আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মামলায় পলাতক আসামীরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, সংশোধনী আরপিওতে

“দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব,” বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিকে, কোনো কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি পনের সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবী এম সারোয়ার হোসেন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন এই আইনজীবী।
    • আরপিও সংশোধন: মামলায় পলাতক আসামীরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে।
    • কোনো কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ-ও বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশের দায়িত্ব না নিলে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই আরো কঠিন পরিস্থিতিতে পড়বে।
    • “দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব,” বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
    • প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের কেউ যেন আগামী নির্বাচনে কোনোভাবেই ভোট পরিচালনায় অংশ নিতে না পারে, এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
    • ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখলের যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, এটা গাজা সংঘাত অবসান ঘটানো সংক্রান্ত ওয়াশিংটনের পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে বলে সতর্কতা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
    • গত বছর জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ই নভেম্বর।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. সেনা কর্মকর্তাদের পক্ষে কেন আদালতে লড়বেন না আইনজীবী সারোয়ার

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি পনের সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবী এম সারোয়ার হোসেন।

    বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন এই আইনজীবী।

    সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, মামলায় যে পনের জন সেনা কর্মকর্তার হয়ে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।

    তিনি জানান, “অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ আমি করেছিলাম, এই পনের জনের মধ্যে তাদের একজন রয়েছেন, এ কারণেই এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।”

    অবশ্য গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানীতে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী এম সারোয়ার হোসেন।

  3. নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ উপদেষ্টা পরিষদে পাস, যে পরিবর্তন এলো

    নির্বাচন সংক্রান্ত আইন, রিপ্রেজেন্টেশন অব পিপলস্ অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আদেশ ২০২৫ উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    উপদেষ্টা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে ইভিএম সংক্রান্ত যে বিধান ছিল, সেটি বিলুপ্ত করা হয়েছে। আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যা বোঝানো হতো অর্থাৎ যে সংজ্ঞা দেওয়া ছিল, সেখানে পরিবর্তন এনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে যুক্ত করা হয়েছে।

    এছাড়া মামলায় পলাতক কেউ নির্বাচন করতে পারবে না, নির্বাচনে যারা প্রার্থী হবে তাদের দেশি-বিদেশি আয়ের সব হিসাব দিতে হবে, যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং কোনো আসনে একক প্রার্থী থাকলে ‘না’ ভোট দেওয়ার প্রক্রিয়াও আইনে অন্তর্ভূক্ত করা হয়েছে।

    নির্বাচনে জোটের অংশ হলেও দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, প্রবাসী এবং নির্বাচনী কাজে যারা নির্বাচিত থাকবেন তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন এবং ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিত থাকার বিষয়েও বিধান করা হয়েছে।

    মি. নজরুল জানান, অতীতে নির্বাচন কমিশন কেন্দ্রের ভোট বাতিল করতে পারতো যেখানে পরিবর্তন এনে, নির্বাচন কমিশনকে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করার ক্ষমতা দেয়া হয়েছে।

    এছাড়া এদিনের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স পাশ ও তিনটি আইনের নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

  4. দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব: আসিফ নজরুল

    “দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব,” বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে একথা বলেন তিনি।

    উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদে যারা এসেছেন তাদের প্রত্যেকের ব্যাপারে বিএনপি, জামায়াত এবং এনসিপির সম্মতি ছিল।

    হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই কিছু দিন পরপর রাজনৈতিক দলগুলো এমন অভিযোগ তোলে বলে মন্তব্য করেন তিনি।

    মি. নজরুল বলেন, “উনাদের সাথে যখন কথা বলি, আমাদের কার্যক্রমে উনারা খুশি আছেন, অ্যাট লিস্ট বিএনপি আর জামায়াতকে মনে হয়।”

    আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংক্রান্ত আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে।

    এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

  5. বিতর্কিত কোনো কর্মকর্তা যেন ভোটের কাজে অংশ নিতে না পারে, ইসিকে বিএনপির সতর্কতা

    প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের কেউ যেন আগামী নির্বাচনে কোনোভাবেই ভোট পরিচালনায় অংশ নিতে না পারে, এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

    মি. খান বলেন, দেশে সুষ্ঠু একটি নির্বাচন হবে এই বিষয়টি যখন নির্বাচন কমিশন দৃশ্যমান করবে, তখন নির্বাচনের দিনে আইনশৃঙ্খলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে সেটিও কেটে যাবে।

    এসময় আবারো জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের দাবি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিনই রেফারেনডামটি আমরা করছি।”

  6. ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর অধিগ্রহণের প্রস্তাব নিয়ে রুবিওর সতর্কবার্তা

    ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম দখলের যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, এটা গাজা সংঘাত অবসান ঘটানো সংক্রান্ত ওয়াশিংটনের পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে বলে সতর্কতা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    "এটি এমন কিছু নয় যা আমরা এখনই সমর্থন করতে পারি," মার্কো রুবিও ইসরায়েলে যাওয়ার আগে বলেছিলেন।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিব্রত করার জন্য, অতি-ডানপন্থি রাজনীতিবিদরা পশ্চিম তীর দখলের জন্য ইসরায়েলের ক্ষমতা প্রদানকারী একটি বিলের প্রাথমিক অনুমোদনের প্রতীকী পদক্ষেপ নিয়েছিলেন।

    ফিলিস্তিনিরা দাবি করে যে ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর তাদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্রের অংশ।

    গত বছর, আন্তর্জাতিক বিচার আদালত, যেটি জাতিসংঘের শীর্ষ আদালত, ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে রায় দিয়েছে।

    নেতানিয়াহু পূর্বে পশ্চিম তীর দখলের পক্ষে কথা বলেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকির কারণে এটি এগিয়ে নেননি।

    নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের অতি-জাতীয়তাবাদীরা বারবার পশ্চিম তীরকে সরাসরি ইসরায়েলের সাথে সংযুক্ত করার আহ্বান জানিয়েছে, যদিও বিলটি সরকারের বাইরের সংসদ সদস্যরা উত্থাপন করেছিলেন।

    বিলটি ২৫-২৪ ভোটে পাস হয়েছে। ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এর সমর্থন আছে কি না তা স্পষ্ট নয় এবং প্রধানমন্ত্রী এটি বিলম্বিত বা পরাজিত করতে পারেন এমন উপায় রয়েছে।

    ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় নেসেটের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে যে ফিলিস্তিনি ভূমির ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব থাকবে না।

    পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখলের সময় ইসরায়েল প্রায় ১৬০টি বসতি নির্মাণ করেছে যেখানে সাত লাখের মতো ইহুদি বাস করে। তাদের পাশে আনুমানিক ৩৩ লাখ ফিলিস্তিনি বাস করে।

    ইসরায়েলে যাওয়ার জন্য বিমানে ওঠার সময় রুবিও বলেছিলেন যে সংযুক্তি ‘প্রতিকূল’ এবং শান্তি চুক্তির জন্য ‘হুমকিস্বরূপ’ হবে।

    বৃহস্পতিবার তার এই সফর মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং দুই বিশেষ দূতের সফরের পরপরই শুরু হয়েছে, কারণ ট্রাম্প প্রশাসন তার ২০-দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায়ে আলোচনা শুরু করার চেষ্টা করছে।

  7. শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ জানা যাবে ১৩ই নভেম্বর

    গত বছর জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ই নভেম্বর।

    বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন।

    অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও খালাস চাওয়া হয়েছে।

    এর আগে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল-১-এ মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর।

  8. নির্বাচন পেছানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

    কোনো কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।

    তিনি বলেন, “এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায়। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছে।”

    দ্রুত নির্বাচনের মধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশের দায়িত্ব না নিলে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই আরো কঠিন পরিস্থিতিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে