আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বেতন কমিশনগুলোর প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে:

    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
    • বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষানিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
    • আসন্ন সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) আর্থিক লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়েছে, রোববার রাত ১২টা থেকে শুরু করে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না।
    • ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে, শহরটিরও সড়কগুলোকেও আরও প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
    • আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়ন করা হবে।
    • আসন্ন সংসদ নির্বাচনে জয়লাভ করে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
    • ১০ই ফেব্রুয়ারির ছুটি পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করাতে পারবেন শিল্প মালিকরা। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
    • জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচনবিরোধী কার্যক্রমের কারণে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ঝুঁকি দেখা দিয়েছে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
    • সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে সোমবার বিকেল চারটায় ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
    • আসন্ন সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।
    • জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে হওয়া প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। মামলাগুলো 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক' বলে জানানো হয়েছে।
    • কর্মজীবী নারীদের নিয়ে 'অবমাননাকর ও বিদ্বেষমূলক' বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন নারীরা।
    • অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
    • টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এতে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানান কারণে চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত করার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়ে পড়েছে, তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
    • ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন, তাদেরকে আগামী মঙ্গলবার মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
    • জয় দিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে দাবি করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
    • আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বৈঠকে বসতে পাকিস্তানের লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
    • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার, শুল্ক কমার আশা বাণিজ্য উপদেষ্টার।
    • সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫শ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হলে অংশ নিবে না ৩২১টি সৃজনশীল প্রকাশনা সংস্থা

    নির্বাচনের পর আগামী ২০শে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হলে সেখানে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দেশের ৩২১টি সৃজনশীল প্রকাশনা সংস্থার কর্ণধাররা।

    বইমেলা পিছিয়ে ঈদুল ফিতরের পরে নেওয়ার জন্য বাংলা একাডেমির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

    রোববার এক যৌথ বিবৃতি ওই প্রকাশকরা এসব কথা জানান।

    বিবৃতিতে প্রকাশকেরা বলেছেন, প্রকাশকদের দাবি উপেক্ষা করে বাংলা একাডেমি আগামী ২০শে ফেব্রুয়ারি বইমেলা শুরুর ঘোষণা দিয়েছে।

    এই সিদ্ধান্তকে ‘বাস্তবতা–বিবর্জিত’, ‘আত্মঘাতী’ এবং প্রকাশনা শিল্পকে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও রোজার কারণে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজিত হলে ব্যবসায়িক ঝুঁকি ও মানবিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে মেলায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রকাশকরা।

    মেলা পিছিয়ে ঈদুল ফিতরের পর আয়োজন করা হলে তারা 'স্বতঃস্ফূর্তভাবে' অংশগ্রহণ করবেন এবং মেলা সফল করতে কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান তারা।

  3. প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ জামায়াতের

    প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।

    তারা 'একটি নির্দিষ্ট দলের দিকে একদিকে হেলে পড়েছে' বলে রোববার নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির প্রতিনিধি দল।

    ঢাকাসহ বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও হেনস্তা করা হলেও অভিযোগ করে প্রতিকার মিলছে না বলে বলে ইসির কাছে অভিযোগ করেছেন দলের নেতারা।

    রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এসব কথা বলেন।

  4. ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নাহিদ ইসলামের

    আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন।

    "বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর গত ৫৫ বছরে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে, তার মূল ভিত্তি ছিল বৈষম্য। এরই পরিণতিতে ২০২৪ সালের জুলাইয়ে পুরোনো কাঠামো ভেঙে পড়েছিল। এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়; এটি রাজনৈতিক ক্ষমতা, সামাজিক মর্যাদা, আইনের প্রয়োগ এবং সুযোগ বণ্টনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রোথিত," বলেন মি. ইসলাম।

    তিনি আরও বলেন, "আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি–বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে।"

  5. বেতন কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন

    বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষানিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

    জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ যেসব প্রতিবেদন দিয়েছে, সেগুলো নিয়ে সুপারিশ দেবে এই কমিটি।

    রোববার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে কমিটির প্রধান করা হয়েছে।

    এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)কে এই কমিটির সদস্য করা হয়েছে।

  6. ক্ষমতায় গেলে শরীয়া আইন বাস্তবায়নের ঘোষণা ইসলামী আন্দোলনের

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়ন করা হবে। তিনি চরমোনাই পীর হিসাবেও পরিচিত।

    রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে এ ভাষণ প্রচার করা হয়।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দলের নির্বাচনী অঙ্গীকার, রাষ্ট্রগঠন ও সংস্কার বিষয়ে দৃষ্টিভঙ্গি এবং ইশতেহারের মৌলিক অংশ ও বিশেষ কর্মসূচি তুলে ধরেন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

    সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রাষ্ট্র পরিচালনায় প্রচলিত মূলনীতির পরিবর্তে নতুন মূলনীতি প্রস্তাব করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে উপস্থাপন করেছে।

    তিনি বলেন, শরীয়া কেবল একটি আইনের নাম নয়, বরং মানুষের বিশ্বাস, জীবনবোধ, সংস্কৃতি, অভ্যাস ও আইনের সমষ্টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলাম বাস্তবায়িত হলে বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  7. পটুয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, অন্তত ৩০ জন আহত

    পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    রোববার সকালে প্রথমে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপির প্রার্থী সহিদুল আলম তালুকদার এবং ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    এরই জেরে পরবর্তীতে বিকেলে আবারও দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেনা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান।

  8. ১০ই ফেব্রুয়ারির ছুটি পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করাতে পারবেন শিল্প মালিকরা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ই ফেব্রুয়ারির ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

    ভোটকে সামনে রেখে নির্বাহী আদেশে দেওয়া ১০ই ফেব্রুয়ারি ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির সঙ্গে বদল করা যাবে।

    রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    এতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ এবং ১২ই ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য চলতি মাসে ১০ই তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে।

    "তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসে ১০ তারিখের পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ ঘোষণা করতে পারবে," প্রজ্ঞাপনে বলা হয়েছে।

  9. আওয়ামী লীগ আমলের প্রায় ২৪ হাজার 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের সুপারিশ

    জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে হওয়া প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। মামলাগুলো 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক' বলে জানানো হয়েছে।

    সরকারের নতুন সিদ্ধান্তে প্রায় পাঁচ লাখ মানুষ এখন মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

    মামলাগুলোর বেশির ভাগই বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে বলে বিবৃতিতে বলা হয়েছে।

  10. জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে স্মারকলিপি দিলেন নারীরা

    কর্মজীবী নারীদের নিয়ে 'অবমাননাকর ও বিদ্বেষমূলক' বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন নারীরা।

    রোববার এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছেন নারীপক্ষ নামের একটি সংগঠন। মি. রহমানের প্রার্থিতা বাতিলের দাবিকে সমর্থন করে ১০ নারী সেখানে উপস্থিত ছিলেন।

    "আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান তার ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয়, বরং দেশের কোটি কোটি শ্রমজীবী, আত্মমর্যাদাশীল ও অবদানশীল নারীর শ্রম, সম্মান ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি," নারীদের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

    এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে জামায়াতের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সেটির বিষয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, "ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এমন বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রামাণ্য তথ্য বা স্বচ্ছ তদন্তের ফলাফল এখনো পর্যন্ত জনসমক্ষে উপস্থাপিত হয়নি।"

    প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলসহ চার দফা দাবি জানান বিক্ষুব্ধ নারীরা।

    "উনি (সিইসি) বলেছেন, উনি নির্বাচন কমিশনারদের সাথে বসবেন, বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন," প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।

  11. অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি আছে।

    এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

    রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    "এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না...কারণ আর দুই কার্যদিবস আছে। এর মধ্যে ওনারা (ডিপি ওয়ার্ল্ড) ফেরত আসবে, তারপর আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে এটাকে অনুমোদন করিয়ে স্বাক্ষর করব, সময়ের বিবেচনায় এই প্রক্রিয়াটা খুব কঠিন হবে," বলেন মি. চৌধুরী।

    বিদেশির কোম্পানির সঙ্গে এই ইজারা চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে ঘিরে চট্টগ্রাম বন্দরে আন্দোলন হতে দেখা যাচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরের যাবতীয় কার্যক্রম।

    নিউমুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া নিয়ে ২০১৯ সালে কাজ শুরু হয়েছিল। গত এক মাসে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর কষাকষি শুরু হয় বলে জানান মি. চৌধুরী।

    "সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কাজ চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং এ আলোচনা ও দর–কষাকষি প্রক্রিয়া চলতে থাকবে। তবে পুরো কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন হতে পারে," বলেন আশিক চৌধুরী।

  12. টানা তিন মাস ধরে বাড়ছে মূল্যস্ফীতি, চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর

    টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এতে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানান কারণে চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর।

    রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, আগের দুই মাসের চেয়ে কিছুটা বেড়ে গত জানুয়ারি মাসের সার্বিক মূল্যস্ফীতি আট দশমিক ৫৮ শতাংশে পৌঁছেছে।

    এর আগে, গত নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল আট দশমিক ২৯ শতাংশ। ডিসেম্বরে সেটি আরও কিছুটা বেড়ে আট দশমিক ৪৯ শতাংশে দাঁড়ায়।

  13. ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

    ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে, শহরটিরও সড়কগুলোকেও আরও প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    রোববার বিকেলে মিরপুর ইসিবি চত্বরে এক পথসভায় বক্তব্য প্রদানকালে এসব প্রতিশ্রুতি দেন মি. রহমান।

    "আপনাদের দোয়ায় বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এই মাঠগুলো তৈরির মূল উদ্দেশ্য হলো, যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মুরব্বি ও মা-বোনেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী বিকেলে বা অন্য সময়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন," বলেন তারেক রহমান।

  14. নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

    আসন্ন সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) আর্থিক লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সেখানে বলা হয়েছে, রোববার রাত ১২টা থেকে শুরু করে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না।

    দশ হাজার টাকা পাঠাতে গেলেও সেটি পাঠাতে হবে ১০টি বার। অর্থাৎ প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠানো বা তোলা যাবে না।

    রোববার সন্ধ্যায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

    নয়ই ফেব্রুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানান মি. খান।

    এর বাইরে, অভ্যন্তরীণ আরেক নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, তারা যেন গ্রাহকপ্রতি দৈনিক এক লাখ টাকার বেশি নগদ লেনদেন না করেন।

    নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  15. ১৮ কোটি মানুষকে তারা জিম্মি করছে, এটা চলতে দেওয়া যায় না: নৌ পরিবহন উপদেষ্টা

    আসন্ন সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

    আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।

    রোববার দুপুরে ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা।

    "আমি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছি, তাদের বোঝানোর চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে। ওই কনস্টিটিউন্সিতে তারা একটা গণ্ডগোল সৃষ্টি করছে...কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিকমত না হয়, এটা নিয়ে সমগ্র দেশে কথা উঠবে," বলেন মি. হোসেন।

    তিনি আরও বলেন, "১৮ কোটি মানুষকে তারা জিম্মি করছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফোর, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ডলাইন। ইতোমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকেও ধরা হবে।"

  16. নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত করার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়ে পড়েছে, তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার ইসি থেকে পাঠানো এক বিবৃতি এই আহ্বান জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

    জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়েছে। সেখানে পরবর্তীতে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

  17. পোস্টাল ভোট দেওয়ার শেষ দিন মঙ্গলবার: নির্বাচন কমিশন

    ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন, তাদেরকে আগামী মঙ্গলবার মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে।

    বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট জমা না পড়লে নিবন্ধনকারীর ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।

    রোববার একথা জানিয়েছে নির্বাচন কমিশন।

    "কাজেই পোস্টাল ভোটে নিবন্ধনকারী যে সকল সম্মানিত ভোটারগণ এখনও কিউআর কোড স্ক্যান করেননি, আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের উপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন," নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।

    আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত পাঁচ লাখ তিন হাজার ৪৪১ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন।

    তাদের মধ্যে চার লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ডাকযোগে দেশে পোঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা সালীম আহমাদ খান।

    প্রবাসীদের বাইরে এবার নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

    কমিশন বলছে, ভোটদান সম্পন্ন করে পোস্ট অফিসে খাম মঙ্গলবারের মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং কার্যালয়ে পৌঁছানো সম্ভব।

    ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে চার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে। বাকিগুলো বাতিল বলে গণ্য হবে।

  18. আফগানদের হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড

    জয় দিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড।

    রোববার চেন্নাইয়ে 'ডি' গ্রুপের ম্যাচে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কিউইরা।

    এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানরা। তারা ছয় উইকেটে ১৮২ রান তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ১৮৩ রানের লক্ষ্য দেয়।

    জবাবে ব্যাটে নেমে ১৭ ওভার পাঁচ বলে জয় নিশ্চিত করে মিচেল স্যান্টনারের দল।

    টি-টুয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৮২ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড।

    বিশ্বকাপে নিজেদের রেকর্ড গড়েই জিতল স্যান্টনারের দল।

  19. নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষ 'উদ্বিগ্ন', সিজিএসের জরিপ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে দাবি করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

    দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০৫ জন মানুষের মতামত জরিপ করেছে প্রতিষ্ঠানটি।

    জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশের বেশি মানুষ ভোট নিয়ে উদ্বিগ্ন বলে দাবি করেছে সিজিএস।

    এছাড়া ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে 'অনিরাপদ' বা 'চরম অনিরাপদ' বলে মনে করেন বলে জরিপের ফলাফলে বলা হয়েছে।

    উল্লেখ্য যে, অতীতে বিভিন্ন সময় বাংলাদেশে সংসদ নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। সেই কারণে নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে প্রায়ই উদ্বেগ লক্ষ্য করা যায়।

    রোববার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করে সিজিএস।

    অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন করা।

    আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় বলে মনে করেন তিনি।

    "তবে অংশগ্রহণমূলক করার সুযোগ আছে। নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ হোক- নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে," যোগ করেন মি. ভট্টাচার্য।

  20. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আগামীকাল, শুল্ক কমার আশা বাণিজ্য উপদেষ্টার

    সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

    সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাড়তি যে ২০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করেছে, নতুন চুক্তির মাধ্যমে সেটি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

    "কতটুকু কমবে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা পারছি না। আমরা আলোচনার ভিত্তিতে দেখবো," বলেন মি. বশিরউদ্দীন।

    তিনি আরও বলেন, "শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে- আমাদের যে মূল পণ্য গার্মেন্টস, সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়, আমরা সেই প্রচেষ্টায় এখনো রত রয়েছি।"

    ক্ষমতা গ্রহণের পর গত বছরের এপ্রিলে শতাধিক দেশের ওপর বাড়তি বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়।

    পরে দর কষাকষি করে সেই শুল্কহার হার ২০ শতাংশে নামিয়ে আনা হয়, যা গত বছরের পহেলা অগাস্ট কার্যকর হয়েছে।

    বাড়তি শুল্ক আরোপের আগে বাংলাদেশ থেকে রফতানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ছিল যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে বাংলাদেশকে ৩৫ শতাংশ শুল্ক দিতে হচ্ছে।

    শুল্কের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে- মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছে উড়োজাহাজ কেনা এবং গম, সয়াবিন তেল ও তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ।

    "আমাদের যাত্রী পরিবহনের সক্ষমতা নেই, ১৯টা প্লেন আমাদের আছে; ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে ১৪টা, বাকি প্লেনগুলো ফ্লাইঅ্যাবল না। এই ১৪টা প্লেন দিয়ে আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের বিমানের যে মাস্টারপ্ল্যান; সেখানে আমরা বলছি, ২০৩৫ সাল নাগাদ আমাদের ৪৭টা প্লেনের দরকার," বলেন শেখ বশিরউদ্দীন।

    "আমার ধারণা আরও অনেক বেশি দরকার, বাট উনারা নিদেনপক্ষে ৪৭টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি, এটা ২০৩৫ সাল নাগাদ মাত্র ১৪টা প্লেন নিয়ে কথা বলছি," যোগ করেন বাণিজ্য উপদেষ্টা।