আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বেতন কমিশনগুলোর প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের।

সরাসরি কভারেজ

  1. হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ই ফেব্রুয়ারি ওএইচসিএইচআরের কাছে একটি নোট ভারবাল পাঠিয়েছে।

    নোট ভারবাল হলো কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের আনুষ্ঠানিক লিখিত নোট যা মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় বা কূটনৈতিক মিশনের মধ্যে আদান-প্রদান করা হয়।

    ওই চিঠিতে হাদির হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

    গত ১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিতে মারাত্মক আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর তার মৃত্যু হয়।

    জেনেভায় বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

  2. চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি বন্দর চেয়ারম্যানের

    শ্রমিক-কর্মচারীদের চলমান ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রয়েছে বলে দাবি করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।

    তবে শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট তুলে নেওয়ার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

    রোববার দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

    “বন্দর সচল আছে। আমি দুই ঘণ্টা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা সবাই কাজে যাবে। কেউ বাধা দিবে না,” বলেন মি. মনিরুজ্জামান।

    কর্মচারীদের একটি অংশ জনগণকে 'জিম্মি করে' বন্দরে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    “বন্দর যে আইনে চলে, সেই আইনের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ যদি বিপথগামী হয়ে অন্য কারো আনুগত্য বেছে নেয়, সেটা কর্মকর্তা-কর্মচারী আচরণ বিধির সম্পূর্ণ পরিপন্থি,” বলেন মি. মনিরুজ্জামান।

    তিনি আরও বলেন, “যারা এসব করছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রমজানের আগে এ ধরনের একটা কাজ করে জনমনে অসন্তোষ সৃষ্টির পরিকল্পনা করছে তারা।”

    নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদ, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

    এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

  3. নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার ঝুঁকি, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা: টিআইবি

    জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচনবিরোধী কার্যক্রমের কারণে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ঝুঁকি দেখা দিয়েছে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    রোববার টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

    অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে দুর্বলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, “রাজনৈতিক দলগুলোর চাপের মুখে কমিশন অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে পারছে না। প্রচারণাসহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় কোন ব্যয়সীমা মানছেন না। এতো অনিয়মেও ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না।”

    সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে, নির্বাচন ও গণভোটকে ঘিরে পরিবেশ উদ্বেগজনক হয়ে উঠলেও নির্বাচন কমিশন (ইসি) পরিস্থিতির দায় এড়িয়ে যাচ্ছে।

    এদিকে দেশের ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও কেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি বলেও সংস্থাটি অভিযোগ করে।

    এদিকে বাংলাদেশ টাইমসের কার্যালয় থেকে ২১ জন কর্মীকে তুলে নেয়া বাংলাদেশের সাংবাদিকতার জন্য নেতিবাচক এবং মধ্যযুগীয় পন্থা মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা জানান ড. ইফতেখারুজ্জামান।

    তিনি বলেন, “আমি জোর প্রতিবাদ এবং উৎকণ্ঠা প্রকাশ করছি। কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাতের বেলা একটি প্রতিষ্ঠানের সব কর্মীকে তুলে নেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যে যুক্তিতেই হোক না কেন, এটি বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার জন্য অত্যন্ত নেতিবাচক ও সহিংসতার দৃষ্টান্ত।”

    দেড় বছরও উপদেষ্টাদের সম্পদের হিসেবে দিতে না পারাটা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন টিআইবি প্রধান।

  4. সরকারে গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

    আসন্ন সংসদ নির্বাচনে জয়লাভ করে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    রোববার ঢাকার মেরুল বাড্ডায় আয়োজিত নির্বাচনী জনসভায় নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইতে গিয়ে মি. রহমান এই ঘোষণা দেন।

    "আমি মা'র কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চেনেন। তবে এটা বলতে চাই, ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহ'র মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন," বলেন জামায়াতের আমির মি. রহমান।

  5. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

    সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে সোমবার বিকেল চারটায় ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    রোববার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। যেখানে বিচার বিভাগের নীতি-নির্ধারণী সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

    সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, ফুলকোর্ট সভায় প্রধানত নিম্ন আদালতসমূহের (অধস্তন আদালত) ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে।

    উল্লেখ্য, এ সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

  6. হজের ভিসা আবেদন শুরু হবে আজ থেকে

    ২০২৬ সালের হজ মৌসুমের জন্য রোববার থেকে হজ ভিসা আবেদন শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

    হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া বিবিসিকে জানিয়েছেন, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ ভিসা ইস্যু নিয়ে দেয়া ঘোষণা অনুযায়ী ভিসার আবেদন আটই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০শে মার্চ পর্যন্ত চলবে।

    তিনি বলেন, “আগে অনেকে শেষ সময়ে এসেও ভিসার আবেদন করতে পারতেন, কিন্তু এ বছর অনেক আগে থেকেই সব সম্পন্ন করতে বলা হয়েছে।”

    কারণ হিসেবে তিনি জানিয়েছেন, হজযাত্রীদের নিরাপত্তা বা সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি সরকার নুসুক কার্ড ইস্যু করে থাকে। শেষ সময়ে ভিসা করায় গত বছর সে কার্ড পেতে হজযাত্রীদের অনেক সমস্যা হয়েছিলো। তাই এবারে তারা সময় বেধে দিয়েছে যেন হজযাত্রা আরো সুশৃঙ্খল করা যায়।

    চলতি বছর যারা হজে যেতে আগ্রহী তাদের ২০শে মার্চের মধ্যে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

    এ সময়ের মধ্যে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ এবং ২০শে মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

    মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

    সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ই এপ্রিল থেকে।

    আরো পড়তে পারেন:

  7. আবার লাগাতার ধর্মঘট চট্টগ্রাম বন্দরে

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে আবার ধর্মঘট শুরু হয়েছে।

    চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে রোববার সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়।

    বন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আবারও হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম।

    যে চার দফা দাবিতে ধর্মঘট শুরু হয়েছে, সেগুলো হলো

    ১, বন্দরের নিউমুরিং টার্মিনাল বা এনসিটি আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপিওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার ঘোষণা দেওয়া।

    ২, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা।

    ৩, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং

    ৪, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।

    এই অচলাবস্থা নিরসনে শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।

    রমজান মাস ও জাতীয় নির্বাচনের আগে এ ধর্মঘট শুরু হলে দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন।

    এর আগে নিউমুরিং টার্মিনাল ইজারা না দেওয়ার দাবিতে ৩১শে জানুয়ারি থেকে আট ঘণ্টা করে তিন দিন কর্মবিরতি পালন করেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

    পরে মঙ্গলবার শুরু হয় লাগাতার কর্মবিরতি। যা বুধবার থেকে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে রূপ নেয়। এতে বন্দরের কনটেইনার পরিবহনের কার্যক্রম অচল হয়ে পড়ে।

    তবে বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছিলেন আন্দোলনকারীরা।

    এরপরই আন্দোলনকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়ার ঘটনায় বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন উসকে দেওয়ার অভিযোগ এনে রোববার থেকে লাগাতার ধর্মঘট শুরুর ঘোষণা দেন আন্দোলনকারীরা।

  8. জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বৈঠকে বসতে পাকিস্তানের লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েই আলোচনা করতে রোববার আলোচনায় বসছে পিসিবি, বিসিবি ও আইসিসি। বৈঠক শেষে আজই আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরার কথা রয়েছে।

    মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল।

    বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বলা হলেও আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপ ম্যাচ ভারতেই খেলতে হবে, বাংলাদেশ দলকে নিরাপত্তা দেয়া হবে। এমন অবস্থায় বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

    বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আহ্বান জানালেও তাতে সায় দেয়নি আইসিসি।

    এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    এর ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    এদিকে আইসিসির পক্ষ থেকে এখনো পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

    তবে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

  9. যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

    সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫শ রোহিঙ্গাকে আটক করা হয়েছে ।

    রোববার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশেপাশের এলাকায় এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন যৌথবাহিনীর একজন কর্মকর্তা।

    অভিযান অব্যাহত থাকায় আটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহার করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে জায়গা নির্ধারণ করে দেয়া আছে। কিন্তু তারপরও তারা নিয়ম ভেঙ্গে বাঙালিদের জমি দখল করে অবস্থান করছে। যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।”

    বর্তমানে আটককৃতদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হচ্ছে। পরে তাদেরকে স্থানীয় জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ছেড়ে দেয়া হবে এবং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

    “তাদেরকে আমরা এখনই ক্যাম্পে পাঠাবো না। আগে সবাইকে আটক করা হবে। তারপর অনুসন্ধান করা হবে যে তারা কেন ক্যাম্পে নিজেদের নির্ধারিত জায়গা থেকে বেরিয়ে এসেছে। নির্বাচনকে সামনে রেখে তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো ব্যবস্থা করা হবে।”

    এদিকে ক্যাম্পের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    এর আগে, বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বার্মা কলোনিসহ আশেপাশের এলাকা থেকে কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।

  10. শনিবার সারাদিন যা যা ঘটেছে

    • নির্বাচনী প্রচারণা “শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না”- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বলেও শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি।
    • বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে সেজন্য একটি দল বিভিন্ন পর্যায়ে গিয়ে ভয় দেখাচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • ধানের শীষের মিছিল করে কেন্দ্রে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে- এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
    • "একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে" এবং লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় সেই দলের নেতাদের জড়িত থাকা এর বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
    • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি ২৭ দিন পর চিকিৎসাধীন অবস্থা মারা গেছে।
    • রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
    • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি প্রক্রিয়া বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
    • "আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়," এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ইরান-মার্কিন আলোচনা নিয়ে সবশেষ প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক। তিনি যোগ করেছেন যে আগামী সপ্তাহে আলোচনার জন্য উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে