সংসদ নির্বাচন ও গণভোটের প্রথম দিনে ভোটগ্রহণ, গণনা, অভিযোগ, পাল্টা অভিযোগসহ যা যা ঘটেছে

বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, এখন চলছে ভোট গণনা। বেসরকারি ফলাফলে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে।

সরাসরি কভারেজ

  1. গুলশানে ভোট দিয়েছেন তারেক রহমান

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিতে এসেছেন
    ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিতে এসেছেন

    বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন।

    আজ সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন।

    এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন মি. রহমান।

    ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "গত রাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্খিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।"

    "আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব" জানিয়ে তিনি বলেন যে বিএনপি'র জয়ের বিষয়ে তারা আশাবাদী এবং জয়লাভ করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেবে।

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিতে এসেছেন
    ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিতে এসেছেন
  2. এজেন্টের অনুপস্থিতিতে ভোট দেরিতে শুরু হয়েছে সিলেটের অনেক কেন্দ্রে

    সিলেটের ৬টি সংসদীয় আসনে আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ ও গণভোট শুরু হয়েছে।

    সকালের দিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম।

    তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।

    এদিকে, অনেক কেন্দ্রে সকালের দিকে পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়।

    অনেকে ভোটার জানান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তারা স্বস্তি অনুভব করছেন।

  3. বরিশালের কোনো কোনো কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ

    দেশের কোনো কোনো কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ শুরু হওয়ার খবর পাওয়া গেছে।

    বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এজেন্টের অভাবে ভোটগ্রহণ শুরু হয় ৩০মিনিট পরে এবং শুরু হওয়ার পরও কাগজ পত্রের ঝামেলা মেটাতে অনেককে রুমে রুমে ছোটাছুটি করতে দেখা গেছে।

    এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, এজেন্ট না আসায় তারা ভোটের বাক্স বন্ধ করতেও পারছেন না। এই কেন্দ্রে সাতটি বুথ। সবকটিতে হাতপাখা প্রার্থীর এজেন্ট থাকলেও ধানের শীষের সব এজেন্ট দেখতে পাওয়া যায়নি।

  4. ভোট দিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

    ভোট দেওয়ার পর নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, ভোট দেওয়ার পর নাহিদ ইসলাম

    সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    আজ সকাল ৮টার দিকে তিনি বাড্ডার একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্রে ভোট দেন।

    নাহিদ ইসলাম এবার ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি মার্কায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে নির্বাচন করছেন।

    তিনি বলেন যে তারা মনে করেন, ১১-দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।

    "নির্বাচন সুষ্ঠু হলে আমরা জনরায় মেনে নিবো। আমরা বুঝতে পারবো যে ভোট সুষ্ঠু হচ্ছে নাকি হচ্ছে না।"

  5. ভোট দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেওয়ার পর কথা বলছেন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেওয়ার পর কথা বলছেন

    সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দিয়েছেন।

    আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

    তিনি এবার ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন।

    ভোট দেওয়ার পরে তিনি যে তারা সরকার গঠনের বিষয়ে আশাবাদী।

    মিডিয়াকে চতুর্থ স্তম্ভ অভিহিত করে তিনি মিডিয়ার সহযোগিতা চান এবং বলেন যে দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রে ছোটখাটো বিষয় হলে জামায়াতে ইসলামী তা গুরুত্ব দিবে না। কিন্তু বড় কিছু হলে ছাড় দিবো না।

    তিনি প্রতিশ্রুতি দেন যে ফলাফল যা-ই হোক, তারা মেনে নিবে। "তবে অন্যদেরও মানতে হবে তা।"

  6. ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

    ভোট দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, ভোট দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি আজ সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

    নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

    এবার তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  7. গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে

    গোপালগঞ্জের একটি ভোটকেন্দ্র
    ছবির ক্যাপশান, গোপালগঞ্জের একটি ভোটকেন্দ্র

    গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

    এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে – এমন আশঙ্কা আগে থেকেই ছিল। কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সমাধিস্থলও সেখানে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই জেলা থেকে নির্বাচন করতেন।

    গোপালগঞ্জ-৩ আসন, অর্থাৎ টুঙ্গিপাড়ায় গতকাল থেকেই বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ রয়েছেন।

    তিনি আজ সকাল ৭টায় টুঙ্গিপাড়ার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে জানিয়েছেন, প্রিজাইডিং অফিসাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে চলে এলেও ভোটার উপস্থিতির হার শূন্যের কাছাকাছি। অথচ এখানে মোট ভোটার ২৫৪০ জন এবং এদের মাঝে নারী ভোটার ১২৪০ জন।

    গোপালগঞ্জ-৩ আসনের মোট ভোটার প্রায় তিন লাখ। এবং, গোপালগঞ্জ ১, ২ ও ৩ – এই তিনটি আসনের মোটার ভোটার প্রায় ১০ লাখ। এই পুরো জেলাটিই মূলত আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল।

    গোপালগঞ্জ-৩ আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই, ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে।

    আওয়ামী লীগও এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক গোপালগঞ্জেই সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আওয়ামী লীগে পদধারী নেতারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেয়নি। কারণ তাদের অনেকের নামেই মামলা রয়েছে এবং কেউ কেউ জেলে।

    তবে সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম হলেও প্রার্থীদের এজেন্টরা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। তারা আশা করছেন, ৫০ শতাংশ ভোটার উপস্থিতি হতে পারে।

    গোপালগঞ্জ-৩ আসন ঘুরে বিবিসি সংবাদদাতারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখতে পেয়েছেন।

    গোপালগঞ্জের একটি ভোটকেন্দ্র
    ছবির ক্যাপশান, গোপালগঞ্জের একটি ভোটকেন্দ্র
  8. নির্বাচনের আগের রাতে পাল্টাপাল্টি অভিযোগ রাজনৈতিক দলগুলোর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট শুরুর আগে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

    রাতে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ এনেছেন।

    এসব অভিযোগের মধ্যে ছিল- নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট দেওয়া, এবং হিন্দু ভোটারদের হুমকি দেওয়া।

    এছাড়া দলটির নির্বাচনী কমিটির মুখপাত্র মাহদি আমিন তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন “পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, ভুয়া ব্যালট ও সিল, কারচুপি, জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। শতাধিক কেন্দ্রে একদিন আগে থেকেই তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকান্ডের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেফতার হয়েছেন, এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে”।

    ওদিকে নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বুধবার রাত সোয়া ১২টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল, এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি, নাশকতার পরিকল্পনা, কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ তুলে ধরেছেন তিনি।

    ইসলামী আন্দোলনও নির্বাচনের আগ মুহূর্তে কিছু রাজনৈতিক দল অতীতের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে।

    বুধবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকার রূপগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, বরগুনাসহ বিভিন্ন জেলায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

    বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলটি বলছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

    জামায়াতে ইসলামী অভিযোগ করেছে যে দলটির আমির যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসন ঢাকা ১৫- তে কে বা কারা জামায়াতের বিরুদ্ধে কিছু ফটোকার্ড বা লিফলেটের মতো প্রিন্ট করে বিভিন্ন এলাকাতে দিচ্ছেন।

    দলটির অভিযোগ এসব ফটোকার্ড বা লিফলেটে জামায়াতের পক্ষ থেকে মানুষকে টাকা দেয়া হচ্ছে এবং বিকাশ নম্বর চাওয়া হচ্ছে - এ সংবলিত মিথ্যা তথ্য ছাড়ানোর অভিযোগ তোলা হয়েছে দলটির পক্ষ থেকে।

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার দুপুরে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

    ওদিকে নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।

    সিইসি তার ভাষণে বলেন, "সবাই স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন"।

  9. মুহামদ ইউনূস, তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ ইসলাম কোথায় কখন ভোট দেবেন

    ব্যালক বক্স

    ছবির উৎস, Getty Images

    আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকায় ভোট দিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির প্রধানরা।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এরইমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটে ভোট দেবেন।

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। তিনি ঢাকা-১৭ আসনের প্রার্থী।

    সকাল ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নিজ আসন ঢাকা-১৫ এলাকার ৬০ ফিটে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেবেন।

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভোট দেবেন বাড্ডার বেরাইদে (ফকির খালি রোডের মাথা) এ. কে. এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। তিনি ঢাকা-১১ আসনে লড়ছেন।

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোট দেবেন ঢাকা-১০ সংসদীয় আসনে। রমনার ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে ভোট দিতে যাবেন তিনি।

    ঢাকার মহাখালীর একটি ভোটকেন্দ্র
    ছবির ক্যাপশান, ঢাকার মহাখালীর একটি ভোটকেন্দ্র
  10. অনেক প্রথমের নির্বাচন, মীর সাব্বির, সম্পাদক, বিবিসি নিউজ বাংলা

      • Author, মীর সাব্বির
      • Role, সম্পাদক, বিবিসি বাংলা
    ঢাকার একটি ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের লাইন
    ছবির ক্যাপশান, ঢাকার একটি ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের লাইন

    বাংলাদেশে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর প্রথম এই নির্বাচনটি অনেক কারণেই গুরুত্বপূর্ণ।

    নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর দুজন নেতাই প্রথমবারের মতো দলকে ক্ষমতায় নিয়ে যাবার জন্য এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী পদের জন্য লড়ছেন।

    তাদের মধ্যে একটি দল জামায়াতে ইসলামী এই প্রথমবার নির্বাচনের একটি প্রধান দল হিসেবে দাঁড়িয়েছে। আর এটি অনেকাংশেই সম্ভব হয়েছে বাংলাদেশের অন্যতম বড় একটি দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার কারণে।

    গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত এই দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন জাতীয় নির্বাচনে নেই আওয়ামী লীগ।

    ১৯৯১ সালে দেশটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার পর থেকে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা- দুজনকে ছাড়াই এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    যে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিয়ে প্রথমবারের মত ভোটে দাঁড়িয়েছেন তারেক রহমান।

    তার দল বিএনপি দুই মেয়াদে রাষ্ট্রক্ষমতায় ছিল এবং আকারে এবং কর্মী সংখ্যার দিক দিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী এবং সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামীর তুলনায় বড় দল হিসেবেই পরিচিত।

    যদিও দেশটিতে গত তিনটি নির্বাচন বিতর্কিত এবং অংশগ্রহণমূলক না হওয়ায় ২০২৬ সালের এই জাতীয় নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিকারী দল দুটির ভোটের মাঠে সমর্থন কতটা, পূর্ববর্তী ভোটের হিসেবে সেটি বিচার করাও কঠিন।

    নানা জ্বল্পনা-কল্পনা এবং আশঙ্কা কাটিয়ে যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে সেটিতে কারা ক্ষমতায় আসছে এবং কতটা জনসমর্থন নিয়ে তারা ক্ষমতায় আসছে তার ওপর দেশটির ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে।

    গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা কিংবা অর্থনীতি পুনরুদ্ধারের মত অভ্যন্তরীণ চ্যালেঞ্জই নয়, পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশটির গতিপথ নির্ধারণ করতে হবে সেই নতুন সরকারকেই।

    বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে যেসব সংস্কার বা পরিবর্তনের কথা বারবার উঠে আসছে সেটিও বাস্তবায়নের দায়িত্ব থাকবে এ সরকারের ওপরেই।

    ফলে ভোট শেষে যে দলই ক্ষমতায় আসুক না কেন অনেক প্রথমের এই নির্বাচনের পর বাংলাদেশের জন্য আরো অনেক ‘প্রথম’ অপেক্ষা করবে।

  11. ভোটগ্রহণ শুরু, সকাল থেকে ভোট দিতে জড়ো হচ্ছে অনেক মানুষ

    চট্টগ্রামের একটি ভোটকেন্দ্রে নারীরা
    ছবির ক্যাপশান, চট্টগ্রামের একটি ভোটকেন্দ্রে নারীরা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন অনেক মানুষ।

    আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

    ভোটের দিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখছেন বিবিসি সংবাদদাতারা।

    তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের অনেক কেন্দ্রে ভোটাররা কেন্দ্রে হাজির রয়েছেন এবং সারারাত ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন।

    ঢাকার মনিপুর এলাকা থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে। পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন স্কুলের গেইট পার হয়ে ফুটপাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে।

    বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কেন্দ্রে আসছে, তবে নারী ভোটার এখনো নেই তেমন একটা। বিএনপি ও জামায়াতের এজেন্টদের কেন্দ্রে দেখা গেলেও অন্য প্রার্থীদের এজেন্ট খুব বেশি দেখা যাচ্ছে না।

    ঢাকা-১১ আসনের একটি কেন্দ্র থেকে প্রায় একই পরিস্থিতির কথা জানা গেছে। তবে সেখানে ধানের শীষ ও এনসিপির পোলিং এজেন্টদের উপস্থিত থাকার কথা জানিয়েছে বিবিসি সংবাদদাতা।

    মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে মানুষ বাড়ছে। সেখানে পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারও উপস্থিত হয়েছেন ইতোমধ্যে।

    চট্টগ্রামের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানেও সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ।

    চট্টগ্রামে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বয়স্করাও এসেছেন, তবে তাদের কেউ কেউ বলছেন যে তারা গত ১৭ বছর ভোট দিতে আসেননি, এলেও ভোট দিতে পারেননি।

    সেখানকার বাংলাদেশ মহিলা সমিতি বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ভোটাররা সকাল সকাল এসেছেন, কারণ তারা মনে করছেন যে বেলা বাড়লে ভোট দিতে দেরি হতে পারে এবং সহিংস পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

    ঢাকার বাইরে গোপালগঞ্জেও বিবিসি সংবাদদাতা রয়েছেন। সেখানেও ভোটের জোর প্রস্তুতি চলছে।

    রাজশাহীর একটি ভোট কেন্দ্র
    ছবির ক্যাপশান, রাজশাহীর একটি ভোট কেন্দ্র
  12. এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন

    ছবিতে কয়েকজন সেনা সদস্যকে দেখা যাচ্ছে, কেউ গাড়িতে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, প্রথমবারের মতো এবারের ভোটে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে

    নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স – এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোটের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর এক লাখ তিন হাজার, বিমান বাহিনীর সাড়ে তিন হাজার এবং দেশের পাঁচটি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর মোট পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে এক হাজার ২১০ প্লাটুন, অর্থাৎ ৩৭ হাজার ৪৫৩ সদস্য মাঠে আছে। দেশের ১০টি জেলার ১৭টি আসনে, ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে তিন হাজার ৫৮৫ সদস্য মোতায়েন করেছে কোস্টগার্ড। আর, নির্বাচনে পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। দেশব্যাপী র‌্যাব থেকেও আছে নয় হাজার ৩৪৯ জন সদস্য।

    এ ছাড়া নির্বাচনে পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকেও মোট এক হাজার ৯২২ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম গত মঙ্গলবার, ১০ই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।

    আরও পড়তে পারেন:

  13. এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৬

    বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, যা ঢাকার শের-এ-বাংলা নগরে অবস্থিত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, যা ঢাকার শের-এ-বাংলা নগরে অবস্থিত

    বাংলাদেশে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

    আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সকাল থেকেই মানুষ ভোটকেন্দ্রে ভীড় করা শুরু করেছে।

    এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল এবং অনেক স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছে।

    সাধারণত ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারের সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা ২৯৯টি।

    কারণ শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেই আসনে ভোট স্থগিত করা হয়েছে।

    এসব আসনে মোট প্রার্থী দুই হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।

    মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।

  14. গতকালের গুরুত্বপূর্ণ কিছু খবর:

    • জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট দেওয়া, হিন্দু ভোটারদের হুমকি দেওয়াসহ নানা বিষয়ে ১২৭টি অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
    • নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে, “লাইলাতুল গুজব চলছে”। তার এই পোস্টে ভোটের আগের রাতে নানা অভিযোগের দিকে একটি ইঙ্গিত রয়েছে।
    • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
    • লক্ষ্মীপুরে যৌথবাহিনীর তল্লাশীচৌকিতে একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধারের ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
    • পটুয়াখালীর কলাপাড়া পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধাকে বস্তাভর্তী টাকা সহ আটক করেছে কোস্টগার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কাছ থেকে জব্দ করা টাকা গণনার কাজ চলছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।
    • শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে যৌথ বাহিনী সাত লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তানভীর হোসেন।
    • নির্বাচনের আগ মুহূর্তে কিছু রাজনৈতিক দল অতীতের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
    • ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
    • সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন (প্রশাসন) বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
    • দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো চার লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
  15. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।

    দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে