থানে ধ্বংসাবশেষ ও ধুলাবালি ছড়িয়ে থাকতে দেখা যায়।

    কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েইয়া জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন, যার মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ক্ষমতা কার্যকর হয়েছে। এর মধ্যে বাজেট পুনর্বিন্যাসের ক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে।

    গত শুক্রবারই দায়িত্ব নেওয়া নতুন এই প্রেসিডেন্ট এখনই এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছেন, যা তার রাজনৈতিক উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    নিহতদের সংখ্যা জানানোর পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন যে, এক হাজার পাঁচশোরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

  18. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক।
    • ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে এমন আশা করে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
    • কলম্বিয়াতে সাত দশমিক চার মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
    • বাংলাদেশে সরকারি কোম্পানি মিল্কভিটা ব্রান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। গত পাঁচই অগাস্ট থেকে ভোক্তা পর্যায়ে কার্যকর বর্ধিত এই দামের কারণে, বাজারে এক লিটার দুধের দাম ১০০ টাকা থেকে বেড়ে এখন ১১০ টাকা হয়েছে।
    • বাংলাদেশে এবার এসএসসি বা সমমানের পরীক্ষার খাতা বা উত্তরপত্র শিক্ষার্থীরা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • দিল্লির পর ভারতের রাচিঁতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত বেশ কয়েকজন আন্দোলনকারী।
    • ভারতের আসামের বিস্তীর্ণ অংশ এখনো বন্যার কবলে রয়েছে। একদিকে যেমন মৃতের সংখ্যা বেড়েছে তেমনই কোনো কোনো এলাকায় অবস্থার অবনতি হয়েছে।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে