আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে: অর্থমন্ত্রী

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে আগামী ২০শে অগাস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. রোববার সারাদিন যা যা হলো:

    • দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যালেঞ্জের জবাবে চার দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।
    • রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর ইউক্রেনের চালানো হামলায় ওই এলাকায় পাঁচজন নিহত হয়েছেন।
    • সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আনুষ্ঠানিকভাবে বলেছে, "এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন"।
    • আগামী ২০শে অগাস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  2. যুক্তরাষ্ট্রের সেনাদের হত্যা বা আটক করতে ৩০ হাজার থেকে ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

    ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি বলেছেন যে, তারা একটি নতুন পরিকল্পনা করেছে। বিবিসি পার্সি এই খবর দিয়েছে।

    এই পরিকল্পনায় বলা হয়েছে- যদি কেউ একজন মার্কিন সৈন্যকে হত্যা বা বন্দি করে তাহলে তাকে ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ উপহার দেওয়া হবে।

    আর কোনো ইরানি নারী যদি মার্কিন সেনাদের হত্যা বা আটক করতে পারে তাহলে তাকে দ্বিগুণ অর্থাৎ ৬০ হাজার ডলার বা সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।

    ইরানের সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মি. হাতামি তিনি এই মন্তব্য করেন।

    ইরানি সেনাবাহিনীর কমান্ডার আরও বলেন, "যদি কোন ব্যক্তি কোনো মার্কিন আগ্রাসনকারীকে হত্যা করতে সফল হয় তাহলে তার অস্ত্রটি দ্বিগুণ দামে কিনে নেওয়া হবে এবং তাকে একটি নতুন অস্ত্র দেওয়া হবে। ওই ব্যক্তির অস্ত্রটি একটি নির্দিষ্ট জাদুঘরেও রাখা হবে”।

  3. বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে যা বললো জামায়াত

    দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে শনিবার ছয় মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এরপর দিনই রোববারই এই চ্যালেঞ্জের জবাবে জরুরি সংবাদ সম্মেলন করেছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী।

    সন্ধ্যায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলের পক্ষ থেকে পরিকল্পনা গত ২১শে মে তারিখে জাতীয় সংসদের জ্বালানি সংকটসংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে ১০ দফা সুপারিশ জমা দিয়েছিলো।

    “পরবর্তীতে ৭ জুন মাননীয় জ্বালানিমন্ত্রী নিজেই সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করেন সেই প্রস্তাবগুলো ছিল একেবারেই বাস্তবভিত্তিক”, যোগ করেন তিনি।

    সরকারের কাছে পরিকল্পনা জমা দেওয়ার পর তিন মাস পার হলেও সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে সরকারের কাছে প্রশ্ন রাখেন মি. পরওয়ার।

    তিনি বলেন, এই সংকট সমাধানে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে জরুরি সংসদীয় অধিবেশন আহ্বান করা হয়েছিল সে বিষয়েও কোন সাড়া পাওয়া যায় নি।

    সংবাদ সম্মেলনে, বিদ্যুৎ সংকট মোকাবেলায় ন্যাশনাল এমার্জেন্সি সেল গঠন, রুপপুর প্লান্টের উৎপাদনের আসা নিয়ে তথ্য প্রকাশ, জরুরি দরপত্র মূল্যায়নে স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি ও অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা করার বিষয়ে সংস্কার প্রস্তাব তুলে ধরা হয় বিরোধী দলের পক্ষ থেকে।

  4. জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে: অর্থমন্ত্রী

    দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    রোববার দুপুরে ঢাকার একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

    নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বিষয়ে এই সেমিনারটি আয়োজন করা হয়।

    অর্থমন্ত্রী বলেন, “গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে”।

    কারণ হিসেবে মি. চৌধুরী বলেন, “ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতেও দেড় থেকে দুই বছর সময় লাগবে। ফলে এর আগে সমস্যার সমাধান হবে না”।

    এসময় অর্থমন্ত্রী বলেন, “গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না। তবে সম্ভাব্য যেসব পদক্ষেপ নেওয়া যায়, আমরা দ্রুত সেসব নিচ্ছি। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা হয়নি। এখন সেটা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ নিয়ে কাজ হচ্ছে, কয়লা নিয়ে কাজ হচ্ছে। কোন ধরনের জ্বালানি কত পরিমাণ লাগবে, তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে। এতে মানুষ জানতে পারবে, কী করতে হবে। আগামী দুই বছর আমাদের সাবধান থাকতে হবে”।

  5. সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    রোববার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে দলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    সন্ধ্যা সাতটায় এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

  6. রাশিয়া ও ইউক্রেনজুড়ে চলছে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

    রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

    দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর ইউক্রেনের চালানো হামলায় ওই এলাকায় পাঁচজন নিহত হয়েছেন।

    গভর্নর ইউরি স্লিউসার বলেন, হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি বনাঞ্চলে আগুনও ছড়িয়ে পড়ে।

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রাশিয়ার চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

    ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে রাজধানীতে বিমান হামলার সতর্কতা সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

    অন্যদিকে, মস্কোর মেয়র জানিয়েছেন রাতভর মস্কোতে ৬০০টি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। এই হামলাকে সাম্প্রতিক সময়ে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে অভিহিত করেছে মস্কোর মেয়র।

  7. চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. সাত্তার বলেন, “পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করবো। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে”।

    বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। কোন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বেতন কত বাড়তে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

    স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত মোট আটবার পে স্কেল ঘোষণা করা হয়েছে। যার সর্বশেষটি হয়েছিল ২০১৫ সালে।

    বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল নিয়ে নানা আলোচনা থাকলেও এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে ঘোষণা আসেনি।

  8. তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আনুষ্ঠানিকভাবে বলেছে, "এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন"।

    ঢাকায় রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

    এই প্রতিবেদনটির বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

  9. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

    রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

    দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আমি জানি সমগ্র দেশের মানুষ শুধু ঢাকা শহর না, বাংলাদেশের সকল জেলা উপজেলায় বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ ও জ্বালানির এই অবস্থা”।

    তিনি বলেন, “আগামী ২৭ তারিখ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে দেশের মানুষের কাছে উপস্থাপন করা হবে আগামী দশ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান কিভাবে করবো। সেই পরিকল্পনা আমরা পবিত্র জাতীয় সংসদে উপস্থাপন করবো”।

    প্রধানমন্ত্রী বলেন, “এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগন। তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় সেই সব বিশৃঙ্খলাকারীরা”।

  10. রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ

    আগামী ২০শে অগাস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    রোববার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    যাচাই-বাছাই শেষে বর্ষীয়ান এই দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিইসি।

    গত ১৩ই অগাস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সরকার ও বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০শে অগাস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ই অগাস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে