আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যারা গুপ্ত-সুপ্তভাবে আ.লীগের বোরকার নিচে থাকেনি, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, অভিযোগ বিএনপির

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিকে, আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সরাসরি কভারেজ

  1. নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এসময় মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

    ডিএমটিসিএল এর পরিচালক একেএম খায়রুল আলম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট প্রয়োগ সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।

    তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে।

    নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।

    এর আগে, সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে দোসরা ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

    বলা হয়েছিলো ১১ই ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

    এছাড়া ১০ই ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে।

  2. আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলার রায় আজ, ট্রাইব্যুনালে আট আসামি

    জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

    এদিন সকালে আট জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

    রায় ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায়। পুলিশ, র‍্যাব, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

    সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হলেও গ্রেফতার হয়েছেন আট জন।

    গ্রেফতার হওয়া আসামিরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে আছেন।

    তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনো পলাতক।

    গত বছরের ২১শে অগাস্ট ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ২।

    অভিযোগে উল্লেখ করা হয়, পাঁচই অগাস্ট ওই ছয় জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। তবে সে সময়েও জীবিত ছিল একজন।

    আদালতে আট আসামির সাতজনই নিজেকে নির্দোষ দাবি করেন। আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাস চান। তবে দোষ স্বীকার করেন আদালতে রাজসাক্ষী হয়েছেন এসআই শেখ আবজালুল হক।

  3. ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের জন্য পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

    অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন।

    নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি।

    "ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত," লিখেছেন আসিফ নজরুল।

  4. গতকালের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

    • জামায়াতে ইসলামী ২৬ বিষয়ে অগ্রাধিকার ও ১০টি প্রতিশ্রুতি দিয়ে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। "দেশের বাস্তবতা, জনগণের চাহিদা ও আগামীর সম্ভাবনাকে" সামনে রেখে এই ইশতেহারকে আটটি ভাগে ভাগ করেছে দলটি।
    • ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে অনেকগুলো বিষয়ের পাশাপাশি ক্ষমতায় এলে শরিয়া বা ইসলামি আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলেছে তারা।
    • লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য অবৈধ সিল বানানোর অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে।
    • জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ এনেছিলেন, প্রাথমিকভাবে সেই অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
    • "মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করতেছে না," বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • জুলাই অভ্যুত্থানের পর থেকে গত ১৭ মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ১৯৫ জন এবং মব সহিংসতা ও গণপিটুনীতে ২৫৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস নামের একটি মানবাধিকার সংগঠন।
    • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা “আগামী কয়েক দিনের মধ্যে” হওয়ার পরিকল্পনা রয়েছে।
    • নরসিংদীর রায়পুরায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
    • জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার দাবি করার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে বলে দাবি করেছে দল।
    • শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে