আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নাই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

"মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই" বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী যার মধ্যে ১০টি মৌলিক প্রতিশ্রুতি এবং ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য অবৈধ সিল বানানোর অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে।
    • জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ এনেছিলেন, প্রাথমিকভাবে সেই অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
    • "মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করতেছে না," বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • জুলাই অভ্যুত্থানের পর থেকে গত ১৭ মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ১৯৫ জন এবং মব সহিংসতা ও গণপিটুনীতে ২৫৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস নামের একটি মানবাধিকার সংগঠন।
    • জামায়াতে ইসলামী "দেশের বাস্তবতা, জনগণের চাহিদা ও আগামীর সম্ভাবনাকে" সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহারকে আটটি ভাগে ভাগ করেছে এবং ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে দলটি।
    • কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে 'ভোট চাওয়াকে কেন্দ্র করে' আজ বুধবার সকালের দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
    • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা “আগামী কয়েক দিনের মধ্যে” হওয়ার পরিকল্পনা রয়েছে।
    • ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে অনেকগুলো বিষয়ের পাশাপাশি ক্ষমতায় এলে শরিয়া বা ইসলামি আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলেছে তারা।
    • নরসিংদীর রায়পুরায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
    • "বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই নতুন জালেমদেরকে মানুষ গুপ্ত হিসেবে চিনে। এই জালেমদের নেতা দুইদিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের বিষয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে," বরিশালে নির্বাচনী জনসভায় জামায়াতকে ইঙ্গিত করে বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার দাবি করার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে বলে দাবি করেছে দল।
    • শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলা'র মূল পাতায়

  2. ‘ভোটের সিল’ বানানোর ঘটনায় লক্ষ্মীপুরে জামায়াত নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা

    লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য অবৈধ সিল বানানোর অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে।

    লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে এ মামলা করেন। ওই থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেন।

    ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সিল বানানোর খবর পেয়ে তারা ম্যাজিস্ট্রেটসহ মারইয়াম প্রেস নামে একটি দোকানে যান। সেখানে ছয়টি অবৈধ সিল পাওয়া যায়।

    পুলিশ ওই সিলগুলোসহ একটি মোবাইল ও কম্পিউটার জব্দ করেছে এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী সোহেল রানাকে গ্রেফতার করেছে। ওই মামলার প্রধান আসামি সোহেল রানা-ই।

    ওসি বলেন, সোহেল রানা স্বীকার করেছে যে "ওই সিলগুলো অর্ডার করেছে শরীফ হোসেন সৌরভ"। তাই, তাকেও এই মামলায় আসামি করা হয়। কিন্তু তাকে এখনো গ্রেফতার করা যায়নি।

    পুলিশ জানিয়েছে, শরীফ হোসেন সৌরভ লক্ষ্মীপুর সদর থানার চার নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি।

  3. ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের 'প্রাথমিক সত্যতা' পেয়েছে বিসিবি

    জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ এনেছিলেন, প্রাথমিকভাবে সেই অভিযোগের স্বপক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিসিবি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারা আলমের আনা সুনির্দিষ্ট চারটি অভিযোগের মধ্যে দু'টির প্রাথমিক প্রমাণ স্বাধীন কমিটি পেয়েছে। তবে বাকি দু'টি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

    তবে মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ৩০শে জুন।

    মূলত, ২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দলের কয়েকজন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন জাহানারা আলম।

    গত বছরের শেষের দিকে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, সে সময় ম্যানেজারের দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলামসহ একাধিক কর্মকর্তা তার ও তার সতীর্থদের সাথে 'অশোভন আচরণ' করেছেন।

    জাহানারার দাবি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন, এমনকি আলিঙ্গন বা বুকে টেনে ধরতেন।

    যদিও ৪৬ বছর বয়সী মানজুরুল ইসলাম অভিযোগগুলো সম্পূর্ণ 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছেন।

    বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "সবই মিথ্যা। দলের অন্যান্য মেয়েদেরও জিজ্ঞেস করতে পারেন।"

  4. মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    "মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করতেছে না," বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ বুধবার বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আয়োজিত এক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

    এবারের নির্বাচনে সহিংসতার "কোনো সম্ভাবনা নেই" জানিয়ে তিনি বলেন, নির্বাচনে দেশব্যাপী সেনাবাহিনীর এক লাখ সদস্য, নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য, এয়ারফোর্সের সাড়ে তিন হাজার সদস্য এবং ৩৭ হাজার বিজিবি সদস্য থাকবে।

    এছাড়াও, কোস্টগার্ডে প্রায় চার হাজার, পুলিশ দেড় লাখ, র‍্যাব থেকে নয় হাজার ও আনসার সদস্য থাকবে পাঁচ লাখের বেশি।

    এদের সবার সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে হবে বলে মনে করেন তিনি।

  5. অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে মানবাধিকার পরিস্থিতি ছিল ‘উদ্বেগের’, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন

    জুলাই অভ্যুত্থানের পর থেকে গত ১৭ মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ১৯৫ জন এবং মব সহিংসতা ও গণপিটুনীতে ২৫৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস নামের একটি মানবাধিকার সংগঠন।

    এই সময়ে “আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের দায়িত্ব পালনে ভীতি ও অনীহা ছিল, যার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে” বলে মনে করে সংগঠনটি।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, এই ১৭ মাসে বাংলাদেশে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৮৩৪ জন সাংবাদিক।

    এছাড়া বিচার বহির্ভূত হত্যা, থানা ও কারাগারে মৃত্যুর বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, পুলিশি হেফাজত, নির্যাতন, গুলি, বন্দুকযুদ্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংষর্ষ ইত্যাদি ঘটনায় ৬০ জন নিহত হয়েছে।

    এছাড়া এই সময়ে নির্যাতনের শিকার হয়েছেন দুই হাজার ৬১৭ জন নারী ও কন্যাশিশু।

    মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশে বাধাপ্রদান, রাজনৈতিক মিথ্যা মামলা ও গ্রেফতার নিয়মিত ঘটছে বলেও তারা জানায়।

    ১৫টি জাতীয় পত্রিকার প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরির কথা জানিয়েছে এইচআরএসএস।

    ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও মাজারে হামলার ঘটনার উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কমপক্ষে ৫৬টি হামলার ঘটনায় একজন নিহত, ২৭ জন আহত, ১৭টি মন্দির, ৬৩টি প্রতিমা ও ৬৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর এবং ছয়টি জমি দখলের ঘটনা ঘটেছে। এছাড়া সারাদেশে শতাধিক মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

  6. নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী

    জামায়াতে ইসলামী "দেশের বাস্তবতা, জনগণের চাহিদা ও আগামীর সম্ভাবনাকে" সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহারকে আটটি ভাগে ভাগ করেছে।

    এর মধ্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ; আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়; টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি; সনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন; মানবসম্পদ উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নয়ন; সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন; যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ; সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

    নির্বাচনি ইশতেহারে বাংলাদেশ জামায়াত ইসলামী যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে, সেগুলো হলো–

    • ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’- এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন।
    • বৈষমাহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন।
    • যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের প্রাধান্য দেওয়া।
    • নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ।
    • সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন।
    • প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন।
    • প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। সরকারি চাকরিতে বিনামূলো আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সব ধরনের বৈষম্য দূরীকরণ।
    • ব‍্যাংকসহ সার্বিক আর্থিক থাক সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও বাবসাবান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ।
    • সমানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনসহ সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা।
    • বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা।
    • জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
    • কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা।
    • ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং ‘তিন শূন্য ভিশন’ (পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা-ঝুঁকির শূন্যতা) বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়া।
    • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠা, দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপকভিত্তিতে শিল্পায়ণ ও কর্মসংস্থান তৈরি।
    • শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা।
    • প্রবাসীদের ভোটাধিকারসহ সব অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা।
    • সংখ্যাগুরু-সংখ্যালঘু (মেজরিটি-মাইনরিটি) নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণি-গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা।
    • আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা।
    • সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা।
    • দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা।
    • যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সঙ্গে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক/রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে দুই-তিন ঘণ্টায় নামিয়ে আনা। দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা।
    • নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জনা স্বল্পমূলো আবাসন নিশ্চিত করা।
    • ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা।
    • সার্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সব নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
    • সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা।
  7. জামায়াতে'র ইশতেহারের ঘোষণা, ২৬টি বিষয়কে অগ্রাধিকার ও ১০টি প্রতিশ্রুতি

    মোট ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া এবং ১০টি প্রতিশ্রুতির কথা জানিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    আজ সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জামায়াতের আমির শফিকুর রহমান ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বলেছেন, "আমরা রাজনীতিতে বলি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু ৫৪ বছরে সেই স্লোগানের স্বাক্ষর দিতে পেরেছি?"

    "এই বৈষম্য ৫৪ বছর আগেও ছিল। '৪৭ থেকে জাতির স্বাধীনতার সূচনা, এরপর বঞ্চনার শিকার হয়ে '৭১। তারপর দফায় দফায় গণঅভ্যুত্থান। শেষ পর্যন্ত এসে ঠেকেছে চব্বিশে। '২৪-এ খুব সামান্য দাবি ছিল।"

    "৪৭ না হলে ৭১ হতো না, ৭১ না হলে ২৪ পেতাম না। একটি অপরটির সাথে সম্পর্কিত। ইশতেহার কেবল দলীয় কর্মসূচি না, বরং জাতির প্রতি দলের পরিকল্পপনা; এটি একটি জীবন্ত দলিল।"

    "আমাদের ইশতেহারে আমরা জনগণের আকাঙ্ক্ষা, পরামর্শ চেয়েছি," বলেন তিনি।

    জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত আছেন।

    এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও গণমাধ্যম কর্মীরাও সেখানে আছেন।

    এই নির্বাচনী ইশতেহারের নাম দেওয়া হয়েছে "নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার"।

    জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি, পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ‘চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ইশতেহারে ১০টি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে পাঁচটি 'হ্যাঁ' এবং পাঁচটি 'না' রয়েছে।

    হ্যাঁ-এর মধ্যে রয়েছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। না-এর মধ্যে আছে- দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি।

    ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিসহ ইনসাফ ও ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়ন ও যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।

    ইশতেহার প্রণয়নে দেশ-বিদেশের বিভিন্ন পেশার ২৫০-এর বেশি বিশেষজ্ঞের সমন্বয় তৈরি করা জনগণের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

  8. কুষ্টিয়ায় 'ভোট চাওয়া নিয়ে' বিএনপি-জামায়াতের সংঘর্ষ

    কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে 'ভোট চাওয়াকে কেন্দ্র করে' আজ বুধবার সকালের দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

    খোকসা থানার ওসি মো. মোতালেব হোসেন বিবিসিকে বাংলাকে জানান, এই ঘটনায় এখন পর্যন্ত তিন জন 'সামান্য' আহত হয়েছে। তারা এখন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

    যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমে আহতের সংখ্যা অন্তত পাঁচ থেকে সাত জন বলা হচ্ছে।

    এই ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।

  9. কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছে ইরান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা “আগামী কয়েক দিনের মধ্যে” হওয়ার পরিকল্পনা রয়েছে।

    এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে।

    মঙ্গলবার সন্ধ্যায়, তেসরা ফেব্রুয়ারি, ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

    মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর, হোয়াইট হাউজের মুখপাত্র জানান যে দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা এখনো বহাল রয়েছে।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমন-পীড়নের তিন সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে—যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়।

    এদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। ফোনালাপে মি. আরাঘচি এই দেশগুলোকে “উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার” জন্য ধন্যবাদ জানান।

  10. দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি: জামায়াত আমির

    এক্স আইডি হ্যাকের দাবি টেনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছে লেগে গেছে”।

    “চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালিয়ে দিছে। আর একটা দল ঝাঁপিয়ে পড়ছে নাইরে নাইরে নাইরে বলে”- এই দাবি করে তিনি বলেন, জামায়াতের সাইবার টিম এব্যাপারে শক্ত ব্যবস্থা নিয়েছে এবং সত্য সামনে এসেছে।

    কুড়িগ্রামে নির্বাচনী প্রচারকালে তিনি সবক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

    “আমরা মায়েদের কথা দিচ্ছি এ দেশে নারীদের নিরাপত্তা নিশ্চত করা হবে, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে এদেশে আর নারীরা ধর্ষণের শিকার হবে না। আপনাদের রাস্তাঘাট, কর্মস্থল সব জায়গায় শতভাগ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করব। যে দেশে মায়েদের কোনো নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাতি-ধর্ম দেখব না। সব ধর্মের নারীদের সম্মান করা আমাদের বড় দায়িত্ব”।

    এক্ষত্রে তারা জাত-ধর্ম দেখবেন না বলে জানান জামায়াত আমির।

  11. ক্ষমতায় এলে শরিয়া'র প্রাধান্য থাকবে, নির্বাচনী ইশতেহারে ইসলামী আন্দোলন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে অনেকগুলো বিষয়ের পাশাপাশি ক্ষমতায় এলে শরিয়া বা ইসলামি আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলেছে তারা।

    আজ বুধবার বিকাল পৌনে তিনটার দিকে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজিত হয়।

    দলের ইশতেহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তার মাঝে উল্লেখযোগ্য হলো– নির্বাচনে জয়লাভ করলে তারা ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে; রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে; রাষ্ট্র পরিচালনায় শরিয়ার প্রাধান্য দেবে; বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করবে; জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দলের দায়বদ্ধতা থাকবে; সকল জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে; ধর্ম ও রাজনীতির সমন্বয় করা হবে।

    উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারি এক সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন '১১ দলীয় নির্বাচনী ঐক্য' থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। এসময় ২৬৮ আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানায় দলটি।

    পরে তারা ২৫৯টি আসনে প্রার্থী দেয়। দলের প্রার্থীরা হাতপাখা প্রতীকে নির্বাচনে লড়ছেন।

  12. নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

    নরসিংদীর রায়পুরায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান খবরটি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    এই ঘটনায় এখনো কেউ কোনো মামলা করেনি।

    ওসি বলেন, আজ সকালের দিকে এই ঘটনা ঘটেছে। এখানে কোনো রাজনৈতিক দলের বিষয় নেই। পুরোটাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়েছে।

    নরসিংদীর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, ওই এলাকায় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া। আজ সকাল ৬টার দিকে এরশাদ মিয়ার অনুসারীরা হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় হানিফ মাস্টারের অনুসারীরা প্রতিরোধ গড়ে তোলে।

    সংঘর্ষ চলাকালে ওই স্কুলশিক্ষার্থী সেখানে ছিল। এসময় এক ব্যক্তি ছোড়া গুলিতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত কিশোরের নাম মুস্তাকিম মিয়া।

    এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও তিনজন গুলিবিদ্ধ হন।

  13. আজ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশে জামায়াতে ইসলামী।

    ইশতেহার ঘোষণার বিষয়টি দলের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।

    ঢাকার একটি হোটেলে বুধবার সন্ধ্যায় এই ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানা গেছে।

    জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত থাকবেন।

  14. যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

    "বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই নতুন জালেমদেরকে মানুষ গুপ্ত হিসেবে চিনে। এই জালেমদের নেতা দুইদিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের বিষয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে," দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের বিভাগ বরিশালে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    আজ বুধবার বরিশালের বেলসপার্ক এলাকায় ওই জনসভার আয়োজন করা হয়েছে।

    সেখানে তিনি আরও বলেন, "যেই ব্যক্তির তার দেশের মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা-বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক, বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না, কোনো মর্যাদামূলক আচরণ আশা করতে পারে না।"

    জামায়াতের লোকজন ভুয়া সিল ও ব্যালট তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

    “গত কয়েক দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় কিছু খবর দেখতে পাচ্ছি। যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে, আমরা দেখেছি কীভাবে তাদের লোকেরা ভুয়া সিল ছাপাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে ভুয়া ব্যালট ছাপাচ্ছে, যেগুলো তারা পকেটে করে নিয়ে যাবে”।

    জামায়াতের কর্মীরা নারী ভোটারদের এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে বলেও দাবি করেন তারেক রহমান। তিনি বলেন, “যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজে তারা কীকরে সৎ মানুষের শাসন দিতে পারে?”

  15. এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (আগের টুইটার) আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার দাবি করার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে বলেও দাবি করা হচ্ছে দলের পক্ষ থেকে।

    হ্যাকিংয়ের পর তার আইডি থেকে ‘দুর্বৃত্তরা’ আপত্তিকর পোস্ট দিয়েছে বলে জানানো হয়েছে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।

    দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের বরাতে গতকাল মঙ্গলবার রাতে এক পোস্টে জানানো হয়, “ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে”।

    তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এর আগে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যে জামায়াত আমির ও তার দল জানায়, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়।

  16. জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

    শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    আজ বুধবার শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন বলে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে।

    তিনি জানান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই আসনটিতে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

    ফলে আগামী ১২ই ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হবে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান মো. নুরুজ্জামান বাদল। তিনি জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে