সংসদ নির্বাচন ও গণভোটের প্রথম দিনে ভোটগ্রহণ, গণনা, অভিযোগ, পাল্টা অভিযোগসহ যা যা ঘটেছে
বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, এখন চলছে ভোট গণনা। বেসরকারি ফলাফলে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে।
সরাসরি কভারেজ
ফল না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান বিএনপির
ছবির উৎস, BNP
কর্মী সমর্থকদের ভোট গোনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে
না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বিকেল পৌনে ছয়টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
একইসাথে পরিস্থিতি ঠিকঠাক থাকলে নির্বাচনে জয়ের আশাও প্রকাশ করেন তিনি।
নির্বাচন বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন
ছবির ক্যাপশান, ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন
ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪
আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে জসিম উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের
করে দেওয়া হয়েছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছেন তিনি।
গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট
কাটছে।
“এই পরিস্থিতিতে আমি আমার দেবিদ্বারবাসীর সার্বিক বিবেচনার কথা চিন্তা
করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করছি”, বলেন তিনি।
ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, দলটি নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল বা স্লোগান দেওয়া হবে না।
“মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো”- লেখা হয়েছে ওইপোস্টে।
এদিকে, জামায়াতের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টে জামায়াতের আমিরের বরাত দিয়ে লেখা হয়েছে, “পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না”।
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ছবির উৎস, Chief Adviser’s Press Wing
ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে
আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
ভোট গ্রহণ শেষ হবার পর এক বিবৃতিতে
তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণ,
রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের
পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই
প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক
অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।
এসময় নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক
দল,
গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল
কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান তিনি। “তাদের নিষ্ঠা ও পরিশ্রমের
ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে”।
ঢাকা ১৩ আসনের 'জেন-জি ভোটকক্ষ'
ছবির ক্যাপশান, মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে একটি ভোটকক্ষে ছিল তরুণ ভোটারদের ভিড়
ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে একটি ভোটকক্ষকে 'জেন-জি কক্ষ' হিসেবে বর্ণনা করেন সেখানকার প্রিজাইডিং কর্মকর্তা।
দুপুর একটা নাগাদ সেই কক্ষের বাইরেই বেশ লম্বা লাইন দেখা গেছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই কিছু পোলিং এজেন্ট দেখা গেছে যারা তরুণ শিক্ষার্থী।
এর বাইরে মোহাম্মদপুরের ছয়টি
ভোটকেন্দ্র ঘুরে সকালের দিকে নারী ভোটার উপস্থিতি বেশি দেখা গেলেও বেলা বাড়ার সাথে
সাথে পুরুষ ভোটারের লাইনও বেড়েছে।
এসব জায়গায়ও তরুণরা
খুব আগ্রহ নিয়ে ভোট দিতে আসেন।
বড় ভোটকেন্দ্রগুলির বাইরে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল।
এই আসনের মূল
প্রতিদ্বন্দ্বী ধানের শিষের প্রার্থী ববি হাজ্জাজ গণমাধ্যমে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন।
যদিও তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কোনো কিছু পোস্ট করেননি। তিনি নিজে অবশ্য
এই আসনের ভোটার নন।
তার মূল প্রতিদ্বন্দ্বী
রিকশা মার্কায় লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক যিনি জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হয় বলে তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করেন।
কুমিল্লায় ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৩৮টি বাতিল
ছবির ক্যাপশান, ধানের শীষের প্রতীকে সিল মারার চেষ্টার অভিযোগ
কুমিল্লা-১০ আসনের লালমাই
উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে
নিয়ে ধানের শীষের প্রতীকে সিল মারার চেষ্টার অভিযোগ উঠেছে।
তবে সিল মারা কোনো ব্যালট
বাক্সে ঢোকাতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন।
তিনি জানান, কয়েকজন কেন্দ্রে এসে তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে। এ
সময় তারা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়।
পরে ঘটনাস্থল থেকে সিল মারা
৩৮টি ব্যালট উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল ঘোষণা করা হয়।
এই ঘটনায় তিনজনকে আটক করার কথা
জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে তাহমিনা
মিতু। তিনি জানিয়েছেন, সিল মারা
ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় দুপুর ১টা ৩০ মিনিট
থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ছিল।
ঢাকা-৮ আসনসহ তিনটি আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল
ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়রপুর-২ এই তিনটি আসনের অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।
আজ বিকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
এই তিন আসনের বিষয়ে তারা ইসি'র দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখ করে তিনি বলেন, "কারণ এসবের বেশিরভাগ কেন্দ্রেই ভোট হতে পারেনি। নির্ভয়ে ভোটাররা উপস্থিত হতে পারেন নাই।"
জামায়াতে ইসলামীর এই প্রতিনিধি দল জানিয়েছে যে সারা দেশে যেসব অনিয়মের খবর পেয়েছেন তারা, তার একটি তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।
জামায়াতের অভিযোগ — গোপালপুরের অধিকাংশ কেন্দ্র থেকে জামায়াতে ইসলামীর এজেন্ট বের করে দেওয়া হয়েছে; নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে; ঝালকাঠী ও বরগুনার পাথরঘাটায় সমস্যা হয়েছে; শরীয়তপুরের বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে, এজেন্ট বের করে দিয়েছে; ১১-দলীয় নেতা, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর গাড়ি বহরে হামলা হয়েছে; পটুয়াখালীর মির্জাগঞ্জে সমস্যা হয়েছে; সিল মারা, জাল ভোট, ভয়-ভীতি দেখানোর অভিযোগও বিভিন্ন জায়গা থেকে আছে।
"ওই আসনগুলোতে এখনও ভোট চলছে। কিন্তু এখনও এগুলোতে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আশা করছি, ওনারা পদক্ষেপ নিবেন যাতে পরিচ্ছন্ন ফলাফল জাতির সামনে আসে। এই বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি।"
দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হবার অভিযোগ
ছবির ক্যাপশান, চট্টগ্রাম-১৩ আসনের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র
চট্টগ্রাম-১৩ আসনে দুই পক্ষের
সংঘর্ষে আটজন আহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ
বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মোমবাতি ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অন্তত আটজন আহন হন।
যদিও আনোয়ারা
থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, ভোটকেন্দ্র থেকে অনেক দূরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। আহতের
বিষয়টিও নিশ্চিত করেননি তিনি।
ভোট গণনা শুরু হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অনেক স্থানে ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে।
বিবিসি সংবাদদাতারা দেশের বিভিন্ন স্থানে গণনার জন্য ব্যালট বাক্স নিয়ে যেতে দেখেছেন।
কয়েকটি স্থানে ভোট গণনার কার্যক্রম শুরু করতে দেখেছেন দেখেছেন বিবিসির সাংবাদিকরা।
এই বছরে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের।
প্রথমে এই রঙের ব্যালট পেপার আলাদা করা হবে। এরপরে আলাদা আলাদাভাবে গণনা করা হবে।
ছবির ক্যাপশান, বরিশালের একটি ভোট কেন্দ্রে ভোট গণনা শুরু
নোয়াখালীর হাতিয়াতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ
ছবির ক্যাপশান, হাতিয়াতে ধরা পড়া জাল ভোট
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর
ইউনিয়নের গামছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার
ইউএনও এবং সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন।
বিবিসি বাংলাকে তিনি বলেন, “কিছু ব্যালট চুরি করে নেয়ার পর যে জাল ভোটগুলো
দিয়েছিল, সেগুলোর কোনোটাই ব্যালট বাক্সে ফেলতে পারেনি”।
দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার
দিকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতেই এই জালিয়াতি ধরা পড়েছে বলে জানান তিনি।
ইতোমধ্যে সেগুলো সব নষ্ট করে
দেয়া হয়েছে বলেও জানান মি. আলাউদ্দিন।
এই সংখ্যা ১৫ থেকে ২০ হবে বলে
জানালেও সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি। “তবে কোনোটা যেহেতু ব্যালট বক্সে যায়নি, ফলে আমার ব্যালট বক্স এখন পর্যন্ত ক্লিন আছে।
প্রসঙ্গত, এটি নোয়াখালী ছয় আসন। এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা
করছেন বিএনপির মাহাবুবর রহমান শামীম এবং এনসিপির আবদুল হান্নান মাসউদ।
সাত ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ
নির্বাচন কমিশন সচিবালয়ের
সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সাত ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক
৯১ শতাংশ ভোট।
আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা নয় ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট
সারাদিন নানা অভিযোগ, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
তবে যেসব স্থানে এখনো ভোটারদের লাইন রয়েছে বা ভোট কেন্দ্রের ভেতরে ভোটাররা রয়েছেন, তাদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।
বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিলো, যা আজ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে।
প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির পর মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি
বাংলাদেশের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
এর বাইরে বাংলাদেশের কারাগারে থাকা বন্দিরা এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।
জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে- আশা জামায়াত আমিরের
ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami
ছবির ক্যাপশান, জামায়াতের সংবাদ সম্মেলনে দলের আমির শফিকুর রহমান
নির্বাচনে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ভূমিকা যা দেখেছেন, তাতে "অন্তরের অন্তস্থল
থেকে ধন্যবাদ" জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাদের ভূমিকা সন্তোষজনক বলে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মন্তব্য
করেন তিনি।
ভোটার টার্নওভার সম্পর্কে জানতে চাইলে জামায়াতের
আমির বলেন, "টার্নওভার (ভোটার উপস্থিতি) ভালো"।
তিনি আশাবাদী
আরো ভালো হওয়ার। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন বলে এ সময় আস্থা প্রকাশ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, সারা দেশের খবর যা পাচ্ছেন তাতে বিশ্বাস করেন, জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে ‘ওয়েলকাম’
করবে না।
জামায়াতের আমির নির্বাচনের প্রথম ভাগে ভোট দিয়েছেন। সে সময় ভোটার উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। তিনি
বলেন, তার মনে হয়েছে যে দুয়েকটা সেন্টারে শুধু টার্নওভার কম।
তিনি অভিযোগ করেন, ভোটের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মনিপুর উচ্চ বিদ্যালয়ের
বালিকা শাখা কেন্দ্রে জামায়াতের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক বেপরোয়াভাবে ঢুকে
পরে এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে। ওই লোকেরা ভোটার ও সমর্থকদের শারীরিকভাবে
নাজেহাল করে। বিষয়টি শোনার পর তিনি আবার সেখানে গিয়ে দেখেন, ইতোমধ্যে সেনাবাহিনীর
একজন কর্মকর্তা পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছেন।
তবে, বিএনপির প্রার্থীদের কর্মী-সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে
বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। যেমন - কুমিল্লার বড়ুরার বেশ কিছু সেন্টার দখল
করে নেওয়া হয়েছে এবং জামায়াতের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে।
এ ছাড়া কুমিল্লার
লাকসামে ও ভোলার লালমহনে সমস্যা তৈরি হয়েছে বলে তিনি জেনেছেন বলে উল্লেখ করেন
জামায়াতের আমির।
নারী ও তরুণ ভোটার কতটা 'ফ্যাক্টর'?
নারী ও তরুণ ভোটার কতটা 'ফ্যাক্টর'? বিবিসি বাংলার লাইভ বিশ্লেষণে এ নিয়ে কথা বলছেন নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা।
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে
End of YouTube post
আব্বাস-পাটওয়ারীর ঢাকা-৮ আসনে ভোটের চিত্র কেমন
ছবির ক্যাপশান, ঢাকা-৮ আসনের একটি কেন্দ্র
এবারের নির্বাচনে ‘ভাইরাল’ ঢাকা-৮ আসনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কার কথা
প্রকাশ করেছিলেন কোনো কোনো প্রার্থী। তবে আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত এই
আসনের আলোচিত দুজন প্রার্থী- জামায়াত জোট সমর্থিত এনসিপি’র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপির প্রার্থী মির্জা আব্বাস কেউই নির্বাচনে অনিয়ম
বা কারচুপির অভিযোগ তোলেননি।
বিবিসি বাংলার সাংবাদিক তারেকুজ্জামান
শিমুল এই আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ
শুরু হওয়ার পর বেলা যত গড়িয়েছে, ভোটার উপস্থিতি তত বেড়েছে।
ভোট দিতে পেরে সন্তোষ
প্রকাশ করেছেন এই আসনের ভোটাররা। এর মধ্যে তরুণ ভোটারদের মধ্যে বেশি উচ্ছ্বাস
দেখা গেছে। কেন্দ্রের বাইরে অনেককে দলবদ্ধভাবে সেলফি তুলতে দেখা গেছে। পরিবার-পরিজনসহ
অনেকে ভোট দিতে যাওয়ায় কোনো কোনো কেন্দ্রের বাইরে লোকজনকে আড্ডা দিতেও দেখা
গেছে।
মধ্যবয়সীরা ও বৃদ্ধ মানুষেরাও ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, ২০০৮ সালে সব শেষ ভোট
দিয়েছিলেন তারা।
মোটামুটি উৎসবমুখর
পরিবেশে এই আসনের ভোটগ্রহণ চলছিল দুপুর পর্যন্ত। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা
বলেন, দুপুর ১টা পর্যন্ত ৩০ শতাংশের বেশি ভোট পরেছে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের দুই প্রতিন্দ্বন্দী প্রার্থী মির্জা আব্বাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যকার সাম্প্রতিক রেষারেষির সম্পর্কের পটভূমিতে নির্বাচনের আগে তৈরি হওয়া নতুন অনলাইন গেম ‘পাটাব্বাস’
সম্প্রতি ফেসবুকসহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
ছবির ক্যাপশান, এনসিপি’র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটকেনদ্র পরিদর্শনে গেলে সেলফি তোলেন একজন
সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।
দুপুর দুইটার দিকে বিবিসি বাংলাকে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সামগ্রিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর তারা পাননি।
তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং দুপুর দুইটা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে তার ধারণা।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও বিবিসি বাংলাকে বলেন, সারা দেশে সার্বিকভাব ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে মনে করছেন তারা।
প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, সেনাবাহিনী সামাল দিয়েছে: জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
কারা দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিপক্ষ।
তিনি আরো অভিযোগ করেন, তার নিজের নির্বাচনী এলাকা ঢাকা -১৫ তে মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে।
তিনি মনে করেন. সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।
তবে জামায়াতের আমির বলেছেন, অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনের ভোটার উপস্থিতি কিছুটা কম।
পরের দিকে ভোটার উপস্থিতি বাড়তে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের 'রাজত্ব খানখান' করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবির উৎস, Nasiruddin Patwary - নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবির ক্যাপশান, নাসীরুদ্দীন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের 'রাজত্ব খানখান' করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি সেখানে বিএনপি'র কর্মী-সমর্থকদের প্রতি আঙুল তুলে বলেন, এনসিপি'র নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর 'আঘাত' করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার 'মাথায় আঘাত' করা হয়।
তিনি বলেন, এরপর সেনাবাহিনীকে তারা অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়।
"আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে," দাবি এই এনসিপি নেতার।
এসময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, "মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো – খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে"।
তিনি এসময় হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের ওপর আঘাত করলে বেশিরভাগ ক্ষেত্রেই পাল্টা আঘাত করার ইচ্ছা ছিল না তাদের। কিন্তু তাদেরকে যদি মারতে আসা হয়, তাহলে এবার উল্টো পক্ষকে মার খেতেও হবে।
"এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮'এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহ'র কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দিবো। তছনছ করে দিবো। (নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দিবো"।
সাড়ে চার ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে, বলছে নির্বাচন কমিশন
ছবির উৎস, AFP via Getty Images
নির্বাচন কমিশন (ইসি) বলছে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোটার
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ইসি
সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বেলা একটায় প্রেস ব্রিফিংয়ে তিনি ৩২ হাজার ৭৮৯টি
কেন্দ্রের ভোটের এ হিসাব দেন।
তিনি
জানান সারাদেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।
“স্বস্তির বিষয়
হলো, কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি। কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিও
নেই,” বলেছেন তিনি।
নির্ধারিত
সময় সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে এটি চলবে বেলা সাড়ে চারটা
পর্যন্ত।
নির্বাচন
কমিশনের তথ্য মতে, দেশে এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। সারাদেশে মোট
ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি।
বাংলাদেশের
বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রাখায় আওয়ামী লীগ এবারের এই নির্বাচনে
অংশ নিতে পারছে না।
অন্যদলগুলোর
অংশগ্রহণে ২৯৯টি সংসদীয় আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুরের
একটি আসনে আজ ভোট হচ্ছে না।