আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংসদ নির্বাচন ও গণভোটের প্রথম দিনে ভোটগ্রহণ, গণনা, অভিযোগ, পাল্টা অভিযোগসহ যা যা ঘটেছে

বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, এখন চলছে ভোট গণনা। বেসরকারি ফলাফলে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে।

সরাসরি কভারেজ

  1. জোটের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ সারোয়ার তুষারের

    জোটের বিরুদ্ধে নিজ আসনে জামায়াত প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

    নরসিংদী-২ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং শাপলা কলি প্রতীকের প্রতিদ্বন্দ্বীরা বেসরকারিভাবে কে কত ভোট পেয়েছেন তা উল্লেখ করে তুষার মি. তুষার লেখেন, “নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে নরসিংদী-২ আসনে এগারো দলীয় জোট অন্তত ১০/১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করতো”।

    তিনি আরও লেখেন, “ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি এগারো দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে”।

    জামায়াতের প্রার্থীর ‘গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে’ উল্লেখ করে তিনি বলেন, “ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত”।

  2. নির্দিষ্ট কিছু আসনে কিছু প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, অভিযোগ বিএনপির

    জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন একটি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন।

    তিনি বলেন, "এত কিছুর পরেও যে বেসরকারি ফলাফল আমরা পাচ্ছি তাতে জনগণের ভালোবাসায় সিক্ত দল জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করবে"।

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী বলে দাবি করছে বিএনপি।

    নির্দিষ্ট কিছু আসন নিয়ে অভিযোগ তুলেছেন মাহদী আমিন, "শুধুমাত্র ঢাকা শহরে, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে উদ্দেশ্যমূলক ভাবে ফলাফল ঘোষণা করায় বিলম্ব করা হচ্ছে"।

    "নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে," বলেও অভিযোগ করেন তিনি।

  3. ঢাকা-১১ আসনে এগিয়ে শাপলা কলি

    ঢাকা ১১ আসনে শাপলা কলি মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম এগিয়ে আছেন।

    ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ভোটের ফলাফলে তিনি শাপলা কলি প্রতীকে আট হাজার ৯৬৯টি ভোট পেয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এম. এ কাইয়ুম পেয়েছেন সাত হাজার ৩৯১টি ভোট।

  4. জয়ের খবরটি ঠিক নয়, মনীষা চক্রবর্ত্তীর পোস্ট

    নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হচ্ছিলো, বরিশাল-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের হয়ে মই মার্কায় সংসদ নির্বাচনে দাঁড়ানো ডা. মনীষা চক্রবর্ত্তী জিতে গিয়েছেন।

    তবে মনীষা চক্রবর্ত্তী নিজেই একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, "এটা একটা অনলাইন গুজব"।

    তিনি লিখেছেন, "একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি। তবে বিজয়ী না হলেও যে জনগণের আকুন্ঠ সমর্থনে আমাদের ভোট ব্যাপকভাবে বেড়েছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি"।

    তার পোস্টে পাওয়া তথ্য অনুযায়ী, এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বরিশাল-৫ আসনে ৯০ কেন্দ্রে মই মার্কার প্রাপ্ত ভোট ১৪ হাজার। বরিশাল-৫ আসনে মোট কেন্দ্রসংখ্যা ১৭৬।

  5. রাজশাহী-২ আসনে এগিয়ে বিএনপি

    রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত বিএনপি প্রার্থী মো. মিজানুর রহমান মিনু এগিয়ে আছেন।

    ১১৬টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রের ভোটের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ৫২ হাজার ৪৮টি ভোট পেয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৪০ হাজার ১৯৯টি ভোট।

  6. পাবনা-২ এ এগিয়ে আছে ধানের শীষ

    পাবনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব এগিয়ে আছেন।

    ১৪১টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের ভোটের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৮১৮টি ভোট পেয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হেসাব উদ্দিন পেয়েছেন ৩৭ হাজার ৩৮৮টি ভোট।

  7. সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে জয়ী ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -১ আসনে বিএনপি প্রার্থী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মোট ১১৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আসাদুজ্জামান এক লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়েছেন।

    আর জামায়াতে ইসলামীর প্রার্থী আবু ছালেহ মোহাম্মদ মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।

    এই আসনে দুই লাখ ৩৭হাজার ২১২টি ভোট পড়েছে যা মোট ভোটের ৭২ দশমিক ৯৩ শতাংশ।

  8. সবাইকে ঢাকা আট আসনে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

    সবাইকে ঢাকা আট আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    এর কয়েক মিনিট আগে রাত ১০টা ৪২ মিনিটে দলটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

    এতে তিনি লেখেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন”।

    স্ট্যাটাসটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, “সবাই ঢাকা -৮ টে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে”।

  9. পিরোজপুর-২ আসনে এগিয়ে দাড়িপাল্লা

    পিরোজপুর-২ আসনে সবশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রায় তিন হাজার ভোটে এগিয়ে রয়েছে দাড়িপাল্লা প্রতীক।

    ১৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী আহম্মদ সোহের মনজুর পেয়েছেন ১৮ হাজার ৪৫৩টি ভোট।

    সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী ২১ হাজার ৪১৫টি ভোট পেয়ে এগিয়ে আছেন।

    অন্যদিকে এই আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে ৩০ হাজার ৪৯টি এবং না ভোট পড়েছে ১৪ হাজার ৫৭টি।

  10. দুটি আসনেই এগিয়ে তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬, দুটি আসনেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন।

    প্রিজাইডিং অফিসারের সরবরাহকৃত ভোট গণনার ফলাফলের বিবরণী অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান পেয়েছেন ২৭ হাজার ৯১৫টি ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. স. ম. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৪৩টি ভোট।

    আর বগুড়া -৬ (সদর) আসনে বিপুল ভোটে এগিয়ে আছেন তারেক রহমান।

    সেখানকার ১৫১টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছে ১৪ হাজার ২১০টি ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ছয় হাজার ৬৫৪টি ভোট।

  11. নির্বাচনের আগের রাতে ভোট গণনার ভাইরাল ভিডিওটি ভুয়া, শ্রুতি মেনন, বিবিসি ভেরিফাই সিনিয়র জার্নালিস্ট, ঢাকা থেকে

    আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গত রাতে ব্যালট পেপার গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বা ভাইরাল হয়েছে, যেটি ভুয়া।

    ভিডিও ক্লিপটি ভারতের কিছু স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকদের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিও ক্লিপটি মূলত আগের কোনো নির্বাচনের।

    ভিডিওটির কোয়ালিটি ভালো না হলেও খেয়াল করলে দেখা যায় তাতে আওয়ামী লীগের প্রতীক নৌকা রয়েছে।

    যেহেতু, হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনী অংশ নেয়নি, তাতে পরিষ্কার যে ভিডিও ক্লিপটি পুরোনো।

    উল্লেখ্য, ২০২৪ সালে ৫ই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতন হয়। হাসিনাসহ দলটির অনেক নেতা বিদেশে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। ত্রয়োদশ নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি।

  12. ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্রের যে চিত্র দেখেছেন বিবিসির সংবাদদাতারা

    বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার মধ্যেই সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ভোটের চিত্র জানার চেষ্টা করেছেন বিবিসি বাংলার সংবাদদাতারা।

    ঢাকা

    ঢাকা ১৮ আসনের মীরপুর-১০ ও উত্তরার কেন্দ্রগুলোয় ভোটগ্রহণ শেষে সেখানকার সবশেষ পরিস্থিতির কথা জানিয়েছেন বিবিসির সংবাদদাতা তাফসীর বাবু।

    তিনি জানিয়েছেন উত্তরা কেন্দ্রে ভোটগ্রহণের সময় শেষ হতে গেট লক করে দেওয়া হয়। সে সময় কেন্দ্রের বাইরে অবস্থান নিতে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাকর্মীদের। তাদের মধ্যে বিএনপির নেতাকর্মীদের সংখ্যাই বেশি ছিল।

    পরে ভোটগণনা শেষে কেন্দ্রের বাইরে ভোটের ফলাফল ঝুলিয়ে দেওয়া হয় যা দেখতে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন।

    অন্যদিকে মীরপুর-১০ এর একটি কেন্দ্রে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান দেখতে পেয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ পর পর ভোটকেন্দ্রের আশপাশ টহল দিচ্ছিলেন।

    এছাড়া কেন্দ্রের বাইরে সার্বক্ষণিক আবস্থানে ছিল সেনাবাহিনীর গাড়ি। ভোটগ্রহণ শেষে সেখানেও উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিতে চাইলেও সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

    ঢাকা -১৫ আসনের বেশ কয়েকটি কেন্দ্রের পরিস্থিতির নজরে রেখেছেন বিবিসির সংবাদদাতার জান্নাতুল ফেরদৌস তানভি।

    তিনি দেখতে পান ভোটগণনা শেষেও কেন্দ্রগুলোর বাইরে বিভিন্ন দলের কর্মী-সমর্থক ও পোলিং এজেন্টরা ভিড় করেন। বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে তারা ভোটের ফল জানার চেষ্টা করছেন।

    এসময় কয়েকটি কেন্দ্রের বাইরে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

    এর আগে, জামায়াতে ইসলামীর নারী পোলিং এজেন্টদের ওপর হামলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে জামায়াত ও বিএনপি দুইপক্ষের প্রচুর সমর্থক জড়ো হলে পুলিশ, বিজিবি মাইকিং করে ভোট কেন্দ্রের সামনে থেকে তাদের সরে যেতে বলেন।

    অন্যদিকে ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন বিবিসির সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল। বেশিরভাগ ভোটকেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক দেখলেও তার বিশেষ নজর ছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর দিকে।

    সেখানে বেলা সাড়ে চারটা বাজতেই কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয়।

    এসময় কেন্দ্রের ভেতরে যারা ছিলেন তারা সাড়ে চারটার পরও ভোট দিতে পেরেছেন। কিন্তু নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

    ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বাইরে সেনাবাহিনীকে সার্বক্ষণিক টহল দিতে দেখা যায়। এছাড়া কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তা ও সাংবাদিকদের পাশাপাশি অবস্থান নিয়েছিলেন আনসার সদস্যরা।

    কয়েকটি কেন্দ্রে ভোটগণনার সময় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের সামনেই চলছিলো গণনা।

    বাইরে সব দলেরই কর্মী সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। তারা নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছিলেন।

    বরিশাল

    সকালে গোপালগঞ্জের কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ পরিস্থিতি দেখার পর বরিশালের ভোট কেন্দ্রগুলোর খোঁজখবর রাখছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা আবুল কালাম আজাদ।

    ভোটগ্রহণ শেষে সেখানকার একটি ভোটকেন্দ্রে গিয়ে তিনি দেখেছেন, প্রতিটি কক্ষ থেকে ব্যালটভর্তি স্বচ্ছ ব্যালটবাক্সগুলো প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে নেওয়া হচ্ছে।

    ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের থেকে ভোট, ব্যালট পেপারসহ সব হিসাব বুঝে নেওয়ার পর ভোট গণনা শুরু হয়। শুরুতে গণভোটের ভোটের ব্যালট এবং প্রতীকের ব্যালটগুলো আলাদা করা হয়। তারপর শুরু হয় গণনা।

    অন্যদিকে ভোটকেন্দ্রে বাইরে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। সেখানে উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

    চট্টগ্রাম

    চট্টগ্রাম সদরের প্রায় প্রতিটি কেন্দ্র ঘুরে ঘুরে খোঁজখবর রাখছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা শাহনেওয়াজ রকি। তিনি জানান ভোট গণনা শেষে বেশিরভাগ কেন্দ্রের বাইরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় করতে দেখা যায়।

    তবে বাইরে টহলে থাকা পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

    শাহনেওয়াজ রকি জানান, সাধারণত দলীয় কর্মী সমর্থকরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে নির্বাচনী কর্মকর্তাদের আটকে রাখার চেষ্টা করে। এবারে যেন এমন কোন পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের বাইরে কোন জটলা হতে দেননি।

    ভোটগণনার সময় কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন পোলিং এজেন্ট, সাংবাদিক ও কমনওয়েল্থের নির্বাচন পর্যবেক্ষকরা।

    শুরুতে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালটগুলো আলাদা করা হয়। তারপর শুরু হয় গণনা। এরইমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

    এছাড়া চট্টগ্রাম সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের জড়ো হয়ে মিছিল করতে ও দলীয় স্লোগান দিতে দেখা যায়।

  13. বেসরকারি ফলাফলে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

    কুমিল্লা চার আসনের বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

    সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ভোট। আর ট্রাক মার্কা নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।

    লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানিয়েছেন বিশাল ভোটের ব্যবধানে হাসনাত আব্দুল্লাহ এগিয়ে আছেন।

  14. ফলাফলের কী চিত্র দেখা যাচ্ছে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলে কী চিত্র দেখা যাচ্ছে- এ নিয়ে চলছে বিবিসি বাংলার লাইভ বুলেটিন ও বিশ্লেষণ।

    এই আয়োজনে অতিথি হিসেবে আছেন— লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং বিবিসি বাংলার সাংবাদিক কাদির কল্লোল।

  15. সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কোন কোন নির্বাচনে?

    বাংলাদেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১ টি ভোটকেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ে বলে জানায় নির্বাচন কমিশন। তবে এখনো মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনো জানানো হয়নি।

    এর আগের ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। আর সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে।

    এই দুই নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৮৭ দশমিক ১৩ শতাংশ এবং পড়েছিলো ৪৯ দশমিক ৬৭ শতাংশ।

    তবে বাংলাদেশে সর্বশেষ জাতীয় নির্বাচন ছিল ২০২৪ সালের সাতই জানুয়ারি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত 'স্বল্প ভোটের নির্বাচন' খ্যাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

    দ্বাদশ নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৫ লাখ এক হাজার ৫৮৫ জন। তাদের মধ্যে চার কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৪৪৫ জন ভোট দেন বলে জানিয়েছিলো নির্বাচন কমিশন।

    তবে এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে। কারণ, নির্বাচনের দিন বেলা তিনটা পর্যন্ত সারা দেশে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়ার তথ্য দিয়েছিলো নির্বাচন কমিশন। পরে বিকাল ৫টায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জানান, ৪১ দশমিক আট শতাংশ ভোট পড়েছে।

    এর আগে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ২৬৯ জন। ভোট দিয়েছেন আট কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৯১১ জন। শতকরা হারে যা ৮০ দশমিক ২০ শতাংশ।

    ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল নয় কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন। আর ১৪৭টি নির্বাচনি এলাকায় ভোট পড়ার হার ছিল ৪০ দশমিক শূন্য চার শতাংশ।

    ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। সেবার ভোটার ছিল আট কোটি ৮৭ হাজার তিন জন। ভোট পড়ে ৮৭ দশমিক ১৩ শতাংশ।

    অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালের পহেলা অক্টোবর। সেই নির্বাচনে মোট ভোটার ছিল সাত কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৩৬৪ জন। দেশের ২৯ হাজার ৯৭৮টি ভোটকেন্দ্রে ভোট পড়েছিল ৭৫ দশমিক ৫৯ শতাংশ।

    ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল পাঁচ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ১৮২ জন, ভোট পড়েছিল ২৬ দশমিক ৫৪ শতাংশ।

    ওই বছরের ১২ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৯৩৫ জন ভোটার। সারাদেশে কেন্দ্র ছিল ২৫ হাজার ৯৫২টি। ভোট পড়ার হার ছিল ৭৪ দশমিক ৯৬ শতাংশ।

    ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সাড়ে ছয় কোটি ভোটারের মধ্যে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়ে।

    চতুর্থ সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তেসরা মার্চ ১৯৮৮ সালে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৫৪ দশমিক ৯৩ শতাংশ। আর ভোটার ছিল প্রায় পাঁচ লাখের কাছাকাছি।

    ১৯৮৬ সালের ১০ই জুলাই বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন মোট ভোটার ছিল প্রায় চার লাখ ৮০ হাজার এবং ভোট পড়ে ৪২ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে অংশ নিয়েছিলো ২৮টি দল। কিন্তু এই তৃতীয় সংসদ টিকে থাকে মাত্র ১৭ মাস।

    ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মোট ভোটার ছিল তিন কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন। আর ভোট পড়েছিলো ৪৯ দশমিক ৬৭ শতাংশ। নির্বাচনে ২৯টি দল অংশ নিয়েছিলো তখন।

    ১৯৭৩ সালের সাতই মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে দেশে ভোটার ছিল সাড়ে তিন কোটিরও বেশি এবং তাদের ৫৫ শতাংশ ভোট দিয়েছিলো।

  16. নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার দাবি জামায়াতের, সংবাদ সম্মেলনে জামায়াতের আমির

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ফলাফলে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    সন্ধ্যায় জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশ থেকে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখনই কিছু বলা সম্ভব নয়। তবে, এখন পর্যন্ত যে ফলাফল তারা পেয়েছে, তাতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন।

  17. সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

    ময়মনসিংহের ভালুকায় একটি ভোটকেন্দ্রে ঢুকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

    ময়মনসিংহ ১১ আসনের লোহা বই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটকক্ষে সিল মারার এই সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।

    দুপুরে এ ঘটনায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয় কেন্দ্রটিতে।

    ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আবু হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে কোন প্রার্থীর লোকজন এটি করেছে, সেব্যপারে তথ্য আরো যাচাই বাছাই করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

    এই ঘটনায় একজন প্রিসাইডিং অফিসার ও দুইজন সহকারী প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবদুল্লাহ আল মামুন।

  18. কতটা অংশগ্রহণমূলক হলো ভোট?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কতটা অংশগ্রহণমূলক হলো এই প্রশ্ন করছেন অনেকে।

    এ নিয়ে বিবিসি বাংলার লাইভ বুলেটিন ও বিশ্লেষণে অতিথি - অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ।

  19. কেমন হলো ভোট?

    আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কেমন হলো- এ নিয়ে চলছে বিবিসি বাংলার লাইভ বুলেটিন ও বিশ্লেষণ।

    বিশ্লেষণে যুক্ত আছেন বিবিসি বাংলার সাংবাদিক কাদির কল্লোল; অতিথি হিসেবে আছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক আব্দুল আলিম।

  20. 'মানুষ সুন্দরভাবে ভোটে অংশ নিয়েছে', কর্মীদের ভোট কেন্দ্রে অবস্থানের আহ্বান জামায়াতের

    ঢাকার মগবাজারে ১১ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক ব্রিফিংয়ে বলেন, ভোট দিতে সকালে বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। এই নির্বাচন উপলক্ষে শহর থেকে দলে দলে মানুষ ঘরমুখো হয়েছেন। তারা সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

    তবে, কিছু আসনে সমস্যা হয়েছে বলে জামায়াতের ব্রিফিংয়ে অভিযোগ করা হয়।

    উদাহরণস্বরূপ শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১ আসনে সমস্যা হয়েছে বলে অভিযোগ করা হয়।

    আরো কিছু আসনের অনেক সেন্টারে জামায়াতের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং হুমকি দেয়া হয়েছে দাবি করে জামায়াত জানায়, এ ধরনের ঘটনা নির্বাচন সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

    ভোটগণনা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়ে এই ব্রিফিং শেষ করে জামায়াত।