রোববার সারাদিন যা যা ঘটেছে:
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
- বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষানিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
- আসন্ন সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) আর্থিক লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়েছে, রোববার রাত ১২টা থেকে শুরু করে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না।
- ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে, শহরটিরও সড়কগুলোকেও আরও প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
- আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়ন করা হবে।
- আসন্ন সংসদ নির্বাচনে জয়লাভ করে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
- ১০ই ফেব্রুয়ারির ছুটি পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করাতে পারবেন শিল্প মালিকরা। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
- জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচনবিরোধী কার্যক্রমের কারণে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ঝুঁকি দেখা দিয়েছে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
- সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে সোমবার বিকেল চারটায় ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- আসন্ন সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।
- জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে হওয়া প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। মামলাগুলো 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক' বলে জানানো হয়েছে।
- কর্মজীবী নারীদের নিয়ে 'অবমাননাকর ও বিদ্বেষমূলক' বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন নারীরা।
- অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
- টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এতে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানান কারণে চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত করার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়ে পড়েছে, তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন, তাদেরকে আগামী মঙ্গলবার মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
- জয় দিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে দাবি করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বৈঠকে বসতে পাকিস্তানের লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার, শুল্ক কমার আশা বাণিজ্য উপদেষ্টার।
- সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫শ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।


















