আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংসদ নির্বাচন ও গণভোটের প্রথম দিনে ভোটগ্রহণ, গণনা, অভিযোগ, পাল্টা অভিযোগসহ যা যা ঘটেছে

বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, এখন চলছে ভোট গণনা। বেসরকারি ফলাফলে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে।

সরাসরি কভারেজ

  1. ভোট দেওয়ার ছবি পোস্ট করেছেন তারেক রহমান ও জাইমা

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও এই দম্পতির কন্যা জাইমা রহমান তিন জনেই ঢাকায় ভোট দিয়েছেন।

    ভোট দেওয়ার পর তারা তাদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। তারেক রহমান, জাইমা রহমান এবং বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব ছবি পোস্ট করা হয়েছে।

    প্রসঙ্গত, তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  2. এতটুকু আসন আশা করছি যেটা দিয়ে সুন্দরভাবে দেশ চালাতে সক্ষম হবো: তারেক রহমান

    জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

    তারেক রহমান বলেন, "আমি যতটুকু দেখেছি, মানুষ উৎসাহ দিয়ে ভোট প্রদান করছেন। ১৭ বছর ধরে মানুষ বঞ্চিত ছিলো। ১৩ কোটি ভোটারের জন্য এটি একটি স্মরণীয় দিন"।

    "লঞ্চ, স্টিমারে করে মানুষ দেশে গেছেন। সেই উৎসাহের প্রতিফলন দেখবো আশা করি"।

    জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে বলে মন্তব্য করেন তারেক রহমান।

    গতকাল রাত থেকে গণমাধ্যমে অনাকাঙিক্ষত ঘটনা দেখার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একটা রাজনৈতিক দল অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে।

    আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে চেষ্টা করছে এবং এই চেষ্টা অব্যাহত থাকার প্রত্যাশা করেন তিনি।

    মানুষ ঘর থেকে বেরিয়ে ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র প্রতিহত করা যাবে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

    জয়ের ব্যাপারে আশাবাদী কি না সাংবাদিকরা জানতে চাইলে তারেক রহমান বলেন, "আলহামদুলিল্লাহ, আশাবাদী জয়ের ব্যাপারে।... এতুটুকু আসন প্রত্যাশা করছি, যেটা দিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবো"।

    যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, কম- বেশি তাদের সবাইকে নিয়ে দেশ চালাতে চান বলে এ সময় উল্লেখ করেন তারেক রহমান।

  3. এআই দিয়ে বানানো ভিডিওতে ভোটের আগেই যেভাবে ভেসে গেল বাংলাদেশ, শ্রুতি মেনন, বিবিসি ভেরিফাই

    এবারের নির্বাচনের সবচেয়ে লক্ষণীয় দিকটি হলো, সামাজিক মাধ্যমে এআই দিয়ে বানানো বিপুল পরিমাণ রাজনৈতিক কনটেন্টের ছড়িয়ে পড়া।

    জানুয়ারি থেকে আমি ডজন-ডজন ফেসবুক পেজ পর্যবেক্ষণ করছি এবং এআই দিয়ে তৈরি শত শত রাজনৈতিক ভিডিও দেখেছি, যেগুলোর অনেকগুলোর কোথাও উল্লেখ নেই যে এগুলো কৃত্রিমভাবে তৈরি।

    এই ক্লিপগুলোতে দেখা যায়, অতিমাত্রায় বাস্তবসম্মত কিন্তু কাল্পনিক সংবাদ উপস্থাপকদের, কম্পিউটার-নির্মিত ‘সাধারণ নাগরিকদের’ এবং পুলিশের মতো পোশাক পরা ব্যক্তিদের। প্রযোজনার মান এতটাই ঝকঝকে যে প্রথম নজরে ভিডিওগুলো বাস্তব বলে মনে হয়।

    একটি ভিডিও—যেটি আমি গুগলের নিজস্ব এআই শনাক্তকারী টুল SynthID ব্যবহার করে এআই-নির্মিত বলে নিশ্চিত করেছি—প্রায় ৮০ লাখ বার দেখা হয়েছে। সেখানে নীল রঙের ইউনিফর্ম পরা, সরকারি কর্মকর্তার মতো দেখতে একজন মানুষকে পক্ষপাতদুষ্ট রাজনৈতিক বার্তা দিতে দেখা যায়।

    আরেকটি বহুল প্রচারিত ভিডিও, যেটি প্রায় দুই লাখ বার দেখা হয়েছে, তাতে দেখা যায় কৃত্রিমভাবে তৈরি এক দোকানদার কেন তিনি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেবেন না তা ব্যাখ্যা করছেন।

    বাংলাদেশের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, বিভ্রান্তিকর এআই-নির্মিত কনটেন্ট তৈরি বা শেয়ার করা নিষিদ্ধ। তবে অনলাইনে এমন কনটেন্ট কীভাবে নজরদারি বা প্রয়োগ হচ্ছে—তা নিয়ে স্পষ্টতা এখনও খুব সীমিত।

  4. চট্টগ্রামে ভোট কেন্দ্রে প্রবেশের আগে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু

    চট্টগ্রামে ভোট দেয়ার জন্য লাইনে দাড়িয়ে ভোট কক্ষে প্রবেশের আগে অসুস্থ হয়ে একজন ভোটারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    চট্টগ্রামের সাংবাদিক মিন্টু চৌধুরি বিবিসি বাংলাকে জানিয়েছেন, শহরের কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

    এটি চট্টগ্রাম-৯ মানে কোতয়ালী-বাকলিয়া আসনের একটি কেন্দ্র।

    মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া।

    ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফারুক আহমেদকে উদ্ধৃত করে মি. চৌধুরি জানিয়েছেন, ওই ব্যক্তি ভোট কক্ষে প্রবেশের ঠিক আগে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান।

    পরে তাকে নিকটস্থ ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

  5. প্রভাব খাটানোর একটা চেষ্টা আছে: মিয়া গোলাম পরওয়ার

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, কোথাও কোথাও প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে বলে তিনি জানতে পারছেন, তবে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারছে।

    তিনি বলেন, ''সামগ্রিকভাবে ভোটের যে চিত্র, তাতে কিছু জায়গায় ভোট কেন্দ্রের বাইরে প্রভাব খাটানোর চেষ্টা আছে। তবে কেন্দ্রের ভেতরে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারছে''।

    খুলনা-৫ আসন থেকে নির্বাচনে লড়ছেন মি. পরওয়ার।

    তার নিজের নির্বাচনী উপস্থিতি সন্তোষজনক বলে তিনি জানান, বেলা একটা পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে বলে তার ধারণা।

    এই আসনে আরো প্রার্থী রয়েছেন বিএনপির মোহাম্মদ আলি আসগর, সিপিবির চিত্ত রঞ্জন গেলদার ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন।

  6. ভোটার উপস্থিতি কেমন?

    ভোটার উপস্থিতি কেমন? ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বিবিসি বাংলার লাইভ বুলেটিন ও বিশ্লেষণ।

    অতিথি- লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস। দেশের বিভিন্ন স্থান থেকে আছেন বিবিসি বাংলার সংবাদদাতারা...

  7. খুলনায় ভোট কেন্দ্রে 'ধস্তাধস্তির পর' বিএনপি নেতার মৃত্যু

    খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির পর মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তাকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন।

    তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

    বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

    কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে সকালে দুই দলের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

    এদিকে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থীর প্রধান এজেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান মনি জানান, সকাল ৮টার দিকে আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম মাদ্রাসার ভোটারদের লাইনে গিয়ে জামায়াতের পক্ষে প্রচারণা চালায়। এসময় কচি বাধা দেন। তখন বাকবিতণ্ডা হয়। এ সময় কচিকে ধাক্কা দিলে তিনি গাছের সাথে আঘাত পেয়ে অসুস্থ হন। তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    তবে ওই বিএনপি নেতা গাছে আঘাত পেয়েছিলেন কি না, পুলিশ এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

  8. ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অজ্ঞান হয়ে পড়ে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পরপরই এ ঘটনা ঘটে।

    ওই পোলিং অফিসারের নাম মো. মোজাহিদুল ইসলাম (৪৮)। তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

    ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের দুই নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মোজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং কেন্দ্রের বাইরে চলে যান।

    এক পর্যায়ে তিনি বাইরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  9. ভোটের দিন দেশের বিভিন্ন এলাকার কিছু চিত্র

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোটের পরিবেশ-পরিস্থিতি কেমন, সে বিষয়ে ধারণা পাবেন এই ছবিগুলো থেকে...

  10. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস ও খেজুর গাছ প্রতীকের সমর্থকদের মারামারি

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আজ বৃহস্পতিবার ভোটের দিন সকালে রুমিন ফারহানার হাঁস প্রতীক ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের খেজুর গাছ প্রতীকের সমর্থকদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে।

    ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয় জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পাশে পুলিশ থাকলেও মারামারির সময়ে তারা সরে যান।

    এ ঘটনায় ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শী রওশন আলী জানান, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি বুথে খেজুর গাছ প্রতীকের এজেন্ট নিজেই দুইজন বৃদ্ধার ব্যালটে সিল মারেন। এই ঘটনা দেখে রুমিন ফারহানার হাঁস প্রতীকের একজন এজেন্ট এর প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। চার-পাঁচ মিনিট পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোট কেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রিজাইডিং কর্মকর্তা ১০ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় বর্তমানে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে।

  11. যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগুতে থাকবো: হাসনাত

    বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে একথা বলেন ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

    ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ''এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোন জটিলতার বিষয়ে কোন খবর আমার কাছে আসেনি। আমরা যে কোন শংকামুক্ত থাকতে চাই।''

    তিনি বলেন, ''দেবিদ্বারের মানুষের কাছে আহবান থাকবে যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।''

    এই আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আদালতে গিয়েও তিনি প্রার্থিতা ফেরত পাননি।

    পরে বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ আবু জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে।

    এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন: ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোহাম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস), ও মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)।

  12. রাজশাহীর দুই স্থানে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

    রাজশাহীর পুঠিয়ায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    স্থানীয় সাংবাদিকরা জানায়, সকাল ১০টার দিকে কেন্দ্রে ঢোকার সময় এই ঘটনা ঘটে।

    একই আসনের দুর্গাপুরেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

  13. সিলেটের জকিগঞ্জে ভোট দিতে আসেন শতবর্ষী নারী

    সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সবার দৃষ্টি কাড়লেন শতবর্ষী বেলাজান বিবি।

    জানা যায়, তার বাড়ি ভোট কেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নয়াগ্রাম এলাকায়। বয়সের ভার ও শারীরিক কষ্ট উপেক্ষা করেই তিনি ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন।

    বেলাজান বিবি বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোট দিতে আসলেও এতে তার কোনো কষ্ট লাগেনি।

    বরং, ভোটের আনন্দই তার বয়সজনিত সব কষ্ট দূর করে দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

  14. শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

    ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে যে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর অবস্থায় রয়েছে। কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম।

    বিবিসি সংবাদদাতা কাদির কল্লোল ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, গ্রাফিকস আর্ট ইন্সটিটিউট, রেসিডেন্সিয়াল মিডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সিটি কলেজের ভোটকেন্দ্রে গিয়েছেন আজ বৃহস্পতিবার সকালে।

    তিনি বলেন, "এগুলোতে গিয়ে দেখা গেছে, দুই ঘণ্টা পরেও ভোটার উপস্থিতি কম। সিটি কলেজের মহিলাদের কেদ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে আট শতাংশ। পুরুষদের ভোট পড়েছে নয় শতাংশ। অন্যগুলোর কোনোটিতে চার, কোনো কোনোটিতে তিন ঘণ্টায় ১০ শতাংশের কম ভোট পড়েছে। ভোটের কোনো দীর্ঘ লাইন চোখে পড়েনি।"

    "প্রিজাইডিং অফিসাররা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে পারে।"

  15. গোপালগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত তিন

    গোপালগঞ্জ-২ আসনে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রের ভিতরে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ দুই আনসার সদস্য আহত হয়েছে ।

    ভোট চলাকালে ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৯টার দিকে।

    প্রশাসন জানায়, শিশুটি তার নানীর সাথে ভোট কেন্দ্রে আসছিল। এসময় বাহির থেকে নিক্ষেপ করা একটি ককটেল ভোট কেন্দ্রের ভিতরে বিষ্ফোরিত হয়। এতে ওই শিশুসহ দুই জন আনসার সদস্য আহত হয়।

    এ ঘটনাটি খবর ছড়িয়ে পড়ায় শহর জুড়ে ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

    এছাড়া আগে থেকেই ভোটার উপস্থিতি খুবই কম।

  16. ভোটের মাঠের চিত্র কেমন? বিবিসি বাংলার লাইভ বুলেটিন ও বিশ্লেষণ

    বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভোটের চিত্র, এ নিয়ে বিশ্লেষণ ও সর্বশেষ তথ্য দেখুন সরাসরি:

  17. বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে: রুমিন ফারহানা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

    বৃহস্পতিবার কাল সাড়ে ৯টায় নিজ এলাকায় ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    এ সময় রুমিন ফারহানা বলেন, আশুগঞ্জের ৮টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    "সেখানে দুপুরে তারা সিল মারার পায়তারা করছে বলে আমার কাছে খবর এসেছে। আমি সেনাবাহিনী, পুলিশ ও ডিসি সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নামগুলো পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়।"

    তিনি আরও বলেন, "রাতে আমার একজন কর্মী পাহারায় ছিল। তাদের দুইজনকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমার নোয়াগাও ইউনিয়নের। ডিসি মহোদয়ের সাথে কথা বললাম। আমার মনে হয়েছে ওনাকে ভুল বুঝানো হয়েছে। সে এখন থানায় আছে। বিভিন্ন যায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জ।" '

    এবারের নির্বাচনে বিএনপি'র বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    রুমিন ফারহানা যদি নির্বাচনে জয় লাভ করে এবং তারপর বিএনপি যদি তার সমর্থন চায়, তাহলে তিনি কী করবনে? সাংবাদিকরা জানতে চাইলে তিনি উত্তরে বলেন, "দেখা যাক, আমি জিতি আগে।"

  18. ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।

    আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

    ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আজকে আমরা এই জন্মদিন উৎসব পালন করবো। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম।"

    এসময় তিনি সবাইকে গণভোট দেওয়ারও আহ্বান জানান এবং 'ঈদ মোবারক' জানিয়ে বিদায় দেন।

  19. বাংলাদেশের ইতিহাসে কেন আলাদা এই নির্বাচন?

    ত্রয়োদশ জাতীয় সংসদের এই নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন। সেখানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতন ও এরপর রাজনীতিতে নতুন মেরুকরণের বিষয়টি রয়েছে।

    এবারের সংসদ নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যত, এমন কথা বলছে সংশ্লিষ্ট সব পক্ষ।

    একইসঙ্গে দেড় দশকে পর পর তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মোটাদাগে এই দুটি কারণে এই নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকেরা বলছেন।

    আবার কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের প্রায় সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করে আসা রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেয়নি।

    আবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে। গণভোটে 'হ্যাঁ' বিজয়ী হলে সংবিধান সংশোধন, উচ্চকক্ষ তৈরিসহ অনেকগুলো পরিবর্তন হওয়ার কথা রয়েছে।

    এ নিয়ে বিস্তারিত জানতে বিবিসি বাংলার এই প্রতিবেদনটি পড়তে পারেন:

  20. ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দেন তিনি।

    ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "গ্রামে-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। ঈদের আনন্দ নিয়ে তারা ভোট দিচ্ছে। আমরা জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রিতি দিয়েছিলাম। সেই লক্ষ্যে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি।"

    "দুই একটায় জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমাল হলেও তা তাৎক্ষণিকভাবে মেটানো হচ্ছে।"